All posts by jitu

চান্দিনায় সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের সাজা বাতিলের দাবিতে উপজেলা এলডিপি’র প্রতিবাদ সভা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে ঢাকা বিশেষ জজ আদালত-২ যে রায় দিয়েছে তা বাতিল এর দাবিতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে চান্দিনা উপজেলা এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গত সোমবার (১৪ আগস্ট) ঢাকা বিশেষ জজ আদালত-২ এর বিচারক আখতারুজ্জামান ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন দুদক এর দায়ের করা একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ এর ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ লাখ টাকা অর্থদন্ডের রায় দেন। ওই রায়কে ফরমায়েশি রায় এবং সরকারের আবারও একতরফা নির্বাচনের পায়তারার অংশ দাবি করেন এলডিপি নেতাকর্মীরা।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার মহিচাইলে অবস্থিত শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার এর সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা হয়।

নেতাকর্মীরা দাবি করেন- ‘মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটি সরকারের কোন প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিতও ছিল না। সুতরাং ড. রেদোয়ান আহমেদ বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে দন্ডবিধির ৪০৯ ধারা বা দুদক আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা প্রযোজ্য নয়। সরকারিভাবে নিয়োজিত কোন ব্যক্তি বা গোষ্ঠী ছাড়া কারো বিরুদ্ধে এই দন্ডবিধিতে অভিযোগ আনা আইনসম্মত নয়।’

এলডিপি নেতাকর্মীরা দাবি করেন- ‘সেনা সমর্থিত ওয়ান ইলিভেন সরকার দেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রথম সারির নেতাকর্মীসহ দলীয় প্রধানদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের দলীয় নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করলেও কণ্ঠরোধ করতে বিএনপি ও এলডিপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করেনি।’

তারা রেদোয়ান আহমেদের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

প্রতিবাদ সভায় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শামসুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব এলাহী, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোজাম্মেল হক ভূইয়া, সাধারণ সম্পাদক সিদরাতুল মুন্সী প্রমুখ। এসময় এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার বাঙ্গরায় রাস্তায় বৃষ্টির পানি জমাটকে কেন্দ্র করে মারামারি, ৮ জন আহত

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে বসতবাড়ি থেকে সড়কে ওঠার রাস্তায় বৃষ্টির পানি জমাটকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে গুরুতর জখমের শিকার দুপক্ষের ৮ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের খৈয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন ও তার প্রবাসী দুই ছেলে সাদ্দাম হোসেন, রাব্বুল হাসান এবং একই পরিবারের সাজু মিয়ার ছেলে নাসির মিয়া, জাবেদ মিয়া, খায়ের মিয়া, হাসান মিয়া ও আনিস মিয়ার ছেলে আরিফ মিয়া।

স্থানীয়দের ভাষ্যমতে, খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন ও তার ভাই সাজু মিয়ার পরিবারের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বহুবার বসে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। মঙ্গলবার রাত সাড়ে ৭টারদিকে বসতবাড়ি থেকে সড়কে ওঠার রাস্তায় বৃষ্টির পানি জমাটকে কেন্দ্র করে পাশর্^বর্তী মোসলেম মিয়ার দোকানে আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও সাজু মিয়ার ছেলে হাসান এর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি জানতে পেরে রাত ৮টার দিকে সাজু মিয়ার পরিবারের অন্যান্য সদস্যরা আমির হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে আমির হোসেন গুরুতর জখমের শিকার হলে তার প্রবাসী দুই ছেলে প্রতিবাদ করতে আসলে দুপক্ষের মারামারির ঘটনায় ৮জন আহত হয়।

আহত প্রবাসী সাদ্দাম হোসেন জানায়, প্রবাসে গিয়ে অর্থনৈতিকভাবে তাদের পরিবার স্বাবলম্বী হওয়ার বিষয়টি তার বাবার বড় ভাই সাজু মিয়ার পরিবারের সদস্যরা ভালো চোখে দেখেনা। সে কারণেই তারা পূর্বপরিকল্পিতভাবে সামান্য বৃষ্টির পানিকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালায় এবং লুটপাট করে। বসত বাড়ির ঘরগুলোকে এমন ভাবে কুপিয়েছে সেটি এখন থাকার উপযোগী নয়।

অপরদিকে আহত নাসির মিয়া জানায়, বসতবাড়ি থেকে সড়কে উঠতে যে রাস্তাটি ব্যবহার করতে হয় সেটি আমির হোসেনের পরিবারের লাগেনা। তাই সেই রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন ও সেখানে মাটি ফেলে উচু করার জন্য আমির হোসেনের পরিবারের কাছে টাকা চাওয়া তাদের উপর হামলা চালায়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে মারামারির বিষয়টি অবহিত হয়েছি। বর্তমানে সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারিক সন্ত্রাস শুরু হয়েছে : রিজভী

অনলাইন ডেস্ক:

দ্রুত বিচার করে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দেওয়া সরকারের গভীর মাস্টারপ্লানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিরি বলেন, এই সরকার নিশিরাতের ভোট করতে যেমন পছন্দ করে এখন নিশিরাতের রায় দিতে তারা পছন্দ করছেন।

দেশে ন্যায় বিচারকে কীভাবে যে পদদলিত করা হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কোনো কালো বিচার মেনে নিবো না। আমরা ডার্ক জাস্টিস মেনে নিবো না। বিচারিক সন্ত্রাস শুরু হয়েছে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। দ্রুত বিচার করে সাজা দেওয়া এটা একটি সরকারের গভীর মাস্টার প্লানের অংশ। আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের। কিন্তু সেই মালিকানা কেড়ে নিয়েছে এই অবৈধ আওয়ামী সরকার। এই আওয়ামী লীগ এখন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন যারা বাক স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠে কথা বলছেন তাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন। আদালতকে নিয়ন্ত্রণ করে আদালতকে প্রভাবিত করে বিচারিক সন্ত্রাস চালানো হচ্ছে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধীদলকে স্তব্ধ করার জন্য, এদের সমস্ত কার্যক্রমকে স্তব্ধ করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য আইনশৃংখলা বাহিনী ইতোপূর্বে ক্রসফায়ার, গুম বেআইনিভাবে মামলা, নিপীড়ন নির্যাতনের পরে এখন শুরু হয়েছে সাজা দিয়ে তাদেরকে বছরের পর বছর অথবা চিরদিনের জন্য আটকে রাখার একদলীয় কর্তৃত্ববাদী শাসনের যে নমুনা সেই ধারা শুরু হয়েছে।

তিনি বলেন, এ দেশের মানুষ হচ্ছে গণতন্ত্রকামী মানুষ। এ দেশের মানুষ তাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমাদের সেই ঐতিহ্য আছে। আমরা কোনো ডার্ক জাস্টিস, কোনো অন্ধকার বিচার মেনে নিবো না। এটা দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সুস্পষ্ট বলে দিলাম। কারণ এ দেশের জনগণ কখনই অনায্য অন্যায় কেউ মেনে নেয়নি। তারা ন্যায় বিচার ও সুশাসনের জন্য সুদীর্ঘ সময় ধরে লড়াই করে আসছে।

রিজভী অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় নির্যাতনের যে বহুবিধ মাত্রা আপনারা দেখেছেন সেই নির্যাতনের মাত্রা একের পর এক প্রয়োগ করা হচ্ছে বিএনপিসহ বিরোধী দলের ওপর। হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে কত কিছু করা যায় পাহাড়ের ওপর দিয়ে নৌকা চালানো যায় সেটা এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদে পদে প্রমাণিত করছেন। ২০১৪ এর নির্বাচনের প্রাক্কালে ব্যাপকহারে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচন করেছেন।

২০১৮ সালে দিনের বেলায় ভোট করার সাহস পাননি রাত্রে ভোট করেছেন। তখন আমরা একটি নতুন কবিতা শুনতে পেয়েছিলাম সেটি হলো গায়েবি মামলা। সেই গায়েবি মামলার প্রকৃতি এবং সংজ্ঞা কী হবে এটা মনে হয় আইনজীবীরা বলতে পারবেন। এর পরিণামে আমরা দেখেছি লাশের নামে মামলা, প্যারালাইজড রোগীর নামে মামলা, পবিত্র হজ করতে গেছেন সেই ব্যক্তির নামে মামলা- তখন আমরা এই সমস্ত বৈশিষ্ট্য দেখতে পেয়েছি।

তিনি আরও বলেন, এইবারে নির্বাচনের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার আরেকটি অভিনব রাষ্ট্রীয় নির্যাতনের বহিঃপ্রকাশ ওই যে ২০১৩-১৪ সালের মামলায় এখন তারা সাক্ষী খুঁজে নিয়ে এসে সাক্ষীকে শিখিয়ে দিয়ে আমাদের নেতৃবৃন্দের নামে তাদেরকে দিয়ে বলিয়ে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে অনেকেই দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজা দেওয়ার পরে জাতীয়তাবাদী শক্তিকে যিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদের নেতা তারেক রহমান এবং তার সহধর্মিণীকেও মিথ্যা সাজা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের দলের দু’জন তরুণ নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিব ওদের নামে সেই ২০১৩ সালের মিথ্যা মামলায় সাফাই সাক্ষী নেওয়া হয়েছিল। সাবেক এই দুই ছাত্রনেতার সাফাই সাক্ষী ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন। তখন তারা রিভিশন করেছেন দায়রা জজের কাছে জজ সাহেব সেটিকে আমলে নিয়ে গতকাল প্রকাশ্যে আদালতে ঘোষণা করেছেন সেই রিভিশনটা মঞ্জুর করেছেন। রাতের বেলায় বিশেষভাবে মঞ্জুর করার যে আদেশ ক্যানসেল করে দিয়েছে। তার মানে জজ সাহেবের ওপর গায়েবি নির্দেশ আছে। এটা একটি নজিরবিহীন ঘটনা।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ আইনজীবিগণ উপস্থিত ছিলেন।

হাফেজ রেজাউল হত্যার বিচার দাবিতে দুই দিনের কর্মসূচি

অনলাইন ডেস্ক:

মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউলের হত্যার বিচার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য। কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ও আগামী ২৪ আগস্ট বিকেল তিনটায় শাহবাগ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করবে সর্বদলীয় ছাত্র ঐক্য।

বুধবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘হাফেজ রেজাউলের হত্যাকাণ্ডের পর প্রশাসন কেন তৎপর হবে না? কেন আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থী হত্যার বিচার চাইতে হবে? স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নূন্যতম এসব মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য রাজপথে নামতে বাধ্য হওয়াটা- আমাদের জাতীয় দেউলিয়াত্বের কথাই প্রমাণ করে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, ফোরামের আহ্বায়ক তানযিল আমীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সেক্রেটারি খালেদ মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অর্থ ও দপ্তর সম্পাদক দেলোয়ার হুসাইন প্রমুখ।

গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে জিয়া নাগরিক সংসদর উদ্যোগে এ সভা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন। এই লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে আরও বক্তব‌্য রা‌খেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী প্রমুখ নেতারা।

সদর দক্ষিণে লালবাগ বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার।।

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণে লালবাগ বঙ্গবন্ধু পরিষদের উদ্দ্যোগে মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার বিকাল ৫ টায় উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ মাদ্রাসার মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুুষ্ঠানে ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়্যারম্যান এম হারিছ মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোকলেছমেম্বার,সদর দক্ষিণ উপেজেলা আওয়ামীগ নেতা তফিকুল ইসলাম রিপন, আউয়াল।

সদর দক্ষিণ উপেজেলা যুবলীগ নেতা হানিফ চৌধুরীর সঞ্চালনায় অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ডাক্তার আফাজ উদ্দিন, ফরিদ মাষ্টার, যুবলীগ নেতা রাসেল, জালাল, রুবেল। ছাত্রলীগ নেতা পলাশ চৌধুরী, অন্তর, আল-আমিন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।

জাতীয় শোক দিবসে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগ অফিস সংলগ্নে সাধারণ মানুষের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র হাবিবুর আল আমীন সাদী ।

অনুষ্ঠানে কুরআন শরীফ পড়তে ইচ্ছুক কিন্তু কিনে পড়ার সামর্থ্য নেই এমন ৮০ জন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর সভাপতি আব্দুর রহমান সহ আরও অনেকেই ।

তোশাখানা মামলায় এবার ইমরানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক:

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির যৌথ তদন্ত দল (জেআইটি)।

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানী ইসলামাবাদের ডিআইজি কার্যালয়ে বুশরাকে জিজ্ঞাসাবাদ করেন জেআইটি কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে পিটিআইয়ের আইনি দলের সদস্যরা ওই কার্যালয়ে গিয়েছিলেন।

এর আগে একই দিন তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন বুশরা। এদিন ইমরান ও বুশরার মধ্যে দুই ঘণ্টা বৈঠক হয়েছিল। তাদের এই বৈঠকের পরই জেআইটি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বুশরা।

পিটিআইয়ের আইনি দলের সদস্য কুরতুল আইন বলেন, বুশরাকে প্রায় ২০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে তাকে ২০টি প্রশ্ন করা হয় এবং তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

তোশাখানা দুর্নীতি নিয়ে ইমরান খান, তার স্ত্রী, সাবেক উপদেষ্টা শাহজাদ আকবর ও আরও কয়েকজনের বিরুদ্ধে ইসলামাবাদের কোহসার থানায় মামলা হয়। মামলাটি দায়ের করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য ইসিপির কাছে ইচ্ছে করে গোপন করেছেন ইমরান। সাধারণত বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার তোশাখানায় রাখা হয়।

এই তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে দুবার গ্রেপ্তার হলেন তিনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ইমরান বর্তমানে পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন। এরই মধ্যে ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। অবশ্য গত বছর অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেওয়ার পর একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান।

হ্যাকারের দখলে দেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!

অনলাইন ডেস্ক:

ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ফাঁস হয়েছে কয়েক হাজার তথ্য। হ্যাকিংয়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে নির্বাচন কমিশনাররের সার্ভার।

হ্যাকিংয়ের শিকার হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ আগস্ট) ভারতীয় হ্যাকারদের এই হামলার শিকার হয় দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো।

১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

জানা গেছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।