All posts by jitu

কুমিল্লার রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাই রেলস্টেশন এলাকা থেকে চট্টগ্রামের পটিয়ার এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আটটার দিকে জেলার লালমাই রেলস্টেশন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আবদুল আজিজ (৩৪)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়ার গ্রামের মৃত আবদুল আলমের ছেলে। গত বছর ইসলামী ব্যাংকের অফিসার পদ থেকে চাকরিচ্যুত হয়ে ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করে আসছিলেন তিনি। বিবাহিত আজিজের আড়াই বছর বয়সী একটি শিশুসন্তান রয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা যায়, রেললাইনের ওপর গলাকাটা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় আবদুল আজিজের লাশ উদ্ধার হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেল পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে, নাকি এটি হত্যাকাণ্ড, ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

সাবেক এমপি সুবিদ আলীর দুই ভাতিজার বিএনপিতে যোগদান নিয়ে ধুম্রজাল

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে সাবেক এমপি সুবিদ আলী ভুইয়ার দুই ভাতিজা মুক্তার হোসেন ভুইয়া ও নুরে আলম বুলু বিএনপিতে যোগদান করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুরে উপজেলার জুরানপুর ইউনিয়নের জুরানপুর বাজারে বিএনপির নির্বাচনী পথসভায় মুক্তার হোসেন ও নুরে আলম ভুলুর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপিতে যোগদানের বিষয়টি নিয়ে আলোচনায় শুরু হয় । তারা দুজনেই গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথি কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ শুক্রবার প্রচারের দ্বিতীয় দিন দাউদকান্দি উপজেলার জুরানপুরে পথসভায় সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন, নুরে আলম বুলু ও সেলিম ভুইয়াসহ ভুইয়া পরিবারের অনেকেই উপস্থিত ও বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কাকে জয়ী করতে কাজ করতে হবে।

যোগদানের বিষয়ে সাবেক চেয়ারম্যান নুরে আলম বুলু বলেন, আমরা বিএনপিতে যোগদান করিনি। ড.খন্দকার মোশাররফ হোসেন স্যার একজন সম্মানিত লোক। স্যার আমাদের গ্রামের বাজারে আসছেন, স্যারকে সম্মান জানাতে আমরা পথসভায় উপস্থিত হয়েছি।

নুরে আলম আরও জানান, গত বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে সুন্দলপুর ইউনিয়নের গয়েশপুর ড. খন্দকার মোশাররফ হোসেন এর বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন গোয়ালমারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনিই আজকে পথসভার আয়োজক ছিলেন।

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গোলাবারুদ জব্দ

স্টাফ রিপোর্টার:

লক্ষীপুর জেলায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে পিস্তল ও গোলাবারুদ জব্দ করেছে।

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় লক্ষীপুর জেলায় অবৈধ অস্ত্ৰ উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকা হতে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিনসহ), ৫ রাউন্ড গোলাবারুদ এবং ২টি মোবাইল ফোনসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সদরের পাঁচথুবী ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ! কাশেম চেয়ারম্যানকে রাহুল চেয়ারম্যানের প্রকাশ্য চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহাম্মেদ রাহুল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাবেক চেয়ারম্যান কাশেমের প্রতি।

সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এক পোস্টে রাহুল চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, “আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে আমি কাশেমের সাথেই নির্বাচনে অংশ নেবো ইনশাআল্লাহ।”

তিনি কাশেম চেয়ারম্যানের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “দুই দিন আগেও কাশেম চেয়ারম্যান ধানের শীষকে গালাগালি করেছেন, আর এখন মুখে শহীদ জিয়ার সৈনিক হওয়ার অভিনয় করছেন। এ ধরনের বাটপারি রাজনীতি বাদ দেওয়ার সময় এসেছে।”

রাহুল চেয়ারম্যান আরও বলেন, “আল্লাহ কপালে যা রেখেছেন তাই হবে। আল্লাহর পরে আমি জনগণকেই বিশ্বাস করি এবং জনগণের উপরই আমার পূর্ণ আস্থা।”

ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের ভালোবাসা ও আস্থার উপর ভর করেই রাজনীতি করি। ৫নং পাঁচথুবী ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আপনাদের অন্তরের অন্তস্থল থেকে দোয়া চাই।”

রাহুল চেয়ারম্যানের এই বক্তব্যের পর পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রকাশ্য চ্যালেঞ্জ ও বক্তব্য এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

এ বিষয়ে কাশেম চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

দেবিদ্বারে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার নিউমার্কেট এলাকায় যানজট নিরসন ও ফুটপাত অবমুক্তকরণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল দুপুর ১২টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন।

এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইউছুফ এবং দেবিদ্বার থানার উপ-পরিদর্শক সাগর আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা সদস্য, পুলিশ, আনসার ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, সমবায় বিভাগ এবং সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো হকারদের কাছে ভাড়া দিয়ে পরিচালনা করা হচ্ছিল। এর ফলে ওই এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে নারী, শিশু, রোগী, অফিসগামীসহ সর্বস্তরের মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছিলেন। উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, যানজট নিরসন ও সর্বসাধারনের চলাচল নির্ভিগ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমরা মাইকিং করে অবৈধ স্থাপনার মালিক ও ব্যবসায়িদের কিচেন মার্কেটে সরে যেতে বলা হলেও তারা যায়নি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছি। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের শতবছরের পুরাতন বাজারে অবস্থিত ‘কিচেন মার্কেটে’ যাওয়ার অনুরোধ করা হয়েছে। ওখানে কোন ব্যবসায়ীকে ৬ মাসের জন্য খাজনাও দিতে হবেনা।

কুমিল্লায় নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত নেতার নাম মোঃ মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন।

মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লা সীমান্তে ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার অবৈধ মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়নরত সেনাসদস্যদের পরিদর্শনের লক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২২ বৃহস্পতিবার) দুপুরে তুমি কুমিল্লা সফর করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

সফরকালে, সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

মত বিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; এ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া এবং সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর ভাড়া বাসায় মিলল অবৈধ বিদেশি পিস্তল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরের টমসন ব্রিজ এলাকায় ছিনতাই ও চুরিবিরোধী নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধারের পর তার দেওয়া তথ্যে একটি বাসা থেকে বিদেশি পিস্তলসহ দুইটি ম্যাগাজিন ও আরো ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় এডভোকেট মাহমুদুল হক মাসুমকে।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম অস্ত্র উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো: আরিফুর রহমান এবং ধর্মপুর এলাকার আব্দুল মতিনের ছেলে এডভোকেট মাহমুদুল হক মাসুম।
এডভোকেট মাসুমের স্থায়ী বাড়ি ধর্মপুর হলেও তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (ভোরে) কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির পুলিশের একটি টিম টমসন ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এসময় আরিফ নামে এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একইসঙ্গে তার মোবাইল ফোন পরীক্ষা করেও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এতে অস্ত্রের সন্ধান মেলে বলে জানায় পুলিশ।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এবং ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, এবং আলাদা একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এই বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম জানান, আমরা আরিফের কাছে থেকে ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করি, এবং তার দেয়া তথ্যমতে এডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান করে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে বিএনপি থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট:

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৮টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। এই আসনটিতে এলডিপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ওই চিঠিতে বিভাগভিত্তিক ২৩ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়। তারমধ্যে কুমিল্লা বিভাগে ৬ জন এবং কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে আতিকুল আলম শাওনকে এবং কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়।

দল থেকে বহিষ্কারের পর আতিকুল আলম শাওনের মন্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বহিষ্কারের পর তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেন- আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কুরবানি করতে সব সময় প্রস্তুত।