কুমিল্লায় সাবেক এমপি বাহার ও আ’লীগ নেতা রুমিসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে কুমিল্লা-৬ ( সদর- সদর দক্ষিণ) সংসদীয় আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমিসহ ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ্য করা হয়েছে , রবিবার দুপুরে কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসে এসে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগান দেন। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে এই কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়।
মিছিল থেকে ৪৮ জনকে আটক করে সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় আসামিরা মিছিলে অংশ নেন। ৫ আগস্টের পরে কুমিল্লা জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যতগুলো ঝটিকা মিছিল, কার্যক্রম সংগঠিত হয়েছে তার সিংহভাগই রুমির অর্থায়ন ও নির্দেশনায় হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।