All posts by jitu

ছাত্রদল নেতাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে অ্যামনেস্টির উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসানকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার (২১ আগস্ট) রাতে সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়। মমিনুল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, বিরোধী দলের নেতা মমিনুল ইসলাম জিসানকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অ্যামনেস্টি গভীরভাবে উদ্বিগ্ন।আরও বলা হয়, বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে জিসানকে শনিবার গ্রেপ্তার দেখায় পুলিশ। অথচ ছয় ছাত্রদল নেতা নিখোঁজের পর তাদের অবস্থান প্রকাশ করতে অনুরোধ করেছিল অ্যামনেস্টি।

জিসানের পরিবারের সদস্য ও আইনজীবীর বরাতে সংস্থাটি বলে, স্বজনরা তাদের জানিয়েছে, জিসানকে নির্যাতনের কারণে তিনি অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকতে পারেন। তাকে আরও নির্যাতন করারও আশঙ্কা করেছেন পরিবারের সদস্যরা।

বর্তমানে ছাত্রদল নেতা জিসান দুই দিনের রিমান্ডে রয়েছেন। রোববার আদালতে তোলার সময় তার দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে দাবি করে সংস্থাটি।

বিবৃতিতে জিসানসহ বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ জন্য জাতিসংঘের বন্দি নির্যাতনবিরোধী কনভেনশন যেন বাংলাদেশ লঙ্ঘন না করে, এ ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করা হয়।

এর আগে শনিবার রাতে জিসানসহ ছাত্রদলের নিখোঁজ ছয় নেতা নিখোঁজ হন। সে সময় সাদা পোশাকে পুলিশ তাদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে বিএনপি।

দলটি এক বিবৃতিতে জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর আজিমপুরের বাসা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ জিসানের বাসার সামনে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তাদের তুলে নিয়ে যায়।

ওই সময় ছাত্রদলের ছয় নেতার অবস্থান প্রকাশের আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার (১৯ আগস্ট) রাতে এক টুইট বার্তায় এ তাগিদ দিয়েছিল সংস্থাটি।

দীর্ঘদিন পর নেতাকর্মীদের নিয়ে রাজপথে সম্রাটের শোডাউন

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন পর রাজধানীতে নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেছেন যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট।

এ সময় সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালে বিশাল কর্মীবাহিনী নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন সম্রাট। এ সময় প্রেস ক্লাব, হাইকোর্ট চত্বরে প্রায় ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট স্লোগান দিতেও দেখা গেছে। এ সময় সম্রাটসহ তার অনুসারীদেরকে হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাতে গেছে।

উপস্থিত একাধিক নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ঝিমিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে। নির্বাচনকে সামনে রেখে সেই ধারাবাহিকতা রাখতে চান।

সাঈদীর মৃত্যু নিয়ে ছেলের স্ট্যাটাসে মা গ্রেপ্তার, কি বললেন আশফাক নিপুণ

অনলাইন ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর জানাজায় সুখরঞ্জন বালির উপস্থিতি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে লেখালিখি করেন সাবেক বুয়েট শিক্ষার্থী তানজিলুর রহমান। সেই জেরে তার বৃদ্ধ মাকে গ্রেপ্তারের অভিযোগ ওঠার পর প্রতিবাদ জানিয়েছেন মহানগর ওয়েব সিরিজের পরিচালক আশফাক নিপুণ। এর আগে একই দাবিতে প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার (২১ আগস্ট) রাতে আশফাক নিপুণ তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়ে ৬০ বছরের বৃদ্ধা আনিসা সিদ্দিকার নিঃশর্ত মুক্তি চান। সেই সাথে সাধারণ মানুষের ওপর সবধরনের হয়রানির অবসান চাই!

জনপ্রিয় এই পরিচালক লেখেন, ‌‘ছেলের মতপ্রকাশের কারণে মাকে গ্রেপ্তার করা চূড়ান্ত বর্বরতা। সুখরঞ্জন বালিকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার কারণে মিশিগান স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক তানজিলুর রহমানের বৃদ্ধা মাকে ধরে নিয়ে গেছে খুলনার খালিশপুর থানা পুলিশ। মামলা করে তাঁকে আদালতে চালানও করা হয়েছে আজ সকালে। তানজিলুর রহমানের ভাষ্যমতে, তার মাকে আটক করার সময় নিচতলার দুই ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসলে তাদেরও ধরে নিয়ে যায় পুলিশ।

কতটা নিষ্ঠুর হলে বিনা দোষে এক মাকে এভাবে ধরে নিয়ে যেতে পারে পুলিশ! কোনো ছেলে যদি দাগী অপরাধীও হয় তার পরিণতি কেন বহন করবে তার মা? আজকে তানজিলের মাকে ধরে নিয়ে গেছে, সামনে আমার আপনার মায়েরও একই পরিণতি হতে পারে। অবিলম্বে বৃদ্ধা আনিছা সিদ্দিকার নিঃশর্ত মুক্তি চাই। সাধারণ মানুষের ওপর সবধরনের হয়রানির অবসান চাই!’

এর আগে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, তানজিলুর রহমানের মতপ্রকাশ দমনে বিনা ওয়ারেন্টে তার মা আনিসা সিদ্দিকাকে গ্রেপ্তার! কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ ধ্বংস হোক, নিপাত যাক।

অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার:

আনন্দঘন পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২১ আগষ্ট) বিকেল ৫ টায় নগরীর ‘‘আলোকিত কুমিল্লা’’ নিউজ পোর্টালের নিজ কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। তাছাড়াও অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লার স্টুডিও উদ্বোধন করা হয়।

কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মজিবুল হক, মানবাধিকার কাউন্সিলর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের, , কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমেদ,ইমরান খান মুন্না, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু, সাংবাদিক সালাউদ্দিন সুমন, জাগো নিউজ ডটকমে সম্পাদক অমিত মজুমদার,ম্যাক নিউজ  ডট কম এর সম্পাদক ম্যাক রানা। অনুষ্ঠান পরিচালনা করেন আলোকিত কুমিল্লা নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

২১ আগষ্টে দাউদকান্দি ও তিতাসে প্রতিবাদ সভা ও শোক র‌্যালি

স্টাফ রিপোর্টার:

২১  আগস্টে  বর্বরোচিত গ্রেনেড হামলার বিরুদ্ধে কুমিল্লা-১ সংসদীয় আসনের আওতাভুক্ত দাউদকান্দি ও তিতাস উপজেলায় প্রতিবাদ সভা ও শোক র‌্যালি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন( দাউদকান্দি ও তিতাস উপজেলা শাখা ) এর নেতাকর্মীরা।

সোমবার (২১ আগষ্ট) এ প্রতিবাদ সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ ( দাউদকান্দি ও তিতাস ) এর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ব্যারিষ্টার নাইম হাসান সমর্থিত নেতাকর্মীরা এ কার্যক্রম করেন।

 

কুমিল্লায় ডাকাতি মামলায় চারজনকে ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

যাত্রী বেশে বাসে উঠে ধারালো চা-পাতি ও চুরি দ্বারা ভয়ভীতি প্রদর্শনসহ গুরুতর আঘাত করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও হাতঘড়ি ডাকাতির অপরাধে চারজনের প্রত্যেককে দু’টি ধারায় ১০বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। সোমবার এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার হীরাঝিল গ্রামের মৃত মোঃ আজিজের ছেলে রাতুল ওরফে কাউছার, একই জেলার রূপগঞ্জ উপজেলার তারারকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামসেদ মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সদরের দক্ষিণ পৈরতলার আবদুল হাকিমের ছেলে ইলিয়াস প্রকাশ সুমন ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব গ্রামের সরুফ মিয়ার ছেলে মোঃ সফিকুল ইসলাম প্রকাশ রফিক।

মামলার বিবরণে জানা যায়- ২০১০ সালের ২০ জুলাই ঢাকা সায়দাবাদ বাসস্ট্যান্ড হতে বাস ছেড়ে যায়। ডাকাতদল যাত্রীবেশে বাসে উঠে। মেঘনা ব্রিজ অতিক্রম করার পরপরই চা-পাতি ও ছোরা বের করে বাসটির চালককে গাড়ির স্টিয়ারিং হতে উঠিয়ে ডাকাতদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। যাত্রীদের উপর হামলা করে টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার লুন্ঠন করে নিয়ে যায়। যাত্রীদের শোর চিৎকার করলে ভবেরচর হাইওয়ে পুলিশ বাসটির পিছু ধাওয়া করে। বাসটি দাউদকান্দি আসলে দাউদকান্দি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গৌরীপুর বাস স্ট্যান্ডে ব্যারিকেড দিয়ে কয়েকজন ডাকাতকে আটক করে। এ ব্যাপারে ২০১০ সালের ২০ জুলাই চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চন্দ্রাকান্দি গ্রামের কামাল হোসেন বাদী হয়ে ডাকাত রাতুল ওরফে কাউছার, জামসেদ মোল্লা, মোঃ সফিকুল ইসলাম রফিক ও ইলিয়াস প্রকাশ সুমন এবং পলাতক ডাকাত মোঃ ফারুক (২২) ও সোলায়মানসহ (২৫) অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে দাউদকান্দি থানায় একটি ডাকাতি মামলা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রাতুল ওরফে কাউছার, জামসেদ মোল্লা, মো. সফিকুল ইসলাম রফিক, ইলিয়াস প্রকাশ সুমনের বিরুদ্ধে সাত বৎসরের সশ্রম ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং তিন বৎসরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামি সোলাইমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অভিযোগের দায় হতে খালাস প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম বাবু।

২১ আগষ্টে সারওয়ারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
২১ আগস্ট  মুজিবকণ্যা  প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা র প্রতিবাদে ও সকল শহীদ এর মাগফিরাত কামনায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার কুমিল্লার তিতাস উপজেলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গ্রেনেড হামলার প্রতিবাদে কুবিতে ছাত্রলীগের ৩ গ্রুপের বিক্ষোভ মিছিল

 

চাঁদনী আক্তার, কুবি:

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের বিদ্যমান তিন গ্রুপের নেতা-কর্মীরা।

সোমবার (২১ আগস্ট) পৃথক সময়ে এ তারা এসব কর্মসূচি পালন করেন।

গ্রুপ তিনটির একটির নেতৃত্বে রয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের সভাপতি ইশরাত জাহান জেরিন, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ, আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন ২০১৭ সালের শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহারাতবির হোসেন পাপন মিয়াজী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।

প্রতিটি গ্রুপই ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় তারা ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘গুটিবাজি করিস নারে, পিঠের চামড়া থাকবে নারে’, তারেকের দুইগালে, জুতা মারো তালে তালে,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে গ্রুপগুলো।

এদিকে সন্ধ্যা ৭টায় জেরিন-পলাশ নেতৃত্ত্বাধীন গ্রুপের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন এবং রাজনৈতিক সংগ্রাম কেন্দ্রিক প্রামাণ্য চিত্র “হাসিনা; এ ডটার’স টেল” মুক্তমঞ্চে প্রদর্শিত হবে।

শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির সাড়ে ৫ মাস সময় পার করছেন নেতাকর্মীরা। ফলে পদ প্রাপ্তিকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগে বিভক্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা রেল লিংক প্রকল্প প্রসঙ্গে

 

আবদুল মুকতাদির মামুন:

চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি  দি ডেইলি অবজারভার পত্রিকায়  প্রকাশিত একটি সংবাদ থেকে জানা গিয়েছিল, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে রেলপথের দুরত্ব কমানোর লক্ষ্যে বহুল আলোচিত ঢাকা-কুমিল্লা রেল লিংক প্রকল্পটির ব্যাপারে আবারও তৎপর হয়েছে। প্রকল্প পরিচালক জনাব মাহবুবুর রহমান পত্রিকাটির সঙ্গে আলাপ কালে বলেছিলেন, পরামর্শকের সঙ্গে চলতি মাসেই (ফেব্রুয়ারি) চুক্তি স্বাক্ষরিত হবে! তিনি নিশ্চিত করেছিলেন যে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটি (CCGP), Japan এর Oriental Consltant Global, France  এবং মালয়েশিয়ার EGIS এর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নের জন্য অনুমোদন দিয়েছে! উক্ত কনসোর্টিয়াম আগামী ত্রিশ মাসের মধ্যে তাদের প্রতিবেদন তৈরি করবে। আশা করা যায়, ইতোমধ্যে এই কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, এই উদ্যোগটি ২০১০ সালে গৃহীত হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়! বর্তমানে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামের দুরত্ব ৩২১ কিমি, যা পাড়ি দিতে হলে ৮টি জেলা অতিক্রম করতে হয়! নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা অবধি মাত্র ৮২ কিমি দীর্ঘ এই রেলপথটি নির্মিত হলে এবং কুমিল্লা কিংবা ময়নামতি স্টেশনটিকে জংশন স্টেশনে উন্নীত করলে, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দুরত্ব কমবে প্রায় ৯০ কিমি এবং সময় বাঁচবে প্রায় ২ থেকে ২:৩০ ঘন্টা! নুতন এই রেলপথটি নির্মিত হলে এই পথে শুধু উচ্চগতির এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেন চলবে বলে একটি সুত্র জানিয়েছে এবং বিদ্যমান লাইনটি তখন শুধু Freight train বা মালবাহী গাড়ি চলাচলের জন্য ব্যবহৃত হতে পারে! তবে চট্টগ্রাম থেকে সিলেট ও ময়মনসিংহ যেতে বিদ্যমান লাইনটি সবধরণের ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

একটি প্রস্তাবনাঃ

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত এলাকাটি Meghna-Ganges Basin এ অবস্থিত একটি নিচু ও প্লাবন-ভূমি এলাকা! এছাড়া কুমিল্লা একটি উর্বর ও কৃষি প্রধান জেলা। ফলে জেলাটি বেশ ঘন-বসতি পূর্ণ। এই দিকটি বিবেচনায় রেখে এবং পদ্মালিংক রেল পথের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রস্তাবিত এই রেললাইনটির বেশিরভাগ অংশ যদি ভায়াডাক্টের উপর উড়াল রেলপথ হিসেবে নির্মাণ করা হয়, তাহলে এর থেকে বেশ কিছু সুফল পাওয়া যাবেঃ

১) সাধারণ রেলপথের তুলনায় ৭০% কম জমি অধিগ্রহণ করতে হবে;

২) বন্যার সময় পানি প্রবাহ বাধাগ্রস্থ হবে না!

৩) রেলপথে কোনো লেভেলক্রসিং রাখার প্রয়োজন হবে না;

৪) কালভার্ট এবং আন্ডারপাস নির্মাণের জন্য আলাদা কোনো কাঠামো তৈরি করতে হবে না;

৪) রেলপথটি পাথর বিহীন হওয়ায় উচ্চগতির ট্রেন চলতে পারবে;

৫) লেভেলক্রসিং না থাকায় এবং মানুষ ও গবাদিপশু পারাপারের সুযোগ না থাকায়, এ জাতীয় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যাবে;

৬) সামগ্রিকভাবে এর নির্মাণ ব্যয় এবং নির্মাণ সময় অনেক কম লাগবে।

৭) অনেক অফিস যাত্রী প্রতিদিন কুমিল্লা থেকে ঢাকায় গিয়ে অফিস করতে পারবেন, ফলে ঢাকার উপর বাড়তি চাপ কমবে।

লেখক: আবদুল মুকতাদির মামুন