All posts by jitu

দুবাই পালাচ্ছেন কুমিল্লার কোন রাজনীতিবিদের আত্মীয় ?

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার গৌরীপুরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকান্ডের পর  বেশ কয়েকজন আসামি গোপনে বিদেশে পাড়ি দিয়েছেন। আবার অনেকে এ হত্যাকান্ডে জড়িয়ে যাওয়ার ভয়ে বা পূর্ব আভাস পেয়ে, কিংবা অন্য কোন কারণে নিজেকে বাঁচানোর জন্য   বিদেশে পালানোর চেষ্টা করছে অনেকে । তেমনি দেবিদ্বারের এক জনপ্রতিনিধির ভাই গোপনে দুবাই পালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। এছাড়া  দেবিদ্বার, দাউদকান্দি, তিতাসের আরো অনেকে পালানোর চেষ্টায় রয়েছেন।

বুধবার (১০ মে) দুপুর সোয়া ২ টায় এ রিপোর্ট লেখার সময়ে দেবিদ্বারের এক জনপ্রতিনিধির আত্মীয় ঢাকা এয়ারপোর্টে অবস্থান করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্র জানায়। সে দুবাই চলে যাচ্ছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র দাবি করে।

জামাল হত্যাকান্ডে ব্যবহার করা তিনটি দামি অস্ত্র উদ্ধার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। এ সময় এ ঘটনায়  দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মাজহারুল ইসলাম সৈকতকে অস্ত্রগুলোসহ গ্রেফতার করা হয়।

এসব দামি অস্ত্র একজন ইউনিয়ন ছাত্রলীগের নেতার কাছে  হত্যাকারিরা রেখে গেছে। তবে এসব দামি অস্ত্রের যোগানদাতা কে ? তা আইনশৃংখলা বাহিনী এখনো খুঁজে বের করতে পারেনি।

কুমিল্লার পুলিশ  সুপার  আবদুল মান্নান জানান, অস্ত্রের যোগানদাতাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। আশা করি অচিরেই তা বের হবে।

 

 

এবার শাকিব খানকে কড়া জবাব দিলেন বুবলি

 

বিনোদন ডেস্কঃ

সিনেমার জুটি হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবনের শাকিব-বুবলির ঢিল ছোড়াছুড়ি যেন বন্ধই হচ্ছেনা। ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর সাফল্যের পর যারা আশায় বুক বেঁধেছিলেন যে, শাকিব-বুবলিকে ফের একসঙ্গে পর্দায় দেখবেন, তাদের রীতিমতো হতাশ করে অভিনেতা শাকিব খান। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত জীবনের মতো তাদের একসঙ্গে সিনেমার জীবনও শেষ।

এবার ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বুবলি শাকিবের সে সাক্ষাৎকারের উদ্দেশ্য নিয়ে কড়া প্রশ্ন করে দিয়ে শাসিয়ে দিলেন। বুধবার (১০ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে বুবলি লিখেছেন-

’মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলেনা..। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?

কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি!!
শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাইনা, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো..

আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহও একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..

শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি, টাইম স্পেন্ড করেছি..
কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?

এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..

বুবলি শাকিবকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যে কোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি।

আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়না।

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়..

অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবন টাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিলো।

এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।

গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলা: ৪ শিক্ষককে অব্যাহতি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, উপজেলার পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বেগম, মমিনপুর দাখিল মাদরাসার শিক্ষক প্রহলাদ চন্দ্র পাল ও রামনারায়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দেবনাথ ।

মঙ্গলবার (৯ মে) দুপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, দুপুরের দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন যান। ওই সময় গণিত পরীক্ষা চলাকালে চার শিক্ষককে দায়িত্বে অবহেলার করতে দেখতে পান তিনি। পরে দায়িত্বে অবহেলার দায়ে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অভিযুক্ত চার শিক্ষককে অব্যাহতি দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

চান্দিনায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের মাথা ফাটালো এসএসসি পরীক্ষার্থীরা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পরীক্ষার হলে গার্ড দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা করে মাথা ফাঁটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।

এসএসসি’র গণিত পরীক্ষার পর মঙ্গলবার (৯ মে) দুপুরে চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

আহত শিক্ষক মো. আবু সাঈদ (৪৫) উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কাশালা গজারিয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

আহত শিক্ষক মো. আবু সাঈদ জানান, ‘মঙ্গলবার গণিত পরীক্ষা চলছিল। আমি কেন্দ্রের ১নং কক্ষে পরিদর্শক এর দায়িত্বে ছিলাম। কয়েকজন পরীক্ষার্থী নকল করার চেষ্টা করেছিলো। আমি তাদের কোন প্রকার নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ দেইনি। পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থী ও বহিরাগত সহ ৮-১০ জন আমার পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। তারা এসময় ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।’

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, আহত শিক্ষক আবু সাঈদ এর মাথায় জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথার ফাঁটা স্থানে সেলাই লাগলেও তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হুমায়ুন কবির ভূইয়াকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে গিয়ে আমি আহত শিক্ষকের সাথে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, শ্রেণিকক্ষে ঢুকে কলেজ ছাত্রকে কুপালো বখাটেরা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শ্রেণিকক্ষে ঢুকে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নাইমুল হোসাইন রিফাত (১৮)। সে উপজেলার সোনাইমুড়ী কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ইভটিজিং করে বখাটেরা। তখন ওই ঘটনায় প্রতিবাদ করে রিফাত। এ ঘটনার জের ধরে দুপুর দেড়টার দিকে ৮-১০ জন বহিরাগত বখাটে সোনাইমুড়ী কলেজে প্রবেশ করে। এরপর তারা রিফাতের শ্রেণিকক্ষে প্রবেশ করে তাকে খুর দিয়ে কুপিয়ে জখম করে।

নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান বলেন, রিফাতের উপর হামলাকারীরা সবাই বখাটে বহিরাগত। রিফাত ইভটিজিং নিয়ে বখাটেদের বিরুদ্ধে কথা বলায় এই হামলার ঘটনা ঘটেছে। পরে কলেজের শিক্ষার্থীরা রাসেল নামে এক হামলাকারীকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। রিফাত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ কে এম শফিকুর রহমান বলেন, বহিরাগত বখাটেরা কলেজের শ্রেণি কক্ষে ঢুকে রিফাতকে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। আমরা তখন যোহরের নামাজে ছিলাম। খবর পেয়ে তাৎক্ষণিক এসে ঘটনার মূল হোতা রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করি।

সোনাইমুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয়ে আহত হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তাই এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বুড়িচংয়ে নকল করায় এসএসসি’র ২ পরীক্ষার্থীকে বহিস্কার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে নকল করায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিষয় নিশ্চিত করেন বুড়িচং উপজেলা সহ-কারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ সামিউল ইসলাম।

মঙ্গলবার (৯ মে) উপজেলার সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলোজি কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে পরিদর্শনে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম। নকল চলছে এমন সন্দেহে দেহ তল্লাশির মাধ্যমে দুজনের সাথে নকল পাওয়া যায়।তখন ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কলেজের কেন্দ্র সচিব মো. আবু তাহের জানান, নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তারা দু’জন তার ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

কুমিল্লার বুড়িচংয়ে কুকুরের কাছ থেকে মানুষের মৃত ভ্রুণ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুকুরের টানাটানি করা পরিত্যক্ত একটি ঔষধের কার্টন থেকে ৬/৭ মাসের একটি মৃত ভ্রুণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সানমুন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে আলহেরা মডার্ন স্কুলের সংলগ্ন পেছনের গলি থেকে ভ্রুণটি উদ্ধার করে বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে বুড়িচং থানার এস আই আ:বাতেন, এস আই দিবাকর রায় ও সফিউল বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে কার্টনে রক্ষিত মৃত ভ্রুণটি উদ্বার করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী মো: আলী আশরাফ ফাইজু জানান, পরিত্যক্ত একটি ঔষধের কার্টন নিয়ে কুকুর টানা হেচড়া করছিল। তখন বাজারের ব্যবসায়ীরা কুকুর গুলোকে তাড়িয়ে দিয়ে ছেড়া কার্টনের মধ্যে একটি মৃত ভ্রুণ দেখতে পায়। এটা কোন হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত করে ভ্রণটিকে হত্যা করে ফেলে গেছে।

এ বিষয়ে বুড়িচং থানার সেকেন্ড অফিসার জানান, মৃত ভ্রুণটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

আলেখারচরে ৪০ বোতল ফে‌নসিডিলসহ আরিফুর রহমান আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচরে ৪০ বোতল ফে‌নসিডিলসহ আরিফুর রহমান (৩৯) নামের একজনকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে থানার এসআই মো. নজরুল ইসলাম ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার বান্দেরজলা এলাকার মফিজুর রহমানের ছেলে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরু‌দ্ধে কুমিল্লা কোতয়ালী ম‌ডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

২১৫ কোটি ১০ লাখ ১০ হাজারে তেল-চিনি কিনছে সরকার

 

ডেস্ক রিপোর্টঃ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২১৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার সয়াবিন তেল ও চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরমধ্যে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার সয়াবিন তেল এবং ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৯৪ পয়সা এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৬ টাকা ১০ পয়সা।

সিঙ্গাপুরের একটি কোম্পানি থেকে চিনি এবং ভারতের একটি প্রতিষ্ঠান থেকে সয়াবিন তেল কেনা হবে।

এ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সিঙ্গাপুরের স্মার্ট মেট্রিক্স প্রাইভেট লিমিটেড (স্থানীয় এজেন্ট মার্ক লাইন এন্টারপ্রাইজ) থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৯৪ পয়সা। টিসিবির জন্য এই চিনি কেনা হবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতের গোভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড (এইচ এইচ এন্টারপ্রাইজ) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৬ টাকা ১০ পয়সা। এই সয়াবিন তেলও টিসিবির জন্য কেনা হবে।