All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ায় চাকরির নামে প্রতারণার অভিযোগে এমপিপুত্রের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

চাকরির নামে প্রতারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য উকিল আব্দুস ছাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল হাসান তুষারের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে হোসনা আক্তার নামের এক নারী বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টার রোলে অফিস সহায়ক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ পদে চাকরির জন্য উপজেলার গুনারা গ্রামের মৃত রহমত হোসেনের মেয়ে হোসনা আক্তার আবেদন করেন। চাকরির পূর্ণ নিশ্চয়তার জন্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্যের ছেলে মাইনুল হাসান তুষারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। মাইনুল হাসান তুষার হোসনা আক্তারের কাছে সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন।

হোসনা আক্তার নিজের স্বর্ণালঙ্কার বিক্রিসহ ধারদেনা করে চাকরি পাওয়ার আশায় সেই টাকা যোগাড় করেন। একই বছরের ৫ জুলাই সকালে জেলা শহরের মেড্ডা সবুজবাগে মাইনুল হাসান তুষারের হাতে চাকরির জন্য সাড়ে ৩ লাখ টাকা দেওয়া হয়। টাকা পাওয়ার পর তুষার তার বাবা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্যের সিল ও স্বাক্ষরসহ সুপারিশ করা একটি দরখাস্ত হোসনা আক্তারের কাছে দিয়ে তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দিতে বলেন এবং সিভিল সার্জনের নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে বাসা থেকে বিদায় করেন।

অফিস সহায়ক পদে অন্য প্রার্থীদের চাকরি হলেও সুপারিশকৃত আবেদন জমা দেওয়ার পরও হোসনা আক্তারের চাকরি হয়নি। পরে লোকজন নিয়ে তুষারের বাসায় গিয়ে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন। এ নিয়ে বিভিন্নভাবে টালবাহানা করায় অবশেষে আদালতে মামলা করেন ভুক্তভোগী।

বাদী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের হাকিম আফরিন আহমেদ হ্যাপি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাইনুল হাসান তুষার বলেন, ‘যে নারী আমার বিরুদ্ধে মামলা করেছেন তার নাম এ প্রথম শুনলাম। আমার বাবা ছয়বারের সংসদ সদস্য। তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। আজ পর্যন্ত আমাদের পরিবারের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি। একটি পক্ষ আমাকে ও আমার বাবাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা করেছেন। বিষয়টি প্রমাণ করার পর তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘আদালত থেকে এখনো কোনো কাগজ এসে পৌঁছায়নি। হাতে কাগজ পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লায় পৃথক পৃথক অভিযানে ১২১ কেজি গাঁজাসহ আটক ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১২১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৮৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে বুড়িচং উপজেলার নাজিরা বাজার ঘোষনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩২)।

শুক্রবার (১০ জুন) সকালে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লার কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে বুড়িচং উপজেলার পূর্ব খোদাই ধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (২৫)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে শুক্রবার সকালে কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। তারা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম (৩০) এবং কুমিল্লার জগন্নাথপুর গ্রামের হারুন খানের ছেলে মোঃ জুয়েল রানা (২৭)।

আমরা কখনই গরিব মারার বাজেট দেইনি, গরিব হওয়ার যন্ত্রণা আমি বুঝি : অর্থমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত তিন বছরে আপনারা ঠকেননি। আমরা কখনই গরিব মারার বাজেট দেইনি। গরিব হওয়ার যন্ত্রণা আমি বুঝি। এবারের বাজেট ছাড়া আমি গত তিন বছরে তিনটা বাজেট দিয়েছি। এবারের বাজেটসহ গত তিনবারের কোনো বাজেটই গরিব মারার ছিল না। আমরা সবসময় দেশের জনগণের কথা চিন্তা করে বাজেট দেই।’

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন করেন- অনেকে এই বাজেটকে গরিব মারার বাজেট বলছে, আপনি এই বাজেটকে এক কথায় কী বলবেন? জবাবে মন্ত্রী ওইসব কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই বছরের যেই বাজেট প্রণয়ন করেছি, সেটি আমার মনে হয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, দেশের মানুষের ক্রয়ের বাজেট। সবাইকে উদ্বুদ্ধ করার জন্যই এবারের বাজেট দেওয়া হয়েছে। গত তিন বছর (২০১৮ থেকে ২০২১ সাল) আপনারা ঠকেননি। যা বলেছি, তাই হয়েছে। গরিব হওয়া যে কত কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে বুঝি। প্রত্যেকটা গরিব মানুষকে সামনে রেখেই বাজেট করি। সুতরাং এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কারণ নাই।’

‘তবে একটা বিষয় মনে রাখবেন, যখনই কোনো চ্যালেঞ্জ আসে, চ্যালেঞ্জ শুধু একা আসে না- চ্যালেঞ্জ সুযোগও নিয়েও আসেন। যেমন আমাদের রপ্তানি আয় বেড়েছে। এই মুহূর্তে বিশ্বের কোনো দেশের ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করে না। কিন্তু আমরা করছি। সেজন্যই বলি, চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে অনেক সুযোগ তৈরি হয়।’

দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের অনেক পণ্যের দাম একটু বেশি, এটা সত্য। তবে এটা হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। যার ফলে সারাবিশ্বেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এখানে কারো হাত নেই। এজন্য অনেকে গরিব মারার বাজেট বলছে। তবে আমরা গরিববান্ধব। দেশের সাধারণ জনগণকে গুরুত্ব দিয়েই আগামী বাজেট তৈরি করেছি।’

অর্থমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান, অর্থসচিব, পরিকল্পনা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট গতকাল (বৃহস্পতিবার) জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেটের মূল স্লোগান কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। যেখানে মূল লক্ষ্য সক্ষমতার উন্নয়ন।

বৈশ্বিক ঝুঁকি কাটিয়ে অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরানোই এবারের বাজেটের মূল লক্ষ্য।

প্রস্তাবিত এই বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৪ লাখ ৩১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। মোট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি মেটানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

জনপ্রতিনিধি হিসেবে নয়, আমি আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই- নুরে আলম বাবু

রেজাউল করিম রাসেল:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে  ট্রাক্টর প্রতিকের কাউন্সিলর প্রার্থী নুরে আলম বাবু  শুক্রবার বিকেলে নিজ বাড়িতে উঠোন  বৈঠক করেন। এ সময় শত শত নারী ভোটার উপস্থিত ছিলেন।

এক সময় ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের জনপ্রিয় এ নেতা বর্তমানে একটি কলেজের শিক্ষক। তিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে এই ওয়ার্ডের মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে নয়, আমি আপনাদের সন্তান , ভাই এবং সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও ভোট আমাকে কাংখিত লক্ষ্যে নিয়ে যাবে। আমি আপনাদের হতাশ করবো না। আমি সৎ জীবনযাপন করতে পচ্ছন্দ করি। সততা নিয়েই আজীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

দ্রৌপদী মুর্মু কি ভবিষ্যতের রাষ্ট্রপতি?

 

ডেস্ক রিপোর্ট:

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ১৮ই জুলাই। ফল প্রকাশিত হবে ২১শে জুলাই। রাষ্ট্রপতি নির্বাচিত হন বিভিন্ন রাজ্যের বিধায়ক ও সংসদ সদস্যদের ভোটে। প্রতিটি ভোটের মূল্য ধার্য আছে। বিজেপি নিয়ন্ত্রিত এনডিএ ১৩ হাজার ভোট পেলেই কেল্লা ফতে করবে। সেই কারণে তারা ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি এবং বিজু জনতা দলের নবীন পাটনায়েকের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। একা ইউপিএ এই ভোটে কিছু করতে পারবে না বুঝেই সোনিয়া গান্ধী টেলিফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সীতারাম ইয়েচুরিকে। বিরোধী ভোট একাট্টা করতে চান সোনিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ১৯ হাজার ২২০৬। এনডিএর হাতে আছে ৫ লক্ষ ২৬ হাজার ৪২০।

ইউপিএর হাতে ২ লক্ষ ৫৯ হাজার ৩৯২। তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দল, সমাজবাদী পার্টি এবং বামেদের সম্মিলিত ভোট মূল্য ২ লক্ষ ৯২ হাজার ৮৯৪টি। অর্থাৎ, ওয়াইএসআর কংগ্রেসের সাড়ে ৪৩ হাজার ভোট এবং বিজু জনতা দলের ৩১ হাজার ৭০০ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই বিজেপির নজর সেই দিকে। কিন্তু রাষ্ট্রপতি পদে কে? যেভাবে চার বছর আগে পাটনার রাজভবন থেকে রামনাথ কোবিন্দ কে তুলে এনে তারা চমক দিয়েছিলো, এবারও কি তাই হতে চলেছে? দ্রৌপদী মুর্মু কি ভবিষ্যতের রাষ্ট্রপতি? সময়, একমাত্র সময় এই প্রশ্নের জবাব দেবে।

নগরীর দক্ষিণ চর্থার রিকসার গ্যারেজ থেকে গাঁজা উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার রিকসা গ্যারেজ থেকে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত মুকছুদুল হক আলবিকে (২৬) আটক করা হয়েছে।

আটক হওয়া মুকছুদুল হক আলবি নগরীর মনোহরপুর এলাকার মৃত. মনিরুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টায়  গোপন সংবাদের ভিত্তিতে  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেত্বতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ কাইছার হামিদ, এসআই  মোঃ আব্দুস সাত্তার, মোঃ মফিজুল ইসলাম খান,সমির গুহ, এএসআই  বিষ্ণু কুমার রায় সঙ্গীয় ফোর্স  নগরীর দক্ষিণ চর্থা রিক্সা গ্যারেজ রোড জনৈক মোঃ আবুল কালামের ৬ ষ্ঠ তলা বসত বিল্ডিংয়ের দক্ষিণ পাশে মোস্তাফিজুর রহমানের খালি প্লট হতে ৭২ কেজি গাঁজাসহ  মুকছুদুল হক আলবিকে আটক করেন।

বাড়ি ফেরার পথে চলন্ত বিমানেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদরের ধনুয়াখলা পশ্চিম পাড়ার সৌদি আরব প্রবাসী আবুল কালাম। হতভাগ্য এক প্রবাসী বহুদিন পরে বাড়িতে এলেন ঠিকই, তবে প্রাণহীন দেহ নিয়ে। দেশে আসার জন্য বিমানে উঠেছিলেন জীবিত, কিন্তু বিমানবন্দরে নামলেন লাশ হয়ে।

সৌদী প্রবাসী আবুল কালাম গতকাল ৮জুন বূধবার বিকাল ৩টায় সৌদী আরব থেকে দেশে আসার সময় উড্ডয়নরত বিমানের ভেতরেই ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন।)

আজ মরদেহ বাড়ি নিয়ে এলে প্রবাসী আবুল কালামের বাড়িতে চলেছে শোকের মাতম।

মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক আমির লিয়াকত

 

ডেস্ক রিপোর্টঃ

মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় টকশো উপস্থাপক ও সাবেক এমএনএ আমির লিয়াকত হুসাইন (৫০)। জানা গেছে, করাচির নিজ বাড়িতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর ডন ও জিও টিভির।

করাচি পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে, গতকাল বুধবার রাতে বুকে ব্যথা উঠলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান আমির লিয়াকত।
জানা গেছে, গেল মে মাসে বিয়ের চার মাসের মাথায় এই জনপ্রিয় উপস্থাপককে ডিভোর্স দেন তার তৃতীয় স্ত্রী সৈয়েদা দানিয়া শাহ (১৮)। এছাড়া ইমরান খানের দল পিটিআইয়ের টিকেটে তিনি এমএনএও নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লার গোমতী নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার গোমতী নদী থেকে ইয়ামিন হোসেন রবি (২৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়ামিন হোসেন রবি কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে গোমতী নদীর টিক্কারচর অংশে একটি মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জনগণের সঙ্গে বারবার প্রতারণা করেছে বিএনপি: এমপি হানিফ

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি একটি প্রতারক দল, নির্বাচনে অংশ নেবে না মুখে বললেও বাস্তবে তাদের নেতারা নির্বাচন করছেন। বিগত ১৩ বছরে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে, এর কারণে দেশের জনগণ সব নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার জয় হবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় হোটেল নূর মহলে আয়োজিত মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ও কালীরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দর আলীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় হানিফ বলেন, বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনো রাস্তা রাখেননি। তারা জনগণের সঙ্গে বারবার প্রতারণা করেছে, হাওয়া ভবন বানিয়ে দেশের সম্পদ লুট করেছে, ক্ষমতায় থেকে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাই না। ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সে বিষয়ে মতবিনিময় করার জন্য কুমিল্লায় এসেছি। মহানগর এলাকায় নির্বাচন থাকায় সেখানে না গিয়ে নির্বাচনী এলাকার বাইরে কর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম করেছি।

সূত্র-যুগান্তর