All posts by jitu

গাছ থেকে ৩ সন্তানের জননীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে তাসলিমা বেগম রুনা (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

শনিবার (১৬) জুলাই সকালে উপজেলার চরআমানুল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাসলিমা বেগম রুনা ওই গ্রামের মো. ইসলামের মেয়ে। তার স্বামীর নাম মো. ইসমাইল।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, তিনদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শনিবার সকাল ৬টার দিকে বসতঘরের পাশে একটি গাছে ৩ সন্তানের জননী রুনাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মো. ইসমাইলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তসহ অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিষধর রাসেল ভাইপারের কামড়ে যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিষধর রাসেল ভাইপারের কামড়ে সোয়াঈদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়।

নিহত সোয়াঈদ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নতুনপাড়ার মো. বিল্লাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোয়াঈদ মিয়া সিলেটে ফার্নিচারের ব্যবসা করেন। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আসেন। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খালের পানিতে মাছ ধরতে যান। মাছ ধরতে গিয়ে রাত ১টার দিকে সে তার বন্ধুদের জানায় ডান পায়ে গোখরা সাপে কামড় দিয়েছে। তখন বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বাঁধ দেন। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তার পরিবারের লোকজন ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন। কিন্তু সোয়াঈদের শরীরে বিষ ছড়িয়ে পড়ায় কুমিল্লায় আর নেওয়া হয়নি। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কয়েকজন স্থানীয় সাপুড়ে দিয়ে গ্রাম্য চিকিৎসা করানো হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ও ডা. জীবন চন্দ্রও দাসের একটি মেডিকেল টিম বিভিন্ন পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ডা. জীবন চন্দ্র দাস বলেন, যখন সাপে কামড় দিয়েছে সঙ্গে সঙ্গেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে হয়ত বাঁচানো যেত। কিন্তু তারা স্থানীয় সাপুড়ে দিয়ে ঝাড়ফুঁক দিয়ে রোগীকে চিকিৎসা করিয়েছে। নিহতের মুখ দিয়ে রক্ত বের হতে দেখে মনে হচ্ছে বিষাক্ত রাসেল ভাইপার কামড়িয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যুর খবরটি জানতে পেরেছি। এরই মধ্যে ফেসবুকে গুজব ছড়িয়েছে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা না করে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

তিনি আরও বলেন, সবাইকে আশ্বস্ত করতে চাই, নাসিরনগরে সাপে কামড়ের ভ্যাকসিন আছে। যুবককে মৃত্যুর পূর্বে চিকিৎসার জন্য নাসিরনগর হাসপাতালে আনা হয়নি।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অবৈধ, তাই আর তত্ত্বাবধায়ক সরকার হবে না: আইনমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছেন, তাই দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না।

তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু আইনের শাসনে বিশ্বাস করে, তাই সর্বোচ্চ আদালতের ওই রায় মান্য করে। এসময় তিনি আশ্বস্ত করেন, দেশের আগামী জাতীয় নির্বাচন নিশ্চয়ই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল স্টেকহ্ল্ডোর কানসালটেশন অন ইনস্টিটিউশনাল অব প্যারালিগ্যাল অ্যাপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ, যেখানে আইনের মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন জনগণকে সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। এটার জন্য কারও দরজায় গিয়ে তদবিরের দরকার হবে না।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সারাবিশ্বে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। এভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনের সময় যে সরকার থাকবে তারা শুধু দৈনন্দিন কাজ করবার জন্যই থাকবে। সেটা আইনের মধ্যেই আছে। আমরা আশা করবো সবাই নির্বাচনে আসবে।

বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে তিনি বলেন, কেউ যদি বিনা অপরাধে কারাগারে থেকে থাকে, রাজনৈতিক কারণে থেকে থাকে অবশ্যই মুক্তি পাবে। কিন্তু কেউ যদি মামলার আসামি হিসেবে থেকে থাকে, তাহলে আদালত ছাড়া তার মুক্তি সম্ভব না।

মামলাজট কমাতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতিককালে মামলা বেশি হচ্ছে। মামলাজটের সঠিক পরিসংখ্যান জানতে একটা কমিটি করা হয়েছে। তারা প্রকৃত মামলার পরিমাণ আগামী ১০-১২ দিনের মধ্যে জানাতে পারবে।

অনুষ্ঠানে আইনি সহায়তাকারী বা প্যারালিগ্যাল কর্মীদের কার্যক্রম তুলে ধরা হয়। ২০০৮ সাল থেকে বিভিন্ন এনজিও’র সহায়তায় ৪০টি জেলায় প্যারালিগ্যাল কার্যক্রম শুরু হলেও বর্তমানে ১০টি জেলায় এ কার্যক্রম রয়েছে। জার্মান দাতা সংস্থা জিআইজেড’র আর্থিক সহায়তা এ কার্যক্রম চলমান রয়েছে।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, জি আই জেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেয়াস কুক ও রুল অব ল প্রোগ্রামের প্রোগ্রাম হেড প্রমিতাসেন গুপ্তা প্রমুখ বক্তৃতা করেন।

কুমিল্লায় ৩০ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোলাবাড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ব্যাটালিয়ান (১০ বিজিবি) এর সদস্যরা।

শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, পিএসসি এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, গোলাবাড়ির মৃত ছিদ্দিক ভূইয়ার ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) ও আলেখারচরের আব্দুর রাজ্জাকের মেয়ে মোছাঃ ফারজানা (২৮)।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তারা ভারতীয় মাদক ব্যবসায়ীর কাছে থেকে সংগ্রহ করে মোঃ মামুন মিয়া (৩৫) নামের এক বাংলাদেশী মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করতে চেয়েছিল।

মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া পদুয়া বাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্তঃসত্ত্বা নারী সড়ক দুর্ঘটনায় নিহত, পেট ফেটে বের হয় জীবিত নবজাতক

 

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকচাপায় রত্না (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে। তবে নবজাতকটি বেঁচে থাকলেও দুর্ঘটনায় বাবা, মা ও বোন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার রাইমনি গ্রামের ফকিরবাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তাঁর স্ত্রী রত্না (৩০) ও মেয়ে সানজিদা (৬)।

জানা যায়, আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিংসংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন মারা যান। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। তবে গাড়িচাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। ঘটনার পর থেকে চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজেরেএকদিন পর এক কিলোমিটার দূরে ভেসে উঠেছে এক নারীর মরদেহ।

শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাজেবাহেরচর এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

মৃত নারীর নাম হালিমা বেগম (৬৫)। তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর মেয়ে। তার স্বামীর নাম দুলু মিয়া।

নিহতের ছোট ভাই বাবুল মিয়া জানান, শুক্রবার সকাল ১০টায় তার বড় বোন বাড়ির পূর্ব পাশে কিং বাজেহুরা এলাকায় গোমতী নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পরে বিকেলে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাজেবাহেরচর এলাকায় মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে আখাউড়া রেল সেকশনের মেরাসানী রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বরুড়ায় বিয়ের অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যানের বাড়িঘর ভাংচুর লুটপাট

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে বিয়ের অনুষ্ঠানের দিন বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে মাদক চুরিসহ একাধিক মামলার অসামী সন্ত্রাসী বাচ্চু ও তার সহযোগিরা। শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটে।

শনিবার বাচ্চু বাহিনী ওই পরিবারের লোকজনদের বাড়ির বাহিরে বের হতে না দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চাঁদাদাবী ও জমি সক্রান্ত বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বরুড়ার শাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন এর ছেলে আমীর হামজার বিয়ের অনুষ্ঠান ছিলো। বিকালে সাবেক চেয়ারম্যানের বড় ছেলে ওমর ফারুককে বাড়ির গেইটে পেয়ে সন্ত্রাসী বাচ্চু গুলি করে হত্যার হুমকি দিয়ে মারধর করে। পরে ওমর ফারুক এ ঘটনা বরুড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়। পুলিশ চলে যাওয়ার পর বাচ্চু মিয়া ক্ষিপ্ত হয়ে সন্ধায় তার বাহিনী নিয়ে এসে সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় বাচ্চু মিয়া এ বাড়ির বিদ্যুতিক সংযোগ কেটে দেয়। খবর পেয়ে পুনরায় পুলিশ আসলে তারা পালিয়ে যায়। পরের দিন ১৬ জুন শনিবার সকাল থেকে বাচ্চু ও তার বাহিনী দিয়ে সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিনের বাড়ি ঘেরাও করে বাড়ি থেকে কাউকে বের হতে দেয়নি। এ ঘটনা পুলিশকে জানালে দুপুরে আবারো পুলিশ ঘটনাস্থলে আসলে বাচ্চু বাহিনী সেখান থেকে সরে যায়। স্থানীয়রা জানান, বাচ্চুর অত্যাচারে অতিষ্ট হলে স্থানীয় ব্যবসায়ী, গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিরা ধরে বেধেঁ রেখেছিলো। পরে এসব অপকর্ম আর করবেনা বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়।

সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন জানান, সড়কের পাশে আমার একটি জমি দখলে নিতে চায় বাচ্চু নয়তো তাকে মোটা অংকের টাকা দিতে হবে। এ ঘটনায় আগে আমার উপর হামলা করে আমার মাথা ফাটিয়ে দেয় বাচ্চু। আমি তখন মামলা করেছিলাম। তাকে ওই জমিটি না দিলে আমাকে প্রতিনিয়ত হামলা ও এলাকা ছাড়ার হুমকি দামকি দিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অন্যার জমি দখল, চাঁদাবাজি, মাদক চুরিসহ একাধিক মামলা রয়েছে। বাচ্চু নিজেকে যুবলীগ নেতা দাবী করে পুরো শাকপুরে ত্রাসের রাজত্ব কায়েম করছে। বাচ্চুর অপকর্মের কেউ প্রতিবাদ করলে তার উপর চালানো হয় নির্যাতন। বাচ্চুর অত্যাচারে পুরো শাকপুরবাসী অসহায়। সঠিক তদন্ত করে বাচ্চুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। ভাংচুরের চিত্র ও তথ্য সংগ্রহ করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক চাঁন মিয়া (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে উজানিসার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশার সব যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চালক চাঁন মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন মারা যান। আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কুমিল্লার চান্দিনায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত করা প্রধান অভিযুক্ত গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়েকে ছুরিকাঘাত করার মূলহোতা মো. সজিব হোসেনকে (২০) সিলেট থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জুলাই) সকালে তাকে সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান।

আটক সজিব হোসেন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের শিমুল সরকারের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, চান্দিনা মহিলা কলেজের একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওই বখাটে যুবক। এতে কোনোভাবেই মেয়েটির মন জয় করতে পারেনি। গত ১২ জুলাই দুপুরে মেয়েটি চান্দিনার বাগানবাড়ি বাসা থেকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার পথে আরও দুই যুবককে সঙ্গে নিয়ে মেয়েটিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় আহত মেয়েটির মা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে তাকে আটক করি।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধ নিয়ন্ত্রণে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।