Tag Archives: আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০-২৫ জন। শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কামাল উদ্দিন শাহজাদাপুর গ্রামের মৃত সাদাত আলীর ছেলে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম।

ঘটনার বরাত দিয়ে ওসি জানান, উপজেলার শাহজাদাপুর গ্রামের একটি খাস কৃষি জমি নিয়ে স্থানীয় জুয়েল মেম্বার ও রিপন মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই সূত্র ধরে শুক্রবার দুপুরে জুয়েল মেম্বার ও তার লোকজন বিরোধপূর্ণ কৃষি জমির ধান কেটে নেয়। এরপর পুলিশ বিষয়টি জানতে পেরে সেই ধানগুলো তাদের কাছ থেকে জব্দ করে অপর পক্ষকে দেয়। এরই জেরে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। দুইপক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।

মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র পদযাত্রায় পুলিশের গুলি, আহত ২৫

 

চান্দিনা সংবাদদাতাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ‘পদযাত্রায়’ গুলি ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে পুলিশ। এতে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি, দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা খাদঘর ওই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন চান্দিনা থানায় কর্মরত কনস্টেবল শিপন হোসেন ও হাসান পারভেজ।

আহত বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, য্গ্মু আহবায়ক উজ্জ্বল, যুবদল নেতা আলমগীর হোসেন, দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের যুবদল নেতা খোকন খাঁন, বনকোট গ্রামের সোহেল। কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা (উঃ) জেলা বিএনপি’র অর্থ সম্পাদক আজহার মেম্বার, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা যুবদল নেতা ভিপি শাহীন, কুমিল্লা (ঊঃ) জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল আউয়াল সাইফুল, উপজেলা যুবদলের আহবায়ক অব্দুর রহমান, বিএনপি নেত্রী তাছলিমা বেগম, আলেয়া বেগম, রমজান হোসেনসহ আরও অন্তত ৪/৫ জন।

আহতদের চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা দাউদকান্দির দড়ানিপাড়া এলাকায় জড়ো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল। পুলিশের বাঁধার মুখে সেখান থেকে আমরা ফিরে এসে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পদযাত্রা শুরু করি। এসময় পুলিশ এসে আমাদের বাঁধা দেয়। পুলিশের এমন ভূমিকায় যুবদল নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে বাক-বিতন্ডা ও ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ এলোপাথারী গুলি বর্ষণ ও লাঠি চার্জ করে। এসময় চান্দিনা উপজেলা বিএনপি সভাপতিসহ বিভিন্ন উপজেলার আরও অন্তত ২৫জন নেতা-কর্মী আহত হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মহিলা দল নেতা তাছলিমা বেগম, আলেয়া বেগমের মধ্যে তাছলিমা বেগমের মাথা এবং হাতে বন্দুকের বাটের আঘাতে মারাত্মক জখম হয়েছে। তাকে আশঙ্কা জনক অবস্থায় কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা কর্মসূচী করছিলাম। এখানে এসে পুলিশ আমাদের বাঁধা দিয়ে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।

এ ব্যপারে দেবীদ্বার উপজেলার ভাণী অস্থায়ী পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান হামলা ও আহত হওয়ার সত্যতা স্বীকার করে শনিবার বিকেলে বলেন- এখন ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানাব বলে ফোনের সংযোগ কেটে দেন।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ‘বিএনপি নেতারা পদযাত্রার নামে মহাসড়কে বেড়িক্যাট সৃষ্টি করে উশৃঙ্খলতা করছিল। এসময় চান্দিনা থানা পুলিশ ও দেবীদ্বারে ভানী ক্যাম্প পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের উপর হামলা করে। চান্দিনা থানার দুই পুলিশ সদস্যকে আহত করে। আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে’।

চৌদ্দগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৫

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল প্রীতি ম্যাচে হেরে এক স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে অপর স্কুলের শিক্ষার্থীরা। এতে অন্তত ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চৌদ্দগ্রাম উপজেলায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট চলছিল। গত বৃহস্পতিবার গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের খেলা হয়। সেই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয় একাদশ পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ক্ষুব্ধ হয় পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার বিকালে উপজেলার গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয় একাদশ বনাম মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে সন্ধ্যায় যমুনা বাসে করে গুণবতী ফিরে যাওয়ার সময় পদুয়া রাস্তার মাথায় এলে পদুয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা অতর্কিত হামলা চালায়। এতে ২০-২৫ জন ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল বলেন, আমি এ ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। তারা কী ব্যবস্থা গ্রহণ করেন দেখি।

পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, যে ঘটনাটি ঘটেছে এটি খুবই ন্যক্কারজনক। খেলার দিন কোনো গণ্ডগোল হলো না, পরদিন কেন হামলা করতে যাবে? বিষয়টি রহস্যজনক। আগামী রোববার খোলার দিন স্কুলে গিয়ে সকল ছাত্রদের ডেকে ঘটনার বিষয়ে জানব। স্কুলের কেউ এ হামলায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ তৈয়ব হোসেন বলেন, আমাকে গুণবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন। আমি পদুয়া স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতির সঙ্গে কথা বলেছি, ঘটনা যে কেউ ঘটাক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

নেকবর হোসেন :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ২৫ জন।

শুক্রবার  (৮ জুলাই) সকালে একটি, গতকাল বৃহস্পতিবার দিবাগত এবং আজ ভোর রাতে দুইটি দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানায়, আজ শুক্রবার বেলা  ১১ টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা এলাকায় মামার মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় শ্রাবন্তি (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।  নিহত শ্রাবন্তি লাকসাম নবাব ফয়েজুন্নেছা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার পুরোনো ওয়েট স্কেলের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের চালকের সহকারী নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপর দিকে ভোর সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা আনিসুর রহমান ভূঁইয়া (৩৫) নামে এক যুবক নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। নিহত আনিসের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুরা গ্রামে। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন তিনি।