All posts by jitu

চান্দিনায় সরকারি চাল আত্মসাত, বসতঘর থেকে ১২ মণ চাল উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় সরকারি ন্যায্য মূল্যের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে মো. নিকছন মোল্লা নামে খাদ্য বান্ধব কর্মসূচির এক ডিলারের বিরুদ্ধে।

রেববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সুহিলপুর ইউনিয়নের শাখিলা গ্রামের মোস্তাক সরকার নামের এক ব্যক্তির বসতঘর থেকে ১০ বস্তায় সাড়ে ১২ মণ চাল উদ্ধার করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং তথ্য যাচাই-বাছাইয়ের জন্য ডিলার নিকছন মোল্লাকে উপজেলা কার্যালয়ে আনা হয়েছে।

জানা যায়, হতদরিদ্রদের মাঝে সরকারি ন্যায্য মূল্যে চাল বিতরণের লক্ষ্যে চলমান কর্মসূচিতে শুহিলপুর ইউনিয়নের ডিলার মো. নিকছন মোল্লা গত ১৫ সেপ্টেম্বর উপজেলা খাদ্য গুদাম থেকে ৫১৬ বস্তায় প্রায় সাড়ে ১৫ মেট্রিক টন চাল উত্তোলন করেন। এরই মধ্যে ওই ডিলার তার গোডাউন সংলগ্ন মোস্তাক সরকারের বসতঘরে চালের বস্তা পরিবর্তন করে ১০ বস্তা চাল আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখার অভিযোগ পায় উপজেলা প্রশাসন।

খবর পেয়ে রোববার সন্ধ্যায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। এ সময় উদ্ধারকৃত চাল স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়ে যাচাই-বাছাইয়ের জন্য ডিলার নিকছন মোল্লাকে নিয়ে আসেন উপজেলায়।

ঘরের মালিক মোস্তাক সরকার জানান, আমরা তিনদিন বাড়িতে ছিলাম না। আমার ঘরে কে বা কারা ওই চাল রেখে গেছে সেটি বলতে পারছি না।

এ ব্যাপারে ডিলার নিকছন মোল্লা জানান, ‘ওই চাল আমার না।’ আপনার গোডাউনে বর্তমানে কত বস্তা চাল মজুদ রয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি সব তথ্য এসি ল্যান্ড ও ইউএনও সাহেবকে দিয়েছি।’

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, ‘প্রাথমিক তদন্তে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্য অনুযায়ী সরকারি ন্যায্য মূল্যের চাল বলেই প্রতীয়মান হয়েছে। সম্পূর্ণ বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবগত করেছি।

চবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ছাত্রলীগের

 

ডেস্ক রিপোর্টঃ

পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। চলাচল করেনি শাটল ট্রেন-বাস। স্থগিত করা হয়েছে বিভিন্ন অনুষদের ক্লাস-পরীক্ষা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরসহ বিভিন্ন বিভিন্ন দপ্তরে তালা দিয়ে অবরোধ শুরু করেন তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয়টি উপগ্রুপ অবরোধে অংশ নেয়। এগুলো হলো- ভিএক্স, কনকর্ড, আরএস, বাংলার মুখ, এপিটাফ ও উল্কা। সবগুলো গ্রুপই সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

পদবিঞ্চত একাদিক নেতা জানান, পদবঞ্চিত, ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটি বর্ধিতকরণ, কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদ পুনঃমূল্যায়ন ও পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ এ তিনটি দাবি করে আসছি।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, অবরোধের কারণে সকাল সাড়ে ৭টা ও ৮টার শাটল ট্রেন চলাচল করেনি। চালকরা প্রশাসনের নির্দেশের অপেক্ষায় রয়েছে। বিষয়টি সুরাহা হলে স্বাভাবিক শিডিউলেই শাটল চলবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার বলেন, পদবঞ্চিতরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করছেন। তিনটি দাবিতে এ আন্দোলন। দাবি পূরণ না হলে আমরা আন্দোলন থেকে সরে আসবো না। দীর্ঘদিন থেকেই আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছিলাম।

তিনি বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন কমিটি বর্ধিত করবেন। কিন্তু এখন তিনি উল্টো হল ও ফ্যাকাল্টি কমিটি দেওয়ার প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম জানান, তাদের কমিটির দাবিতো আমরা পূরণ করতে পারবো না। এর জন্য তাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করা উচিত। ঠুনকো কারণে এভাবে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার এখতিয়ার তাদের নেই। আমরা তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এর আগে তিন বছর পর ৩১ জুলাই চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই ধারাবাহিক আন্দোলন করে আসছে পদবঞ্চিতরা।

আজ রানি দ্বিতীয় এলিজাবেথের বিদায়

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে আজ সোমবার শেষ বিদায় জানাতে প্রস্তুত বিশ্ব। মহাপ্রস্তুতিও সেরেছে ব্রিটেন। প্রিয় মানুষটির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোসহ অনেকে দেশের অতিথি। রানির শেষকৃত্যের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, ফলে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে দেখার সুযোগ থাকছে।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি এলিজাবেথ। পরে তার মরদেহ আনা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে হলে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে তার কফিন। গত কয়েকদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানির কফিনের কাছে এসে সম্মান জানাতে দেখা গেছে বহু মানুষকে। সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সুযোগ পায় কফিনের সামনে যাওয়ার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ১১টার দিকে রানির অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটনে। সেখান থেকে কফিন আনা হবে উইন্ডসোর দুর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানে বিশ্বের অনেক দেশের সরকারপ্রধান উপস্থিত থাকবেন। প্রয়াত স্বামী ফিলিপের পাশেই শায়িত হবে রানি। এর মধ্যে দিয়ে শেষ হবে ব্রিটেনে ১০ দিনের দীর্ঘ জাতীয় শোক।

রানির জ্যেষ্ঠ পুত্র রাজা চার্লস তৃতীয় বলেন, তার মায়ের মৃত্যুর পর জনগণের সহানুভূতি প্রকাশের পরিমাপ সবকিছুকে ছাড়িয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানান তিনি।

৯০০ বছরের পুরনো ওয়েস্টমিনস্টারের অ্যাবে হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইসান, জাপানের রাজা নারুহিতোসহ অনেকে নেতা রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রানির শেষকৃত্য এবং বিশ্বনেতাদের আগমনে লন্ডনজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

টাকার অভাবে বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দলের সিরিজ বাতিল

 

স্পোর্টস ডেস্কঃ

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে অর্থের যোগান দিতে না পারায় সফরটি বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুটি চারদিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে অক্টোবরে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। অর্থের যোগান পেলে পরবর্তীতে সিরিজটি আয়োজন করতে চায় এসিবি।

দীর্ঘ বিরতির পর আবারও চালু হয় বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে সব্বির-সৌম্য সরকারের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা।

তারই ধারাবাহিকতায় অক্টোবরে আফগান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। যেখানে প্রধান কোচ হিসেবে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যাওয়ার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। একদিনের ম্যাচ খেলার জন্য ‘এ’ দলের সঙ্গী হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

সিরিজ বাতিল প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে একটু আর্থিক সমস্যা। তাদের ফান্ডে টাকা না থাকায় এ সিরিজটি স্থগিত করা হয়েছে। তবে আশা রয়েছে আগামীতে অন্য কোনো এক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। যখন নতুন সূচি পাবো তখন জানিয়ে দেয়া হবে।’

সিরিজ বাতিল হওয়ায় ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন ক্রিকেটাররা।

আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানীগামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী নাজমুল ইসলাম রাসেল (২৩) বেগমঞ্জের ভবানী জীবনপুরের আলুর দমের নতুন বাড়ির মৃত মান্নানের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানী গামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরন, পূজা মন্ডপে হামলাসহ একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রামের ডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ইসি

 

ডেস্ক রিপোর্টঃ

প্রার্থীর বিজয় কামনা করে মোনাজাতে অংশ নেওয়ার অভিযোগ উঠার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে। চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং কর্তকর্তার পদ থেকে সরিয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। একইসঙ্গে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত হয়েছে।

প্রজ্ঞাপন জারির আগে রোববার দুপুরে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মমিনুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।তিনি জানান, তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কঠিন। এজন্য তদন্ত হতে হবে। এটা লঘু শাস্তি নয়। এই মুহূর্তে করণীয় একটাই, তাকে সরিয়ে দেওয়া।

সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এলে ডিসি মমিনুর রহমান ওই প্রার্থীর পক্ষে মোনাজাত ও ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমানের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার, সংস্থাপন সচিব, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই আইনি নোটিশ পাঠান।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রার্থীর বিজয় কামনা করে দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন।

একপর্যায়ে আওয়ামী লীগ প্রার্থীকে নিজের পাশে বসিয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তব্যও দেন ডিসি। সেই বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার যেন আওয়ামী লীগ বিজয়ী হয়, সে জন্য বিএনপি-জামায়াতেরও দোয়া কামনা করেন তিনি।

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লায় বিএনপি নেতা বরকতউল্লা বুলুর ওপর হামলা হয়েছে। কিভাবে হয়েছে তা তদন্ত করা হবে। তিনি বলেন, ‘কেউ অতি উৎসাহী হয়ে কিছু করছে কি না, তাও দেখা হবে। বনানীর ঘটনার বিষয়ে প্রকৃত কী হয়েছে তা জানি না।

আজ রবিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হঠাৎ করেই মাঠে-ময়দানে বিএনপির উপস্থিতি দেখছেন। বিএনপি একটি রাজনৈতিক দল। পাশাপাশি আমাদের দেশে আরো রাজনৈতিক দল রয়েছে। তাদের রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে কর্মসূচি করলে সরকারের কিছু বলার নেই। আমাদের সরকার মনে করে সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে। কিন্তু সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। যখনই কেউ ভাঙচুর করবে, রাস্তা অবরোধ করবে, জ্বালাও-পোড়াও করবে তখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় বিএনপির সিনিয়র নেতা আহত হয়েছেন। আমরা তদন্তের ব্যবস্থা করছি। দুইভাবে শুনেছি। তদন্তের আগে বলতে পারব না। কেউ যদি অতি উৎসাহী হয়ে করে থাকেন, কেউ যদি ইচ্ছা করে করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বনানীর ঘটনাটি জেনে বলতে হবে। আমাদের সব কিছুই কিভাবে ঘটেছে সেটা না জেনে বলা সম্ভব নয়। ’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্বেচ্চাসেবক দলের এক নেতাকেও তো কুপিয়ে হত্যা করা হয়েছে। কোনো কোনো জায়গায় মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দল যার যার কর্মসূচি নিয়ে কাজ করবে। তবে তা বিধিসম্মত হতে হবে। ’

শনিবার কুমিল্লার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লা বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা করা হয়। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।

অপর ঘটনায় শনিবার রাতে রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।

নোয়াখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

 

নোয়াখালী প্রতিনিধিঃ

ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়াও সাধারণ সদস্য প্রার্থী ৫জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন। তবে বাছাইপর্বে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর মনোনয়নপত্র বহাল রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, ইসলামী সোশ্যাল ব্যাংক থেকে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর ব্যাংক ঋণ খেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, এর আগে জমা দেন সাবেক জেলা পরিষদ সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ তিনজন। যাচাই-বাচাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চূড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০৬ জন। যার মধ্যে পুরুষ ৯৯৮, আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। ভোট কেন্দ্র ৯টি। ভোট কক্ষ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ঢুলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবক সদর দক্ষিণের রামধলপুর গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।