All posts by jitu

ফেসবুকে হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফেসবুক লাইভে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকির অভিযোগে এনে এই জিডি করেছেন মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো.এনামুল হক ভূঁইয়া (৬৯)।

গত মঙ্গলবার ২৭ জুন বিকেলে করা জিডিতে এনামুল হক অভিযোগ করেন, গত ১৪ ও ২১জুন ফেসবুক লাইভে এসে আমার নামে বিভিন্ন আজে বাজে কথা বলে এবং বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি প্রদর্শন করেন। তাঁর ভয় ভীতি প্রদশনের কারণে আমাকে আতঙ্কে দিনাতিপাত করতে হচ্ছে।

জানতে চাইলে ভুক্তভোগী এনামুল হক ভূঁইয়া বলেন, ফেসবুক লাইভে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলী আমাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। আমি জীবনের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি। ধানমন্ডি থানায় যাহার জিডি নং- ১৫৪৬।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমি এখন গ্রাম আদালতে আছি। ফেসবুক লাইভটি দেখে আমাকে বলবেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদের ছুটিতে থাকায় জিডির তদন্ত করা হয়নি। এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিলহিম ২ চলচ্চিত্রের সাথে যুক্ত হলেন সাত্তার আলী সুমন

 

মো: রাসেলঃ

এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল মোঃ ইকবাল পরিচালিত ও প্রযোজিত এবং অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিলহিম’। ছবিটি ঈদে মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। এবার দ্বিতীয় ছবির ঘোষণা দিলেন প্রযোজনা প্রতিষ্ঠান। ‘কিলহিম ২’ তে অনন্ত জলিলের নায়িকা এবারো বর্ষা।

কিলহিম ২ আসছে সর্বোচ্চ বাজেটের বাংলা সিনেমা। পরিচালক ইকবাল ও অনন্ত জলিলের ভক্তদের জন্য এটা বড় খবরই বটে। তাছাড়া এই ছবিতে সহোযোগি প্রযোজক হিসাবে থাকছেন সত্তার আলি সুমন (শাহ্ আলম)। যিনি সাহা গুরুপ লিমিটেডের মালিক। তিনি কুমিল্লার সন্তান। অনেক দিন যাবৎ ফ্রান্সে ব্যবসা করতেছেন।

‘কিলহিম’ ছবি তৈরির পর পেরিয়ে গেছে তিন মাস। সে সময় ছবির প্রযোজক ও পরিচালক ইকবাল বলেছিলেন, কিলহিম ছবির নায়ক অনন্তের চরিত্রটি ঠিক রেখে ভিন্ন গল্পে কিলহিম ২ নামক ছবির কাজ শেষ করা হবে।

এদিকে গত শনিবার রাতে ফ্রান্স থেকে কথা হয় ছবির পরিচালক মোঃ ইকবালের সাথে তিনি জানালেন, কিলহিম ২ ছবির লোকেশন দেখতে আমরা এখন ফ্রান্সে আছি। এছাড়াও আমরা সাত্তার আলি সুমন (শাহ্ আলম) ভাইয়ের সাথে ছবি নিয়ে আলোচনা করছি। তিনি কিলহিম ২ ছবির সহ প্রযোজক হিসেবে আমার সাথে থাকছেন। এ ছবির শুটিং শীঘ্রই করতে যাচ্ছি।

এ বিষয়ে জানতে ফ্রান্সে বসবাসরত সাত্তার আলী সুমন (শাহ্ আলম) এর সাথে জানতে চাইলে তিনি বলেন- আমি সংস্কৃতিমনা মানুষ। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংস্কৃতি ফ্রান্সে তোলে ধারার চেষ্টা করছি। আমি সুযোগ পেলেই বিভিন্ন ভাবে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তোলে ধরি। এবার চেষ্টা করছি বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বের ধরবারে তোলে ধরার।

নাসির-তামিমার মামলা; সাক্ষ্য দিলেন মেয়ে তুবা

অনলাইন ডেস্ক:

ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তামিমার মেয়ে রাফিয়া হাসান তুবাসহ দুই জন।

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তারা সাক্ষ্য দেন। অপর সাক্ষী হলেন বাদী রাকিবের মামা লুৎফর রহমান। তালাক না দিয়ে অন্যকে বিয়ে করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করেছিলেন তামিমার পূর্বের স্বামী রাকিব হাসান।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান জানান, প্রথমে রাকিবের মামা লুৎফর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এর পর সবাইকে এজলাস কক্ষ থেকে বের করে দিয়ে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তামিমার মেয়ে তুবার জবানবন্দি রেকর্ড করেন আদালত। জবানবন্দিতে তুবা মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এদিন নাসির ও তামিমা আদালতে হাজিরা দেন। এ মামলায় চারজনের সাক্ষ্য শেষ হয়েছে।

এর আগে গত বছরের ৯ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

সাংবাদিকের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিকের ঘরের প্রবেশ করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে (৪ জুলাই ২০২৩), মঙ্গলবার দুপুরে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের বসুন্ধরা চত্বরে বুড়িচং প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা ও বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক সংস্থার উপজেলা সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মোসলেহ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাফি, মোঃ তাজুল ইসলাম, তালাশ বাংলা প্রতিনিধি নূরুন্নবী , জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা কমিটির সদস্য মোবারক হোসেন, তোফায়েল আহমেদ, মোঃ শওকত উদ্দিন সহ আরো অনেকে।

এসময় বক্তারা, সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়কে বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সন্ত্রাসী চাঁদাবাজ সালাউদ্দিন ও কাউছারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বুড়িচং উপজেলার বিভিন্ন গরু বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ ক্রেতাদের। এমন সংবাদের জেরে গত ( ২৮ জুন), বুধবার সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের বাকশীমূল নিজ বাড়িতে ঘরে প্রবেশ করে বিপুল অংকের চাঁদা দাবী করে। তখন তাদের চাঁদা দিতে অপারগতা জানালে সাংবাদিক হৃদয়ের গায়ে হাত তুলে এবং মা-বাবা, স্ত্রী, সন্তানদের সামনে মেরে ফেলার হুমকি প্রদান করে।

ভুক্তভোগী সাংবাদিক বাংলাদেশ মানবাধিকার কমিশন (বুড়িচং- ব্রাহ্মণপাড়া আঞ্চলিক) শাখার সাধারণ সম্পাদক ,দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ট্রাইবুন্যাল, দৈনিক ময়নামতি,বিডি২৪লাইভ, বুড়িচং উপজেলা প্রতিনিধি, তালাশ বাংলার সম্পাদক। এছাড়াও তিনি জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক।

কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে পাপিয়া, করতে হবে ঝাড়ুদারের কাজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নুর পাপিয়াকে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে গতকাল সোমবার রাতে তাকে এখানে আনা হয়। আজ মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

কারাসূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ঝাড়ুদারের কাজ করতে হবে কারাবন্দী শামীমা নুর পাপিয়াকে। এই কারাগারে দুটি কাজই রয়েছে—ঝাড়ু দেওয়া এবং নকশি কাঁথা সেলাই। জেল বিধি অনুযায়ী বন্দী মহিলাদের জন্য কাজ করা বাধ্যতামূলক। কিন্তু প্রাথমিকভাবে নকশি কাঁথার কাজ সবাই পারে না। তাই শুরুতে ঝাড়ুদারের কাজই করতে হয়। সে অনুযায়ী পাপিয়াকে ঝাড়ুদারের কাজই করতে হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ মাস ধরে শামীমা নুর পাপিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী। ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেল বিধি অনুযায়ী তাঁকে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়। রুনা লায়লা নামের এক হাজতিকে সম্প্রতি নির্যাতন করেন পাপিয়া। তাঁর কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেন।

এ নিয়ে কারাগারের ভেতরে সালিস বৈঠক বসে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে রুনার ছোট ভাই গাজীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি মফিজুর রহমান ও পাপিয়া দম্পতিকে আটক করা হয়। অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তাঁর স্বামীকে ২৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

নোয়াখালীতে ২ দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পুরস্কর গ্রামের হাফেজ আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নিঝুম (৬) উপজেলার পুরস্কর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। নিহত ওই দুই শিশু হলো, জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয় সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।

কাদরা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিঝুম দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল। ওই সময় সে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। পরে সে ভেসে উঠলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, গতকাল সোমবার দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে যার যার বাড়ির উঠানে খেলছিল। ওই সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,বিষয়টি কেউ তাকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

পাপিয়ার আচরণের কারণে কুমিল্লা কারাগারে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি

 

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে হাজতি রুনা লায়লাকে মারধর ও নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত মহিলা যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় গাজীপুরের কাশিমপুর থেকে একটি প্রিজনভ্যানে করে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে উদ্দেশে পাঠানো হয়। সেখানে পাপিয়াকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

কারাগারের একটি সূত্র বলছে, রাত সাড়ে ৯টায় কারাগারে আনার পরই তাকে নারী ওয়ার্ডে রাখা হয়। কারাগারে দুটি নারী ওয়ার্ড। ছোটটিতে গর্ভবতী ও সন্তানসহ বন্দিদের রাখা হয়। বড়টিতে রাখা হয় অন্যদের। সেখানে ২০-৫০ জন বন্দি থাকতে পারেন। এই ওয়ার্ডেই পাপিয়া রাত পার করেছেন। অন্য কয়েদিদের সঙ্গেই তাকে রাখা হয়েছে। অন্য সবার মতো তার খাবার, ঘুমানোসহ সব ব্যবস্থা ছিল একই নিয়মে।

কাশিমপুর কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান জানান, হাজতি নির্যাতনের অভিযোগে কাশিমপুর কারাগারের জেলার ফারহানা আক্তার, ডেপুটি জেলার জান্নাতুল তায়েবা ও মেট্রন হাবিলদার ফাতেমাকে শোকজ করা হয়েছে।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লা আল মামুন জানান, যেহেতু তার আচরণে সমস্যা ছিল, বন্দিদের মারধর করতো, তাই এখানে যেন ওই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে, সে জন্য পাপিয়ার প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। গাজীপুরে যেমন তাকে রাইটার হিসেবে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, কুমিল্লায় তাকে কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়নি।

আব্দুল্লা আল মামুন আরও জানান, কুমিল্লায় নারীদের জন্য বিশেষায়িত কোনো কারাগার নেই, শুধু ছোট ছোট দুটো কক্ষ আছে। যার প্রত্যেকটিতে ৪০-৫০ জন করে আসামি থাকেন। পাপিয়াকে সেখানে সাধারণ আসামিদের সঙ্গে রাখা হয়েছে। তার জন্য বিশেষ কোনো ব্যবস্থাও নেই।

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী-ভাগিনার ইটের আঘাতে গৃহবধুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পিটুনি ও ইটের আঘাতে তাছলিমা বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ই জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় স্বামীর বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রাম থেকে গৃহবধু তাছলিমাকে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে আনা হলে সকাল আনুমানিক ১০টায় চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাছলিমা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর দক্ষিণপাড়ার আমান উল্লার স্ত্রী এবং পার্শ্ববর্তী শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের তনু মিয়ার মেয়ে।

আমান এবং তাছলিমার দাম্পত্য জীবনে দুই কন্যা এবং এক ছেলে রয়েছে। ঘাতক স্বামী আমান উল্লাহ লনিশ্বরের বদিউল আলমের ছেলে।

নিহতের মা মিলন বেগম এবং শিশুকন্যা কান্নাজড়িত কন্ঠে উপস্থিত সাংবাদিকদের জানান, সোমবার বিকেল থেকে স্বামী আমান উদ্দিন বেশ কয়েকবার তার স্ত্রী তাছলিমাকে মারধর করে। ঐদিন রাতে আমানের ভাগিনা নাছির ইট দিয়ে তাছলিমাকে আঘাত করে। নাছির পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের ভুট্টুর ছেলে। ইটের আঘাতে অনেক রক্তপাত হয়। মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় বাড়ির অন্যান্য লোকজন তাকে হাসপাতালে আনলে চিকিৎসক তাছলিমাকে মৃত ঘোষণা করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী এবং ভাগিনার ইটের আঘাতে গৃহবধু তাছলিমার মৃত্যু হয়েছে। মামলা দায়ের হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম শাকিল (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাতে উপজেলার জগমোহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের সামসু মিয়ার ছেলে।

মঙ্গলবার (৪ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

৪ দিন দোকানে পড়ে ছিল কবিরাজের রক্তাক্ত মরদেহ,অতঃপর..

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

নিহত কবিরাজ আব্দুল গফুর (৭০) উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের বারেক হাজারী বাড়ির মৃত হাজর আলীর ছেলে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কানকিরহাট বাজারের একটি দোকান থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নিহত গফুর গত ২০ বছর কানকিরহাট দক্ষিন বাজারে একটি ঘরে বসবাস করেন এবং ওই ঘরেই কবিরাজি করতেন। জরুরি প্রয়োজন হলে গ্রামের বাড়ি যেতেন। সর্বশেষ গত ২৮ জুন তিনি বাড়ি যান। এরপর দুপুর ৩টার দিকে দোকানে ফিরে আসেন। তারপর থেকে পরিবারের কারো সাথে তার যোগাযোগ হয়নি। গতকাল সোমবার সন্ধ্যার দিকে তার দোকান থেকে পঁচা গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধ পেয়ে পথচারীরা দোকানে উঁকি দিয়ে দেখেন মেঝেতে তার মরদেহ পড়ে আছে।

সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশ পচে ফুলে উঠেছে। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ধারণা করা হচ্ছে,৩-৪ দিন আগে তিনি মারা যান। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।