,

৪৯ হাজার নদী দখলদার সবচেয়ে বেশি কুমিল্লায়

আজকের কুমিল্লা ডট কম :
January 25, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

দেশের ৬৪ জেলায় ৪৯ হাজার ১৬২ জন অবৈধ নদ–নদী দখলদার চিহ্নিত করা হয়েছে। ৬৪ জেলার মধ্যে কুমিল্লা জেলায় নদী দখলদারের সংখ্যা সবচেয়ে বেশি। এই জেলায় নদী দখলদারের সংখ্যা ৫ হাজার ৯০৬।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদ–নদী দখলদারদের তথ্য উপস্থাপন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট জেলা তথ্য বাতায়নে আপলোড করে সর্বসাধারণরে জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে সারা দেশে ৪৯ হাজার ১৬২ জন অবৈধ দখলদারের বিবরণ লিপিবদ্ধ আছে।

প্রতিমন্ত্রী বলেন, নদ-নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করার কার্যক্রম চলমান প্রক্রিয়া। ইতিমধ্যে সব জেলা প্রশাসককে প্রস্তুতকৃত তালিকা অনুসারে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সারা দেশে নদ-নদীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে বিশেষ উচ্ছেদ অভিযানে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর সময়ে মোট ১ হাজার ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ২১ দশমিক ৫ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।

 

 

 

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দখলদারের সংখ্যা বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলায় নদী দখলদার ৪ হাজার ৭০৪ জন। দখলদারে তৃতীয় অবস্থানে থাকা নোয়াখালীতে রয়েছে ৪ হাজার ৪৯৯ জন। এ ছাড়া দখলদারের সংখ্যা বিবেচনায় শীর্ষ দশে আছে কুষ্টিয়া (৩১৩৪ জন), বরিশাল (২২৭২ জন), ময়মনসিংহ (২১৬০ জন), ফরিদপুর (১৮৪৩ জন), বরগুনা (১৫৫৪ জন), নাটোর (১৫৪১ জন), গোপালগঞ্জ (১৩৯৯ জন) জেলা। আর সবচেয়ে কম নদী দখলদার লালমনিরহাট জেলায়, ১৩ জন।