Tag Archives: সচিবালয়

অবরোধেও সচিবালয় স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন প্রভাব পড়েনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। অন্যান্য দিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময় থেকে অফিস করছেন।

রোববার (৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দাপ্তরিক কাজ করছেন। অবরোধের প্রভাব দেখা যায়নি।

নিরাপত্তার স্বার্থে জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের পূর্ব পাশের গেটটি বন্ধ থাকলেও এক এবং দুই নম্বর গেটটি খোলা রয়েছে। গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তৎপর থাকতে দেখা গেছে।

এদিকে, সচিবালয়ে দর্শনার্থীরা গেইটেও অনেক দর্শনার্থীকে ঢুকতে দেখা গেছে। তবে সেটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ রয়েছে।

নাম প্রকাশ না করে একজন যুগ্ম সচিব বলেন, অবরোধের প্রভাব সচিবালয়ে পড়েনি। সকাল থেকে নির্দিষ্ট সময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।

ঢাকা শহরের আমলারা নিজেদেরকে বড় আওয়ামী লীগার মনে করে: এমপি বাহার

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, আপনারা (ইঞ্জিনিয়াররা) আমলাদের বিরুদ্ধে দুঃখের কথা বলেছেন। তাদের কথা কি বলবো? ঢাকা শহরের আমলারা নিজেদেরকে এমপি বাহারের চেয়েও বড় আওয়ামী লীগার মনে করে!

শনিবার (৮ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) কুমিল্লার ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন বাহার বলেন, আমেরিকায় নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পও হতাশ। তিনি ফলাফল মেনে নিতে চাননি। সেখানে আনকনটেস্টে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এক-তৃতীয়াংশ প্রার্থী নির্বাচিত হন। বাংলাদেশে ইঞ্জিনিয়ার সবুর (অনুষ্ঠানের বিশেষ অতিথি আবদুস সবুর) আনকনটেস্টে জিতলে সমস্যা?

কুমিল্লা-৬ আসনের এই সাংসদ বলেন, যেখানে (মেঘনা নদী) বঙ্গবন্ধুর খুনি মোশতাক গোসল করতো, সে নদীর নামে কীভাবে কুমিল্লা বিভাগ হয়? এই কুমিল্লার অনেক সমৃদ্ধ ইতিহাস আছে। ১৫শ’ বছর আগে এখানে বিশ্ববিদ্যালয় ছিল। এই কুমিল্লার সন্তান বাবু ধীরেন্দ্রনাথ দত্ত পার্লামেন্টে মাতৃভাষা বাংলার দাবিতে কথা বলেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তিনি জীবন দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। বেগম রোকেয়ার জন্মের সাত বছর পূর্বে নবাব ফয়জুন্নেছা নারী শিক্ষার অগ্রযাত্রায় কুমিল্লায় স্কুল প্রতিষ্ঠা করেছেন। কুমিল্লার সন্তান শচীন দেব বর্মণের গান ভারতবর্ষে মুগ্ধতা ছড়িয়েছে। কুমিল্লা আদালতে ১৮৬৭ সালে প্রথম বাংলায় রায় দেওয়া হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের কথা ভেবে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবি’র সাবেক সভাপতি মো. নুরুল হুদা, অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, মো. আব্দুস সবুর এবং বর্তমান সভাপতি শাহাদাৎ হোসেন শিবলু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি কুমিল্লার সম্পাদক প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বী। আলোচনা সভা শেষে দু’টি সেমিনার, বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকৌশলী রহমত উল্লাহর একটি চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লায় বিএনপি নেতা বরকতউল্লা বুলুর ওপর হামলা হয়েছে। কিভাবে হয়েছে তা তদন্ত করা হবে। তিনি বলেন, ‘কেউ অতি উৎসাহী হয়ে কিছু করছে কি না, তাও দেখা হবে। বনানীর ঘটনার বিষয়ে প্রকৃত কী হয়েছে তা জানি না।

আজ রবিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হঠাৎ করেই মাঠে-ময়দানে বিএনপির উপস্থিতি দেখছেন। বিএনপি একটি রাজনৈতিক দল। পাশাপাশি আমাদের দেশে আরো রাজনৈতিক দল রয়েছে। তাদের রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে কর্মসূচি করলে সরকারের কিছু বলার নেই। আমাদের সরকার মনে করে সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে। কিন্তু সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। যখনই কেউ ভাঙচুর করবে, রাস্তা অবরোধ করবে, জ্বালাও-পোড়াও করবে তখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় বিএনপির সিনিয়র নেতা আহত হয়েছেন। আমরা তদন্তের ব্যবস্থা করছি। দুইভাবে শুনেছি। তদন্তের আগে বলতে পারব না। কেউ যদি অতি উৎসাহী হয়ে করে থাকেন, কেউ যদি ইচ্ছা করে করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বনানীর ঘটনাটি জেনে বলতে হবে। আমাদের সব কিছুই কিভাবে ঘটেছে সেটা না জেনে বলা সম্ভব নয়। ’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্বেচ্চাসেবক দলের এক নেতাকেও তো কুপিয়ে হত্যা করা হয়েছে। কোনো কোনো জায়গায় মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দল যার যার কর্মসূচি নিয়ে কাজ করবে। তবে তা বিধিসম্মত হতে হবে। ’

শনিবার কুমিল্লার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লা বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা করা হয়। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।

অপর ঘটনায় শনিবার রাতে রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।