All posts by jitu

ভোটের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কিছু নেই: প্রধানমন্ত্রী

ভোটের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কিছু নেই: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভোটের আগে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশবাসী সব সময় তার দলের পাশে আছে। তাই আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

প্রধানমন্ত্রী বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

শেখ হাসিনা জানান, সামনে নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে সব সময় আমাদের পাশে আছে।

বারবার তার প্রাণনাশের চেষ্টা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বুলেট ও বোমার মুখোমুখি হয়ে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি।

শেখ হাসিনা বলেন, সর্বশক্তিমান আল্লাহ্ প্রত্যেক ব্যক্তিকে একটি কাজ দিয়েছেন এবং কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করবেন।

তিনি আরও বলেন, আমাকে রক্ষা করতে উপরে আল্লাহ্ আছেন আর মাঠে আমার দলের নেতাকর্মীরা আছেন। যখনই আমার ওপর কোন হামলা হয়, আমার দলের লোকেরা সব সময় আমাকে রক্ষা করে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতাকর্মী নিহত হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দলের লোকেরা তাদের জীবনের বিনিময়ে মানব-ঢাল বানিয়ে তার প্রাণ রক্ষা করেছেন।

শেখ হাসিনা বলেন, আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি-এটাই বড় কথা।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেল সংযোগের উদ্বোধন ও ফরিদপুরের ভাঙ্গায় ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক মহাসমাবেশে ভাষণ দেওয়ার পর টুঙ্গিপাড়া পৌঁছান।

আজ বিকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে

বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমআদালত।

মঙ্গলবার গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে তুলে নেওয়ার পর বুধবার গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৩ মে ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ১০-১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে চলে যাচ্ছিলেন। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা দেন। এছাড়া পুলিশের ওপর আক্রমণ, সরকারকে উৎখাত ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেন।

এসময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। যাতে পুলিশ কর্মকর্তা ও ফোর্স গুরুতর আহত হন। পরে সরকারি সম্পত্তি, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আসামিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি করে।

এ মামলায় এ্যানি এজহারনামীয় ২৯ নম্বর আসামি বলে জানান থানার ওসি পারভেজ ইসলাম। তিনি জানায়, এ্যানির বিরুদ্ধে লক্ষ্মীপুরে আরও দুটি মামলায় ওয়ারেন্ট ইস্যু করা আছে।

এদিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতারের বিষয়ে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, তার বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট আছে লক্ষ্মীপুর থানায়। জেলা পুলিশের রিকোয়েস্টের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআরআইভুক্ত আসামি। দুটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে আনে।

ডিবিপ্রধান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। তিনি যে পর্যায়ের নেতাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।

ডিবিপ্রধান আরও জানায়, এ্যানির বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি। কোনো মামলাতেই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেফতার করে। ওয়ারেন্টের কথা এ্যানিকে থানা পুলিশ বারবার জানিয়েছিল কিন্তু তিনি হাজির হননি।

তিনি জানান, আইন সবার জন্য সমান। তিনি রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য যে কোনো ব্যক্তি। কারও বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

ভোট কারচুপি করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট কারচুপি করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ভোট কারচুপি করে কেউ পার পাবে না এবং এ ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের নেই বলে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের (পর্যবেক্ষক দলকে) বলেছি, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। তারা যেকোনো সংবাদ যেকোনো সময় ছাপিয়ে দেন। সেই ব্যাপারে আমরা কারও কণ্ঠরোধ করি না।’

তিনি বলেন, ‘আমাদের তিন হাজারেরও বেশি দৈনিক সংবাদপত্র রয়েছে। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে তো নানা ধরনের সংবাদ দেওয়া হয়। কাজেই এখানে দুর্নীতি করে কিংবা ভোট কারচুপি করে কেউ পার পাবে বলে আমার মনে হয় না। সেই ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের আর নেই।’

‘সবাই মনে করে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধানে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে, এই ছিল কথা’, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

এর আগে দুপুর ১টার ৩৫ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ ও কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত হয় প্রতিনিধির দল। পাঁচ মিনিট পর স্বরাষ্ট্রমন্ত্রী সভাকক্ষে প্রবেশ করেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাত সদস্য।

আইআরআই ও এনডিআইয়ের হয়ে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা তারা। সাত সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীদের ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলছে।

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগে ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগে ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হল ক্যারিয়ার ওয়ার্কশপ। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেন প্রত্নতত্ত্ব বিভাগের আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি এবং ইভল্ভ ফাউন্ডেশন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনএপি এন্ড স্ট্রাটেজিক প্র্যাকটিশনার এর পিক পারফরম্যান্স কোচ মিস্টার আলী খান।

এসময় তিনি বলেন, মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যদি ভাগ্য পরিবর্তন করতে চান তবে আল্লাহ আপনাকে সাহায্য করবে। সফল হতে হলে দুইটা জিনিস দরকার। সাইকোলজি এবং স্ট্রাটেজি। জীবনকে উন্নত করতে হলে মেধাকে কাজে লাগিয়ে সফল হতে হবে। আমরা ব্রেইন কে যেভাবে পরিচালনা করবো ব্রেইন সেভাবেই চলবে। সেখানে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ভাবনা ই আসবে। সুতরাং সাফল্য অর্জন করার জন্য আমাদের ইতিবাচক দিকটি বেছে নিতে হবে। এইসব ইতিবাচক ভাবনা ধরে রাখার জন্য নিয়মিত মনস্তাত্ত্বিকগত ভালো দিকগুলো চর্চায় রাখতে হবে।

উল্লেখ্য, কর্মশালার শিরোনাম ছিল “হোয়াট ইট টেকস টু উইন (পিক পারফরম্যান্স ট্রেইনিং)।” এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ‘তিন দিনই’ যথেষ্ট : মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ‘তিন দিনই’ যথেষ্ট : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ‘তিন দিনই’ যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল জানান, আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি—এভাবে শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে পারে না। আমরা বলে দিয়েছি সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদকে বিলুপ্ত করতে হবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, ভাবনা একটাই এ সরকারকে পদত্যাগ করতে হবে। আর এছাড়া বাংলাদেশের কোনও মুক্তি নেই। আওয়ামী লীগের পদলেহিত দলগুলো ছাড়া দেশের আর কোনও দল বলছে না—এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে।

সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব জানায়, সরকারের লক্ষ্যটাই হচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে আবার সেই আগের ১৪ এবং ১৮ সালের মতন নির্বাচন করা। একতরফা ভোটার ছাড়া কোনও ভোটার থাকবে না। আর এভাবে নির্বাচন করে দেখিয়ে দেবে যে নির্বাচন হয়েছে। এটা এবার আর সম্ভব হবে না।

নির্বাচনের বিষয়ে বিএনপি কোনও সংলাপে যাবে কি না এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল জানায়, বর্তমানে সকল প্রাক নির্বাচনি পর্যবেক্ষকরা দেশে আছেন তারা আগামী নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সে বিষয়ে কথা বলছেন। দেশে নির্বাচনি কোনও পরিবেশ পরিস্থিতি আছে কিনা সেটা দেখার জন্য তারা এসেছেন। আমাদের খসরু সাহেব তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া ছাড়া, এ অবস্থায় দেশে কোনও নির্বাচন হতে পারে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে বিএনপি নির্বাচনের বিষয়ে সংলাপের পথ বন্ধ করে দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যে কত বড় মিথ্যা কথা তা সবাই জানে। আমরা বরাবরই বলে আসছি একটা বিষয়ে আলোচনা হতে পারে এছাড়া আর কোনও আলোচনা হবে না। আর সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকারের বিষয়ে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বিষয় বা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের বিষয় ছাড়া আর কোনও বিষয়ে আলোচনা হবে না। তবে আমরা কিন্তু নির্বাচনকালীন সরকার বুঝাচ্ছি না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা আমরা বলছি। নির্বাচনকালীন সরকার বলে কি আমরা আওয়ামী লীগকে ডেকে আনবো নাকি আবার।

তিনি জানান, আওয়ামী লীগ সরকার যদি ঘোষণা দেয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে তারা আলাপ করবে তাহলে আমরা তাদের সঙ্গে সংলাপে বসবো।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

ডেস্ক রিপোর্ট:

সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছে।

বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ ও কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিত হয় প্রতিনিধিদলটি। পাঁচ মিনিট পর স্বরাষ্ট্রমন্ত্রী সভাকক্ষে প্রবেশ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য।

আইআরআই ও এনডিআই-এর যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা। ৭ সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলছে।

এ্যানিকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ

এ্যানিকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সাতদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হয়।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডি থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

ওই সময় বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানায়, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলে পুলিশ। রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নেয়। তারা দরজায় লাথি মারে। হুমকি দিচ্ছে দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে গুলি করবে। বেআইনিভাবে তাকে তুলে নেওয়া হচ্ছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা দুটির মধ্যে একটি ধানমন্ডি থানায় করা নাশকতা মামলা ও অপরটি লক্ষ্মীপুর জেলায় করা। এই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তান যত রেকর্ড গড়ল

শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তান যত রেকর্ড গড়ল

ডেস্ক রিপোর্ট:

চলমান ওয়ানডে বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা। সেই রান তাড়া করে ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিকের জোড়া সেঞ্চুরিতে সহজ হয়েছে দলের জয়। এই ম্যাচে একগাদা রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান।

বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড এখন পাকিস্তানের দখলে। এর আগে ২০১১ বিশ্বকাপে ৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল পাকিস্তান।

পাকিস্তানের নিজেদের ইতিহাসেও আজকের আগে ২৬৫ রানের বেশি তাড়া করে বিশ্বকাপের ম্যাচ জেতার রেকর্ড ছিল। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। এতদিন এটাই ছিল বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। সেই রেকর্ডও ভেঙেছে।

বিশ্বকাপের অভিষেকে একগাদা রেকর্ড গড়েছেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিকও। বিশ্বকাপের অভিষেক ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন শফিকের।

প্রথম অভিষিক্ত ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এমন কীর্তি আগে ছিল না কোনো পাকিস্তানির।

দারুণ এই জয়ের ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বসেছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকা দুই ম্যাচের দুটিতেই হেরে অবস্থান করছে অষ্টম স্থানে।

সাতসকালে দুই জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ

সাতসকালে দুই জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ

ডেস্ক রিপোর্ট:

সাতসকালে সড়কে ঝরল ১০ তাজা প্রাণ। বুধবার সকালে তিন জেলায় পৃথক দুর্ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ত্রিশালে ৫ জন, মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় চারজন ও মুন্সীগঞ্জে একজন।

ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে বাসচাপায় ৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানায়, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এসএস ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হয়। এতে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে সাইড নিয়ে যাত্রী তুলতে ছিল। এ সময়ে পেছন থেকে ওভারটেক করে ওঠার সময় রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪) পরিবহণ দ্রুতগতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৬ জআহত হন। পরে উপজেলা হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার হদ্দেরভিটা গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), উপজেলার নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), ময়মনসিংহ সদর চুরখাই জামতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮) এবং আরও দুজন অজ্ঞাত রয়েছেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহী লেগুনা পরিবহণের চালকসহ চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লেগুনাচালক আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (৩৪), আয়শা-আবেদ ফাউন্ডেশনের কর্মী স্থানীয় বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের সনসুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) ও মানিকগঞ্জ শহরের মিষ্টির দোকানের কারিগর সদর উপজেলার দীঘি ইউনিয়নের মৃত পরশ চন্দ্র মহাদেব চন্দ্র মদক (৫২)।

গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় লরিচাপায় হেলপার মো. মানিক (২৭) নিহত হন। বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম, বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবোঝাই একটি লরি ভাটেরচর নতুন রাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তখন এর হেলপার পড়ে গিয়ে লরির কনটেইনারের নিচে চাপা পড়েন। নিহত মানিকের বাড়ি খাগড়াছড়ি জেলায়।