All posts by jitu

পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন রাতে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ (৪২) উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম মহিউদ্দিন সোহাগ তাঁর আপন ছোট বোনের স্বামী।

সোমবার (২৭ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়,পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন গত শুক্রবার রাতে আরটিভির অনলাইন নিউজ সংবাদ করে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ওই নিউজে উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কটূক্তি করে কমেন্টস করে আমি মুতি ছবি তলুম। পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা গত শনিবার সন্ধ্যায় তাঁর মুঠোফোন থানা হেফাজতে রেখে তদন্ত করে। এরপর সোমবার সন্ধ্যার দিকে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন,তাঁর ফেইসবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান,আপাতত তাকে ৬৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। লিংক গুলো কোথায় থেকে আসছে,পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ নবজাতকের নাম রাখা হলো পদ্মা, সেতু ও উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:

পদ্মা সেতুর উদ্বোধনের দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছে তিন নবজাতক। সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখার জন্য ওই তিন নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন। তারা সবাই ছেলেসন্তান।

পদ্মা, সেতু ও উদ্বোধন হবে এই তিন নবজাতকের ডাকনাম। নবজাতকদের বাবার নাম মিজানুর রহমান (৩৪)। পেশায় নির্মাণশ্রমিক মিজানুরের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামে। ২৫ জুন দুপুরে মিজানুরের স্ত্রী শিউলী খাতুন (২৬) অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে দুই নবজাতকের তদারকিতে আছেন বাবা মিজানুর রহমান এবং মামি আনোয়ারা বেগম। অন্য ওয়ার্ডে মায়ের কাছে আছে অন্য নবজাতক। বাচ্চারা সবাই সুস্থ আছে বলে জানালেন মিজানুর। অস্ত্রোপচার করে সন্তানের জন্ম হওয়ায় তাঁদের কয়েক দিন হাসপাতালে থাকতে হচ্ছে। আজ সোমবার দুপুরেও তাঁরা হাসপাতালে ছিলেন।

মিজানুর রহমান জানান, বাড়িতে তাঁর তিন মেয়ে আছে। সবার বড় মেয়েটির বয়স ১১ বছর। এবার একসঙ্গে তিন ছেলের বাবা হয়েছেন। এতে তিনি খুব খুশি। তিন ছেলের জন্ম নেওয়ার খবরে এলাকার পৌরসভার কাউন্সিলর স্বপন মোল্লা নাম রেখেছেন পদ্মা, সেতু ও উদ্বোধন। পদ্মা সেতু উদ্বোধনের দিন জন্ম নেওয়ায় দিনটিকে স্মরণীয় করে রাখতে ভালোবেসে তিনি এ নাম দিয়েছেন।

তবে চিকিৎসক ও নার্সরা ভিন্ন নাম রেখেছেন বলেও জানান মিজানুর রহমান। তিনি বলেন, হাসপাতালে তাদের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও ইসমাঈল। এগুলো পূর্ণ নাম হতে পারে। পদ্মা, সেতু ও উদ্বোধন হতে পারে ডাকনাম।

সূত্র: প্র.আ।

স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাসফিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কামাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপা উপজেলার বাহাদুরপুরের জাকির হোসেনের মেয়ে। সে কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত তাসফিয়ার পরিবারের সদস্যরা জানান, স্কুল শেষে বাড়ি ফেরার জন্য সড়ক পার হতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তাসফিয়া। প্রতিদিন সেসহ অন্যান্য শিক্ষার্থীদের স্থানীয়রা সড়ক পার করে দেন। এ সময় সিলেট অভিমুখে একটি ইউনিক কোম্পানির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে চলে আসে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপাকে বাসটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে বিক্ষুব্ধ জনগণ বাসটিকে আটক করে ভাঙচুর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

জমি দখলে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর সোনাগাজীতে জমি দখলে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সেনা সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন।

সোমবার সকালে সোনাগাজী পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউল হক (৬১), তার স্ত্রী ফেরদৌস আরা বেগম (৪৫) এবং তার ভাই আবদুল হক (৭৫)।

এদের মধ্যে জিয়াউল হককে ফেনী জেনারেল হাসপাতাল এবং তার স্ত্রী ও ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, জিয়াউল হকের সঙ্গে একই বাড়ির মাহবুল হকের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মাহবুল ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জিয়াউলের জমিতে টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালান।

এ সময় জিয়াউল হক বাধা দিলে মাহবুল হক, তার ছেলে সাইফুল ইসলাম রাজু, স্ত্রী রোশনারা বেগম, আসমা আক্তার, ভাড়াটে সন্ত্রাসী হোসেন আহমদ শামীম ও আবুল কাসেমসহ অন্যরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

অভিযোগের বিষয়ে মাহবুল হক বলেন, বিরোধপূর্ণ জায়গায় খুঁটি স্থাপন করতে গেলে জিয়াউল হক বাধা দেন। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ হয়।

এ ঘটনায় হামলার শিকার ফেরদৌস আরা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে পেঁয়াজবাহী ট্রাক উল্টে আহত ৩

 

ডেস্ক রিপোর্টঃ

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে ৩ জন আহত হয়েছেন।

পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

নিমসারে পিকআপ চুরির ১৫ মিনিটের মধ্যে চান্দিনা থেকে আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

দেশের অন্যতম বৃহৎ সবজি বাজার কুমিল্লার নিমসার থেকে পিকআপ চুরির মাত্র ১৫ মিনিটের মধ্যে চান্দিনায় আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকা থেকে পিকআপসহ তাদেরকে আটক করা হয়।

এসময় সোহেল (৩০) ও রাসেল (২৪) নামে আন্তঃ জেলা গাড়ী চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটক সোহেল ও রাসেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর গ্রামের ইসমাইল ফকিরের ছেলে।

পিকআপ চালক সুমন হোসেন জানান, আমি নিমসার কাঁচাবাজারের একটি আড়ৎ থেকে মাল উঠানোর জন্য গাড়িটি পার্কিং করে আড়তে যাই। ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখি আমার গাড়ি নাই। আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানায় কিছুক্ষণ আগে দুইজন লোক গাড়িটি নিয়ে পশ্চিমদিকে গেছে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল হোসেন জানান, আমরা মহাসড়কের হাড়িখোলা এলাকায় টহলরত অবস্থায় গাড়িটির গতিবিধি সন্দেহ হলে থামানোর সংকেত দিলে সেটি অমান্য করায় আমাদের সন্দেহ আরও ঘনিভূত হয়। পরে আমরা ধাওয়া করে নূরীতলা এলাকায় আটক করার সাথে সাথে গাড়ির মালিক পিছনে এসে হাজির হয়ে আমাদের বিস্তারিত জানান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আর কেউ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

চান্দিনার মহিচাইলে নৌকার গলা কাঁটা এখন বিদ্রোহী প্রার্থী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু মুছা মজুমদারকে  আ’লীগ দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সাংসদ ডা. প্রাণ গোপাল সমর্থিত গ্রুপের নেতা  এ.কে.এম রুহুল আমিন  বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ফলে নৌকার প্রার্থীর গলা কাটা হিসেবে আর্বিভূত হয়েছেন এই বিদ্রোহী প্রার্থী রুহুল আমিন।

স্থানীয় সূত্র জানায়, এমপি আলী আশরাফের মৃত্যুর পর চান্দিনা উপজেলা আ’লীগ এখন দুভাগে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত সাংসদ আলী আশরাফের ছেলে  উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটু।  অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সাংসদ ডা. প্রাণ গোপাল । বিগত কয়েক মাস আগে অনুষ্ঠিত চান্দিনার ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়। দলীয় কোন্দলের ফলে নৌকার প্রার্থীরা পরাজিত হয় বলে স্থানীয় একাদিক সূত্র দাবি করে। ওই নির্বাচনে স্থানীয় সাংসদ ডা. প্রাণ গোপাল গ্রুপের নেতৃবৃন্দ  যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারাই জয়লাভ করেন। স্থানীয় সূত্রমতে, বিদ্রোহী প্রার্থীদের বিজয়ী হওয়ার পিছনে এমপি প্রাণ গোপালের সমর্থন ছিল। নৌকার মনোনয়ন যারা পেয়েছিলেন তারা মুন্তাকিম আশরাফ টিটুর সমর্থিত গ্রুপের নেতৃবৃন্দ ছিলেন।

মহিচাইল নির্বাচনেও নৌকার মনোনয়ন পেয়েছেন টিটুর সমর্থিত আবু মুছা মজুমদার। অপর দিকে বিদ্রোহী প্রার্থী রুহুল আমিন এমপি প্রাণ গোপালের লোক। ফলে বিগত ইউপি নির্বাচনের মত দলীয় কোন্দলে নৌকার ভরাডুবি হতে পারে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

মহিচাইল ইউনিয়ন এমপি প্রাণ গোপালের বাড়ি। ওই ইউনিয়ন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের বাড়িও। ফলে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে এলডিপিরও একজন প্রার্থী রয়েছেন । চান্দিনা উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদলের সভাপতি মু. সাখাওয়াত হুসাইন সাক্কু এলডিপি দলের প্রার্থী। নৌকা ও বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে লাভবান হতে পারে এলডিপির প্রার্থীর।

স্থানীয় একাধিক আওয়ামীলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় কোন্দল নিরসন না হলে নৌকার প্রার্থীর ভরাডুবি হতে পারে। বিদ্রোহী প্রার্থী স্থানীয় সাংসদের লোক। এছাড়া এখানে এলডিপির প্রার্থীও রয়েছেন। ফলে ত্রিমুখী লড়াইয়ে নৌকার প্রার্থী সংকটে পড়তে পারে।

এই বিষয়ে  জানতে  স্থানীয় সাংসদ ডা. প্রাণ গোপাল ও উপজেলা আ’লীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটুর মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আবু মুছা মজুমদার সর্বমোট ৩ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হন। আ’লীগের বিদ্রোহী প্রার্থী এ.কে.এম রুহুল আমিন (আনারস) পেয়েছিলেন সর্বমোট ৩ হাজার ৩০৫ ভোট, মো. কামরুল হাসান ভূইয়া (ধানের শীষ) পেয়েছিলেন সর্বমোট ২ হাজার ৭৭৮ ভোট।

চান্দিনার মহিচাইলে নৌকার মাঝি আবু মুছা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু মুছা মজুমদারকে  দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রোববার (২৬ জুন) বিকেল ৩টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আবু মুছা মজুমদার সর্বমোট ৩ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হন।  আ’লীগের বিদ্রোহী প্রার্থী এ.কে.এম রুহুল আমিন (আনারস) পেয়েছিলেন সর্বমোট ৩ হাজার ৩০৫ ভোট, মো. কামরুল হাসান ভূইয়া (ধানের শীষ) পেয়েছিলেন  সর্বমোট ২ হাজার ৭ ৭৮ ভোট।

 

 

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ে বন্যায় একটি মানুষও না খেয়ে ও বিনা চিকিৎসায় মারা যায়নি

ডেস্ক রিপোর্ট:

করোনার মতো বন্যাও একসঙ্গে মোকাবিলা করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশের মধ্যে এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ ও সিলেটের মানুষ। বন্যার শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করেছেন বলেই একটি মানুষও না খেয়ে ও বিনা চিকিৎসায় মারা যায়নি। সেনাবাহিনীসহ সরকারের সব বিভাগ তার তত্ত্বাবধানে একযোগে কাজ করায় শতবছরের মধ্যে ভয়াবহ এ বন্যা আমরা ভালোভাবে সামাল দিতে পেরেছি।

সোমবার (২৭ জুন) দুপুর দেড়টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি, ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় বিভাগীয় ও জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন হাসপাতাল ও সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা সবাই টিম ওয়ার্কের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে পেরেছিলাম বলে কোভিডকে ভালোভাবে মোকাবিলা করতে পেরেছি। বিশ্বের ২০০টি দেশের মধ্যে করোনা মোকাবিলায় আমরা পঞ্চম সফল দেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম। তেমনি আমরা সবাই একইভাবে ভয়াবহ বন্যাও মোকাবিলা করতে পারবো। কেউ বিনা চিকিৎসায় ও না খেয়ে মরবে না।

তিনি আরও বলেন, যারা করোনার টিকা নেওয়ার যোগ্য আছেন এমন ৯৮ ভাগ মানুষকে আমরা টিকা দিয়েছি। বিশ্বের অনেক দেশ আছে করোনার ১০ ভাগ টিকাও এখনো তাদের নাগরিকদের দিতে পারেনি। প্রধানমন্ত্রীর গাইডলাইনের কারণে আমরা সফল হয়েছি।

চান্দিনায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা

 

স্টাফ রিপোর্টারঃ

আজ সোমবার (২৭ জুন) নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ১০০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষকদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম তুলে ধরেন।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর জনাব এস এম রিফাত শাহরিয়ারের অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

প্রধান শিক্ষক মোঃ কামরুল কবীর তার বক্তব্যে বলেন, অভিবাসনকে নিরাপদ, সুষ্ঠ, নিয়মিত করতে সকল শ্রেণি পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কুমিল্লা যেহেতু দেশের শীর্ষ অভিবাসন প্রবন জেলা, সেহেতু শিক্ষার্থীরা খুব সহজে অভিবাসনের সঠিক বার্তা শহরাঞ্চল এবং গ্রামঞ্চলে পৌঁছে দিতে পারবে। ফলে মানুষ দালালের হাত থেকে রক্ষা পাবে। তিনি এ ধরনের কর্মশালার আয়োজন করার জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে আন্তরিক ধন্যবাদ জানান।