All posts by jitu

চৌদ্দগ্রামে জাতীয় তেলের পাইপলাইনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় তেলের পাইপলাইনের গর্তে পড়ে ইসমাইল হোসেন নাঈম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১ ঘটিকায় চৌদ্দগ্রাম লাকসাম সড়ক সংলগ্ন দেড়কোটা এলাকায় নির্মাণাধীন জাতীয় তেলের পাইপলাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নাইম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের খোকন ভুঁইয়ার ছেলে এবং দেড়কোটা নূরানী মাদ্রাসার ১ম জামাতের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটাসহ বিশাল একটি অংশজুড়ে জাতীয় তেল পাইপ লাইনের কাজ চলমান রয়েছে। পাইপগুলো ঢেকে দেওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ফসলি জমি থেকে গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে। প্রতিটি গর্ত প্রায় ৮-১০ ফুট পর্যন্ত গভীর। শিশু নাঈম শখের বসবর্তী হয়ে পাইপ লাইনের গর্তগুলো দেখতে গিয়ে অসাবধানতা বশত পড়ে পানিতে ডুবে মারা যায়।

নিহতের জেঠাতো ভাই পল্লী চিকিৎসক ফরিদ আহমেদ জানান, দুপুর ১টায় আমার আরেক ভাতিজিসহ ইসমাইল ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর ভাতিজী বাড়িতে এসে চিৎকার দিয়ে জানায় ইসমাইল গর্তে পড়ে গেছে। আমরা সাথে সাথে তেলের পাইপলাইনের সামনে গিয়ে ড্রেন থেকে ইসমাইলকে মৃত অবস্থায় উদ্ধার করি।

স্থানীয় ইউপি মেম্বার মাহফুজ মজুমদার বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান তেলের লাইনের গর্তে পাইপ ঢুকানোর পর মাটি ভরাট করেনি। যার কারণে শিশু নাঈম গর্তে পরে মৃত্যুবরণ করেছে। আমরা সরকারের কাছে ঠিকাদারী প্রতিষ্ঠানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি করছি। জাতীয় তেল লাইনের কুমিল্লা অঞ্চলেল দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী জাকির হোসেন বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি এই মাত্র জানলাম। নিয়ম অনুযায়ী পাইপ লাইনের কাজ শুররু করার আগে বিশাল এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার নিয়ম রয়েছে। সে বেষ্টনীর ভিতরে কোন সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। পাইপলাইনের পাশে যদি গর্ত করা হয়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান গর্তগুলো ভরাট করে দিতে হবে। এটা জাতীয় তেল পাইপ লাইনের নিয়ম। এতে কারো দায়িত্ব অবহেলা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে !

 

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপে মাঠে নামার মধ্য দিয়েই লিওনেল মেসি গড়তে যাচ্ছেন দারুণ এক কীর্তি। প্রথম আর্জেন্টাইন হিসেবে খেলবেন পাঁচটি বিশ্বকাপ। প্রসঙ্গক্রমেই উঠল পরের বিশ্বকাপ; অবাক করে দিয়ে সেখানে খেলার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি আর্জেন্টিনা অধিনায়ক।

কাতার বিশ্বকাপসহ বিভিন্ন বিষয়ে টিওয়াইসি স্পোর্টস এর সঙ্গে কথা বলেছেন মেসি। সোমবার প্রকাশিত বিশদ ওই সাক্ষাৎকারেই ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন পিএসজি তারকা।

কাতার বিশ্বকাপের আগে, আগামী জুনেই ৩৫ বছর পূর্ণ হবে মেসি। তারপরের বিশ্বকাপ হবে ২০২৬ সালে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। তখন তার বয়স হবে ৩৯। ওই বয়সে ফুটবল খেলা চালিয়ে যাওয়া এবং বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া ভীষণ কঠিন। মেসি নিজেও মানছেন সেটি।

“সত্যিটা হলো আমি শুধু এই বিশ্বকাপ নিয়ে ভাবছি, এরপর দেখা যাবে কী হয়। অনেক কিছুই ঘটতে পারে, ফুটবল খুব পরিবর্তনশীল। সত্যিই এটা আমার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু বিষয়টি এই মুহূর্তে আমার কাছে স্পষ্ট নয়।”

“একটা সময় যেমন কল্পনায়ও ছিল না আমি বার্সেলোনা ছাড়া অন্য কোথাও খেলব। কিন্তু হঠাৎ একদিন আমাকে চলে যেতে হলো।”

তাই ২০২৬ বিশ্বকাপে তার খেলতে চাওয়া বা খেলা সম্ভব কি-না, তা নিশ্চিত নয়। তবে দরজা আপাতত খুলে রাখলেন মেসি।

সব ঠিক থাকলে এবার মেসির মতো পঞ্চম বিশ্বকাপ খেলবেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গিলের্মো ওচোয়া ও আন্দ্রেস গুয়ার্দাদো।

আগে এই কীর্তি গড়েছেন কেবল মেক্সিকোর আন্তোনিও কারবাহাল ও রাফায়েল মার্কেস, জার্মানির লোথার মাথাউস এবং ইতালির জানলুইজি বুফনের।

চান্দিনায় পৌর ছাত্রলীগনেতাকে গ্রেফতার করে মামলায় ফাসাঁনোর চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

বিগত  ইউপি নির্বাচনে কুমিল্লার চান্দিনার বরকড়ই ইউনিয়নে নৌকা প্রতীকের উঠান বৈঠককে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট কর্তৃক দায়ের করা মামলায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজিবকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।  তবে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। মিথ্যা মামলায় আসামি করে সজিবকে গ্রেফতার দেখিয়ে ফাসাঁনোর চেষ্টা করা হয়েছে বলে পৌর ছাত্রলীগ কর্তৃপক্ষ দাবি করে।

সোমবার (৩০ মে) রাতে চান্দিনা থানার সামনে থেকে সজিবকে গ্রেফতার করে থানা পুলিশ।

পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব জানান, আমি পৌর এলাকার বাসিন্দা। রাজনীতি করি পৌর এলাকায়। বিগত নির্বাচনে বরকরই ইউনিয়নে নৌকার পক্ষে উঠান বৈঠক করার সময় ম্যাজিষ্ট্রেটের সাথে কথা কাটাকাটির মামলায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সেই অজ্ঞাত মামলায় আমাকে আসামি দেখিয়ে ফাসাঁনো হয়েছে। মূলত আমি মোন্তাকিম আশরাফ টিটু ভাইয়ের সাথে আছি। এটাই আমার  অপরাধ। ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি, এটাই আমার অপরাধ। আ’লীগের অপর পক্ষ আমাকে মিথ্যা মামলায় হয়রানি করার চেষ্টা করছে।

পৌর ছাত্রলীগের সভাপতি মো: ইকবাল জানান, ওই মামলায়  ৪ জনের নামে মামলা হয়েছিল। অজ্ঞাত আসামি ছিল ১ শত জন। সজীবকে অজ্ঞাত আসামির তালিকায় যুক্ত করে গ্রেফতার করে পুলিশ। সজীব ওই মামলার ঘটনায় জড়িত ছিল না। সজীবের অপরাধ সে মূল ধারার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তার অপরাধ সে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছে। চান্দিনায় ছাত্রলীগের রাজনীতিকে সমূলে ধ্বংস করার জন্য অপচেষ্টা চলছে। এখানে আ’লীগের একটি অংশ বিএনপি-জামায়াতের দোসরদের এখানে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে। অপশক্তিগুলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক শেখ হাসিনার হাতকে দুর্বল করতে চায়। তাই তারা মিথ্যা মামলায় আমাদের হয়রানি করছে। আমরা এমন মিথ্যা মামলায় হয়রানির ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চান্দিনার থানার ইন্সপেক্টর (তদন্ত) এর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেন নি।

মাঙ্কিপক্স : আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা

 

লে. কর্ণেল নাজমুল হুদা খান:

আড়াই বছর ধরে পৃথিবী কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইরত। এ অতিমারী শেষ না হতেই আফ্রিকা অঞ্চলের বিরল মাঙ্কিপক্স হঠাৎই আফ্রিকার সীমানা ছাড়িয়ে ইউরোপ আমেরিকার বেশ কয়টি দেশে ছড়িয়ে পড়েছে। সংখ্যায় খুব বেশি না হলেও, আতঙ্ক ছড়াচ্ছে পৃথিবীব্যাপী। ইতোমধ্যে ২০টি দেশে প্রায় ৩০০ জনের মধ্যে সংক্রমণ ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি বৈঠকে এ বিষয়ে নীতিনির্ধারণী বৈঠক করেছে এবং বিশ্ববাসীকে সতর্কবাণী দিয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ও এশিয়ার কোন দেশে এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি।

মাঙ্কিপক্সের পরিচয় : প্রকৃতপক্ষে মাঙ্কিপক্স মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশসমূহের গভীর অরণ্য এলাকার এক ধরনের ভাইরাস সংক্রমিত রোগ। তবে রোগটির নাম মাঙ্কি ভাইরাস হলেও এ রোগের জীবাণুর আঁধার কিন্তু শুধু বানর নয়, ইঁদুর বা কাঠবিড়ালি জাতীয় প্রাণীর দেহেও এর অস্তিত্ব পাওয়া যায়। তবে সর্বপ্রথম গবেষণায় ব্যবহৃত বানরের দেহে এ রোগ শনাক্ত হয় বলে এর নাম মাঙ্কিপক্স বলে ধারণা করা হয়। মূলত সংক্রমিত ইঁদুর বা কাঠবিড়ালিজাতীয় প্রাণীকে খাবার হিসেবে ব্যবহারই প্রাথমিকভাবে এ রোগের কারণ হিসেবে জানা যায়।

গোড়ার কথা : ১৯৫৮ সালে ডেনমার্কের এক গবেষণাগারে ব্যবহৃত বানরের শরীরে এ রোগ শনাক্ত হয়। তবে মানুষের শরীরে এ রোগের অস্তিত্ব¡ পাওয়া যায় মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ১৯৭০ সালে। ১৯৭০-৮০ সাল পর্যন্ত অর্ধশত মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়। তৎপরবর্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরীপে ১৯৮০-৯০ সময়কালে একই দেশে প্রায় তিন শতাধিক রোগীর সন্ধান মিলে যাদের ৩৩ জনের মৃত্যু ঘটে। এ সময় প্রতিবেশী দেশ লাইবেরিয়া, আইভরি কোস্ট, সিয়েরালিওন ও নাইজেরিয়াতে এ রোগ ছড়িয়ে পড়ে। ১৯৯১-১৯৯৯ সালে কঙ্গোতে দ্বিতীয়বারের মতো এ রোগের সন্ধান মিলে। এ সময় প্রায় ৫০০ জনের দেহে এ ভাইরাসের সংক্রমণ ঘটে। ২০০৩ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে প্রায় ৭০ জনের দেহে মাঙ্কিপক্স রোগ দেখা দেয়। জরিপে দেখা যায় যে, ঘানা থেকে আমদানিকৃত একটি ইঁদুরের খামারে কর্মরত শ্রমিকদের মধ্যে মূলত এ রোগ ছড়িয়ে পড়ে। কঙ্গোতে পুনরায় ২০১১-১৪ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় ২০০০ জনের মধ্য এ রোগের সংক্রমণ ঘটে। এ যাবৎকালে সবচেয়ে বেশি ৩০০০ জন আক্রান্ত হয় নাইজেরিয়ায় ২০১৭-১৯ সাল পর্যন্ত। ২০১৮ সালে যুক্তরাজ্যে এবং ২০১৯ সালে সিঙ্গাপুরে সর্বপ্রথম একজন করে ব্যক্তি মাঙ্কিপক্স রোগে সংক্রমিত হয়, যারা সমসাময়িক কালে নাইজেরিয়া ভ্রমণ করেছিল। ২০২১ সালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত করা হয়, তারা দুজনই নাইজেরিয়া ফেরত ছিল। তবে ২০২২ সালের মে মাসেই প্রথম কমিউনিটিতে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ে; এমনকি তাদের আফ্রিকার কোন দেশে সফরের প্রমাণও মিলেনি।

মাঙ্কিপক্স রোগের লক্ষণ ও উপসর্গ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাঙ্কিপক্সের প্রাথমিক উপসর্গ হচ্ছে মাথাব্যথা, পেশী ব্যথা, জ্বর ও অবসাদ লাগা প্রভৃতি। উপসর্গগুলো জলবসন্ত, হাম এবং গুটি বসন্তের ন্যায়। তবে গলায়, কানে, থুতনি ও উরুর কুচকীতে লিম্ফ নোডগুলো ফুলে যায় এবং শরীরের বিভিন্ন স্থান; বিশেষ করে মুখ, হাত ও পায়ের তালু, যৌনাঙ্গ এবং চোখে পানিসহ ফুস্কুরি দেখা যায়। এসব উপসর্গের স্থায়িত্ব প্রায় ২ থেকে ৪ সপ্তাহ হয়ে থাকে। যদিও মাঙ্কিপক্সের সুপ্তাবস্থা বলা হয়ে থাকে ১০-১৪ দিন, তবে ৬-১৩ দিনের মধ্যেও উপসর্গ দেখা দিতে পারে। মৃত্যুহারের দিকে এ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায় যে, কঙ্গো ধরনটির মৃত্যু হার অপেক্ষাকৃত বেশি (১০%) এবং পশ্চিম আফ্রিকার ধরনে মৃত্যুহার কম (১০%)।

মাঙ্কিপক্সের বিস্তার : প্রধানত সংক্রমিত প্রাণীর সংস্পর্শ, আঁচড়, কামড়, মাংস ভক্ষণ, নিঃসৃত বিভিন্ন তরলের সংস্রবের মাধ্যমে এ রোগ মানুষের দেহে ছড়ায়। মানুষের দেহে সংক্রমণের পর তার সংস্পর্শে আসা, একই বিছানা ও কাপড় চোপড় ব্যবহার বা শরীরের যে কোন ধরনের নিঃসরণের মাধ্যমেও অন্যের দেহে এ রোগ ছড়িয়ে পড়তে পারে। এ ভাইরাস শরীরের ক্ষুদ্রাতিক্ষুদ্র ক্ষত, নাক, মুখ ও চোখের ঝিল্লির মাধ্যমেও ছড়ায়। ২০২২ সালের সংক্রমণের পর সিডিসি বলেছে, কারও সংগ্রব বা যৌনক্রিয়ার মাধ্যমে এ রোগের সংক্রমণের হার বেশি। তবে আক্রান্তের একান্ত সান্নিধ্যে না আসাদের মধ্যে সংক্রমণের হার কম। মাঙ্কিপক্স যৌনবাহিত রোগ কি না, তা নিয়ে মতপার্থক্য ও গবেষণা চলছে। কারণ, ইউরোপ ও আমেরিকায় নতুনভাবে যাদের দেহে সংক্রমিত হয়েছে, তাদের কারওরই আফ্রিকার কোন সংক্রমিত দেশ ভ্রমণের তথ্য মিলেনি। এ ভাইরাসের ধরন বা বিস্তার কৌশল পরিবর্তনের উপরও গবেষণা চলছে।

রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা : আক্রান্তের শরীরের ক্ষত থেকে নমুনা সংগ্রহ করে PCR টেস্টের মাধ্যমে এ ভাইরাস শনাক্ত নিশ্চিত করা যায়। চিকিৎসা ব্যবস্থাপনার বিষয়ে সিডিসি বলেছে, এ রোগের কোন সুনির্দিষ্ট চিকিৎসা নেই। কিন্তু FDA-এর মতে প্রচলিত গুটি বসস্তের ভ্যাকসিন এ রোগের বিরুদ্ধে শতকরা ৮৫ ভাগ সফল। কতক এন্টিভাইরাল ওষুধেরও অনুমোদন দিয়েছে এ রোগের চিকিৎসায়; যেমন: Tecovirimat, Brincidofovir ইত্যাদি। পাশাপাশি উপসর্গভিত্তিক চিকিৎসার পরামর্শও দিয়েছেন তারা। চিকিৎসা বা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী বা স্বজনদের এ রোগ সংক্রমণ প্রতিরোধে গাউন, মাস্ক, গ্লোভস ও গগলস প্রভৃতি পিপিই ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। মাঙ্কিপক্স রোগ বিষয়ে আরও বিস্তারিত তথ্য হয়তো অচিরেই আসবে। তবে সুসংবাদের বিষয় হচ্ছে বাংলাদেশসহ এশিয়ার কোন দেশে এ পর্যন্ত এ রোগের সংক্রমণের কোন খরব এখনো পাওয়া যায়নি। তাই কর্তৃপক্ষ এ রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন। বিমান, স্থল ও নৌবন্দরসমূহকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা প্রদান করেছেন। আক্রান্ত দেশসমূহ থেকে আগত যাত্রীদের প্রতি বিশেষভাবে নজরদারির পরামর্শ দেয়া হয়েছে। উপসর্গযুক্ত যাত্রীদের কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। হাসপাতালসমূহকে লক্ষণযুক্ত রোগীকে আইসোলেশনে রাখার পাশাপাশি নমুনা সংগ্রহ করে IEDCR-এ প্রেরণের পরামর্শ প্রদান করা হয়েছে। আতঙ্ক নয়; মাঙ্কিপক্স রোগ বিষয়ে আমাদেশ সতর্ক ও সচেতন হওয়াই জরুরি।

[লেখক : সহকারী পরিচালক, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল]

কুমিল্লায় এমআরসি কমিউনিটি লিডারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

 

স্টাফ রিপোর্টার:

নিরাপদ শ্রম অভিবাসন বিষয়ে প্রত্যন্ত অঞ্চলে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে মঙ্গলবার (৩১ মে ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ২৫ জন এমআরসি কমিউনিটি লিডারদের (মহিলা পুরুষ এবং যুবক যুবতী) নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শওকত ওসমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ কামরুজ্জামান, প্রিন্সিপ্যাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি, কুমিল্লা)।

দেবব্রত ঘোষ নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

প্রধান অতিথি মোহাম্মদ শওকত ওসমান প্রবাসী কর্মীদের দেশের উন্নয়নে ভূমিকা পালন করার কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, এমআরসি কমিউনিটি লিডারা ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর ইকবাল হোসেন বাংলাদেশে অভিবাসী তথ্য কেন্দ্রের সার্বিক কার্যক্রম, দালাল এবং কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয় বিষায়ক তথ্য প্রদান করেন, যেমন; বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত, পাসপোর্ট, লাভ ক্ষতি, উঊগঙ তে গিয়ে নিবন্ধন, গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ, বৈধ রিক্রুটিং এজেন্সি, চুক্তিপত্র, তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ, একক ও দলীয় কার্যক্রম, পাওয়ার পয়েন্ট ও পোষ্টার পেপার উপস্থাপনা ও বিভিন্ন কৌশল ব্যাবহার করে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ( টিটিসি) কেন্দ্রের প্রিন্সিপ্যাল মোঃ কামরুজ্জামান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কে টিটিসি থেকে দেশে বিদেশে কর্ম সংস্থানের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি, ভর্তির আবেদন ফরম গ্রহণ ও জমাদানের তারিখ, নিয়মিত কোর্সে ভর্তি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) এবং আরপিএল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

কুমিল্লা সদরে পিস্তলসহ সন্ত্রাসী রাজু আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ৭.৬৫ সস পিস্তলসহ সন্ত্রাসী রাজু আহম্মেদকে (৩০) আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

৩০ মে রাত পৌণে ১২ টায় কোতয়ালী মডেল থানার ওসি  মুহাম্মদ সহিদুর রহমানের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, পুলিশ পরিদর্শক (নি:) কাইসার হামিদ, এসআই (নি:) মফিজুল ইসলাম খাঁন, এসআই (নি:) শেখ মহিউদ্দিন শেখ, এএসআই (নি:) দেলোয়ার হোসেন, এএসআই (নি:) আরমান হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ সদরের কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর বাজারে খালেক ষ্টোর নামের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে রাজু আহম্মেদকে আটক করা হয়।

আটক হওয়া রাজু আহম্মেদ  বুড়িচং উপজেলার করিমাবাদ গ্রামের শফিউল্লাহ’র ছেলে।

এ ঘটনায়  কোতয়ালী মডেল থানায়  মামলা করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবার সাথে অভিমান: কুমিল্লায় মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ চার বোন

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে মাদরাসায় যাওয়ার কথা বলে অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে চার বোন। সন্ধান পেতে থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি (জিডি)। তবে নিখোঁজের ছয় দিন পেরিয়ে গেলেও মেলেনি তাদের খোঁজ। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসঙ্গে চার সন্তানকে না পেয়ে দিশেহারা তাদের মা-বাবা ও স্বজনরা।

নিখোঁজরা হলো- উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের বড় মেয়ে আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী তাসনিম জাহান (১৮), একই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্রী মারজান (১৭), ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাজিন সুলতানা (১২) ও স্থানীয় নারুয়া তালিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্রী মাইশা আক্তার (৭)।

জিডি সূত্রে জানা যায়, ২৬ মে সকালে মৌকরা ইউনিয়নের নারুয়া গ্রামে নানবাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয় চার বোন। কিন্তু মাদরাসা ছুটির পরও তারা বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নিখোঁজ চার বোনের মা মাসুদা আক্তার বলেন, ‘২৫ মে তাদের বাবা তাসনিম, মারজান ও তাজিনকে বকা দেন। বিকেলে তিন বোন তাদের নানাবাড়ি চলে যায়। সেখানে থেকেই আমার ছোট মেয়ে মাইশা মাদরাসায় পড়াশোনা করে। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে তিন বোন মাদরাসার কথা বলে নানাবাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমার সন্তানদের ফেরত চাই।’

তাদের মামা এ বি এম ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমার ভগ্নিপতি মজিবুল হক গত ১৮ বছর প্রবাস জীবন কাটিয়েছেন। দেশে এসে তিনি ব্যবসার জন্য বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এছাড়া তিনি ডায়াবেটিস, প্রেশার ও হার্টের সমস্যা থাকার কারণে বিভিন্ন সময়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। সে সময় আমার বোন-ভাগনিদের উচ্চস্বরে কথা বলতেন। গত বুধবারও ভাগনিদের বকাঝকা করেন তিনি। এ নিয়ে চার বোন অভিমান করে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ছয় দিন তাদের না পেয়ে বোন ও ভগ্নিপতি দুজনই দিশে হারা হয়ে পড়েছে। ভাগনিদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

তিতাসে মোটরসাইকেল দুঘর্টনায় একজন নিহত, আহত ২

 

তিতাস প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় দুই জন আহত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুরস্থ মোহন মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম নামের একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

নিহত ব্যাক্তির নাম আরিফুল ইসলাম (২৫) সে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।  আহতরা হলেন তিতাস উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন(২২) ও মহিন মিয়া(২০)।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ মোস্তফা জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসামে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধনী ও কর্ম অধিবেশন ২ ভাগে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। কর্ম অধিবেশন পর্বে ০৩টি সেশন পরিচালনা করেন স্যানিটেশন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, পরিবেশ ও জন্মনিবন্ধন বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, করোনা ভাইরাস চিকিৎসা, নিরাপদ মাতৃত্ব ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজিয়া বিনতে আলম ও যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। কর্মশালায় বিভিন্ন পেশার ৪০ জন নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।