,

কুমিল্লা-৬ আসনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ্

আজকের কুমিল্লা ডট কম :
October 21, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৬ আসনে দলটির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নাভিদ নওরোজ শাহ্। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুমিল্লা পুলিশ লাইন এলাকায় মহানগর এনসিপির কার্যালয়ের সামনে থেকে এ পরিদর্শন কর্মসূচি শুরু হয়। মহানগর, জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এটি ছিল তাদের চতুর্থ দিনের ধারাবাহিক কর্মসূচি।

পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা ও পশ্চিম জোড়কানন এবং আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

নাভিদ নওরোজ শাহ্ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কের পাশাপাশি ন্যাশনাল প্রফেশনালস্ অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাভিদ নওরোজ শাহ্। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে অশুভ শক্তির বিদায়ে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারছেন। বাংলাদেশ বহুজাতিক ও বহুভিত্তিক সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন উৎসব উদযাপন করে আসছেন।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব যেন দেশের প্রতিটি প্রান্তে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই তাদের এ ধারাবাহিক পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি। উৎসবের সময় দর্শনার্থী ও সাধারণ মানুষ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা যানজটের ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রতিটি পূজামণ্ডপ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

নাভিদ নওরোজ শাহ্ বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে এনসিপির নেতাকর্মীরা মাঠে থাকবেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি কুমিল্লা মহানগরের সদস্যসচিব মাসুমুল বারী কাওসার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার কাজী জায়েদ, তানভীর হোসেন ও রাশেদুল হাসান; সদর দক্ষিণ উপজেলা এনসিপির সদস্যসচিব মো. দেলোয়ার হোসেন মজুমদার হেলাল; দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া; মহানগর ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং মহানগর যুবশক্তির মুখ্য সংগঠক আয়াজ হকসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।