,

‎কুমিল্লার চানপুরে কোটি টাকার সরকারী জমি উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যানের দখলে থাকার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2026
news-image

‎জেষ্ঠ্য প্রতিবেদক:

‎কুমিল্লা শহরতলীর চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে জমিটি বেদখলে থাকার অভিযোগের পর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তারের নেতৃত্বে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ এবং সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার চানপুর এলাকায় হালিমা টেলিকমের সামনে অবস্থিত ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বিএস ২৬৮ নম্বর দাগের ৯ শতক ৩৭ সেন্ট জমি দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে পাঁচথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল আলম (সামছু) ও তাঁর ভাই জহিরের দখলে ছিল বলে অভিযোগ রয়েছে।
‎
‎সম্প্রতি ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করে বিক্রির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ প্রশাসনের নজরে আসে। পরে সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা ভূমি প্রশাসন। অভিযান চালিয়ে জমিটি পরিমাপ করা হয় এবং সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত করে সেখানে লাল কাপড় ও সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
‎জমিটি নিজের দাবি করে সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল আলম (সামছু) বলেন, “জমিটি আমি কিনেছি। এটি আমার জমি। আমি আইনি প্রক্রিয়ায় আগাব। কেউ আমার জায়গা নিতে পারবেন না।”
‎
‎অন্যদিকে, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার জানান, জমিটি খাস খতিয়ানভুক্ত এবং বাংলাদেশ সরকারের সম্পত্তি। দীর্ঘদিন ধরে জমিটি বেদখলে ছিল। বিষয়টি জানার পরপরই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জমিটি পরিমাপ করে লাল কাপড় ও সাইনবোর্ড টাঙানোর মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে।
‎
‎এদিকে, স্থানীয়দের অভিযোগ সরকারী লাল কাপড় টাঙানোর পর কাপড়গুলো সামছু লোকজন দিয়ে ছিড়ে ফেলে দিয়েছে এবং সামছুল আলম ও তাঁর ভাই জহিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অন্যের জমি দখল, সুদের লেনদেনের মাধ্যমে জমি আত্মসাৎ এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে এসব বিষয়ে কথা বলতে চান না বলে দাবি স্থানীয়দের।
‎
‎সরকারি খাস জমি উদ্ধারের এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে এবং জমি দখলের অভিযোগগুলোও যথাযথভাবে তদন্ত করা হবে।