All posts by jitu

কুমিল্লায় ঋণের বোঝা বইতে না পেরে অসুস্থ বৃদ্ধের আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঋণের বোঝা বইতে না পেরে ও শারীরিক অসুস্থতায় অহিদ মিয়া নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

শনিবার মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর ভাল্লাক এলাকায় তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অহিদ মিয়া (৭০) দীর্ঘদিন যাবত বাড়ির পাশে চায়ের দোকানদারি করতেন। তিনি বেশির ভাগ সময়ে দোকানে রাতে থাকতেন। প্রতিদিনের মতোই শনিবার রাতে দোকান বন্ধ করে ঘুমিয়ে যান। অহিদের স্ত্রী বা ছেলে কেউ না কেউ প্রতিদিন ভোরে তাকে ডেকে ঘুম থেকে উঠান।

রোববার ভোরে অহিদের ছেলে ডাকতে গিয়ে দেখেন ভিতর থেকে কেউ কোনো সাড়াশব্দ দিচ্ছে না। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারাও কিছুক্ষণ ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পান অহিদ মিয়া দোকানের বাঁশের তীরের সঙ্গে ঝুলে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

শশীদল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সুমন জানান, রোববার সকালে স্থানীয় লোকের মাধ্যমে আমি খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পারি বিভিন্ন নামে পর্যায়ক্রমে বেসরকারি সংস্থা (এনজিও) কয়েকটি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে ঋণ নেন। এভাবে তিনি কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। মধ্যরাতের যে কোনো সময় তিনি আত্মহত্যা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলতে পারছি না। অহিদের স্ত্রী লুৎফা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

কুমিল্লায় শিশু ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় হাফেজ নূর মোহাম্মদ নামের এক মাদ্রাসার সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে ওই শিক্ষককে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের (বলৎকার) শিকার শিশু (৯) একটি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ম্যাচে থেকে লেখাপড়া করত।

পুলিশ জানায়, শনিবার ভোরে ফজর নামাজ পড়া শেষে মাদ্রাসার শিক্ষক নূর মোহাম্মদ ওই শিশুকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। পরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ (বলাৎকার) করে হাফেজ নুর মোহাম্মদ। এ ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বলাৎকারের শিকার শিশুর পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন হাফেজ নুর মোহাম্মদকে আটক করেন। পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, বলাৎকারের অভিযোগে হাফেজ নুর মোহাম্মদ নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রোববার সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার নিমসারে ঝোপের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মনির হোসেন (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার নিমসার পাইকারি কাঁচাবাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ডের তুজারভাঙ্গা এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। সে পেশায় একজন সবজি বিক্রেতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে স্থানীয় এলাকাবাসী নিমসার বাজারের পূর্বদিকের পরিহলপাড়া এলাকায় সড়কের পাশের ঝোপের ভেতরে একটি মরদেহ দেখতে পায়। স্থানীয়রা বুড়িচং থানা পুলিশ কে জানালে, তৎক্ষনাৎ ঘটনাস্থলে হাজির হয় দেবপুর ফাঁড়ি ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমানসহ অন্যান্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সিআইডি ও পিবিআই টিমসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।

নিহতের স্বজনরা জানায়, মনির হোসেন পেশায় একজন সবজি বিক্রেতা। দাউদকান্দি সদর এলাকায় ভ্যানে ফেরি করে সবজি বিক্রি করে। দু’এক একদিন পরপরই নিমসার বাজার থেকে পাইকারি দরে সবজি ক্রয় করে নিয়ে যায় । শনিবার বিকেলে পাইকারি সবজি কেনার জন্য টাকা নিয়ে নিমসার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে। সাধারণত ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে মালামাল কেনার জন্য আসতো সে। শনিবার দিবাগত রাত থেকেই নিখোঁজ ছিলো মনির।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যাকান্ড বলেই ধারনা করা হচ্ছে।ঘটনাস্থল থেকে মনিরের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আসলে কি ঘটছিলো মনিরের সাথে, এঘটনার সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শেষেই বিস্তারিত জানা যাবে।

অভাবের তাড়নায় কুমিল্লার কিশোরের আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মুগদায় অভাবের তাড়নায় বিষপান করে আত্মহত্যা করেছেন মো: শরীফ হোসেন (১৩) নামে এক শিক্ষার্থী।

মৃত শরীফ কমলাপুর হাই স্কুলের নবম শ্রেণির সাইন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা এগারো টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আব্দুল আজিজ।

শরীফ কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলার মো: বিল্লাল হোসেন ও মা মনোয়ারা বেগমের ছেলে। চার ভাইয়ের মধ্যে শরীফ দ্বিতীয়। তারা বর্তমানে মুগদার মান্ডা বটতলা মসজিদ গলিতে ভাড়া বাসায় থাকেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা বলেন, অভাব অনটনের সংসার, বাবা রিকশা চালক, মা হোটেলে কাজ করেন। চার সন্তান, বড় ছেলে মাদ্রাসায় পড়াশুনা করে আর শরিফ নবম শ্রেণিতে পড়াশুনা করতো। সে ছিল মেধাবী শিক্ষার্থী। সংসারে অভাব লেগেই থাকতো।

তিনি বলেন, মৃতের বাবা অভাবের তাড়নায় রাগ করে ছেলে কে বলেছিলেন, পড়াশোনা বন্ধ করে কাজে লাগ। পরে সে অভিমানে একটি রুমের দরজা বন্ধ করে বিষপান করে। যখন তার খারাপ লাগে তখন সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন তার স্বজনদের সংবাদ দেয়। এরইমধ্যে তার ভাই চলে আসেন, তাকে দরজা খুলতে বলে, সে কোনোরকম দরজা খুলে বমি করতে থাকে। তখন তাকে দ্রুত উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যান স্বজনরা। সেখানে বেলা আনুমানিক সাড়ে বারোটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, আশপাশের লোকজন, তার স্কুলের শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে জানতে পারি, সে খুবই শান্ত প্রকৃতির ছিল এবং মেধাবী শিক্ষার্থী ছিল।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কামরুল হাসান শাহিনকে আহ্বায়ক ও লাকসাম পৌরমেয়র আবুল খায়েরকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাতে যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন দ্বিতীয় যুগ্ম-আহ্বায়ক আব্দুছ ছোবহান খ. সেলিম, সদস্য শাহজালাল মজুমদার, সুমির বরুয়া তপু, আব্দুল মোতালেব, আব্দুল কাদের, সোহেল সামাদ, আবাদ উদ্দিন (বঙ্গবাসী), ইসরাক মাহমুদ মাসুদ, আলা উদ্দিন আহমেদ মজনু, অ্যাডভোকেট সৈয়দ সাহিদুল আহসান টিপু, মাহবুবুর রহমান রুবেল, জিয়াউর রহমান খান নয়ন, মোসারফ হোসেন মজুমদার, আব্দুল আলিম দিদার, মাহবুবুল হক মোল্লা বাবলু, আবুল কালাম আজাদ, বক্তার হোসেন, মাসুদ আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, লোকমান হোসেন, অ্যাডভোকেট আশিকুর রহমান ভূইয়া জুয়েল, গাজী মো. মনির হোসেন, আলাউদ্দিন আহমেদ রিপন, ওমর ফারুক, আল মাহমুদ ভূইয়া, জ্বালাল উদ্দিন, ফোরকান আহাম্মদ সবুজ, মহসিন আলম খান, শাহ আলম, ইমতিয়াজ হাবিব সিনহা, সফিউল আলম সুমন, আশিকুর রহমান হাওলাদার হিরণ, গোলাম কিবরিয়া বিল্লাল, জাহিদুল হাসান পলাশ, এয়ার আহাম্মেদ সেলিম, আব্দুল করিম মিয়াজী, রাসেদুর ইসলাম আশরাফ, নাজমুল হক ও অপু ভট্টাচার্য।

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী ওয়াজউদ্দীন (৩০) ও ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাদেকুন্নাহার (২৪) নিহত হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার সাচারেরহাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল ও সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, ওয়াজউদ্দীন তার স্ত্রীসহ সাচার থেকে সিএনজি যোগে বারৈয়ারা যাওয়ার সময় ঢাকা থেকে কচুয়াগামী ট্রাকের সাথে এ মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিহত ওয়াজ উদ্দীন ও সাদেকুন্নাহার বারৈয়ারা গ্রামের অধিবাসী। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিএনজি ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

মানবসেবা করতে গিয়ে স্বেচ্ছাসেবীরা অনেক ত্যাগ স্বীকার করে : ইউএনও

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, হাজীগঞ্জ শাখার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় হাজীগঞ্জ বিজনেস পার্কের ফুড লাভার্স পার্টি সেন্টারে প্রভাত হাজীগঞ্জ শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির।

তিনি তার বক্তব্যে বলেন, ব্রিটিশ রাজপরিবারে তাদের প্রতি মাসে খরচ করা হয় ১০০ কোটি টাকার উপরে। ঐ রাজপরিবারে যে শিশুটি জন্ম নেয় সে জন্মের সবাই চিন্তা করে যে কবে জন্ম নিবে। জন্মের আগে থেকেই তাকে নিয়ে উদযাপন করা হয়। তার প্রতিরক্ষার জন্য বিশাল টিম আছে। তাদেরকে ঘিরে অনেক আয়োজন। আবার একই সাথে কিছু কিছু জায়গায় একটা শিশু যখন জন্মায় সে শিশুটিকে আমরা ড্রেনে পাই। কারন সেই শিশুটি অভিশাপ হিসেবে আসতেছে আবার অন্য কারো কাছে। তাকে ঘিরে কোন আয়োজন নেই। মানুষের মধ্যে যে বিভাজন, যে পার্থক্য সেটা জন্ম সূত্রেই আমরা পেয়ে যাচ্ছি। তাই জন্ম কারো জন্য আশীর্বাদ আবার কারো জন্য আজন্ম পাপ। একটা শিশু যখন খেতে চাচ্ছে না তাকে জোর করে খাওনা হচ্ছে, ঘর থেকে বের হলে গাড়ি আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে। আবার একই জায়গায় আরেকটি শিশু জানে না সে পরের বেলায় কি খাবে। এই যে অসমতার বিশ্বয়, এই জায়গায় আমরা সফলতার গল্প বলি।

তিনি আরো বলেন, অসহায় পরিবারে জন্ম নেয়া একজন শিশু যেসময়টায় সে স্বপ্ন দেখবে যে আমি বড় অফিসার হবো কিন্তু সে সময়টাতেই সে রাস্তায় দাঁড়ায় পরের বেলায় কি খাবে। আমি প্রভাতিয়ানদের স্যালুট করি, এই পৃথিবীর যে অসমতা, সে অসমতাকে কিছু মাত্রা সহনশীল করার জন্য আপনাদের যে যুদ্ধ। প্রভাতিয়ানরা যে চেষ্টা করেন বিনিময় ছাড়া, মনের গভীর থেকে। একই সাথে আপনাদের যে চেতনা-প্রেরণা, তার একমাত্র লক্ষ্য মানবিকতা। মানুষের যে হৃদয় সে হৃদয়টা সবচেয়ে বড় উপাসানালয়। যে মানুষটা অন্যের উপকারে কাজ করে সে কোন কিছু হয়তো পায় না। কিন্তু সে নিজে যখন নিজেকে প্রশ্ন করে তখন হৃদয়ের মধ্যে একটা শান্তি পায়। মানবিক কাজ করা রাস্তা কোন সহজ নয় একটা কঠিন রাস্তা। মানবিক কাজ করতে গিয়ে অনেক কিছুর স্বীকার হতে হয় স্বেচ্ছাসেবীদের। মানুষের হাসির পাত্র হতে হয়। মানুষের সবচেয়ে বিবেচনাবোধ সেটা হচ্ছে নিজের কাছে নিজের। যতদিন মানুষের বিবেচনাবোধ থাকবে ততদিন কোন খারাপ কাজ করবে না। কিন্তু নিজের কাছে নিজের বিবেচনাবোধ হারিয়ে গেলে তখন যত কাদায় নামুক না কেন কাদা কে কাদা মনে হয় না। আমাদের যে চিন্তা সে চিন্তা যেন সার্বজনীন হয়। নিজেকে কেন্দ্র করে নয় অন্যকে কেন্দ্র করে। অন্যকে কেন্দ্র করে চিন্তা করা শিখলে তাহলে আমাদের বিবেচনাবোধ যা আছে সেটা অনেক বেশী প্রখর হবে। পরিশেষে বলবো প্রভাতিয়ানদের কার্যক্রমগুলো গন্ডির মধ্যে না থাকলে একসময় সংগঠনটির সৌন্দর্য দেখার জন্য মানুষ ভিড় করবে।

প্রভাত হাজীগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ মঈন এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ মডেল হাসপাতালের পরিচালকের পক্ষে শিক্ষক এস এম চিশচি, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী, বড়কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর, হাজীগঞ্জ মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার, শিক্ষক মোঃ আপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী।

প্রভাত কচুয়া শাখার অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত হাজীগঞ্জ শাখার সহ- সভাপতি, তানভীর জয়, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সাকিব, সহ-সাধারন সম্পাদক নাজমুস সাদাত সাইফ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আফরোজ ইসলাম এ্যামি, ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাকন মিয়াজী, সিনিয়র সদস্য আসিফ পাটওয়ারী, সিনিয়র সদস্য শাকিল মাহমুদ, সিনিয়র সদস্য আলমগীর গাজী, প্রচার সম্পাদক মারিয়া আক্তার, সিনিয়র সদস্য হৃদয় সাহা, সিনিয়র সদস্য শাহরিয়ার রিফাত
সহকারী, দপ্তর সম্পাদক পারভেজ সাকিব, কার্যকরী সদস্য উজ্জ্বল সরকার, টেকনোলজিস্ট তানভীর মজুমদার, সিনিয়র সদস্য রাসেল, রেদওয়ান, খাজা মহিউদ্দিন, শরীফ মিয়াজী, সালাউদ্দিন, ইকবাল মিয়াজী সহ আরো অনেকে।

এসময় প্রভাত হাজীগঞ্জ শাখার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে প্রভাতের সকল শাখাসহ হাজীগঞ্জে কর্মরত কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান, সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেই সাথে অনুষ্ঠানে আগত সকল স্বেচ্ছাসেবীদের মাঝে হাজীগঞ্জ মডেল হাসপাতালের সৌজন্যে উপহার হিসেবে মগ বিতরণ করা হয়েছে। এসময় প্রভাত চাঁদপুর শাখা, শাহরাস্তি শাখা, ফরিদগঞ্জ শাখা, কচুয়া শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

আওয়ামি লীগ নেতাকে পানিতে চুবিয়ে গণধোলাই

ডেস্ক রিপোর্টঃ

পাওনা টাকা চাওয়ায় এক নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়ার বিরুদ্ধে। এ সময় স্থানীয়‌দের তোপের মুখে পড়ে নিজেকে রক্ষা করতে পানিতে ঝাঁপ দিয়েছেন তিনি। এতেও তার শেষ রক্ষা হয়নি। পানিতে চুবিয়ে তুলে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে ওই নেতাসহ তিন জনকে থানায় নি‌য়ে যাওয়ার কথা ব‌লে পথিম‌ধ্যে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পু‌লি‌শের বিরু‌দ্ধে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলার যাদুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বগুড়ার এক নারী উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামালের কাছে ১৫ লাখ টাকা পান বলে দাবি করেন। এ নিয়ে শুক্রবার রা‌তে সায়দাবাদ বাজারের আব্দুর রশিদের দোকানে বৈঠকে বসেন তারা। বৈঠক চলাকালে অভিযুক্ত নেতা পালানোর চেষ্টা করলে ওই নারী সামনে গিয়ে দাঁড়ান। এ সময় আওয়ামী লীগের ওই নেতা নারীর মাথায় ঘুষি ও ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। নারীর ওপর নির্যাতনের এমন দৃশ্য দেখে স্থানীয় জনতা ওই নেতাকে ধাওয়া করলে তিনি পানিতে ঝাঁপ দেন। এ সময় পানি থেকে তুলে এনে মারধর করার ঘটনা ঘটে। পরে ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ কামাল বিক্ষুব্ধ জনতার হাত থেকে কৌশলে ওই নেতাকে ছাড়িয়ে নেন।’

যাদুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহ কামাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, সুরুজ্জামাল পানিতে হাবুডুবু খাচ্ছেন। ওই অবস্থা দেখে তাকে উদ্ধার করি। এ সময় তার পরনের পাঞ্জাবি ও লুঙ্গি ছেঁড়া ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, এক নারীকে ধাক্কা দিয়েছিলেন তিনি। সেখানে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন। এতে মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দিলে তিনি পানিতে ঝাঁপ দেন। পরে ওই নারীসহ সুরুজ্জামালকে থানায় পাঠানো হয়।’

ওই নারী দাবি করেন, ‘সুরুজ্জামাল চাচার সঙ্গে আমার ঢাকায় পরিচয় হয়। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই বলে পরিচয় দেন। তাকে আমার বদলি এবং আমার মামাতো ভাইয়ের চাকরির জন্য ২০১৯ সালে ১৫ লাখ টাকা দেই। কিন্তু তিনি সেই টাকা না দিয়ে আমাকে দিনের পর দিন ঘোরাচ্ছেন। এ পর্যন্ত তার কাছে আমি ৭/৮ বার এসেছি টাকা ফেরত নেওয়ার জন্য। কিন্তু তিনি শুধু টালবাহানা করেন, টাকা দেন না। শুক্রবার রাতে তাকে সায়দাবাদ বাজারে দেখা পেয়ে টাকা ফেরত চাইলে তিনি আমার গায়ে হাত তোলেন। এ সময় আমি অসুস্থ হয়ে পড়ি। পরে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করেন। তিনি উপায় না দেখে বাজার পাশে একটি ডোবার পানিতে ঝাঁপ দেন।’

এ বিষয়ে জানতে সুরুজ্জামাল মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রৌমারী থানার এসআই তছির কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এই বিষয়ে ওসির সঙ্গে কথা বললে তিনি সব বলবেন।

রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, ‘এক নারী সুরুজ্জামাল সা‌হে‌বের কাছে পাওনা টাকা চাইতে আসায় এমন ঘটনা ঘটেছে ব‌লে স্থানীয়‌দের থেকে শুনেছি। তবে এই বিষয়ে কেউ অভিযোগ করেনি।’

উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতে দেওয়া মুচলেকা ও আদেশের তোয়াক্কা না করে ব্রহ্মপুত্র নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখা, কর্তিমারী বাজারে কোটি টাকা মূল্যের সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল, ভ্রাম্যমাণ আদালতের সামনে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়া, ট্রাফিক পুলিশের ওপর চড়াও হওয়াসহ চাকরী খাওয়ার হুমকি, অসহায় পরিবারের ওপর নির্যাতনসহ জোর করে দুটি গরু ছিনিয়ে নিয়ে জবাই করে ভূরিভোজ, পল্লী বিদ্যুতের বিল না দিতে এলাকায় মাইকিং করাসহ নানা অভিযোগ রয়েছে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে।

সুরুজ্জামাল মিয়া নিজেকে স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বড় ভাই পরিচয় দি‌য়ে নানা অপকর্ম করলেও ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না।

ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ভাড়া বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয় নি।

বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, ‘১ আগস্ট তারা আমার বাসায় ওঠে। আজ বিকেলে বাসার অন্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে আমাকে জানায়। বিষয়টি আমি পুলিশকে জানাই।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান  বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছি। তবে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় আমরা ধারণা করছি এটা আত্মহত্যা হত্যা হতে পারে।

ওসি আরও বলেন, এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।