All posts by jitu

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার (৪০) উপজেলার ৩নং পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মঞ্জুর আহমেদর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল বাশারের সাথে দীর্ঘদিন যাবত একই বাড়ির ফয়েজ উল্লাহ (৪৫) এর সাথে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। আজ দুপুরের দিকে নিহত আবুল বাশার বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিল। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে একই বাড়ির ফয়েজ উল্লাহ এর ছেলে মো. রাফির নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা করে। এ সময় রাফির কাঠের লাঠি দিয়ে বাশারের মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কুমিল্লার মুরাদনগরে পুলিশের তাড়া খেয়ে সিএনজি খাদে পড়ে যাত্রী নিহত

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে ট্রাফিক পরিদর্শকের তারা খেয়ে সিএনজি খাদে পড়ে মহিউদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ জনতা দেবিদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলামকে ধাওয়া করলে সে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহত মহিউদ্দিন (৩২) পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে বসে বিভিন্ন যানবাহনের তল্লাশি পরিচালনা করছিল দেবিদ্বার জুনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিকে সিগনাল দিলে সে গতিরোধ না করে চলে যায়। এতে ক্ষুব্ধ ওই টিআই মোটরসাইকেল যোগে সিএনজিটিকে পেছন থেকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে পালাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মহিউদ্দিন নিহত হন। এ ঘটনায় ওই ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ওই ট্রাফিক পরিদর্শক বলেন, আমি কোন সিএনজিকে ধাওয়া করিনি, অথবা আমাকেও কেউ ধাওয়া করেনি, আমি নিয়ম অনুযায়ী সেখানে বিভিন্ন প্রকার যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিলাম। কিন্তু সড়ক দুর্ঘটনা অথবা নিহতের ঘটনা সম্পর্কে আমি অবগত নই। হাইওয়ে পুলিশ মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন যাত্রী নিহত হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে ঘটনার সম্পর্কে তদন্ত করছি। তিনি বলেন এলাকার লোকজন ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। বাস্তব বিষয়টা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

কুমিল্লায় চট্টগ্রাম পিআইডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস কুমিল্লার সহযোগিতায় ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগ : প্রেক্ষিত আশ্রয়ণ প্রকল্প ” শীর্ষক মতবিনিময় সভা কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, জেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, মো. নুরুল হক, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. নাছির উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইয়েদ মোহাম্মদ পারভেজ প্রমূখ। পিআইডি চট্টগ্রামের তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও আশ্রয়ণ বিষয়ে কুমিল্লায় গৃহীত কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাবিরুল ইসলাম খান। উপকারভোগী মো. হান্নান ও লাইলি খানম অনুষ্ঠানে তাদের আবেগাপ্লুত অনুভূতি ব্যক্ত করেন।

মুল প্রবন্ধে বলা হয়- ১৯৭২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় ভূমিহীন গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসনের যে কার্যক্রম শুরু হয়েছিল পরবর্তিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ১৯৯৭ সাল হতে তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। আজ গৃহহীন মানুষের নিশ্চিত নির্ভরতার ঠিকানা আশ্রয়নের ঘর। অসহায় মানুষের জীবন পাল্টে দিয়েছে শেখ হাসিনা প্রদত্ত উপহারের এ ঘর। তাইতো শেখ হাসিনা হয়ে উঠেছেন ছিন্নমূল অসহায় মানুষের নিশ্চিত নির্ভরতার প্রতীক, অতি আপনজন। এতে আরো বলা হয়-এ পর্যন্ত আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ব্যারাক, ফ্ল্যাট, বিভিন্ন প্রকার ঘর ও মুজিববর্ষের একক গৃহে মোট ৫ লক্ষ ৭ হাজার ২৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষ্যে একক গৃহ নির্মাণের জন্য ২০২২ সাল পর্যন্ত ৫ হাজার ৫ শত ১২ একর খাসজমি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য ২ হাজার ৯ শত ৬৭ কোটি ৯ লক্ষ টাকা।

প্রবন্ধে আশ্রয়ণ বিষয়ে কুমিল্লা জেলার বিস্তারিত তথ্য তুলে ধরে বলা হয়-জেলার ১৭টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জেলার মোট ৫ হাজার ৭ শত ৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ৫ হাজার ৪ শত ৭১টি ঘর বরাদ্দ করা হয়েছে। অল্প যে কয়টি পরিবার বাকি আছে তাদের মধ্যেও পর্যায়ক্রমে ঘর বরাদ্দ করা হবে। এতে আরো বলা হয়-১ম, ২য় ও ৩য় পর্যায় সফলভাবে সম্পন্নের পর ৪র্থ পর্যায়ে একক গৃহ নির্মাণের কাজ শতকরা ৬৪ ভাগ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে ৪র্থ পর্যায়ের গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

জেলার চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই, চান্দিনা ও ব্রাক্ষণপাড়া – এ ৬টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকগণ আশ্রয়ণ বিষয়ে জেলার বিভিন্ন তথ্য জানতে চান। সাংবাদিকগণ আশ্রয়ণ প্রকল্পকে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ উল্লেখ করে প্রকৃত অসহায় ও গৃহহীন মানুষ যেন প্রকল্পের সুফল ভোগ করতে পারে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় বলেন, আশ্রয়ণ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ শুধু চাকরির জন্য এ প্রকল্পে কাজ করেন না। মানবতার জন্য গৃহীত এ প্রকল্পে সবাই অন্তর থেকে কাজ করেন। তিনি বলেন, বড় কাজ করলে ভূলত্রুটি হতে পারে। তবে উদ্দেশ্যমূলকভাবে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। ঘর নির্মাণ ও বরাদ্দ প্রক্রিয়ায় কোন অনিয়ম দেখলে তা সরাসরি তাঁকে জানাতে তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী ও গণমাধ্যমকর্মী মিলে প্রায ৬০ জন অংশ নেয়।

যুবলীগ নেতা হত্যার দু’দিন পর ৯ জনের নামে মামলা

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দির আলোচিত জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাতে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৯জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

কুমিল্লায় ফেনসিডিল ও ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার

কুমিল্লার সদরের গাজীপুর এলাকা থেকে  ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেনসিডিল ও ৭ বোতল স্কাফ সিরাপসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২ মে  কুমিল্লার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির কর্মরত এসআই মো: সোহরাব হোসেন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ।

উক্ত অভিযানে  গাজীপুর (খন্দকার বাড়ী) গ্রামের মোহন খন্দকারের স্ত্রী নাঈমা আক্তার (৩২) মহিলা মাদক ব্যবসায়ীকে  ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেনসিডিল ও ৭ বোতল স্কাফ সিরাপসহ  গ্রেপ্তার করে।

এছাড়াও উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ১১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

শ্রমিক -মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি

 

 

ফাহিমা আক্তার, কুবি প্রতিনিধি:

১৮৮৬ খ্রিস্টাব্দের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের ন্যায্য মূল্য এবং দৈনিক অনধিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সেদিন পুলিশ আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালান। শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে এই দিনটি আন্তর্জাতিক ‘মে দিবস ‘ হিসেবে পালিত হয়ে আসছে।

‘মে দিবস ‘ উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনাসভা ও সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশে এই বছর ‘মে দিবসে’র প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ শ্রমিক -মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। ‘মে দিবস ‘ মূলত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন।

তবে পরিতাপের বিষয় যে, বাংলাদেশে এখনও অনেক শ্রমিক তাদের শ্রমের ন্যায্য মজুরি পান না। শ্রমিকদের প্রায় সর্বক্ষেত্রে অবহেলিত ও লাঞ্চিত হতে দেখা যায়। অথচ তাদের শ্রমের মাধ্যমেই গড়ে উঠেছে আমাদের এই আধুনিক সভ্যতা। তাদের শ্রমে গড়ে উঠেছে দেশ-বিদেশের ছোট-বড় দালানকোঠা, সুউচ্চ অট্টালিকা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

কৃষকদের অক্লান্ত পরিশ্রমে কৃষিক্ষেত্রেও পূর্বের তুলনায় অনেক অগ্রগতি সাধিত হয়েছে। শ্রমিকদের অবদানের কারণেই পোশাকশিল্প বর্তমানে দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। অথচ এই শ্রমিকরাই যথাসময়ে তাদের শ্রমের ন্যায্য মজুরি পান না। বিভিন্ন অজুহাতে তাদেরকে বিভিন্ন কারখানা থেকে ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকরা কর্মক্ষেত্রে বিভিন্ন ভাতা, জীবনের নিরাপত্তা, অবকাশ যাপনের সুযোগ সুবিধা পান না। বিভিন্ন শিল্প কারখানায় বিস্ফোরণের কারণে প্রতিবছর অনেক শ্রমিক তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

বিভিন্ন কল কারখানার মালিক-শ্রমিকদের মধ্যে প্রায়ই মজুরি নিয়ে অসন্তোষ লক্ষ্য করা যায়। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতিতে বেড়ে চললেও শ্রমিকদের মজুরি কিন্তু বাড়ছে না। ফলে তাদের অবস্থা অনেকটা ‘ নুন আনতে পান্তা ফুরানোর ‘ মতো হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করতে তাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। শ্রমিকদের একটি বিরাট অংশ এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

শ্রমিকরা তাদের উপর শোষণ, নিপীড়ন ও বৈষম্যের প্রতিবাদ করার কারণে অনেক সময় চাকরিচ্যুত হওয়ার হুমকির সম্মুখীন হচ্ছেন। অথচ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য এবং শ্রমিকদের কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা আরও বাড়ানোর জন্য প্রয়োজন মালিক- শ্রমিকের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন। তবেই দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।

 

চাঁদপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ২ শিক্ষককে বহিষ্কার

 

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়ীও অবহেলার দায়ে কেন্দ্র সচিবসহ আরো ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে প্রশ্নের নকল করার অভিযোগে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- ওই কেন্দ্রের কেন্দ্র সচিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, কক্ষ পরিদর্শক ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ কুমার ভৌমিক ও তাজ উদ্দিন আহমেদ। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিব।

মঙ্গলবার ২ মে কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন পাটওয়ারীকে প্রত্যাহার করে নতুন করে সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারীকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক তাকে দায়িত্ব প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

এদিকে গত ৩০ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাছনিম জাহান মিম্মা এই কেন্দ্রে পরীক্ষা দিতে এসে পরীক্ষা চলাকালীন অজ্ঞান হয়ে পড়লে তাকে অন্য কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে জ্ঞান ফিরে আসলে দেখে তার আঙ্গুলের স্বর্ণের আংটি নেই।

এসময় ঐ ছাত্রীর মা সেলিনা বেগম অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে কিছুক্ষণ পরে কেন্দ্র সচিবকে বিষয়টি অবগত করেন। কিন্তু কোন ব্যবস্থা নেন নি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা।

চৌদ্দগ্রামে স্টারলাইনের বাস চাপায় দিনমজুর নিহত, প্রতিবাদে বাস কাউন্টারে তালা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্টারলাইন পরিবহনের বাস চাপায় মোহাম্মদ এরশাদ (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছে।

মঙ্গলবার (২ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা মহাসড়কে স্টারলাইন পরিবহনের ১৫টি গাড়ি আটকে রাখে এবং ওই পরিবহনের চৌদ্দগ্রাম কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। নিহত এরশাদ পৌরসভার সোনাকাটিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে দিনমজুর এরশাদ একটি ধান মাড়াই মেশিন নিয়ে মহাসড়কের চৌদ্দগ্রামের ডাক-বাংলো নামকস্থানে পৌঁছলে ঢাকা থেকে ফেনীগামী বেপরোয়া গতিতে আসা স্টারলাইন পরিবহনের একটি চেয়ারকোচ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চেয়ারকোচটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে ফেনী ও ঢাকামুখী স্টারলাইন পরিবহনের ১৫টি বাস অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা স্টারলাইন পরিবহনের চৌদ্দগ্রাম কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা গাড়িগুলো ছেড়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরপর উত্তেজিত জনতা মহাসড়ক বেরিকেড দিয়ে স্টারলাইন পরিবহনের বেশ কিছু বাস আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং স্টারলাইন পরিবহন কাউন্টারের তালা খুলে দেয়া হয়েছে।’

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি বাবুল ও সম্পাদক সাইফুল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল’কে সভাপতি, দৈনিক মুক্তির লড়াইয়ের  প্রতিনিধি মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শফিউল আলম রাজীব সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেস্টা ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে হুরবানু আক্তার পলি, দৈনিক খবর বাংলাদেশ প্রতিনিধি মমিনুর রহমান বুলবুল, কবি ও কলমের সিনিয়র সহ সম্পাদক একেএম ফজলুল আমিন রাসেল, দৈনিক আমাদের নতুন সময়ে’র মোঃ শাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লা’র স্টাফ রিপোর্টার এডভোকেট সুদীপ চন্দ্র রায়, দৈনিক প্রথম বেলা’র প্রতিনিধি মোঃ গোলাম রাব্বি প্লাবন, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবর’র এআর আহাম্মদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ’র প্রতিনিধি মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ আল আমিন কিবরিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে কুমিল্লার বানীর সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভূইয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোঃ ওমর ফারুক মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি মোঃ জামিল আক্তার মামুন, সদস্য পদে আছেন একেএম মিজানুর রহমান কাউছার, মাই টিভির প্রতিনিধি মোঃ সোহাগ সোহেল রানা, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মোঃ আবদুল আলিম।