শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ মে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৬, ২০২৬
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৯ মে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে ১২ ফেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দিয়ে আয়োজন করা হবে।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমানে ৫০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি। এসব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করা হবে এবং এক বছর পর্যন্ত তা সংরক্ষিত থাকবে।

সভায় মোট পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দেবে এবং মূলত তারাই নির্বাচিত হবেন। ইতোমধ্যে দলগুলো তাদের মনোনীত প্রার্থী ও জোটের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

আইন অনুযায়ী, সাধারণ আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হওয়ায়, এই নির্বাচন শেষ করার সময়সীমা রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে চায়।