All posts by jitu

কুমিল্লা নগরীর নারায়ন পুকুর ভরাট হচ্ছে

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার নমশূদ্র পাড়ার ঐতিহ্যবাহী নারায়ন পুকুরের একাংশ ভরাটের অভিযোগে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার কার্যালয় হতে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ বাদী হয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৪ (২) ও ৬ (ঙ) লংঘনের অপরাধে গত ২৩ জুন কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় পুকুরের মালিক ২য় মুরাদপুরের নমশূদ্র পাড়ার মফিজ উদ্দিনের ছেলে আবু ফয়সাল রায়হান সহ ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন, পুকুর ভরাট করা ফৌজদারী অপারাধ। কুমিল্লার নগরীর অনেক পুরাতন পুকুর ভরাট হয়ে গেছে। আমরা অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছি। কাউকে ছাড় দেয়া হবেনা।

লাকসামে বিএনপি নেতা কালামের বাড়িঘর ভাংচুর ও নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এর আগে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৬ জুন) আবুল কালামের ছোট ভাই ও লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ও ছাত্রলীগের লোকজন আবুল কালামের লাকসাম পৌরভবন সংলগ্ন বাড়িতে হামলা করে। এসময় ফাঁকা তিনতলা বাড়ির তালা ভেঙে কক্ষগুলোতে প্রবেশ করে। জানালা ও দরজার কাঁচগুলো ভেঙে দেয়। এর আগে গত শুক্রবার (২৩ জুন) ছিল লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

এছাড়া সম্মেলনের আগের দিন বৃহস্পতিবার (২২ জুন) রাতে হামলা করা হয় বিএনপির লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর শোকরের বাড়িতে। এ সময় পা ভেঙে দেওয়া হয় তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ কালামের। পরিবারসহ হামলার শিকার হন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাজমুল হাসান রনি। একই দিনে হামলা চালানো হয় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল হোসেন, নরপাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী হোসেনসহ কান্দিরপাড় ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে। হামলায় গুরুতর আহত হন- কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, যুবদল সভাপতি মোহাম্মদ মাসুদ, মো. সোহাগ, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু কাতারীসহ নেতাকর্মীরা। এদের কারো হাত ভেঙেছে, কারো পা। অনেককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তদন্ত চলছে এ বিষয়ে। তদন্ত করার পর কথা বলবো।

লাকসাম পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়।

চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমদের পথসভায় হামলার অভিযোগ

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ তুলেন ড. রেদোয়ান আহমেদ। এসময় তিনি জীবন রক্ষা করতে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

সোমবার (২৬ জুন) বিকালে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট মাদরাসার সামনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদের পথসভার শেষের দিকে স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী নাজমুল ও রুস্তমের নেতৃত্বে চারটি সিএনজি চালিত অটোরিকশা ভর্তি আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা করে মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। এসময় এলডিপি নেতাকর্মীরা ড. রেদোয়ান আহমদকে রক্ষা করে গাড়ি তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সোমবার সন্ধ্যা ৭টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে সাংবাদিকদের নিকট ওই অভিযোগ করেন ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন, ‘চান্দিনার বরকইট মাদরাসার সামনে এলডিপি আয়োজিত পথসভায় আমার বক্তব্যের শেষ মুহূর্তে ডা. প্রাণ গোপাল দত্তের নির্দেশে নাজমুল ও রুস্তমের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা ও ভাঙচুর করে সভাটি পণ্ড দেয়। আমি কোনো রকমভাবে জীবন রক্ষা করেছি। বিষয়টি চান্দিনার প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’

এব্যাপারে কুমিল্লা জেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার বলেন, ‘চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে সোমবার আমাদের পূর্ব নির্ধারিত ৪টি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পিহরে একটি পথসভা শেষ করে বরকইটে পথসভা হয়। সভার শেষের দিকে সিএনজি অটোরিক্সা যোগে ২০-২৫ জন আওয়ামীলীগ নেতাকর্মী আমাদের সভায় হামলা চালায়। আমরা বেঁচে গেলেও তারা সভার চেয়ার টেবিল ভাঙচুর করে।’ হামলার পর খিরাসার মোহনপুর ও শালচর এলাকার পথসভা ২টি আমরা স্থগিত করেছি।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ‘উনি পথসভা করবেন এমন কোন কিছুই আমরা জানি না। হামলার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে অনুষ্ঠিত পৃথক পথসভায় বরকইট ইউনিয়ন এলডিপি’র সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমদ।

উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টার, চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলনের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

শনিবার রাতে কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে মূল্যায়ন সভায় সম্মেলনে অংশগ্রহণকারী কুমিল্লা সংসদের প্রতিনিধিসহ সাংস্কৃতিক ব্যাক্তবর্গ অংশ নেয়।

সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বাংলা বলয়ের নবগঠিত বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহাতাব সুমন।

এসময় বিশ্ব কমিটির নির্বাহী সদস্য শাহ মুজিবুল হক,দেলোয়ার হোসেন জাকির, দেলোয়ার হোসাইন আকাইদ,সৈয়দ ফয়সাল আহমেদ অনন্ত,কোষাধক্ষ মো: আল আমিন।

বাংলা সংস্কৃতি বলয়ের নবগঠিত বিশ্ব কমিটির সচিব- চিত্রকলা ও ভাস্কর্য এবং কুমিল্লা সংসদ এর আহবায়ক রুবেল কুদ্দুস এর সভাপতিত্বে মূল্যায়ন সভায় স্বাগত বক্তব্য দেন বলয়ের বিশ্ব কমিটির সহকারী মহাসচিব এস এ এম আল মামুন।

সভায় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কবি বিজন দাস, লেখক শাহীন শাহ,কবি হালিম আব্দুল্লাহ, কবি রোখসানা ইয়াসমিন মনি,ডা: সুবর্না মজুমদার,সাহিদা আক্তার পপি,সানজিদা রোমানা,চৌধুরী মারিয়াম হাশমী,প্রিয়াংকা ভৌমিক,ইমু শারমিন,নীহারিকা দাস,সুমিত্রা সাহা,অনামিকা চক্রবর্তী,সুষমা সেন,ওয়াদিয়া হোসেন,সুমনা সুমন,খায়রুল বাশার বাঁধন,বাউল রাসেল দেওয়ান,কমল চন্দ্র দাস সহ আরো অনেকে।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর পক্ষে অনূভুতি ব্যাক্ত করেন মাশুক মেহেদী।

মূল্যায়ন সভায় প্রথম বিশ্ব সম্মেলনে সহোযোগী ভূমিকা রাখায় কুমিল্লা জেলা শিল্পকলা কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ এর হাতে সম্মেলন স্মারক তুলে দেওয়া হয়। প্রথম বিশ্ব সম্মেলন এ ভ্যানু ব্যাবস্থাপনা সহ সার্বিক শৃঙ্খলা রক্ষায় সহযোগী ভূমিকা রাখার জন্য বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর সেচ্ছাসেবকদের বাংলা সংস্কৃতি বলয় এর সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও বাংলা সংস্কৃতি বলয় এর কুমিল্লা সংসদ গঠন, কর্মপরিকল্পনা এবং আগামী অগাস্ট এ কলকাতায় অনুষ্ঠিতব্য বিশ্ব কমিটির প্রথম সভার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

২৫০ মিলিয়নে এমবাপেকে কিনতে রাজি রিয়াল

স্পোর্টস ডেস্ক:

কিলিয়ান এমবাপে আর প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকছেন না, সেটা নিশ্চিত। কেননা ১২ মাসের চুক্তি বৃদ্ধির কাগজে সই করেননি ফরাসি তারকা। তাই তাকে আগামী মৌসুমে ছেড়েই দিতে হবে পিএসজির।

তবে পিএসজি চাইছে না এমবাপের মতো বড় তারকাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে। তাই তাকে আগেভাগেই চড়া দামে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। এদিকে রিয়াল মাদ্রিদ খুব করে চাইছে এমবাপেকে। তা নিয়ে চলছে দর কষাকষি।

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘পিএসজি কমিউনিটি’ দাবি করছে, এমবাপেকে নিতে নাকি ২৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে রিয়াল। যদি সত্যিই তেমনটা হয়ে থাকে, তবে এমবাপের দলবদল হবে সবচেয়ে দামি, বিশ্বরেকর্ড।

ফরাসি পত্রিকাটি জানাচ্ছে, পিএসজির কাতারি মালিক এবং রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের মধ্যে বুধবার একটি মিটিং হয়েছে। এবং আলোচনা অনেক দূর এগিয়েছে।

পিএসজি কমিউনিটির তথ্য অনুসারে, এমবাপের মূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। ২৪ বছর বয়সী এই ফুটবলার বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে পাবেন আরও ৫০ মিলিয়ন ইউরো।

যদি এই প্রতিবেদন সত্য হয় এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তি হয়ে যায়, তবে নেইমারের বিশ্বরেকর্ড ট্রান্সফারের রেকর্ড ভেঙে দেবেন ফরাসি তারকা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল পিএসজি।

সেই বছরই মোনাকো থেকে লোনে পিএসজিতে এসেছিলেন এমবাপে। এরপরেই ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। সেই সময়ে তাকে দলে পেতে ১৪৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল। পরবর্তীতে আরও ৩৫ মিলিয়ন ইউরো বছরে অতিরিক্ত দিতে হয়েছিল পিএসজিকে।

রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে পিএসজির মালিকদের এমবাপের দলবদলের বিষয়ে দীর্ঘ বার্তালাপ হয়েছে। প্রথমে ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। যা এই মুহূর্তে ২৫০ মিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছে।

তবে পিএসজি নাকি ৩০০ মিলিয়ন ইউরোর নিচে এই চুক্তি করতে এখনও রাজি নয়। যার মধ্যে রয়েছে ২৫০ মিলিয়ন ইউরোর স্থায়ী চুক্তি। তার পাশাপাশি ৫০ মিলিয়ন ইউরো থাকছে বোনাস হিসেবে।

মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক:

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। এদিকে, গুঞ্জন শুরু হয়েছে মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কিয়ারা-কার্তিকের পরবর্তী সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে ভারতের নানা জায়গায় ছুটছেন এই জুটি। তারই অংশ হিসেবে রাজস্থানে গিয়েছিলেন তারা। সেখানে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায় কিয়ারা-কার্তিককে। এসময় ক্যামেরা বন্দি হন তারা। আর এ মুহূর্তের ছবিকে কেন্দ্র করে গুঞ্জন উড়ছে, কিয়ারা অন্তঃসত্ত্বা।

কিয়ারার এসব ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কিয়ারার পরনে ব্রালেট, তার ওপরে রাজস্থানি হাতের কাজ করা ব্লেজার ও প্যান্ট। নাভির ঠিক নিচে হুক দিয়ে আটকানো ব্লেজার। তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে অভিনেত্রীর স্ফীতোদর। এটিকে বেবি বাম্প বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘আমরা বেবি বাম্প দেখতে পাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয় কিয়ারা অন্তঃসত্ত্বা।’ কিয়ারার মা হতে যাওয়ার খবরে সরব নেটদুনিয়া। তবে এ নিয়ে এখনো মুখ খুলেননি কিয়ারা কিংবা সিদ্ধার্থ।

উল্লেখ্য ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজিরটেক এলাকার আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা দুজনই হাজিরটেক কওমী মাদরাসার শিক্ষার্থী ছিল। সেইসঙ্গে তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়রা জানান, মাদরাসা ছুটির পর তারা বাড়ি ফিরছিল। পথে মাদরাসার পাশের নদীতে তারা গোসল করতে নামে। এ সময় হুমাইরা ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

বাখরাবাদ এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বাখরাবাদ এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৫ জুন সকালে কুমিল্লা সদরের বাখরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা নগরীর তেলিকোনা চৌমুহনী গ্রামের মৃত. দীলিপ কুমার তালুকদারের ছেলে প্রীতম কুমার তালুকদার (৩২)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

ব্রাহ্মণবাড়িয়ার পুকুর থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কুইয়াপানিয়া গ্রামের খোকন মিয়ার বাড়ির পেছনের একটি পুকুর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

মদের বোতলগুলো পাচারের উদ্দেশ্যে সাতটি প্লাস্টিকের বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘রোববার রাতে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন মিয়ার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

পরে তার ঘরের পেছনে পুকুরে সাতটি বস্তার ভেতর থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’