শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষকের বরাদ্দও খেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৮, ২০২৬
news-image

কৃষকের বরাদ্দও খেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া কৃষিযন্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগবাটোয়ারা ও বিক্রি করে ভোগ করেছেন বলে মন্তব্য করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

আজ শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশ কৃষিপ্রধান। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থিতিশীল হবে। কিন্তু বিগত সরকারের সময়ে দেওয়া কৃষকের বরাদ্দের অংশও আওয়ামী লীগের নেতা-কর্মীরা খেয়ে ফেলত।’

মন্ত্রী আরও বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বিভিন্ন সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দামও বেশি। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকার কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। কৃষকদের কল্যাণে সরকারের নানা উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ সময় মন্ত্রী নিমসার সবজি বাজারে একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, এতে কৃষকরা পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।