All posts by jitu

সাঈদীর মৃত্যুতে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

অনলাইন ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর আগে বুধবার জোহর নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‌সাঈদীর গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় এই কর্মসূচি স্থগিত করে দলটি।

জামায়াত আমির বলেন, আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ‌সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনকে হত্যা করার প্রতিবাদে ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতা পরিবর্তে বাধাদান গ্রেপ্তার ও পুলিশিরে গুলিতে আহত করার প্রতিবাদে আগামী শুক্রবার (১৮ আগস্ট) সারা দেশে দোয়া, বুধবার (২৩ আগস্ট) সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচির হঁশিয়ারি

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলপূর্ব আলোচনায় এ হুঁশিয়ারি দেন তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল হয়।

আমীর খসরু বলেন, উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে আজ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের দায়ভার বহন করতে হবে।

সামনে আন্দোলনের কঠোর কর্মসূচি আসছে জানিয়ে সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন ডিবিপ্রধান

অনলাইন ডেস্ক:

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (১৬ আগস্ট) সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট সকালে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওয়ানা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিন।

গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনার সই করা এক অফিস আদেশে হারুন অর রশীদকে ডিবিপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি), গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন।

সাময়িক বন্ধ জাতীয় পরিচয়পত্র সেবা

অনলাইন ডেস্ক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য আজ বুধবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগের এক সূত্র জানা গেছে, এনআইডি সেবা কিছু সময়ের জন্য বন্ধ আছে। গত রাতে কিছু কাজ করা হয়েছে। কাজ শেষ হলে কিছুক্ষণের মধ্যে এনআইডি সেবা চালু হবে।

সূত্র বলছে, জাতীয় পরিচয়পত্র সেবাসংক্রান্ত এই ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। সব দিক খতিয়ে দেখতে মহাপরিচালকের নির্দেশে কারিগরি দল কাজ করছে।

এনআইডির তথ্যভাণ্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। এ ছাড়াও ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভাণ্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাইসংক্রান্ত সেবা নিচ্ছে।

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীনা রাষ্ট্রদূত যা বললেন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তারাই এটা ঠিক করবে। চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী ও ইয়াও ওয়েন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মাসেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একই সঙ্গে, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের।

এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বি-পাক্ষিক বানিজ্যিক সম্পর্ক উন্নয়নে সবরকম সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বানিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বানিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন।

এ সময় বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় বলেও জানান চীনা রাষ্ট্রদূত। এ ছাড়া পদ্মা সেতুর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নেও চীন সহায়তা করবে বলেও জানান তিনি।

তিতাসে যুবলীগ নেতা সারওয়ারের উদ্যোগে শোক দিবসে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন

স্টাফ রিপোর্টার:

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারে সকল শহীদ এর ৪৮-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

উক্ত দোয়া, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী মুজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন মুন্সী ও শেখ ফরিদ প্রধান, কুমিল্লা উঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস মোঃ সুমন, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার।

কুমিল্লা-১ সংসদীয় আসনের বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়নে ব্যারিষ্টার নাঈমের উদ্যোগে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার:

১৫ই আগষ্ট  জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যারিষ্টার নাঈম হাসানের উদ্যোগে কুমিল্লা-১ (দাউদকান্দি / তিতাস) সংসদীয় আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার  বিতরণ করা হয়।

সময়ের সল্পতার কারনে প্রতিটি অনুষ্ঠানে যোগদান করা সম্ভব না হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা-১ (দাউদকান্দি/তিতাস) আসনের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যরিষ্টার নাঈম হাসান বিভিন্ন সময়ে ৮টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

এর মধ্যে  গাজীপুর, দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি, দড়িকান্দি, জিয়ারকান্দি,  চাঁননাগের চর, মজিদপুর, তিতাস, করিকান্দি, করিকান্দি,  বলরামপুর, বাতাকান্দি বাজার, কাচারী, নারান্দিয়া, বিটেশ্বর এলাকায় শোকসভা ও খাদ্য বিতরণ করা হয়।

প্রতিটি অনুষ্ঠানে ব্যরিষ্টার নাঈম হাসান এর উপস্থিতির কথা শুনে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষের সমাগম ঘটে। উনার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী কুচক্রি মহলের হাতে শহীদ হওয়া তার পরিবারের জন্যও দোয়া চান। ব্যরিষ্টার নাঈম হাসান আওয়ামী লীগ নেতাকর্মীদের অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে বলেন এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে উপনীত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যেতে বলেন। বক্তব্য শেষে ব্যরিষ্টার নাঈম হাসান  প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে চতুর্থবারের মত বিজয়ী করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিশেষভাবে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। আলোচনা শেষে দোয়ামাহফিল ও তবারক বিতরণ করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে ৩২ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ৩২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট রাতে বুড়িচং উপজেলার ঘোষনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের জাকির হোসেন এর ছেলে তৈয়ব হোসেন (২১)।

মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

এবারও শেখ হাসিনার জয় নিয়ে ঘরে ফিরতে চাই: রোশন আলী মাস্টার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

মঙ্গলবার দিনব্যাপী সভাগুলোতে, শোক’কে শক্তিতে রূপান্তর করে এবারও শেখ হাসিনার জয় নিয়ে ঘরে ফিরার আশা ব্যক্ত করে অপশক্তি মোকাবেলায় সজাগ থাকার আহ্বান জানান রোশন আলী মাস্টার।

ওই সময় তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আর্দশের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলবো- এই হোক আমাদের শোক দিবসের অঙ্গীকার।

দেবীদ্বার কেন্দ্রীয় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর মোহনা আবাসিক এলাকার ‘রোশন ভিলা’য় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেম মাস্টারের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলে উদ্দিন ভূঁইয়া মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতিন মুন্সী, সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল।

এসময়- দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক, লুৎফুর রহমান ও মনিরুল ইসলামসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

এছাড়াও গুনাইঘর উত্তর ও দক্ষিণ, এলাহাবাদ ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নগুলোতে দোয়া মিলাদ ও আলোচনা সভা হয়েছে। এসব সভাগুলোতে জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন।

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে সিএমপি চট্টগ্রাম এর কর্ণফুলী উপজেলার মৃত. শাহ আলম এর ছেলে মোঃ আবুল হোসেন @ সোহেল (২৪)।

পৃথক অন্য আরেকটি অভিযানে ১৪ আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের ভূপেন কর্মকার এর ছেলে মনোজ কর্মকার (৩৪)।

মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, চাপাইনবাবগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।