All posts by jitu

দাউদকান্দিতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ নিহত ৩

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিঙ্গাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মেইনগর গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল প্রধান (২৫), একই গ্রামের শালু মিয়ার ছেলে মো. শরীফ (২৪) ও তাফসীর (১৭)। রাসেল কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামের একটি বাস দাউদকান্দির জিঙ্গাতলী এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসে।

সম্মাননা স্মারক পেলেন লেখক সাইদুল হাসান

স্টাফ রিপোর্টার:

ডিজিটাল সাহিত্য আড্ডা (ডি সা আ) সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২০ খ্রিঃ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে অবস্থান করেন বীর প্রতীক মোজাম্মেল হক, শিশুসাহিত্যিক ও ছড়াকার রহীম শাহ, কবি বিমল গুহ, কবি ও আইনজীবী কল্যাণী দেব চৌধুরী, কবি ও উপন্যাসিক এম এ আলিম, কবি নজরুল ইসলাম, কবি অরণ্যক বসু, কবি এ বি এম সোহেল রশিদ, কবি মোসলেহ উদ্দিন, কবি ইশতিয়াক হোসেন, আবৃত্তিশিল্পী বদরুল আহসান খান, কবি মিজানুর রহমান ও কবি গুল আফরোজসহ আরো অনেক গুণীজন।

একুশে পদক এবং বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও ছড়াকার রহীম শাহ্, (ডি সা আ) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আহমেদ কবির হিমেল এবং কবি ও চিত্রনায়িকা রুনু আঞ্জুমান- এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন নবীন লেখক সাইদুল হাসান।

উক্ত অনুষ্ঠানে ৭ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। লেখক সাইদুল হাসানসহ কুমিল্লার আরো ৪ জন কবিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন কবি ও উপন্যাসিক এম এ আলিম, কবি মিজানুর রহমান সরকার, কবি মুহাম্মদ উমর ফরহাদ। তাছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করা ৭১ জন কবির ৭১টি কবিতা দিয়ে সজ্জিত “স্বাধীনতার বাঁশিওয়ালা” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রাককথন লিখে দিয়েছেন জাতিসত্তার কবি নূরুল হুদা।

বইটি সম্পাদনা করেছেন প্রতিবাদী কবি জাইদুল ইসলাম। বইটিতে কবি সাইদুল হাসানেরও একটি কবিতা স্থান পেয়েছে। তাছাড়া বইটিতে বাংলাদেশ এবং ভারতের ৭১ জন কবির ৭১টি কবিতা স্থান পেয়েছে।

কুমিল্লার টমছমব্রিজ থেকে ২৩ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার;
কুমিল্লা মহানগরীতে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১১, সিপিসি-২ সদস্যরা।

শুক্রবার (৮ জুলাই) সকালে মহানগরীর টমছমব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার মুদারপুর (বড়বাড়ি) গ্রামের মোঃ মানিক মিয়া’র ছেলে মোঃ জুয়েল মিয়া(১৯)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

নেকবর হোসেন :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ২৫ জন।

শুক্রবার  (৮ জুলাই) সকালে একটি, গতকাল বৃহস্পতিবার দিবাগত এবং আজ ভোর রাতে দুইটি দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানায়, আজ শুক্রবার বেলা  ১১ টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা এলাকায় মামার মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় শ্রাবন্তি (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।  নিহত শ্রাবন্তি লাকসাম নবাব ফয়েজুন্নেছা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার পুরোনো ওয়েট স্কেলের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের চালকের সহকারী নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপর দিকে ভোর সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা আনিসুর রহমান ভূঁইয়া (৩৫) নামে এক যুবক নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। নিহত আনিসের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুরা গ্রামে। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন তিনি।

 

কুমিল্লায় ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে মাদক পরিবহন, আটক এক

নেকবর হোসেন :

কুমিল্লায় বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে মাদক পরিবহনের সময় ফেন্সিডিল এবং গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ( ৮ জুলাই) গভীর রাতে সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন কৌশল অবলম্বন করে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে মাদক পরিবহনের সময় ৪৪৮ বোতল ফেন্সিডিল এবং ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড এর ভাটারা থানার দক্ষিণ কুড়িল এর মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৪৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত  মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির ভিতর কুমিল্লা ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

 

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেকদিন ধরেই তিনি অসুস্থ। আজ সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি।

১৯৪৭ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

পরবর্তীতে ছোট পর্দায় মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।

এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শিনজো আবের ঘাতক সম্পর্কে যা জানা গেলো

 

আন্তর্জাতিক ডেস্ক:

একটি উন্মুক্ত জনসমাবেশে বক্তব্য রাখার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলি চালিয়েছেন এক ব্যক্তি। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিনজো আবে।

শুক্রবার (৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি রেলস্টেশনের বাইরে এ ঘটনা ঘটে। জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর ওপর হামলা চালানো ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই আটক করেছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলাকারীর নাম তেতসুয়া ইয়ামাগামি। তিনি ওই এলাকারই বাসিন্দা। ৪১ বছর বয়সী তেতসুয়া জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর সাবেক সদস্য বলে শোনা যায়।

হামলার আগে শিনজো আবের ১০ ফুট পেছনে দাঁড়িয়েছিলেন তিনি। আবে বক্তব্য রাখার মধ্যে তার ওপর দুবার গুলি চালান তেতসুয়া। সঙ্গে সঙ্গে রাস্তার ওপর পড়ে যান সাবেক প্রধানমন্ত্রী। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে তার রক্তাক্ত শরীর দেখা গেছে।

গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালানোর কোনো চেষ্টাই করেননি হামলাকারী। তাকে সঙ্গে সঙ্গে আটক করেন নিরাপত্তাকর্মীরা।

তেতসুয়াকে এখন নারা নিশি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারী পুলিশকে জানিয়েছেন, হত্যার উদ্দেশ্যেই তিনি আবের ওপর গুলি চালিয়েছেন। দাবি, তিনি শিনজো আবের ওপর অসন্তুষ্ট ছিলেন। তবে তার কারণ কী তা এখনো জানা যায়নি।

খবরে বলা হয়েছে, তেতসুনা শিনজো আবেকে গুলি করার জন্য একটি শটগান ব্যবহার করেছেন। সেটিও তিনি নিজেই তৈরি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়ে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো

 

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনী প্রচারে বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে।

গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লায় প্রেমিককে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় মোবাইল ফোনে ডেকে নিয়ে আরাফাত ইসলাম রবিন নামে এক কলেজছাত্রকে পিটিয়ে জখম এবং পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার গভীর রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রকে জেলার আদর্শ সদর উপজেলার বড়দৈল এলাকায় ডেকে নেয় এক কিশোরী (১৬)।

এ সময় তাকে পিটিয়ে গুরুতর জখম করে গায়ে পেট্রল ঢেলে দেওয়া হয়। এতে ওই যুবকের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়।

বৃহস্পতিবার এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

দগ্ধ আরাফাত ইসলাম রবিন (২০) একই উপজেলার আমতলী এলাকার ব্যবসায়ী রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী যুবকের পিতা রেজাউলের লিখিত অভিযোগে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টায় দোকান থেকে ২ লাখ টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে প্রেমিকার (১৬) ফোন পেয়ে বড়দৈল গ্রামে ছুটে যান রবিন। সেখানে কিশোরী (১৬), তার ভাই অনিক (২০), বাবা শফিক ড্রাইভারসহ (৫৫) কয়েকজন মিলে রবিনকে ধরে হাত-পা বেঁধে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে মারধরের পর রবিনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তার চিৎকারে আশপাশের লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। এতে তার পুরুষাঙ্গ ও শ্বাসনালিসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। পরিবার ও স্থানীয়দের সহায়তায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢামেকে প্রেরণ করা হয়।

রবিনের বাবা রেজাউল জানান, সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। ডাক্তাররা তার জন্য দোয়া করতে বলেছেন।

এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই সামসুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে গুনানন্দি গ্রাম থেকে প্রধান অভিযুক্ত অনিক ও কিশোরীকে (১৬) আটক করা হয়েছে। তদন্তের পাশাপাশি আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আহত রবিনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক আহতের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

কুমিল্লার বুড়িচংয়ে ডিশ বিল নিতে এসে শিশুকে ধর্ষণচেষ্টা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে ডিশের বিল নিতে এসে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হারুন ডিশ ক্যাবল প্রাইভেট লিমিটেডের ফিল্ড কর্মচারী মোছলেম উদ্দিনের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দুপুরে বাসায় একাই ছিল ওই শিশু। এ সময় ডিশের বিলের জন্য বাসায় আসেন মোছলেম উদ্দিন। এ সময় ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে সে। তখন ভুক্তভোগী শিশুটি চিৎকার শুরু করলে পাশের ঘরে থাকা তার মা দৌড়ে এসে মেয়েকে উদ্ধার করে। ওই সময় মোছলেম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটির মা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।