রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০২৪
news-image

ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

ডেস্ক রিপোর্ট:

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ড. ইউনূসকে সস্ত্রীক তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

ড. ইউনূসও এরদোগান ও তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাকুতে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী দিনে ড. ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ এশিয়ার আটটি দেশের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

অন্যদের মধ্যে বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফা সভাপতি এবং আইওএমের মহাপরিচালকের সঙ্গেও ড. ইউনূস আলোচনা করেন।

এছাড়া ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ৫৭ জন বন্দি বাংলাদেশি নাগরিকের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।