Tag Archives: কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

 কাতারের শ্রম মন্ত্রণালয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

শ্রম বাজার সম্প্রসারণ ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ দূতাবাস, কাতারের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মুহাম্মদ হাসান আল উবাইদলি’র সাথে বৈঠক করেন। প্রথমে তিনি ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ সফলভাবে আয়োজনের জন্য কাতারের মহামহিম আমির ও কাতার সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি বিপুল সংখ্যক বাংলাদেশি দর্শকের বিশ্বকাপ উপভোগ ও সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করার ব্যাপারে অবহিত করলে, জনাব উবাইদলি বিশ্বকাপে বাংলাদেশিদের সতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান।

চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. রহমান শ্রম সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষত ৬ষ্ঠ জয়েন্ট কমিটির মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে কাতারের বিভিন্ন সেক্টরে দক্ষ ও পেশাদার জনশক্তি নিয়োগ করার বিষয় তুলে ধরেন। জবাবে জনাব আল উবাইদলি টুরিজম, মেডিকেল, হোটেল প্রভৃতি সেবামূলক খাতে বাংলাদেশ হতে নতুন জনবল নিয়োগে কাতার সরকার সহযোগিতা করবেন মর্মে জানান। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার স্বার্থে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা অনুমোদনের অনুরোধ জানালে তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

কাতারের বিভিন্ন কোম্পানির কর্ণধার ও রিক্রুটমেন্ট এজেন্সির অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস ও কাতারের শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশের দক্ষ জনশক্তি বিষয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স একটি সেমিনার করার প্রস্তাব রাখেন। জনাব আল উবাইদলি এ বিষয়ে ইতিাবাচক সাড়া দেন এবং লিখিত প্রস্তাবনা পেশ করার জন্য অনুরোধ করেন।

এছাড়া, চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিতের জন্যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স, দ্রুত সময়ে শ্রম বিরোধ নিষ্পত্তি, কর্মিদের মামলা চলাকালীন সাময়িক ওয়ার্ক পারমিটের ব্যবস্থা, মৃত কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে কাতারের শ্রম মন্ত্রণালয়ের মিডিয়া মনিটরিং সেকশন প্রধান জনাব সালেম আহমাদ আল মারযুকি এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জনাব তনময় ইসলাম ও দ্বিতীয় সচিব (এইচওসি) জনাব মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারে বাংলাদেশের শ্রম বাজার ও বাংলাদেশি শ্রমিকদের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন গত ১৫ মে কাতারের শ্রম মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলির সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে বসবাসরত বাংলাদেশিদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ওয়েবিনার আয়োজনসহ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং কাতারে অবস্থানরত ও কাতারে আসতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের করনীয়-বর্জনীয়, স্থানীয় নিয়মকানুন, ইত্যাদি বিষয় নিয়ে দূতাবাস কর্তৃক প্রনীত প্রবাস নির্দেশিকার একটি কপি জনাব ওবাইদলির হাতে তুলে দেন। এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি করোনা পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সরাসরি অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার কথা বলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শ্রমবাজারে বাংলাদেশ দক্ষ ও অদক্ষ কর্মী যোগানে সক্ষম। তিনি বলেন, কাতারের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। এসব ক্ষেত্রে তাদের নিয়োগের বিষয় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত কথা বলেন। এ সময় বাংলাদেশে অনুষ্ঠিতব্য দুই দেশের মন্ত্রী পর্যায়ের জয়েন্ট কমিটি মিটিং নিয়েও আলোচনা হয়।

বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রম সম্পর্ক বিষয়ক বিভাগের পরিচালক শেখা মোহাম্মদ আল খাতের, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তনময় ইসলাম উপস্থিত ছিলেন।