All posts by jitu

দেবিদ্বারে বিউটি পার্লার থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে একটি বিউটি পার্লার থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দেবিদ্বার থানা পুলিশের একটি দল উপজেলা গেট এলাকার ওমেন্স পারসোনা পার্লার থেকে লাশটি উদ্ধার করে।

নিহত কলেজছাত্রীর নাম নাদিয়া আক্তার। তিনি ওই পার্লারে বিউটিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। নাদিয়া দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পার্লারের ভেতর থেকে নাদিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মেয়ের পরিবার আমাকে জানায় মেয়েটি অনেক জেদি ছিলো, এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল: ড. খন্দকার মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছে, তারা বিএনপিকে হত্যা করতে চেয়েছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্টিত করে গেছেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি সৌভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাকে সুযোগ দিয়েছেন এবং ছাত্রদলকে সম্পৃক্ত করার জন্য বিএনপিতে প্রথম আমাকে ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছিলেন।

কুমিল্লা-১ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ড. মোশাররফ হোসেন বলেন, বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম জিয়া কখনো আমার নির্বাচনী সভায় বক্তৃতা দিতে আসে নাই। এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান যে, আমি শুনেছি আগামী ২৫ জানুয়ারী দলের সভাপতি তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসছেন।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন প্রমুখ।

পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। তবে রমজান শুরুর সময় ১৯ ফেব্রুয়ারি ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি প্রকাশ করে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিরা এ সময়সূচি চূড়ান্ত করেছেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট ও ইফতারির সময় ৫টা ৫৮ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী, ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট ওই মনোননয় পত্র প্রত্যাহার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে সুরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা পূর্ব সহ সাংগঠনিক সম্পাদক মুফতী জামসেদ হুসাইন হাবিবী, উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম ও জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্ত প্রমুখ।

এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরীক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার কথা রয়েছে।

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থীর রিট

ডেস্ক রিপোর্ট:

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি জমা করেন, যা কার্যতালিকার ৬৫ নম্বর ক্রমিকে রয়েছে।

জানা গেছে, মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (মুক্তি জোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিক। রোববার বিকালে নির্বাচন ভবনে উভয়পক্ষের আপিল শুনানি শেষে আবদুল গফুরের প্রার্থিতা বাতিলের রায় দেয় কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।

মঙ্গলবার ( ২০ জানুয়ারি) ভোররাতে কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মৌটুপি এলাকা হতে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ২ রাউন্ড গোলাবারুদ, ১টি দেশীয় অস্ত্র এবং ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

‘কুমিল্লা-২ আসনে নির্বাচন ইসির সীমানা অনুযায়ী হবে’

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন।

এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ও তিতাস মিলে কুমিল্লা-২ আসন গঠিত হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম এই রিট আবেদনটি করেছিলেন।

আইনজীবীরা জানান, আগে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা ছিল। এখন তাতে যুক্ত হয়েছে হোমনা। আর মেঘনাকে সরিয়ে নেওয়া হয়েছে কুমিল্লা-১ আসনে। কুমিল্লা-২ আসন এখন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। আজকের রায়ের ফলে ইসির এই সিদ্ধান্ত বহাল থাকবে।

চান্দিনায় বিদেশি পিস্তলসহ ২ জন আটক

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার রাত পৌঁনে ৯টায় মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) ও একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকরা ওই অস্ত্র কোন জায়গা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নির্বাচনকালীন নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে চট্টগ্রামে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সাংবাদিকতার নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি প্রশিক্ষণগুলোর আয়োজন করে।

নগরীর হোটেল টাওয়ার ইন–এ আয়োজিত আবাসিক প্রশিক্ষণ দুটির প্রথম ব্যাচ শুরু হয় ১৬ জানুয়ারি এবং শেষ হয় ১৮ জানুয়ারি ২০২৬। দ্বিতীয় ব্যাচ শুরু হয় ১৭ জানুয়ারি এবং শেষ হয় ১৯ জানুয়ারি ২০২৬। প্রতি ব্যাচে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ৪৯ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ নানা বিষয়ের মধ্যে ছিল নির্বাচন প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড; বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা; তথ্য যাচাই কৌশল, নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিংয়ের আইনগত কাঠামো, এবং নারী সাংবাদিকদের শারীরিক, অনলাইন ও মানসিক নিরাপত্তা।

আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিশেষজ্ঞরা প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন।

মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিক নিরাপত্তা বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউনেস্কোর মেহদি বেঞ্চেলাহ। ডিজিটাল মিডিয়া, বিভ্রান্তিকর তথ্য ও এআই-সংক্রান্ত অধিবেশন পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেনদ্রিফ। সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোয়ার।

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আইন ও রাজনৈতিক রিপোর্টিং নিয়ে সেশন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিনভী এবং বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। এছাড়া নির্বাচনকালে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংবেদনশীলতা রিপোর্টিং বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপি’র জেন্ডার বিশেষজ্ঞ তাসলিমা আকতার।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এই কর্মসূচি তাদের নির্বাচনকালীন রিপোর্টিংয়ে আরও দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নিরাপদভাবে কাজ করতে সহায়তা করবে। বিশেষ করে তথ্য যাচাই, এআইজনিত ঝুঁকি চিহ্নিত করা এবং মাঠ ও অনলাইন পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা বাস্তবমুখী ধারণা পেয়েছেন।

মুরাদনগরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার, শাস্তির দাবিতে বিক্ষোভ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সৈয়দ শাহীন (৪৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সৈয়দ শাহীন উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে সৈয়দ শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রীদের নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট দিলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তার শাস্তির দাবিতে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, ধর্ম নিয়ে কটূক্তি করে বিভ্রান্ত মূলক পোস্ট করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।