চাঁদপুরে আদালত কক্ষে হাততালি দেওয়ায় বাদীও গেলেন জেলে
মাসুদ হোসেন:
দোকান বিক্রির নামে ৪২ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল এবং তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান তাদের জেলহাজতে পাঠানোর এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় কাস্টডি ওয়ারেন্ট (সি/ডব্লিউ) মূলে আসামিদের কারাগারে পাঠানো হয়। মামলার বাদী হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ গ্রামের বাসিন্দা মো. কবির হোসেন লিটন।
মামলার বিবরণীতে অভিযোগ করা হয়, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান দেওয়ার কথা বলে বাদীর কাছ থেকে ৪২ লাখ টাকা নেন আসামিরা। কিন্তু দীর্ঘ দিনেও বাদীকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি, কিংবা টাকাও ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে বাদী আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদী পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।
এদিকে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আদালত কক্ষে আনন্দ প্রকাশ করে হাততালি দেন বাদী মো. কবির হোসেন লিটন। বিচারক এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে বাদীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।