All posts by jitu

দেবিদ্বারে বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম ও কাইয়ুম ভূঁঞাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও দেবিদ্বার পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁঞাকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ই জুলাই) বেলা ১২ টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজীব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

সদরে ৬২ কেজি গাঁজা, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের হাউজিং স্টেট থেকে ৫ জুলাই রাতে ৬২ কেজি গাঁজা, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিলকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

৫ জুলাই রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাউজিং এষ্টেট সাকিনস্থ ব্লক-এল, সেকশন-০৪ এর হাউজিং এষ্টেট এন্ড কলেজ এর সামনে ০১ তলা পরিত্যক্ত বিল্ডিং এর সামনে বাউন্ডারী ওয়ালের ভিতর একটি অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজা, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বর বিহীন ধূসর রংয়ের FZS V3 মোটর সাইকেল সহ আসামী মোঃ শাকিল (৩১), পিতা- বাবুল মিয়া, সাং- জালুয়াপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘটনাস্থল হতে অপর আসামী আবু হানিফ  অপু (৩৪) দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতার হওয়া মোঃ শাকিল এর বিরুদ্ধে পূর্বের মাদক ও চুরির ৫টি মামলা এবং পলাতক আসামী আবু হানিফ  অপুর বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরি, মারামারিসহ পূর্বের ১০টি মামলা রয়েছে।

চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেন্সিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেন্সিডিল সহ মো: সোহাগ ভূঁইয়া (৪২) নামে এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ।

আটককৃত সোহাগ ফেনীর সুধারাম থানার পূর্ব এওজবালিয়া এলাকার বশির উল্লাহর ছেলে। এ সময় কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ট-১১-৪৪৬০) জব্দ করা হয়।

জানা গেছে, বুধবার (৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বাবুচি বাজার নামক স্থানে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন ও জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেন্সিডিল সহ সোহাগকে আটক করে। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বাবুচি এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

চান্দিনায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিপনের দাফন সম্পন্ন

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার রিপন (৫৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজিউন)।

মঙ্গলবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন বলে ডাক্তাররা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৫ জুলাই) বাদ যোহর উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাযা এবং উপজেলার গজারিয়ায় দ্বিতীয় জানাযা শেষে নিজ গ্রাম হরিনা মজুমদার বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, চান্দিনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এর পক্ষে নেতাকর্মীরা, চান্দিনা পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে মরহুমের স্মৃতি চারণ করে বক্তৃতা করেন- প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ্, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া, সাবেক জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান।

মো. নাজমূল আহসান মজুমদার (রিপন) ২০০৯ সালে চান্দিনা উপজেলা পরিষদ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পাঁচ বছর ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি চান্দিনার মাইজখার ইউনিয়নের এএফএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরে নতুন করারোপ ছাড়াই ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের প্রায় দ্বিগুণ এই বাজেট। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০ টাকা।

বুধবার সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র আরফানুল হক রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম সেলিম, প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মনজুর কাদের মনি, কাউছারা বেগম সুমি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এছাড়া বাজেট ঘোষণার পরে গেলো এক বছর সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজের বিষয়ে মুখোমুখি হন মেয়র আরফানুল হক রিফাত। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৪২ লাখ ১৩ হাজার ২৩০ টাকা। উন্নয়ন অনুদান থেকে আয় ধরা হয়েছে ৬৫৭ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা।

চলতি মেয়াদে বিসিএস ক্যাডার হয়েছেন ১৬০২৯ জন: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের চলমান তৃতীয় মেয়াদে এ পর্যন্ত বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের এক প্রশ্নের লিখিত উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ২ লাখ ৮টি পদ সৃজনের আদেশ দেওয়া হয়েছে। পদ সৃজনের প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন দপ্তর বা সংস্থাসমূহ শূন্য পদে নিয়োগ দিয়ে থাকে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারের তৃতীয় মেয়াদে (২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত) ৩৭তম থেকে ৪২তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য পদে নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নোয়াখালীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাট, হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই ভাই ও দুই বোনসহ ছয় শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

তিন শিশু হলো কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫)।

কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড় ভাই রিশাদ পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

হাতিয়ার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে দুই ভাইয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত দুদিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগে পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

বরুড়া বাজা‌রে অ‌ভিযান: ৬ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার বরুড়া উপ‌জেলার বরুড়া বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে ৪ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বুধবার (৫ জুলাই) বেলা ১২ টার দিকে  সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় দৃশ‌্যমান স্থা‌নে পণ‌্য ও সেবার মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, অ‌তি‌রিক্ত মূ‌ল্যে চি‌নি বি‌ক্রি, ভোক্তা‌কে প্রতিশ্রুত পণ‌্য যথাযথভা‌বে সরবরাহ না করা এবং নি‌ষিদ্ধ ঘো‌ষিত পা‌কিস্তানী রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ৩৩ পিচ ক্রিম জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠা‌নগু‌লো যথাক্রমে সৌ‌দিয়া হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট ৫ হাজার টাকা, স্মৃ‌তি স্টোর ২ হাজার টাকা, নী‌শিতা ভ‌্যারাই‌টিজ স্টোর ৩ হাজার টাকা এবং সো‌হেল ব্রাদার্স ১০ হাজার টাকা।

এছাড়া বরুড়া উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি)  মঈন উ‌দ্দিন কর্তৃক ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রে দুই প্রতিষ্ঠান‌কে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে বি‌ক্রেতা ও ক্রেতা‌দের স‌চেতন করা হয়।

অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শ‌ফিকুল ইসলাম এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে আটক ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিপা আক্তার(২৭) ও তার শিশুপুত্র আলী আহসান মুজাহিদ(৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। পুলিশ দুইজনের লাশ উদ্ধার শেষে থানায় নিয়েছে।

সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাবাদের জন্য মঈনুল হাসান শুভ এবং আবদুল্লাহ আল শাহেদ নামে ২ ভাইকে আটক করেছে।

নিহত নিপা আক্তারের পিতা জালাল আহমেদ জানান, তার মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে মঈনুল হাসান শুভ(২২) এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারেন। মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার তাঁর ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভিতর প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় আলী আহসান মুজাহিদকে ঢাকা নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন,  নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ এবং তার ভাই আবদুল্লাহ আল শাহেদ নামের ২ জনকে আটক করেছে।