শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আ’লীগ নেতা সামাদকে ছাড়িয়ে নিতে এনসিপি ও জামায়াতের জোর তদবির: অবশেষে সন্ধ্যায় জামিনে মুক্তি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশায় দলিল লেখক আব্দুস সামাদকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। তবে সন্ধ্যায় আদালত থেকে জামিনে আবার বের হয়ে গেছেন এই আওয়ামী লীগ নেতা।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কুমিল্লা শহরের কোতোয়ালি থানাধীন ফৌজদারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে আটকের পর আব্দুস সামাদকে থানা থেকে ছাড়িয়ে নিতে এনসিপি, জামায়াত জোর তদবির শুরু করে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়।

পরে একটি মামলায় তাকে বিকেলে আদালতে পাঠানো হলে জামিনে সন্ধ্যায় বের হয়ে যান আব্দুস সামাদ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, এনসিপির নেতৃবৃন্দ দাবি করেছে- সে আওয়ামী লীগ করলেও আন্দোলনে সহযোগিতা করেছে। বর্তমানে এনসিপির রাজনীতি করে ।

আব্দুস সামাদ কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারাপাড়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হক ও মনোয়ারা বেগমের পুত্র।

জানা গেছে, আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তিনি কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।