All posts by jitu

৪৬২১ ঋণগ্রহীতার ৮৪০৪ কোটি টাকা সুদ মওকুফ করেছে ৯ ব্যাংক: সংসদে অর্থমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ৯টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালে ৪ হাজার ৬২১ গ্রাহকের অনুকূলে ৮ হাজার ৪০৪ কোটি টাকার সুদ মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে। তিনি বলেন, ৬টি রাষ্ট্রায়ত্ব ও ৩টি বিশেষায়িত ব্যাংক এ সুদ মওকুফ করেছে।

জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে রোববার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ২০২২ সালে এসব ব্যাংকের ১ হাজার ৬২০ কোটি ৮৩ লাখ টাকার সুদ মওকুফ কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি ব্যাংক হলো- অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংক। বিশেষায়িত ৩টি ব্যাংক হলো- বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

অর্থপাচার সংক্রান্ত মামলা সম্পর্কে এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৭-২০২২ পর্যন্ত ৫ অর্থবছরে বিভিন্ন তদন্তকারী সংস্থা মোট ১২১টি মানিলন্ডারিং (অর্থপাচার) মামলা দায়ের করেছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা (দুদক, সিআইডি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রার ইন্টেলিজেন্স সেল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়। গত ৫ অর্থবছরে বিএফআইইউ কর্তৃক গৃহীত ২৪ হাজার ৯৭৭টি সন্দেহজনক লেনদেন/কার্যক্রম প্রতিবেদনের বিভিন্ন নির্দেশক ও পদ্ধতি ব্যবহার করে মানিলন্ডারিং এবং সন্ত্রাসী কাজে অর্থায়নের সংশ্লিষ্টতা বিবেচনায় ১ হাজার ২টি গোয়েন্দা প্রতিবেদন আইন প্রয়োগকারী সংস্থায় পাঠানো হয়।’

মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বন্ডের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিপরীতে ১৫টি মামলা দায়ের হয়েছে। এর সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ৩৬৭ কোটি ৫৫ লাখ টাকা।

হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘চলতি ২০২২-২৩ করবর্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশের ৫৪ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দেননি।’

জামায়াত নিষিদ্ধ দল হয়নি তাই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

জামায়াত নিষিদ্ধ দল না হওয়ায় তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তবে গতকাল (শনিবার) সমাবেশ থেকে তারা যে বক্তব্য দিয়েছে, সেগুলো বিএনপিরও বক্তব্য বলে মন্তব্য করেছেন হাছান মাহমুদ।

রোববার সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক দশক পর শনিবার (১০ মে) রাজধানীতে বড় সমাবেশ করেছে জামায়াত। তার আগে মৌখিকভাবে ঢাকা মহানগর পুলিশের অনুমতি পেয়েছে দলটি। জামায়াতকে সভা করার অনুমতির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘জামায়াত এখনো যেহেতু নিষিদ্ধ হয় নাই, রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছে, সে জন্য তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে গতকাল তাদের সমাবেশ থেকে আস্ফালন করে যেভাবে বক্তব্য দেওয়া হয়েছে, এগুলো আসলে বিএনপিরই বক্তব্য।’

হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ সালে তারা যেভাবে নির্বাচন প্রতিহত করতে গিয়ে শতশত মানুষ পুড়িয়ে হত্যা করেছিল, সেটারই ইঙ্গিত তারা দিয়েছে। বিএনপি জোটের প্রধান শরিক জামায়াতকে দিয়ে তারা এই কথাগুলো বলিয়েছে। তাদেরকে সুযোগ দিলে তারা কি করতে পারে সেটি তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে।’

এর আগে দুপুরে সচিবালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) প্রকাশিত ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু : জুলিও কুরি ও এশীয় শান্তি সম্মেলন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ১১ জুন একটি ঐতিহাসিক দিন। ২০০৮ সালের এই দিনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেছেন। এই দিনটি শুধু ব্যক্তি জননেত্রী শেখ হাসিনার মুক্তি দিবস নয়, গণতন্ত্রের মুক্তি দিবস।’

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, সহযোগী সম্পাদক একেএম শামসুদ্দিন, গ্রন্থকার ও গবেষক পপি দেবী থাপা প্রমুখ।

‘সেনাসমর্থিত সেই সরকার (তত্ত্বাবধায়ক) দুর্নীতি–দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা দখল করলেও নিজেরাই দুর্নীতি, অপশাসনে লিপ্ত হয়েছিল এবং তখন তাদের বিরুদ্ধে সাহস করে কেউ কথা বলেনি, জননেত্রী শেখ হাসিনাই সাহস করে কথা বলেছেন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সে কারণে জননেত্রী শেখ হাসিনার মুখ স্তব্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। এরপর তারা বুঝতে পেরেছিল, মুক্ত শেখ হাসিনার চেয়ে বন্দি শেখ হাসিনা কম শক্তিশালী নন, বরং অনেক ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী। কারণ আমাদের দলের নেতাকর্মীরা সেই সময়কার সরকারের বিরুদ্ধে যেভাবে রাজপথে নেমেছিল, সোচ্চার হয়েছিল, সে কারণেই তারা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৮ সালের ১১ জুন মুক্তি দিতে বাধ্য হয়েছিল।’

হাছান মাহমুদ বলেন, আজকের এই দিনটি ব্যক্তি জননেত্রী শেখ হাসিনার মুক্তি দিবস শুধু নয়, গণতন্ত্রের মুক্তি দিবস এবং এই দিনে জননেত্রীর প্রতি অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। একই সঙ্গে যারা জননেত্রীর মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রতি অভিনন্দন।

পুনরায় বার্সায় গিয়ে ভিলেন হতে চাননি মেসি: কার্লোস তেভেজ

 

স্পোর্টস ডেস্কঃ

বার্সেলোনাকে প্রত্যাখ্যান করে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ইতোমধ্যে এ নিয়ে নানা কারণ সামনে এসেছে। এবার ‘আসল’ কারণ জানালেন আর্জেন্টিনা জাতীয় দলে তার একসময়ের সতীর্থ কার্লোস তেভেজ। তিনি বলছেন, পুনরায় বার্সায় গিয়ে ভিলেন হতে চাননি মেসি।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পিএসজি ছেড়ে দিয়েছিলেন মেসি। এরপর বার্সেলোনায় ফিরে যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সাবেক প্রিয় ক্লাবে না গিয়ে মেজর সকার লিগের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

কেন এ সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী ফুটবলার তা বুঝতে পেরেছেন তেভেজ। তিনি বলছেন, আর্থিক সমস্যায় ভুগছে কাতালানরা। মেসি সেখানে গেলে কোনো কোনো ফুটবলারকে তাদের বাদ দিতে হতো। অন্যথায়, কারও কারও বেতন কাটতে হতো। তাই খলনায়ক হতে চাননি আর্জেন্টাইন কিংবদন্তি।

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনকে তেভেজ বলেন, আমি মনে করি; সবকিছু বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছে মেসি। সে বার্সায় প্রত্যাবর্তন করতে চায়নি। কারণ, ও গেলে ব্লাউগ্রানাদের অন্য ফুটবলারদের বেতন কমে যেতো। সর্বোপরি, খারাপ মানুষের তকমা তার গায়ে লেগে যেতো।

৩৯ বছর বয়সী আলবিসেলেস্তে ফুটবলার বলেন, বার্সায় যেতে না পেরে সবচেয়ে বেশি কষ্ট মেসি নিজেই পেয়েছে। কারণ, সেটি তার বাড়ি। তারাও তাকে হয়তো আবার মনেপ্রাণে পেতে চেয়েছিল।

তিনি বলেন, স্পেনের পরিবর্তে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে মেসি। নিজের ও পরিবারের সদস্যদের প্রশান্তির জন্য মিয়ামিকে পছন্দ করে সে। আমি মনে করি, ও যা করেছে তা ঠিক সিদ্ধান্ত।

আড়াই বছর মেয়াদে মিয়ামির সঙ্গে প্রাথমিক চুক্তি করেছেন মেসি। সেটা সম্ভব হয়েছে ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের সৌজন্যে।

মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে ৩ ভারতীয় কিশোর, নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি

 

ডেস্ক রিপোর্টঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত পথে তিন ভারতীয় কিশোর মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ রোববার দুপুরে অবৈধ অনুপ্রবেশ করায় তাদের আটক করা হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যে তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার রব্বানী।

আটক কিশোরদের বয়স ১৮ বছরের নিচে। তারা সবাই ভারতের ধুবরী জেলার ধর্মশালা থানার যিডমারি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি বলছে, রোববার দুপুরে সোনাহাট স্থলবন্দরের প্রবেশপথে মোটরসাইকেল নিয়ে ভারতীয় তিন কিশোর বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি তাদের আটক করলে, তারা বুঝতে পারে যে তারা বাংলাদেশে প্রবেশ করেছে। বন্দরে প্রবেশপথের গেট খোলা থাকায় তারা ভুলে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে বলে বিজিবিকে জানায়। পরে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়। এরপর দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় আটক কিশোরদের ভারতে ফেরত পাঠানো হয়।

বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় তিন কিশোর পথ ভুলে বাংলাদেশে প্রবেশ করেছিল। যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানো হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন চৌদ্দগ্রামের মাওলানা মোবারক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাওলানা মোবারক বিন নুরুল আলম। নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় এবার ২০২৩ সালে প্রথম স্থান অধিকার করে তরুণ এই গবেষক ও ধর্মীয় বক্তা।

রবিবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা: বশিরুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মাওলানা মো: আনিসুজ্জামান সিকদার, মো: আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। স্বাগত ভাষণ দেন ইসলামিক ফাউন্ডেশন (নারায়ণগঞ্জ) উপপরিচালক মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন।

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ইসলামিক ফাউন্ডেশন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে মসজিদের ইমামগণকে বিভিন্ন বিষয়ের উপর তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেখান থেকে বাচাই করা হয় অর্থাৎ নির্বাচন করা হয় জেলার শ্রেষ্ঠ ইমাম।

মোবারক ২০১৫ সাল থেকে ইসলামকে জানতে ও যথাযথভাবে তুলে ধরতে পত্রিকায় লেখালেখির সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আলোচনা রেখে চলছেন। অংশ নেন এশিয়ান টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের ধর্মীয় আয়োজনে। এইভাবে অর্জন করেন অসংখ্যা মানুষের ভালোবাসা। তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন ঢাকা বাইতুল মাতিন জামে মসজিদের খতিব হিসেবে। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদে। উল্লেখ্য ২০১০ সালেই উপজেলার সেরা শিক্ষার্থী হিসেবে সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব এমপি থেকে পুরষ্কার গ্রহণ করেন। জাতীয় উলামা মাশায়েক কর্তৃক আয়োজিত (ঢাকা) তরুনদের ওয়াজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন পুরষ্কার লাভ ২০১৭ সালে। একই বছর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আরবী ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সনদ অর্জন করেন। তমদ্দুন মজলিস (ঢাকা) কর্তক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় খ গ্রুপে বিশেষ স্থান অধিকার করে প্রশংসা পত্র লাভ করেন ২০১৮ সালে। জামিয়া ইসলামিয়া ঢাকা নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ন হয়ে সনদপত্র লাভ ২০২২। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ৪৫ দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণ করে ১০২ জন আলেমের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে সনদ পত্র লাভ ২০২২
মোবারক বলেন, জ্ঞান অর্জন করে আমি একজন স্কলার হতে চাই। আমি বিশ্বাস করি একজন স্কলার চাইলে পারে ইসলামের যথাযথ তথ্য ও তত্ত্ব ব্যবহার করে সমাজকে এগিয়ে নিতে। একজন ইমাম চাইলে পারে সমাজ গঠনের জন্য ভূমিকা রাখতে। সেভাবে তৈরি হতে পরামর্শ ও সময় দিয়েছিলাম নিজেকে। পরিবার ও নারায়ঙ্গঞ্জবাসীর সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মোবারক।

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটিতে পদ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১০টার দিকে জেলা শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। কমিটিতে শাহিনুর রহমানকে আহবায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্যসচিব করা হয়। কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ফেটে পড়েন।

এর প্রতিক্রিয়ায় পরদিন শুক্রবার পদঞ্চিতরা বিক্ষোভ ও নেতাদের বাড়িতে হামলা চালায়। সে সময় কৃষকদলের আহ্বায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহ্বায়ক শাহিনুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সদর দক্ষিণে পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০-১২ জন।

রবিবার (১১ জুন) বিকাল ৪টায় উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের ইউটার্ন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ গ্রামের মোহন মিয়ার ছেলে সৈকত (১৬) ও অপরজন একই গ্রামের আলী আহমেদের ছেলে মোর্শেদ (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্ট খেলতে উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ ও জগপুর গ্রাম থেকে পিক আপযোগে ক্ষুদে খেলোয়াড় ও সমর্থকরা যাচ্ছিল। পিক-আপটি উল্টো পথে লালবাগ রাস্তার মাথা থেকে কিছুটা দুরে গেলে ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার পাশে থাকা জমিতে পড়ে যায় পিক-আপ। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, পিক-আপের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থল থেকে আহত ১০-১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং উদ্বার কাজ এখনো চলমান রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র জানায়, এ ঘটনায় আমাদের কাছে ১১ জনের হতাহতের খবর এসেছে। একজন ঘটনাস্থলে মারা গেছে এবং আরেকজন আসার পথে মারা গেছে। ৩ জনের অবস্থা গুরুতর দেখে আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেছি। আর বাকি ৬ জনের চিকিৎসা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলমান রয়েছে।

কাতারে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়রারী লিংকন, কাতার থেকেঃ

কাতারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল মতিন খান এর সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন তুষার এর পরিচালনা সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম ফরিদুল হক।

সম্মেলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, উপদেষ্টা শাহাদাত হোসেন নাসের, বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সাধারন সম্পাদক নুরুল আলম, কাতার আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব ভূইয়া, কাতার আওয়ামীলীগ সদস্য নাসির উদ্দীন, কাতার আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, সহ সভাপতি আতিকুল মাওলা মিঠু, সহ সভাপতি শেখ জয়নাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ মামুন, বঙ্গবন্ধু পরিষদ সানাইয়া শাখার সভাপতি মোসাদ্দিক মিসকাত প্রমুখ।

সম্মেলন শেষে আব্দুল মতিন খানকে সভাপতি, সাজ্জাদ হোসেন তুষারকে সাধারণ সম্পাদক, রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব লোকমান হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাব্বির মাহমুদকে দপ্তর সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করেন কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু।

কমিটির নবনির্বাচিত অনন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ইনজামামুল হক মান্না, সহ সভাপতি শেখ ইলিয়াস শাহী, সহ সভাপতি ফরহাদ হোসেন, সহ সভাপতি লিমন শেখ, সহ সভাপতি ইউসুফ রানা, সহ সভাপতি আলী শাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,অর্থ সম্পাদক মো:ইয়াসিন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদয় দাস, উপ দপ্তর সম্পাদক জাবাল হোসেন, সিনিয়র সদস্য সরফরাজ সাকিব, সদস্য রিজুয়ান, সদস্য ফাহাদ প্রমুখ।