All posts by jitu

কুসিক নির্বাচন: ভোটারদের দ্বারে দ্বারে কাউন্সিলর প্রার্থী লিন্ডা

শাহ ইমরান:

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাহমিনা আক্তার (লিন্ডা) চশমা প্রতিক নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২৯ মে) চশমা প্রতিকের কাউন্সিলর প্রার্থী তাহমিনা আক্তার (লিন্ডা) কাজীপাড়া,দিশাবন এবং রাজাপাড়া এলাকার  বাসায় বাসায় গিয়ে মহিলাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভোট চান। এছাড়া বিভিন্ন রাস্তার অলিগলিতে হাতে হ্যান্ডমাইক আর লিফলেট নিয়ে জনসংযোগ করে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী তাহমিনা আক্তার (লিন্ডা)।

প্রচারণাকালে তিনি বলেন,  ক্ষমতা পেতে নয়, অপনাদের সেবা করতে এসেছি। ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের ভার নিতে চাই। দুর্নীতিমুক্ত আধুনিক ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে চাই। ওয়ার্ডবাসীর অনুরোধে এবছর নির্বাচন করতে যাচ্ছি ।

জানা যায়, তাহমিনা আক্তার (লিন্ডা) একজন নারী সেবিকা। এ ছাড়াও বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। করোনা মহামারির সময় তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন সহায়তার, হয়েছেন ওয়ার্ডবাসীর কাছে মানবিক মানুষ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় রয়েছেন তিনি।

কয়েকজন ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানা যায়, তাহমিনা আক্তার লিন্ডা একজন সুশিক্ষিত, পরোপকারী, গরীবের বন্ধু, অসহায় মানুষের পাশে থেকে সেবা করছেন ।

উল্লেখ্য, আগামী ১৫ জুন কুসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। শুক্রবার (২৭ মে) আপিল নিষ্পত্তি শেষ ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

কুমিল্লা মহানগর বিএনপির কমিটি: সন্ধ্যায় ঘোষণা, রাতে আহ্বায়কের পদত্যাগ

 

ইসতিয়াক আহমেদ ও শাহ ইমরান:

ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় সদ্যঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক  আমিরুজ্জামান আমিরসহ যুগ্ম আহবায়ক ও সদস্যদের অধিকাংশ গণপদত্যাগ করে এই কমিটিকে প্রত্যাখান করেছেন।

কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মহানগর বিএনপির কমিটিতে আমিরুজ্জামান আমিরকে আহবায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়।

সোমবার (৩০ মে) রাত সাড়ে ১১টায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আমিরুজ্জামান আমির বলেন, বিগত সময়ে সরকারের সঙ্গে আঁতাঁত করে যারা সুযোগ সুবিধা নিয়েছে ও সরকারি দলের এমপিরা ডিও লেটারে মামলা থেকে রেহাই পেয়েছেন এমন ব্যক্তিকে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো অভিযোগ করে বলেন, এই কমিটি হলো একটি পক্ষ্যের পকেট কমিটি,আমরা এই কমিটি মানি না।

নবগঠিত কমিটির আহবায়ক পদ থেকে পদত্যাগ করে আমিরুজ্জামান আমির,যুগ্ম আহবায়কবৃন্দ ও সদস্যরা ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানান। তারা কুমিল্লা মহানগর বিএনপিকে রক্ষা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে কুমিল্লা জেলা বিএনপির সচিব ঘোষিত হওয়ায় ইউসুফ মোল্লা টিপুর সমর্থনে নগরীতে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা, মাধ্যমিকে থাকবেনা বিভাজন

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও আনন্দময় করতে বিদ্যমান কারিকুলামে নানা পরিবর্তন এনে দেশে নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। আগামী বছর থেকে এই শিক্ষাক্রম বাস্তবায়ন হবে।

সোমবার (৩০ মে) এ নতুন কারিকুলাম চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ সংক্রান্ত এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানসহ শিক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী নতুন শিক্ষাক্রমের খসড়া মৌখিকভাবে অনুমোদন দেন।

সভা সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির সারা দেশে ৬১টি স্কুল, কারিগরি ও মাদ্রাসায় পাইলটিং শুরু করা হয়েছে। সেসব বিষয়ে বিদ্যালয়ে পাইলটিং ক্লাস ভালোভাবে চলছে বলে তুলে ধরা হয়। নতুন কারিকুলাম বিষয়ে কোনো পরিমার্জন বা পরিবর্তন প্রয়োজন আছে কি না সে বিষয়ে শিক্ষামন্ত্রী জানতে চাইলে কয়েকটি শব্দগত পরিবর্তন ছাড়া আর কোনো প্রস্তাব আসেনি। সে কারণে নতুন কারিকুলামের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেয় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুমোদন সংক্রান্ত শিক্ষাক্রম বিষয়ক উপদেষ্টা কমিটিও এনসিসিসির সদস্যরা।

নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়নের ফলে মাধ্যমিকের নবম-দশম শ্রেণিতে আগের মতো মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান ইত্যাদি বিভাজন থাকবে না। সবাই সমন্বিত বিভাগে ১০টি বিষয়ে পড়াশোনা করবে। দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। একাদশ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের বিভাগ পছন্দ করতে হবে। একাদশ শ্রেণি শেষে পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষা নেওয়া হবে। এ দুই পরীক্ষার ফলাফলের সমন্বয়ে তৈরি হবে এইচএসসির ফল প্রকাশ করা হবে।

নতুন এই শিক্ষাক্রমে প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বই। তবে সব শ্রেণিতেই শিখনকালীন মূল্যায়নেই বেশি জোর দেওয়া হয়েছে। এ ছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না। চলতি বছর মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির পাইলটিং শুরু হয়েছে। আগস্টে প্রাথমিকের প্রথম শ্রেণির পাইলটিং শুরু করা হবে বলে জানা গেছে।

২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে। ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এ শিক্ষাক্রমের আওতায় আসবে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি যুক্ত হবে। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে।

নতুন নেতৃত্বে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আহবায়ক কমিটিতে হাজী আমিনুর রশীদ ইয়াছিনকে আহবায়ক ও হাজী জসিম উদ্দিনকে সদস্যসচিব করা হয়। এদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানকে। আর সদস্য সচিব করা হয়েছে এএফএম তারেক মুন্সীকে।

একইদিনে এই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে আমির উজ্জামান আমিরকে আহবায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নতুন আহবায়ক কমিটি তিনটি অনুমোদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির ৯ যুগ্ম আহবায়ক হলেন- এডভোকেট আলী আক্কাস, মোস্তফা জামান, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এডভোকেট খায়রুল এনাম তৌফিক, অধ্যাপক সারোয়ার জাহান দোলন, নজির আহমেদ ভূইয়া ও রেজাউল কাইয়ুম।

সদস্য হিসেবে রাখা হয়েছে- বেগম রাবেয়া চৌধুরী, সাবেরা আলাউদ্দিন, এডভোকেট আহম তাইফুল আলম, আবদুর রউফ চৌধুরী ফারুক, মাহবুব চৌধুরী, হাজী সিদ্দিকুর রহমান, এটিএম মিজানুর রহমান, জসীম উদ্দিন, তাহের পলাশি, সাকিনা বেগম, তাজুল ইসলাম, সফিউল আলম রায়হান, আবদুর রহমান বাদল, শাহ সুলতান খোকন, জহিরুল হক স্বপন, মফিজুল ইসলাম, এবিএম জাহাঙ্গীর, শাহআলম মজুমদার, হারুনুর রশীদ মজুমদার, এডভোকেট হামিদল হক ভূইয়া, রইচ আবদুর রব, নজরুল হক ভূইয়া স্বপন, ইঞ্জিনিয়ার শাহআলম, এডভোকেট শরীফুল ইসলাম, জামিল চৌধুরী, ডা. নজরুল ইসলাম শাহীন, জামাল খন্দকার, মোসাম্মত তাহমিনা হক পপি, ইমরান চৌধুরী, ও মোসাম্মত জেসমিন চৌধুরী স্বপ্না।

এদিকে কুমিল্লা মহানগর বিএনপিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন শওকত আলী বকুল, রাজিউর রহমান রাজিব, হাজী জসিম উদ্দিন, আতাউর রহমান ছুটি, শাহ আলম মজুমদার, মামুনুর রশিদ মজুমদার, সেলিম খান, এডভোকেট হোসেন, মাহাবুবুর রহমান দুলাল, মুজাহিদ চৌধুরী, রেজাউল হক আখি, বিল্লাল হোসেন, শহীদুল্লাহ রতন, উৎবাদুলবারি আবু।

সদস্য হিসেবে রয়েছেন মো. মোস্তাক মিয়া, ফজলুল হক ফজলু, কাউছার জ্জামান বাপ্পী, মজিবুর রহমান কামাল, সিরাজুল ইসলাম মিলন, আবদুর রহমান, ছিদ্দিকুর রহমান সুরুজ, মনিরুল ইসলাম বাচ্চু, এডভোকেট জসিম উদ্দিন শিশু, জলিশ আবদুর রব, আবদুল জলিল, হারুনুর রশিদ, আতিকুল ইসলাম, নাছির উদ্দিন, রায়হান রহমান হেলেন, আবদুল্লাহ আল মোমেন, কোহিনুর আক্তার কাকলী, মো. ফুয়াদ আহমেদ, মো. জামাল হোসেন, তফাজ্জল হোসেন বেলাল, ইকরামুল হক সুমন, রাজু খান রাজু, নাজমুল হক, মুজাম্মেল আলম, মনির হোসেন পারভেজ, মোঃ সাখাওয়াত উল্লাহ শিপন, মোহাম্মদ আমির হোসেন আমির, মোঃ ইকরাম হোসেন তাজ।

নতুন কমিটির বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ২০১১ সালে মহানগর বিএনপির যাত্রা শুরু হলেও আমরা কমিটি করতে পারেনি। দলের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে তিনটি ইউনিটে আহবায়ক কমিটি গঠন হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগোনিউজের সালাহ উদ্দিন জসিম

 

ডেস্ক রিপোর্টঃ

‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন জাগোনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম। সোমবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ এর জুরিবোর্ডের প্রধান অধ্যাপক ড. গোলাম রহমানসহ অনুষ্ঠানের অতিথিরা এই অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।

অ্যাওয়ার্ডের মধ্য রয়েছে- দুই লাখ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র।

সালাহ উদ্দিন জসিমসহ টেলিভিশন, প্রিন্ট ও অনলাইনের ৯ জন রিপোর্টারকে মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি এবং নারী ও শিশু ক্যাটাগরিতে তাদের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। আলোকচিত্র ও ভিডিওচিত্রের জন্য দুজন সাংবাদিককেও দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। এছাড়াও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জেলা ভিত্তিক ৬৪জন সাংবাদিককে দেওয়া হয় সম্মাননা।

সালাহ উদ্দিন জসিম স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘একটি কবরের সন্ধানে ৫০ বছর’ শীর্ষক প্রতিবেদন করেছেন। এতে একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়া, বাবার কবরের সন্ধানে সন্তানের আকুতি ও দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর চিত্র উঠে এসেছে। এই রিপোর্টের জন্য ৮ সদস্যের জুরি বোর্ড তাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করে।

মুহাম্মদ সালাহ উদ্দিন (সালাহ উদ্দিন জসিম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

২০১৩ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত হলেও স্কুল ও কলেজ জীবন থেকেই লেখালেখি করতেন। স্মারকগ্রন্থ প্রকাশ ও পত্রিকার পাঠকের কলাম দিয়ে তার লেখালেখির হাতেখড়ি। নেশা থেকেই এক সময় পেশা হয়ে যায় সাংবাদিকতা। অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের আগে তিনি দৈনিক যুগান্তর, বাংলানিউজ২৪.কম, দৈনিক খোলা কাগজ, পরিবর্তন ডটকম ও ঢাকাটাইমস২৪.কম-এ সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন।

রাজনৈতিক রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও প্রশাসন, শিক্ষা, ক্রাইম, নারী ও শিশু, স্বাস্থ্য, মানবাধিকার ও ধর্ম বিটে কাজ করেছেন।

পেশাগত কাজে তিনি সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন।

সালাহ উদ্দিন জসিম ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য। তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি জার্নালিস্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।

কুমিল্লার হোমনায় ৪ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক পলাতক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কামাল হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।

রবিবার (২৯ মে) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কামাল হোসেনের নামে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত কামাল হোসেন ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে।

শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা যায়, রবিবারে শিশুটি বাড়িতে একা ছিল। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে শিশুটিকে ফুসলিয়ে কামাল তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। শিশুটির মা তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে হোমনা থানায় মামলা দায়ের করেন। সোমবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষক পালাতক। তাকে ধরতে পুলিশী অভিযান চালানো হচ্ছে।

চাঁদপুরে নকল পণ্য উৎপাদন ও লাইসেন্স না থাকায় ২৮ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা ও অবৈধ নকল পণ্য উৎপাদনের অপরাধে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় এক প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ মে) আরিয়ান ফুড এন্ড প্রোডাক্টসকে সিরকা উৎপাদনের বিএসটিআই লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে নকল টেস্টি স্যালাইন উৎপাদন করায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। উক্ত অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

কুমিল্লা নগরীতে প্রচার প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু

 

শাহ ইমরানঃ

কুমিল্লা সিটি করপোরেশন ( কুসিক) নির্বাচনে দুইবারের সাবেক সদ্য বিদায়ী মেয়র মোঃ মনিরুল হক সাক্কু আজ সকালে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

তিনি বিকাল ৫ টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জনসংযোগ করেন। এসময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নগরীর কান্দির কান্দিরপাড়, রাণীর বাজার, জিলা স্কুল রোড, রামঘাটলা মার্কেটের দোকান ও ক্রেতাদের সাথে হাত মিলান এবং ভোট চান তার জন্য। সমবায় মার্কেট, নিউ মার্কেট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোড,একে ফজলুল হক রোড, টাউনহলের সামনের রাস্তা এবং বিভিন্ন স্থানে জনসংযোগ করেন।

সাবেক মেয়র সাক্কু বলেন, আমি জনগণের লোক তাই জনগণের খুব কাছে গিয়ে ভোট চাই। আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলাম তখনও ভিক্ষুক শুরু করে সব দলের লোক আমার কাছে এসেছে। আমার কাছে কোন ভেদাভেদ নেই।

কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের বার্ষিক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

 

শাহ ইমরান:

কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৩০ মে) ইউনিয়ন পরিষদের হলরুমে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের  বাজেট ঘোষণা করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায়  বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. হাজী হাসান রাফি রাজু মজুমদার ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হাসান হিরন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ফজলুল করিম মেম্বার, সুলতান মেম্বার,রতন,আব্দুল মান্নান,নজির মাস্টার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া আফরিন বলেন, আপনাদের ইউনিয়নের উন্নয়নের জন্য এই বাজেট। কারো কোন সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো এবং বাজেটের হয়তো কিছু জিনিস পরিবর্তন হতে পারে।

সভাপতির বক্তব্যে হাজী হাসান রাফী রাজু মজুমদার বলেন, আমি চেয়ারম্যান হয়েছি ৩ মাস হবে। আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন এর কারণে আমাদের ৫ নং পাঁচথুবী ইউনিয়ন অনেক এগিয়ে চলেছে। আমি কথা দিচ্ছি আমি চেয়ারম্যান হিসেবে যতদিন থাকব আপনাদের সেবায় কাজ করে যাব। আপনাদের সকল বিপদ আপদে আমাকে ডাকবেন ইনশাআল্লাহ আমি পাশে থাকবো।

বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন সচিব মো. আহসান হাবিব । এই বাজেটে আয় ধরা হয়েছে দুই কোটি আটাশ লাখ ২০ হাজার ৪১৬ টাকা। ব্যয় ধরা হয়েছে দুই কোটি ছাব্বিশ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। এছাড়া উদ্বৃত রয়েছে এক লাখ ৭৭ হাজার ১৬ টাকা।