,

বুড়িচংয়ে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ, পুলিসসহ আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক শিবির কর্মীসহ ৫ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ টি ককটেল, লিফলেট, ব্যানার ফেস্টুন উদ্ধার করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টায় উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের ভারেল্লা মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পিছনে একটি ঘরে শিবিরের একদশ নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে  একত্রিত হয়েছে। এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ির এ এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে, এতে এ.এস.আই দেলোয়ার কন্সটেবল মাহবুব আহত হয়। পুলিশ এসময় গুলি চালালে শিবির কর্মীরা পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক শিবির কর্মীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে পুলিশ তল্লাসী করে ৯ টি ককটেল, বিপুল পরিমান লিফলেট, ব্যানার, ফেস্টুন উদ্ধার করেছে। আহত পুলিশের সদস্যরা কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।