All posts by jitu

কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে নাগরিক ক্ষমতা বৃদ্ধি শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর কমিউনিটি মবিলাইজেশন এর আওতায় কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ এর অভিবাবক ও শিক্ষার্থীদের নিয়ে “তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে নাগরিক সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক ক্যাম্পেইন  কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

রবিবার (৩ সেপ্টেম্বর ) সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে ও প্রভাষক দিদারুল হক রিমন এর সঞ্চালনায় এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল আলম।

সনাক সদস্য অধ্যাপক নাজমা আহমেদ স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি রোধ করা সম্ভব। তিনি সকলকে নিজ নিজ ক্ষেত্রে স্বকীয়তা বজায় রাখার পাশাপাশি দ্বিচারিতা না করার আহবান জানান।

সকল পর্যায়ে তথ্য অধিকার আইনের চর্চার জন্য নাগরিক সচেতনতায় টিআইবি’র উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। অনুষ্ঠানে সনাক কুমিল্লার ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক ও টিআইবি’র পর্ষদ সদস্য বদরুল হুদা জেনু “টিআই, টিআইবি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন” ও তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।

এছাড়াও তিনি বলেন, তথ্য অধিকার আইনের প্রায়োগিক দিক বৃদ্ধির মাধ্যমে কলেজের প্রতিটি কাজে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

সমাপনী বক্তব্যে সনাক সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে দুর্নীতি প্রতিরোধে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, সুশাসন, সচ্ছতা ও জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে টিআইবি-সনাক কাজ করছে আগামী দিনে তরুণরাই হবে সেই সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক ইফাতুল মাহজাবিন দিবা, দিদারুল হক রিমন, শাহ ইমাম, ফেরদৌসি বেগম, সামশাদ বানু, এসিজি সদস্য, ইয়েস গ্রুপের সদস্য ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। পরিশেষে সনাক সদস্য সেলিনা আহমেদ এর পরিচালনায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠের মধ্য দিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠানটি শেষ হয়।

বরুড়ায় বন্দুক নিয়ে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলার ভিডিও ভাইরাল (ভিডিও)

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্দুক (ওয়ান শুটার) নিয়ে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতার প্রতিপক্ষের ওপর হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দুই যুবককে বন্দুক তাক করে প্রতিপক্ষের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় কয়েকজন লোক বন্দুকধারী ওই যুবককে বাধা দিতেও দেখা যায়।

জানা যায়, বরুড়া উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পোস্টার ও ব্যানার টানানো নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের নেতা কর্মীরা।

বেশ কয়েক মাস আগে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি ব্যানার টানানো হয়। ওই ব্যানারে বঙ্গবন্ধু ও উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামের ছবির সঙ্গে রিয়াজ হোসেন ও ফরহাদ হোসেনের জুড়ে ছবি দেয়া হয়। এতে একই দলের খোরশেদ আলম খোকার লোকজন ক্ষুব্ধ হয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে উত্তেজিত হয়ে মারমুখী অবস্থান নেন ফরহাদ ও রিয়াজ। পরে তারা বন্দুক (ওয়ান শুটার) নিয়ে ধাওয়া করেন।
জানা যায়, উপজেলার খোশবাস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে কয়েকদিন পরপরই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, ঘটনাটি অনেক আগের । ভিডিও দেখে তাদের আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি।

ভিডিও লিংক:

বরুড়ায় জমি বিরোধের জেরে দুইজনের নিহতের ঘটনায় অস্ত্রসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বরুড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুইজনের নিহত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জালগাও ও ভৈষখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের মৃত. হাজী এরশাদের ছেলে ৫নং আসামী দেলোয়ার হোসেন কালু (৩৮) ও একই উপজেলার জালগাঁও গ্রামের মৃত. নওয়াব আলীর ছেলে ২নং আসামী মোঃ মোস্তফা কামাল (৪৫)।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএমবার এর সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের মাধ্যমে নিশ্চিত হয়ে ৫ নং আসামী দেলোয়ার হোসেন কালুকে ভবানীপুরের ভৈষখোলা মোড়ের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অপর অভিযানে কুমিল্লা সদর এলাকা থেকে মামলার ২ নং আসামী মোঃ মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলার অন্যসব আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে , গত শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কুমিল্লার বরুড়ার জালগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের দুপক্ষের সংঘর্ষে খোরশেদ আলম ও আবদুস সাত্তার দুজন নিহত হন। এ ঘটনায় আহত তিনজন ঢাকায় হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছে। এ ঘটনায় খোরশেদ এর মাতা বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় নিহত আবদুল ছাত্তারের স্ত্রী রোশন আরা বেগমও বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কুমিল্লার ধর্মপুর থেকে ৬০ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ৬০ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৪৫) এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর সকালে নগরীর ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সিএনজিতে থাকা কার্টনে মিলল নবজাতকের মরদেহ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পুলিশ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে সিএনজি চালিত অটোরিকশা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজি চালক মো. রাসেল ৩ জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওয়ানা হয়। সিএনজিতে উঠার সময় একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল বলে সিএনজি চালক দেখতে পায়। যাত্রীদেরকে সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে সিএনজি চালক আরও ২ বার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। পরবর্তীতে সিএনজি চালক গাড়ির পিছনের অংশের সিটের উপর একটি কার্টন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ তাকে সিএনজি ও কার্টনসহ থানায় আসতে বলে। পরবর্তীতে সিএনজি চালক তার গাড়িসহ থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিয়ের আগে পাত্রীর কাছ থেকে যা জেনে নেওয়া জরুরি

বিয়ের আগে পাত্রীর কাছ থেকে যা জেনে নেওয়া জরুরি

ডেস্ক রিপোর্ট:

প্রেমের বিয়ে তো আর সবার ক্ষেত্রে হয় না। প্রস্তাবের বিয়েও অহরহ হচ্ছে। হয়তো দুই-একবার দেখা, পরিবারের সবার মতামত নিয়ে বিয়েতে ‘হ্যাঁ’ বলে দেওয়া। সারা জীবনের জন্য একজন সঙ্গী জুড়ে নিচ্ছেন, তার সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়াটা আপনার অধিকার। মানুষের মুখ দেখে তো আর সব বুঝে ফেলা সম্ভব নয়, তাই বিয়ের আগেই কিছু কথা জেনে নেওয়া জরুরি। এতে করে বিয়ের পরের জীবন তুলনামূলক সহজ হয়। বিয়ের আগে পাত্রীর কাছ থেকে জেনে নিন ৫টি বিষয়-

জোর করে বিয়ে দিচ্ছে কি না

এমনটা তো অনেকই হয়, পাত্রী রাজি না থাকলেও জোর করে বিয়ে দিয়ে দেয় পরিবার। হয়তো পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু বলতেও পারে না, কিন্তু বিয়ের পরে নিজেকেও মানিয়ে নিতে পারে না। ফলে অশান্তির মুখে পড়ে দু’টি জীবন। তখন সুখে সংসার করা হয়ে ওঠে না। তাই ভালো করে জেনে নিন যে এই বিয়েতে পাত্রীর মত রয়েছে না কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে।

তার আর্থিক চাহিদার কথা

সবার স্বপ্ন বা আকাঙ্ক্ষা একইরকম নয়। অনেকের চাহিদা থাকে স্বামীর কাছ থেকে অনেককিছু পাওয়ার। বিয়ের পরে কোনো কারণে তা না পেলে তখন বাড়ে সমস্যা। তাই আপনার আর্থিক সংগতি-অসংগতির কথা তাকে আগেই জানিয়ে দিন। এতে আপনার সামর্থ্য সম্পর্কে সে আগেই বুঝতে পারবে।

আপনাকে পছন্দ তো?

আপনাকে তার পছন্দ হয়েছে কি না সে সম্পর্কে জেনে নিতে হবে। যদি সরাসরি প্রশ্ন না করতে পারেন তবে বোঝার চেষ্টা করুন। তার আচরণের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনাকে তার আদৌ পছন্দ কি না। যদি পছন্দ না হয়ে থাকে তবে এই সমস্যা বিয়ের পরে আরও বাড়তে থাকবে। তখন সুখী হওয়া কঠিন হয়ে উঠবে।

প্রাক্তনের প্রতি দুর্বলতা আছে কি না

প্রাক্তন থাকাটা মোটেই অস্বাভাবিক নয়। তাই তার কাছ থেকে খুব ভদ্রভাবে জেনে নিতে পারেন যে তার কোনো প্রাক্তন আছে কি না। যদি থেকে থাকে তাহলে তার প্রতি এখনও কোনো দুর্বলতা আছে কি না। যদি এখনও সে প্রাক্তনকে ভুলতে না পারে তবে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বিয়ের পরেও। তাই আগেভাগেই জেনে নিন। এতে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

তার কোনো সমস্যা হবে কি না

আপনার সঙ্গে বিয়েতে সে রাজি কি না, আপনার সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হবে কি না তা নিয়ে তার সঙ্গে কথা বলুন। কারণ সে তার পরিচিত সবকিছু ছেড়ে আপনার কাছে আসবে, তাকে একটি সুস্থ পরিবেশ দেওয়া আপনার দায়িত্ব। তাই এসব বিষয়ে আগেভাগে কথা বলে নিন। এতে বিয়ে পরবর্তী জীবন সহজ হবে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন, বিএনপির ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)। এ দলের প্রায় ৫০ লাখ নেতাকর্মী রয়েছে। তাদের অর্ধেক অর্থাৎ ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। তাছাড়া দলটির সক্রিয় নেতা ও সংগঠকরা কয়েক ডজন এমনকি শত শত মামলার সম্মুখীন হচ্ছেন। ফলে জাতীয় নির্বাচনের আগে নেতাকর্মীকে আন্দোলনের চেয়ে আদালতে হাজিরা ও মামলা চালানো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় প্রতিদিনই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে বিচারকের সামনে দাঁড়াতে হচ্ছে। তবে বেশিরভাগের বিরুদ্ধে আনা অভিযোগ অস্পষ্ট ও দুর্বল।

সম্প্রতি বিএনপি নেতা সাইফুল আলম নিরবকে রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। তার নামে ৩১৭ থেকে ৩৯৪টি মামলা রয়েছে। তিনি ও তার আইনজীবীরা মামলার সঠিক সংখ্যা বলতে পারছেন না। বিএনপি নেতাদের দাবি, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের প্রায় ৮০০ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ৪০০ জন গুম হয়েছেন।

কিছুদিন আগে রাজধানীতে একটি সমাবেশের আয়োজন করে বিএনপি। সেখানে তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং আটক দলীয় রাজনীতিকদের মুক্তির দাবি করে।

একই সময়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নেতারা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করেছে।

মানবাধিকার কর্মীদের অভিযোগ, মামলার আসামিরা মাসের পর মাস জেলে থাকেন, সেখানে নানা হয়রানির শিকার হন। আইনজীবীদের মতে, রাজনৈতিক মামলায় জামিন পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

২৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন শাহিন শাহ আফ্রিদি

অনলাইন ডেস্ক:

ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সুপার ফোরে উঠেছে পাকিস্তান। ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আগের ম্যাচে নেপালকে হারানোয় ২ আর গতকালের ১ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গেছে বাবর আজমের দল।

তবে গতকাল টস জিতে ব্যাটিং নেওয়ার পর সবার কৌতূহল ছিল শাহিন শাহ আফ্রিদির বল রোহিত কীভাবে সামাল দেন। প্রথম দুই ওভার সামাল দিতে পারলেও পরের ওভারে পারেননি রোহিত। শাহিনের ইন সুইং ভারত অধিনায়কের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। কিছুক্ষণ পর শাহিনের শিকার হয়ে ফিরতে হয় কোহলিকেও।

পরে হার্দিক পান্ডিয়া ও জাদেজার উইকেটও নেন তিনি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ মেডেনসহ মোট ৪ উইকেট শিকার করেন শাহিন। এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৫১। তিনি মোট ১২০ ম্যাচ খেলেছেন।

এ ছাড়া এশিয়া কাপের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ১০ ইউকেট নিয়েছেন পাকিস্তানের পেসাররা। গতকাল আফ্রিদি চার উইকেট ছাড়াও নাসিম ও রউফ ৩টি করে উইকেট নেন।

আফগান বাধা টপকাতে পারবে তো বাংলাদেশ ?

অনলাইন ডেস্ক:

শুরুটা যাচ্ছেতাই। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হার। এশিয়া কাপে টিকে থাকতে হলে গ্রুপ পর্বে আফগানদের বিরুদ্ধে জয়ের বিকল্প নাই বাংলাদেশের সামনে। শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধানটা হতে হবে বেশ বড়। যাতে রান রেটের সমীকরণেও এগিয়ে থাকা যায়। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে রাজ্যের প্রশ্ন, আফগানদের বিশ্বমানের বোলিং লাইনআপ বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জের।

আফগান দলে রয়েছে রশিদ, নবী, মুজিবদের মতো তারকা সব স্পিনার। আছে পেস দাপটও। শনিবার লাহোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে এই প্রশ্নটা তাই উঠলো প্রথমেই। আফগান বোলিং লাইনআপকে চ্যালেঞ্জ হিসেবেই নিলেন লঙ্কান এই কোচ, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। এটা আসলেই চ্যালেঞ্জের। তবে ঘরের মাঠে সম্প্রতি তাদের সঙ্গে খেলেছি আমরা। তবে এটা গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট দিনে আপনি কতটা পারফর্ম করছেন। আমরা সতর্ক আফগানদের বোলিং লাইন আপ নিয়ে।’

হারলে বাদ। জিতলে থাকবে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা। আফগানদের বিরুদ্ধে ম্যাচটি তাই রুপ নিচ্ছে মাস্ট উইন ম্যাচে। তাই জয় ছাড়া কিছু ভাবছেন না হাথুরুসিংহে, ‘দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে কী হয়েছে, তা সবারই জানা। আমরা জানি এটা মাস্ট উইন ম্যাচ। প্রথম ম্যাচে আমরা সেরাটা দিতে পারি নাই। আমরা আত্মবিশ্বাসী আফগানদের বিরুদ্ধে সেরাটা দিতে পারব আমরা।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। এখানকার আবহাওয়া তুলনামুলক বেশ গরম। তবে এমন আবহ ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস হাথুরুসিংহের। একাদশে কোন পরিবর্তন আসবে কি না, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘আমরা আজই (গতকাল) এসেছি এখানে। এখনো পিচ দেখা হয়নি। অবশ্যই এখানকার কন্ডিশন ভিন্ন। লাইনআপও ভিন্ন হতে পারে। তবে এখনো পিচ দেখা হয়নি। দেখার পর বুঝা যাবে সব।’

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তান ১৪বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় ৮টি, আফগানদের জয় ৬টি। তবে এমন সমীকরণ টাইগারদের খুব একটা স্বস্তি দিচ্ছে না। কারণ ঘরের মাঠে কিছুদিন আগেই আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এমন স্মৃতি মনে করিয়ে দেওয়ার পর হাথুরুসিংহে বলেন, ‘এটা আমি আগেও বলেছি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাদের রয়েছে বিশ্ব্মানের বোলিং লাইন আপ। তাদের রয়েছে নামকরা দুই স্পিনার এবং কিছু পেসারও। তবে কালকের (আজ) ম্যাচ নিয়ে আমরা শঙ্কিত নই।’

আফগানদের বিরুদ্ধে জিতলে রক্ষা পাবে বাংলাদেশ। নাকি পড়তে হবে অনেক যদি-কিন্তুর মারপ্যাচে। দুই গ্রুপ থেকে সুপার ফোরে যাবে দুটি করে দল। গ্রুপ-বি থেকে সেরা চারে যেতে হলে আফগানদের হারালেই চলবে না, বাংলাদেশের জয়টা পেতে হবে অনেক বড় ব্যবধানে। গ্রুপের তিন দল একটি করে ম্যাচ জিতলে, পয়েন্ট হয়ে যাবে সমান। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রানরেট। আর সেখানেই পিছিয়ে আছে টিম টাইগার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিছিয়ে থাকা সাকিব বাহিনী কতটা গর্জে উঠতে পারে আফগানদের বিরুদ্ধে, তাই দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ।