বরুড়ায় পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের উত্তর উড্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নারীর পা বাঁধা অবস্থায় ছিল। এছাড়া মাথার অংশ কাদা-মাটির নিচে পড়ে থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।