All posts by jitu

নগরীর বজ্রপুরে পাইপ দিয়ে পিটিয়ে যুবকের পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে  পাইপ ও হকিস্টিক দিয়ে রবিন (২০) নামের এক যুবককে পিটিয়ে পা গুলো ভেঙ্গে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

শনিবার (৯ জুলাই) ঈদের আগের রাত সাড়ে ৯ টার দিকে ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর প্রাইমারি স্কুলের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

আহত যুবক রবিন একই ওয়ার্ডের কাশারীপট্টি গ্রামের  অটোরিক্সাচালক জামাল হোসেনের ছেলে। আহত যুবক রবিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি বিভাগে চিকিৎসাধীন।

হামলাকারি পলাশ , মুন্না ও ইকরামসহ ৫ /৬ একই ওয়ার্ডের বজ্রপুর এলাকার বাসিন্দা।

আহত রবিন জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপুর প্রাইমারি স্কুলের সামনে আসার পর পলাশ প্রথমে আমাকে ডাক দিয়ে বলে তোর সাথে কথা আছে। এরপর মুন্না, ইকরামসহ আরো ৫/৬ জন আমার হাত দুটি বেঁধে হকিস্টিক দিয়ে হাতে মারতে থাকে। এরপর পাইপ এনে পা দুটি ভেঙ্গে রাস্তায় ফেলে দেয় । এর দুদিন আগে পলাশ আমার পায়ে ছুরিকাঘাত করেছিল। কি কারণে তারা এমন করছে তা আমি জানি না। তারা আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।

এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

 

নোয়াখালীতে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) ভোর ৪টার দিকে নোয়াখালী-ফেনী সড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজির যাত্রী ফোরকান উদ্দিন গুরুতর আহত হন। তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজিচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশে সোহেল, আমজাদ হোসেন ও ফোরকান উদ্দিন মোয়াজ্জেম চালক হৃদয়ের সিএনজিচালিত অটোরিকশায় উঠেন।

রোববার ভোর ৪টায় তাদের বহনকারী সিএনজিটি নোয়াখালী-ফেনী সড়কের সেতুভাঙা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই চালক হৃদয় ও সোহেল মারা যান। আহত আমজাদ হোসেন ও ফোরকানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোহেল ও আমজাদ হোসেনের মৃতদেহ জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দেবিদ্বারে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন এমপি রাজী ফখরুল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা -৪( দেবিদ্বার) সংসদীয় আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল উপজেলার বনকুট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ  আদায় করেছেন।

রবিবার সকালে ঈদের নামাজ আদায় শেষে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

 

এমপি বাহার ও মেয়র রিফাতের একসাথেই ঈদের নামাজ আদায়

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদ উল আযহার দিনে এক সাথেই  পাশাপাশি বসে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।

ঈদের জামাত আদায়ের পূর্বে সদর সাংসদ হাজী বাহার ও কুসিক মেয়র রিফাত বক্তব্য রাখেন। তারা কুমিল্লা মহানগরবাসিকে ঈদের শুভেচ্ছা জানান।

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলায় ১৪ জন নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার (১০ জুলাই) ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এবং একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলায় আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ বলছে, গুলি চালানোর পরপরই ঘটনাস্থল থেকে একটি মিনিবাসযোগে সটকে পড়ে হামলাকারীরা। তবে কেন এ হামলা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হতাহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর পর্যন্ত বলে জানা গেছে।

গৌতেং প্রদেশের পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে বলেছেন, গুলিটি “নিরীহ সরাইখানার পৃষ্ঠপোষকদের ওপর ঠাণ্ডা মাথায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলির ঘটনা নতুন নয়। বেশিরভাগই হামলার ঘটনা ঘটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে।

কুমিল্লা সদরে প্রেমিকার পেট্রোল আগুনে দগ্ধ প্রেমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে প্রেমিককে ডেকে নিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দগ্ধ প্রেমিক আরাফাত ইসলামের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ জুলাই) ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় আরাফাতের।

৬ জুলাই রাত ১০ টার সময় বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রেমিকা তাসফিয়ার ফোন পেয়ে যাওয়ার পর তার শরীরে পেট্রোল ঢেলে  আগুন ধরিয়ে দেয়া হয। এতে তার পুরো শরীর ঝলসে যায়। রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেয়া হয়। ঘটনার পরদিনই বড়দৈল এলাকা থেকে প্রেমিকা তাসফিয়া, তার ভাই অনিক ও মা রোকসানাকে আটক করেছে পুলিশ।

কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল ৮ টায়

নেকবর হোসেন :
কাল পবিত্র ঈদ উল আযহা। কুমিল্লায় ঈদ উল আযহার প্রধান জামাত সকাল ৮ টায় নগরীর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। ঈদ উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে কুমিল্লায় সব আয়োজন প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাসন।

কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান কুমিল্লাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাই যেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই। পরষ্পর সহযোগিতা, ভাতৃত্ববোধ এবং সম্প্রীতি ছড়িয়ে দেই। সম্ভব হলে কোরবানির মাংস সিলেট, সুনামগঞ্জসহ বানভাসি মানুষের জন্য পাঠানোর ব্যবস্থা করি। সবাই যেন করোনা স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশগ্রহণ করি। এদিকে জেলায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্বিঘ্নে ঈদের জামাত আদায়ের জন্য নির্দেশনা প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, সব ঈদগাহ এবং মসজিদেই করোনা স্বাস্থ্যবিধি মেনে নামাজ পরিচালিত হবে। সে জন্য জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।

কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের দেয়া তথ্য মতে, কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৮ টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮ টা, রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট, রেইসকোর্স নূর মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, দারোগাবাড়ি জামে মসজিদ সকাল ৮ টা ৩০ মিনিট, ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ সকাল ৮ টা ৩০ মিনিট, কেন্দ্রিয় কারাগার ঈদগাহ ৭টা, কালিয়াজুরি বড় মসজিদে প্রথম জামাত ৭টা এবং দ্বিতীয় জামাত ৮ টা ৩০ মিনিট, জানুমিয়া জামে মসজিদ সকাল ৮ টা, মুন্সীবাড়ি জামে মসজিদ সকাল ৮টা, আড়াইওড়া শাহী ঈদগাহ সকাল ৮টা, দূর্গাপুর দিঘীর পাড় ঈদগাহ সকাল ৮টা, কাসেমুল উলুম মাদ্রাসা সকাল ৮টা, বাঁগিচাগাও বড় মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, রানীর বাজার জামে মসজিদ সকাল ৭ টা ৩০ মিনিট, শাহসুজা জামে মসজিদ সকাল ৮টা। দক্ষিণ চর্থা কালুমিয়া জামে মসজিদ সকাল ৮টা।দক্ষিণ চর্থা বড় পুকুর পাড় জামে মসজিদ সকাল ৮টা।ডুলিপাড়া (উত্তর রসুলপুর) জামে মসজিদ সকাল ৮টা।উত্তর চর্থা হাজী বাড়ি জামে মসজিদ সকাল ৮টা।

দেবিদ্বারে ছুরিকাঘাতে যুবক খুন, আহত আরো ৪ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ  ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমেরিকা প্রবাসী সাজিদুর রহমানের ছুরিকাঘাতে মেহেদী হাসান শান্ত (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই সময় সাজিদুর রহমানের ছুরিকাঘাতে আরো ৪ যুবক আহত হয়।

শনিবার (৯ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির  জাকির হোসেনের ছেলে।

আহতরা হলেন নুরপুর গ্রামের মো: আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, রাসেল মিয়া ও ছিকাব আলম। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরপুর গ্রামের সরকার বাড়ির  আমেরিকান প্রবাসী  সাজিদুর রহমান সরকার ও হবির বাড়ির আল আমিনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাজিদুর রহমান এলাপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় মেহেদী হাসান শান্তসহ ৫ জন আহত হয। শান্তকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, কোন এজাহার দেয়নি বাদি পক্ষ। ঘাতককে গ্রেফতার করতে অভিযান চলছে।

চান্দিনায় আগুনে পুড়ে ছাই ৩৮ ব্যবসায়ীর ৪৩ দোকান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৩টায় উপজেলা সদরের মধ্য বাজারে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ হয় ভোর ৫টায়। ততক্ষণে ৩৮টি দোকান মালিকের ৪৩টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। এছাড়া ফুটপাতে থাকা অন্তত ২০টির বেশি ক্ষুদ্র দোকান পুড়ে যায়। ঈদের ঠিক পূর্ব মুহূর্তে এই অগ্নিরকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা।

সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়াসহ উপজেলা ও পৌরসভার কর্তকর্তার এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করেন। তাদের ওই তালিকায় ৪৩টি দোকানের তথ্য নিশ্চিত করা হয়।

বাজারের মুদি ব্যবসায়ী বিমল নন্দি দোকানের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাকরুদ্ধ। কারো কোনো কথারই জবাব দিচ্ছেন না। হঠাৎ বুক ফাঁটা চিৎকার করে বলে উঠলেন, ‘শুধু ক্যাশের মধ্যেই নগদ ১০ লাখ টাকা ছিল। আজকের শেষ বেচাটা বেচতে পারলেও তো হইতো।’

চান্দিনা চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির সভাপতি কাউন্সিলর দুলাল মিয়া জানান, অগ্নিকাণ্ডে আমার ৩টি দোকান পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঈদের ঠিক পূর্ব মুহূর্তে প্রতিটি দোকানেই ছিল মালামালে ভরপুর। শনিবার চাঁন রাতের বেচাকেনা করার জন্য অপেক্ষায় ছিল ব্যবসায়ীরা।

বাজারের মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি বাহারুল ইসলাম বাহার জানান, বাজারের যে অংশটিতে অগ্নিকাণ্ড ঘটেছে পুরো অংশটি পৌরসভা নির্মিত চাল বাজার। এ বাজারের ৪৩টি দোকানের মধ্যে ১৯টি দোকানই মুদি ব্যবসায়ীদের। বাকিগুলোতে চাল ও অন্যান্য দোকান রয়েছে। ৪৩টি দোকানের আশপাশে ফুটপাতে রয়েছে অন্তত ২০টির মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান। আগুনে সব পুড়ে ছাই।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আমাদের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। আশপাশের মার্কেটগুলোতে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে আমরা সেই চেষ্টা করেছি।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা শুনেন ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার পাশাপাশি ব্যবসায়ীদের পুনর্বাসন করতে পৌরসভাকে নির্দেশ প্রদান করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, থানার ওসি, বাজারের বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসাধারণের বিক্ষোভের মুখে এবার পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

 

আন্তর্জাতিক ডেস্ক:

জনসাধারণের বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর এএফপি’র।

শনিবার (৯ জুলাই) রাজধানী কলম্বোতে বিক্ষোভ-সমাবেশে জড়ো হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা।

দেশটির শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে কার্যালয় ছেড়ে পালিয়েছেন। তবে তিনি ভালো আছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এবার দেশটির প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন তারা।

শ্রীলঙ্কার একটি বেসরকারি সম্প্রচারমাধ্যম সিরাসা টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায় যে, এক সময়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়ছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের।

২৬ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর শ্রীলঙ্কার সামরিক বাহিনী ২০০৯ সালের তামিল টাইগারদের পরাজিত করার মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হয়। আর সেই গৃহযুদ্ধে বিজয় আসে প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের শাসনকালে। পরবর্তীতে আবারও নির্বাচনে জয়ী হয় এই পরিবার। ফলে দীর্ঘমেয়াদে শাসনভার পরিচালনার কারণে দুর্নীতিসহ নানাবিধ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।