All posts by jitu

শেষ দিনে মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান। ১৭ মে মঙ্গলবার ৩ টায় জেলার আঞ্চলিক নির্বাচন অফিসে এ মনোনয়ন জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিয়াস, রায়হান,ইমরানুর রহমান,শাহজাহান,সিয়াম ও ১৫ নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

শেষ দিনে মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থী রাজন পাল

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাজন পাল। ১৭ মে মঙ্গলবার ৩ টায় জেলার আঞ্চলিক নির্বাচন অফিসে এ মনোনয়ন জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিখা রানী পাল,সুমন পাল,হাসান চৌধুরী, শামীম, তাহের,তুতন পাল ও ৮ নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ সহ আরো অনেকে

এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্কে ইউক্রেনের হামলায় এক বেসামরিক লোক নিহত হয়েছেন এবং এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ দাবি করেছেন ওই অঞ্চালের গভর্নর রোমান স্টারোভয়েট।

বৃহস্পতিবার ভোরে রোমান স্টারোভয়েট সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

স্টারোভয়েট বলেন, কুরস্কের টাইওতকিনও গ্রামের একটি ইথানল কারখানায় ইউক্রেনের ক্ষেপণাত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাইওতকিনও ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে ১.৫ মাইল (২.৪ কিলোমিটার) দূরে অবস্থিত। কুরস্ক ও ইউক্রেনের মধ্যে সীমান্তের উভয়পক্ষই এই মাসে বিরতিহীন কামান হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ এবং হতাহত হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ।

দল থেকে পদত্যাগ করলেন কুসিক মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার

 

ইসতিয়াক আহমেদঃ

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার আজ দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন।

বৃহস্পতিবার দুপুর একটায় সিটি কর্পোরেশন মনোনয়ন যাচাই বাছাই শেষে নগরীর ধর্মসাগরপাড়স্থ তার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নিজাম উদ্দিন কায়সার বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি মহানগর কুমিল্লার স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে ছিলেন।

সংবাদ সম্মেলনে কায়সার দাবি করেন দল যেহেতু নির্বাচনে যাচ্ছে না তাই দলের আদর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি পদত্যাগ করেন।

কায়সার বলেন, তিনি এবার ভোট চাইবেন ক্লিন সিটি গড়ার জন্য। যেখানে সিটি সবার।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে যাওয়ার কারণ উল্লেখ করে কায়সার বলেন, কুমিল্লায় হামলা মামলার শিকার নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে এই নির্বাচনে অংশগ্রহণ। আমি দলীয় পদ থেকে নির্বাচন করলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের জন্য ভাবমূর্তি রক্ষায় আমি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ থেকে পদত্যাগ করলাম।

কুমিল্লায় প্রবাসফেরত ছেলেদের আনতে যাওয়ার পথে মায়ের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

প্রবাস ফেরত দুই ছেলেকে আনতে বিমানবন্দরে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় আম্বিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গুরুতর আহত হয়েছেন আরো ৭ যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আম্বিয়া কুমিল্লার বুড়িচং এলাকার সুলতান আহমেদের স্ত্রী। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সৌদি ফেরত ছেলে দুলাল ও জসিমকে আনতে মাইক্রোবাসে কুমিল্লা থেকে ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিলেন মা আম্বিয়াসহ অন্য স্বজনরা। পথে বালুয়াকান্দি এলাকায় যাত্রাবিরতীর জন্য সড়কের পাশে পার্কিং করা হয় মাইক্রোবাসটি। কিছুক্ষণ পর দ্রুত গতির একটি কংক্রিটবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আম্বিয়ার মৃত্যু হয়।

আহতরা হলেন- গাড়িচালক ইউসুফ আলী (২৭), সুলতান (৬৫), আলী (২৫), ইয়াসমিন (১০), কাউয়ুম (১৯), মুরশেদ (৩৫) ও সবুজ (১৬)।

খবর পেয়ে গজারিয়া ফায়ার্স সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে গর্ত করে ফেলা হচ্ছে গরুর মল-মূত্র

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির সামনে গর্ত করে গরুর গোবর ও মূত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। সদর উপজেলার ভাটপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত নুরুল ইসলামের ছেলে ক্যাপ্টেন জয়নাল আবেদীন সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটপাড়া গ্রামের ফুল মিয়ার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মৃত নুরুল ইসলামের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারা একই বংশের ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাদের জমিজমা নিয়ে আদালতে মামলাও চলমান। সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে নুরুল ইসলামের বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ফুল মিয়ার ছেলেরা নুরুলের বাড়ির গেটের সামনে গর্ত করে গরুর গোয়াল ঘর থেকে মলমূত্র আসার সংযোগ করে দিয়েছেন। এছাড়া তাদের বাড়ির দেওয়ালের পাশেও গোবর ফেলেন। এর ফলে নুরুল ইসলামের পরিবারের সদস্যরা গোবরের দুর্গন্ধে দরজা-জানালা বন্ধ রাখতে বাধ্য হন। এছাড়া বাড়ি থেকে গেট দিয়ে তাদের বের হতেও কষ্ট করতে হচ্ছে।

এ ঘটনায় রোববার (১৫ মে) রাতে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন জয়নাল আবেদীন। অভিযোগে বিবাদী করা হয়েছে ফুল মিয়ার ছেলে লুৎফর রহমান ও সালাউদ্দিনকে। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে।

এবিষয়ে অভিযোগকারী ক্যাপ্টেন জয়নাল আবেদীন বলেন, আমাকে জাহাজের সঙ্গে বেশিরভাগ সময় বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়। আমার চার ভাই থাকে প্রবাসে ও এক ভাই ব্যবসায়ী। মা থাকেন বাড়িতে। বাড়ি বেশির ভাগ সময় ফাঁকা থাকে। এই সুযোগে বাড়ির গেটে গর্ত করে ও দেওয়ালের পাশে গোবর ফেলে ফুল মিয়ার ছেলেরা। তারা এভাবে আমাদের মানসিক নির্যাতন শুরু করেছে। আমরা বলেছি যেহেতু আদালতে মামলা চলমান আছে, সেখান থেকে যে রায় দেয় তা আমরা মেনে নেব।

জানতে চাইলে অভিযুক্ত ফুল মিয়ার ছেলে সালাউদ্দিন বলেন, জায়গা নিয়ে আমাদের মামলা-মোকদ্দমা দীর্ঘদিনের। আমরা বাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি। দেওয়ালের পাশের গোবরগুলো সরিয়ে নেবো। গেটের সামনে জমে থাকা জায়গায় মাটি দিয়ে দিতে বলে গেছে পুলিশ।

অভিযোগের তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় ইউপি সদস্যের সামনে অভিযুক্তদের বাড়ির সামনের গর্ত মাটি দিয়ে ভরাট করতে ও দেওয়ালের পাশে ফেলা গোবর সরিয়ে নিতে বলেছি। নাহলে পরবর্তীকালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সিটি নির্বাচন: ৫ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত এবং বর্তমান মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুসহ ৫ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।

ছয় মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নপত্র যাচাই বাছাই বিকাল ৩টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুলের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে ভোট হবে।

মুরাদনগরে ২৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, প্রতিটি সংযোগ থেকে নেয়া হয়েছে ১ লক্ষ টাকা

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে তিনটি গ্রামের প্রায় ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় ১৫’শ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহাপুর ইউনিয়নের নয়াকান্দি, দক্ষিণ দিলালপুর ও শুশুন্ডা গ্রামে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এতে বাখরাবাদ গ্যাসের পক্ষ থেকে প্রায় ৫০ জন শ্রমিক অংশগ্রহণ করেন।

খবর নিয়ে জানা যায়, অবৈধ গ্যাস সংযোগের তালিকাসহ একটি অভিযোগ বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন, পেট্টোবাংলাসহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, ২০১৫ ও ২০১৬ সালে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালাল চক্র বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন দেবিদ্বার জোনাল অফিস ও জেলা অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজোসে একটি প্রভাবশালী সিন্ডিকেট উপজেলার ভূবনঘর, দড়িকান্দি, দুলারামপুর গ্রামে ১১ হাজার ফুট, বোরারচর, জাহাপুর গ্রামে ৩০ হাজার ফুট, দড়িকান্দি গ্রামের ১ কিলোমিটার, করকটিয়া, সোনাপুর গ্রামের ২ কিলোমিটার, সুবিলারচর গ্রামের ২ কিলোমিটার, কোম্পানীগঞ্জ এলাকার ৩ কিলোমিটার, রানীমুহুরী, বড়ইয়াকুড়ি, বোরারচর গ্রামের ৬ কিলোমিটার, নোয়াকান্দি গ্রামে ৯০০ ফুট, ধামঘর গ্রামে ৩৫০ ফুট, পালাসুতা গ্রামে ৬ হাজার ফুট, পায়ব গ্রামের ২ কিলোমিটার, শুশুন্ডা গ্রামের ৩ কিলোমিটার, কুলুবাড়ি, বাখরনগর গ্রামের ৫ কিলোমিটার, মধ্যনগর, করিমপুর গ্রামের ৩ কিলোমিটার, নবীপুর গ্রামের ৩ কিলোমিটার, নগরপাড় গ্রামের দেড় কিলোমিটার, গুঞ্জর গ্রামের ৩ কিলোমিটার, পৈয়াপাথর গ্রামের দেড় কিলোমিটার ও নহল, রাবনগর, ধামঘর গ্রামের ৩ হাজার ৬’শ ফুট গ্যাস লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাসের আবাসিক সংযোগ দিয়ে সাধারন নিরিহ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

যার পরিপ্রেক্ষিতে বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন ও পেট্টোবাংলা প্রধান কার্যালয় থেকে পৃথক দু’টি দল সরেজমিনে এসে তদন্ত করে সত্যতা পায়। পরে সংশ্লিষ্ট দফতরে তদন্ত রির্পোট জমা দেয়া হলে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নামে বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানী।

গ্রাহকরা অভিযোগ করে বলেন ঠিকাদার হারুন অর রশিদ প্রতি সংযোগ থেকে নিয়েছেন ১ লক্ষ টাকা করে। সংযোগ পাওয়ার পর থেকে বইয়ের মাধ্যমে এখন পর্যন্ত বিল পরিশোধ করে আসছি। অনলাইনে আমাদের নামও আছে তাহলে কেন গ্যাস সংযোগ বন্ধ হবে? এখন আমাদের ব্যাক্তিগত টাকাদিয়ে কেনা পাইপ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে অফিস কিভাবে অনলাইনে আমাদের নাম তুললো, আমাদের কে বিল বই দিলো?
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার হারুন অর রশিদের সাথে মোবাইল ফোনে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানীর লিমিটেডের কুমিল্লা দপ্তরের ভিজিলেন্স শাখা জানান, অভিযোগের ভিত্তিতে অবৈধ গ্যাস সংযোগের একটি তালিকা করা হয়েছে। সেখানে মুরাদনগর উপজেলার প্রায় ৪০টি গ্রামের নাম রয়েছে। আজ তিনটি গ্রামের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নিয়মিত এ অভিযান চলবে। অপরদিকে যারা এসব অবৈধ সংযোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারে বাংলাদেশের শ্রম বাজার ও বাংলাদেশি শ্রমিকদের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন গত ১৫ মে কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলির সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে বসবাসরত বাংলাদেশিদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ওয়েবিনার আয়োজনসহ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং কাতারে অবস্থানরত ও কাতারে আসতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের করনীয়-বর্জনীয়, স্থানীয় নিয়মকানুন, ইত্যাদি বিষয় নিয়ে দূতাবাস কর্তৃক প্রনীত প্রবাস নির্দেশিকার একটি কপি জনাব ওবাইদলির হাতে তুলে দেন। এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি করোনা পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সরাসরি অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার কথা বলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শ্রমবাজারে বাংলাদেশ দক্ষ ও অদক্ষ কর্মী যোগানে সক্ষম। তিনি বলেন, কাতারের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। এসব ক্ষেত্রে তাদের নিয়োগের বিষয় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত কথা বলেন। এ সময় বাংলাদেশে অনুষ্ঠিতব্য দুই দেশের মন্ত্রী পর্যায়ের জয়েন্ট কমিটি মিটিং নিয়েও আলোচনা হয়।

বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রম সম্পর্ক বিষয়ক বিভাগের পরিচালক শেখা মোহাম্মদ আল খাতের, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তনময় ইসলাম উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে শিয়াল জবাই করে কেজি দরে মাংস বিক্রি

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস ভাগবাটোয়ারা করেছে উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের কয়েকটি পরিবার। এ সময় কেজি দরে মাংস বিক্রিও করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম খবর পেয়ে ধরখার ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি জীবিত শিয়ালকে ফেলে জবাই করা শিয়ালের মাংস নিয়ে পালিয়ে যায় লোকজন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে না পারলেও দড়িতে বাঁধা জীবিত একটি শিয়াল জঙ্গলে অবমুক্ত করেছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ধরখার ফাঁড়ি থানার এসআই মো. হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার দুপুরে ছতুরা শরীফ গ্রামের জনৈক ব্যক্তির বেগুন ক্ষেত থেকে দুটি শিয়াল আটক করেন স্থানীয়রা। এসময় কসবা উপজেলার ভাদুইর গ্রামের সিএনজি অটোরিকশাচালক আসলাম ও ফোরকান ওই গ্রামের কিছু লোকজন নিয়ে তন্তরবাজার এলাকায় একটি শিয়াল জবাই করে মাংস ভাগবাটোয়ারা ও কিছু মাংস বিক্রি করেন। এ সময় ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, মাংস বিক্রেতা আসলাম বলেছিলেন- বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এসব ক্ষেত্রে শিয়ালের মাংস অব্যর্থ ওষুধ। তার সেই কথা বিশ্বাস করে অনেকেই শিয়ালের মাংস কিনে নেন। মানুষকে বিশ্বাস করাতে পাশেই রাখা হয়েছিল শিয়ালের কাটা মাথা। অপর জীবিত শিয়ালটিও জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা। পুলিশের কারণে রক্ষা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। শিয়াল ও অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।