সদর দক্ষিণে স্কুল ছাত্রীর আত্মহত্যায় প্ররোচণা মামলার প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার স্কুল ছাত্রী নাহিদা আক্তার মীমের (১৭) আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী খায়রুল হাসান শুভ (৩৪) এখনো ধরাছোঁয়ার বাইরে । এলাকায় তার যাতায়াত থাকলেও পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি।
স্কুল ছাত্রী নাহিদা আক্তার মীমকে বিয়ে করার প্র্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে একটি বাড়িতে রেখে ২/৩ দিন নির্যাতন করে খায়রুল হাসান শুভ। তাকে সহায়তা করে মামলার দ্বিতীয় আসামি মো: রাজন মিয়া।
১১ মে রাত ১১ টার দিকে নিজ বাড়িতে কীটনাশক বিষ খেয়ে আত্মহত্যা করে।
এ মামলার প্রধান আসামি খায়রুল হাসান শুভ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে। অপর আসামি রাজন মিয়া শ্রীবল্লভপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে। শুভ’র বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।
এ ঘটনায় নিহতের মা পারভীন আক্তার ১৩ মে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে পারভীন আক্তার উল্লেখ করেন, আমার স্বামী মামুন মিয়ার সাথে ‘বিগত আনুমানিক ৮/৯ বছর পূর্বে আমার ডিভোর্স হয়। এরপর থেকে আমরা পৃথক পৃথকভাবে বসবাস করি। আমাদের উক্ত সংসারে ৩ মেয়ের জন্ম হয়। তার মধ্যে মৃত নাহিদা আক্তার মীম (১৭) আমার বড় মেয়ে । মামুন মিয়ার সাথে আমার ডিভোর্স হওয়ার পর হতে আমার মেয়েরা কিছুদিন আমার বাড়ীতে এবং কিছুদিন তার বাবার বাড়ীতে থাকত। এলাকার মাদক ব্যবসায়ি খায়রুল হাসান শুভ (বিবাহিত) আমার স্কুল পড়ুয়া মেয়ে নাহিদা আক্তার মীম (১৭) এর মোবাইল নাম্বার সংগ্রহ করে বিবাহের প্রলোভনে দেখিয়ে তার সাথে অবিরত ফোনালাপ করতো। এক পর্যায়ে আমি বিষয়টি টের পেয়ে আমার মেয়েকে আমাদের দুরসম্পর্কের আত্মীয় রাজনের বাড়ীতে পাঠাইয়া দেই । হঠাৎ গত ৯ মে রাজন আমাকে বলে যে, খায়রুল হাসান শুভ আমার নাবালিকা মেয়ে নাহিদা আক্তার মীমকে কক্সবাজার নিয়ে গেছে। এরপর আমি নিরুপায় হয়ে আমার মেয়ে নাহিদা আক্তার মীমকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি । খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ১১ মে দুপুরে আমার মেয়ে নাহিদা আক্তার মীম তার ব্যবহৃত নাম্বার ইমু হতে আমার মেঝো মেয়ে মাহি আক্তারের ব্যবহৃত মোবাইল নাম্বারের ইমুতে ফোন করে ও ম্যাসেজ দিয়া বলে যে, খায়রুল হাসান শুভ ২/৩ দিন আগে তাকে বিয়ে না করে এবং কক্সবাজার না নিয়ে অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করেছে। তারা আমাকে বলেছে- তোর মত মেয়েকে কেউ বিয়ে করবে না। তুই বিষ খেয়ে মর। পরে রাত ১১ মে রাত ৮ টায় আমার মেয়ে মীম তার বাবার বাড়িতে গিয়ে কীটনাশক বিষ থেয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় দ্বিতীয় আসামি রাজন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ । তবে প্রধান আসামি শুভ এখনো গ্রেফতার হয়নি। সে প্রায় এলাকায় ঘোরাঘুরি করে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক মো: মোতাব্বির হোসেন জানান, আসামি শুভ খুব চালাক। আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়েছি। সে পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।