মুক্তমত: কুমিল্লা বিভাগ করতে কোন বাধা নেই যে যে কারণে তার সংক্ষিপ্ত আলোচনা, যা আমাদের জেনে রাখা ভালো
সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে দূরে ঠেলে যে কোন সময়ই কুমিল্লা বিভাগ করা যায়।
বিভাগ প্রতি জনসংখ্যা এবং সংসদ সদস্যের সংখ্যার দিক থেকে বিচার করলেও কুমিল্লা অঞ্চলকে বিভাগ করা যুক্তিসংঘত। চট্টগ্রামে ১৬ জন সংসদ সদস্য, কক্সবাজারে ৪ সংসদ সদস্য, রাঙ্গামাটি ১ জন সংসদ সদস্য, খাগড়াছড়ি ১ জন সংসদ সদস্য, বান্দরবান ১ জন সংসদ সদস্যসহ সাবেক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এ ৫ জেলায় সংসদ সদস্যের সংখ্যা ২৩ জন। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের কুমিল্লায় ১১ জন সংসদ সদস্য, নোয়াখালী ৬ জন সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়ীয়া ৬ জন সংসদ সদস্য, চাঁদপুর ৫ জন সংসদ সদস্য, লক্ষীপুর ৪ জন সংসদ সদস্য ফেনী ৩ জন সংসদ সদস্যসহ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলায় সংসদ সদস্যের সংখ্যা ৩৫ জন। এর মধ্যে বৃহত্তর কুমিল্লার তিন জেলায় ৩ জেলায় ২২ জন সংসদ সদস্য রয়েছেন। বৃহত্তর নোয়াখালীতে মাত্র ১৩ জন সংসদ সদস্য।
জনসংখ্যার দিক দিয়ে ২০১১ সালের গণনা অনুযায়ী সাবেক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে মোট জনসংখ্যা ১ কোটি ১৮ লাখ ৪১ হাজার। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জনসংখ্যা ১ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৯৬৩ জন। এর মধ্যে বৃহত্তর কুমিল্লার জনসংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৩৮৬ জন (জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী বর্তমানে শুধু কুমিল্লার জনসংখ্যাই ৬৬ লাখেরও বেশি) এবং বৃহত্তর নোয়াখালীর জনসংখ্যা ৬৫ লাখ ৯৬ হাজার ৫৭৭ জন। বাংলাদেশে অনেক বিভাগ এর চেয়েও কম জনসংখ্যায় এবং কম সংসদ সদস্য নিয়ে গড়ে ওঠেছে। জনসংখ্যা এবং সংসদ সদস্যের দিক থেকে বিচার করলেও কুমিল্লা বিভাগ সময়ের বাস্তব ও ন্যায্য দাবি।
ভৌগোলিক অবস্থানগত কারণে কুমিল্লার সাথে লক্ষীপুর-নোয়াখালীর দূরত্ব দুই থেকে আড়াই ঘন্টার পথ। আর ফেনী, ব্রহ্মণবাড়ীয়া, চাঁদপুরের সাথে দূরত্ব দেড় থেকে দুই ঘন্টার পথ। বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ৬টি জেলার ৫টিই মূলত কুমিল্লার চারদিক বেষ্টিত। শুধুমাত্র লক্ষীপুর জেলা একটু দূরে। তবে তাও সুন্দর যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে।
তুলনা করলে, নোয়াখালীর সাথে ব্রাহ্মণবাড়ীয়ার দূরত্ব ৪ থেকে সাড়ে ঘন্টার, নোয়াখালীর সাথে চাঁদপুরের দূরত্বও একই। এ দুই জেলা থেকে নোয়াখালী যেতে কুমিল্লা নগরী হয়ে যেতে হয়। ফেনীর সাথে নোয়াখালীর দূরত্ব আর কুমিল্লার দূরত্ব প্রায় সমান। কেবলমাত্র লক্ষীপুরের দুরত্ব নোয়াখালীর সাথে দেড় থেকে দুই ঘন্টার পথ। যা ফেনীর সাথেও প্রায় একই।
দেশে এখন ১১টি জেলা নিয়ে আর কোন বিভাগ নেই। প্রশাসনিক বিকেন্দ্রিকরণের স্বার্থে বড় বড় বিভাগগুলোকে বিভক্ত করা হয়েছে। সময়ের প্রয়োজনে এখন কুমিল্লাকে বিভাগ করা উচিৎ। যা বর্তমান সময়ের দাবি, জনদাবি বা গণবাদিতে পরিণত হয়েছে। তা না হলে এ অঞ্চলের উন্নয়নমুখী মানুষের প্রতি অন্যায় করা হবে। সৃষ্টি হবে চরম বৈষম্যের। যার থেকে ক্ষোভ সৃষ্টি হয়ে একদিন চরম আকার ধারণ করতে পারে বলে বিষেশজ্ঞরা মনে করেন। শক্ত প্রশাসনিক কাঠামো বিনির্মাণ, সুষম উন্নয়ন বন্টন, সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের দোর গোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে কুমিল্লাকে বিভাগ প্রতিষ্ঠা জরুরী। যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে অনেক ভূমিকা রাখবে। কুমিল্লাকে বিভাগ প্রতিষ্ঠার মত যোগ্যতা বহু অগেই অর্জিত হয়েছে এ জেলার। কুমিল্লায় সিটিকর্পোরেশন স্থাপিত হয়েছে। এখন কুমিল্লা মেট্রোপলিটন সিটি হবার প্রক্রিয়ায় রয়েছে। এখানে ৩টি জাতীয়, ২৮টি চট্টগ্রাম বিভাগীয় এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত আঞ্চলিক অর্ধশতাধিক সরকারী ও বহু আন্চলিক (বৃহত্তর নোয়াখালীসহ) বেসরকারী দপ্তর রয়েছে। রয়েছে ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও বহু শিল্প প্রতিষ্ঠান। কুমিল্লায় ওইসব বিভাগীয় অফিস থাকার ফলে “কুমিল্লা বিভাগ ” গঠন খুব সহজ হয়ে গেছে।বর্তমানে শুধু বিভাগীয় কমিশনার অফিস ও ডিআইজির অফিস স্থাপন করেও স্বল্প সময়ে, স্বল্প ব্যায়ে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করা যায়।
এমন অবস্থায় নোয়াখালীকে বাদ দিয়েও কুমিল্লা বিভাগ করা যায়। কুমিল্লায় দৃশ্যত তিনটি জেলা হলেও ১৯৮৪ এর আগে এখানে ৪টি মহকুমা ছিল। ওই সময় বাংলাদেশের দুইটা মহকুমাকে জেলা করা হয়নি। তা হলো- কুমিল্লা উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ মহকুমা।
২০১১ সালের আদমশুমারি অনুসারে সিলেট বিভাগের মোট জনসংখ্যা ছিল প্রায় ৭৯,৩৯,৩৪১ জন।
সংসদীয় আসন ১৯টি। আর বৃহত্তর কুমিল্লায় রয়েছে ২২টি। যা সিলেট বিভাগের চেয়ে বেশি।বরিশাল বিভাগে জনসংখ্যা ৮৩ লাখ ২৫,৬৬৬ জন। এই বিভাগের ৬ জেলায় সংসদীয় আসন ২২টি। যা বৃহত্তর কুমিল্লার সমান।
রেমিট্যান্সেও কুমিল্লা দেশের শীর্ষে। মাছ, সবজিসহ খাদ্য উদ্ধৃতের জেলা কুমিল্লা।
সুতরাং এসব দিক থেকে বিবেচনা করলে কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীর দাবি নয় ন্যায্য অধিকার। কোন বা কারো ষড়যন্ত্র অথবা চক্রান্তের কারণে বৃহত্তর কুমিল্লাবাসীকে কুমিল্লা বিভাগ থেকে বঞ্চিত করা বিগত সময়ের সরকারগুলোর মত অন্যায় হবে।
লেখক:
সাইয়িদ মাহমুদ পারভেজ
স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের সময়।