All posts by jitu

কুমিল্লা নগরীতে বিজিবির অভিযান, ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে  অভিযান পরিচালনা করে ৬টি মোটর সাইকেল (লাইসেন্স, হেলমেট এবং ফিটনেস বিহীন) আটক করে মোটর সাইকেল চালককে সর্বমোট ৪ হাজার ৭ শত  টাকা নগদ জরিমানা করেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি সদস্যরা

মঙ্গলবার ( ১৭ মে) দিনব্যাপি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা’র নেতৃত্ত্বে   বিজিবি এ ধরনের অভিযান পরিচালনা করে

আগামী ১৫ জুন  অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের নিমিত্তে নির্বাচনি এলাকায় টহল/পেট্রোলিং এর উদ্দেশ্যে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) হতে নাঃ সুবেঃ মোঃ শাহআলম এর নেতৃত্বে ০১  প্লাটুন বিজিবি সদস্য গত ১৫ মে হতে নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে খাটের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে শাপলা আক্তার রিমি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ আশিকাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ময়মনসিংহ জেলার চরকুমারিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তার স্বামী শাহপরান গাজী পাশের শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি গ্রামের শহর গাজীর ছেলে।

তারা চাঁদপুরের ওই বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তাকে হত্যা করে খাটের নিচে মরদেহ ফেলে পালিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই দম্পতির ঘরে বাইরে থেকে তালা মারা দেখতে পান পাশের বাসার এক ভাড়াটিয়া। তবে জানালার পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে তাকাতেই খাটের নিচে রিমিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, পিবিআই ও সিআইডির কর্মকর্তারা। এসময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, একমাস আগে শাহাপরান গাজী এনায়েত পাটোয়ারি বাড়ি একটি কক্ষ ভাড়া নেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- রাতের কোনো একসময় স্ত্রী রিমিকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী। পরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী শাহপরান গাজীকে আটকের চেষ্টা চলছে।

কুসিক নির্বাচন: মেয়র পদে মনোনয়ন জমা দিলেন মনিরুলসহ বিএনপির দুজন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দুজন। তারা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন কায়সার।

মঙ্গলবার বেলা ১১টায় মনিরুল হকের পক্ষে তার ছোট ভাই কাইমুল হক এবং দুপুর সাড়ে ১২টার দিকে নিজাম উদ্দীন নিজেই মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে মেয়র প্রার্থী মনিরুল হক বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি। দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর দলের কাছে অব্যাহতি চাইব। নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। আমি নির্বাচনে আছি, নির্বাচনে থাকব।

দলের অপর নেতা নিজাম উদ্দীন কায়সারের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কায়সার ছোট ভাই, সে প্রার্থী হয়েছে। করুক নির্বাচন। আমি কী বলব!

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিতে দুটি ধারা। এক পক্ষে আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন উর রশিদ। আরেক পক্ষে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিটি মেয়র মো. মনিরুল হক। ইয়াসিন গ্রুপ কায়সারকে চাচ্ছে।

২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে মনিরুল দলের শীর্ষ পদ পাননি। তার অনুসারীরাও কোনো পদ পাননি। এর পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

এর মধ্যে ২০১২ সালের ৫ জানুয়ারি মনিরুল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নাগরিক কমিটির ব্যানারে মেয়র নির্বাচন করে জয়ী হন। ২০১৭ সালের ৩০ মার্চ মনিরুল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১৯ মে মনোনয়নপত্র বাছাই। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহার। ২৭ মে প্রতীক বরাদ্দ। ১৫ জুন নির্বাচন হবে।

নোয়াখালীর রেল স্টেশন এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে রেল স্টেশনের পাশ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) সকালের দিকে নোয়াখালীর সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে লাকসাম থেকে বিপুল পরিমান গাঁজা উঠেছে এবং সোনাপুর রেল স্টেশনে নামানো হবে। এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ সোনাপুর রেল স্টেশনের আশে পাশে চেক পোস্ট জোরদার করে এবং সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর ২ টি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগগুলো তল্লাশি করে ১৫টি নীল পলিথিনে ১ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পুলিশের তৎপরতার কারনে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যায়।

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন মহিলা কাউন্সিলর প্রার্থী ডলি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড এবং সংরক্ষিত-৫ মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী মোসা: ফরিদা আক্তার (ডলি)।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩টায় জেলা আঞ্চলিক নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইভেট ব্যাংকার মিজানুর রহমান, সমাজ সেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম, নারী নেত্রী বিলকিছ বেগম, মেডিকেল শিক্ষার্থী ইয়াছিন আরাফাত, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন-৫ এর বিভিন্ন নেতৃবৃন্দসহ আরো অনেকে।

চান্দিনায় রেদোয়ানের গুলিবর্ষণের মামলায় আসামি ইউনিয়ন আ’লীগ নেতা !

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় আ’লীগ কর্মীর উপর গুলিবর্ষনের ঘটনায় এলডিপির  মহাসচিব  রেদোয়ান আহমেদসহ ১৯ জন এলডিপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল। এই মামলায় ১৩ নং আসামি  করা হয়েছে মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  আ: মালেককে (মালু)। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে চান্দিনা আ’লীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ৯ মে  দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনের মিলনায়তনে এলডিপি’র ঈদ পুনর্মিলনী ও ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন  চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে ড. রেদোয়ান এর গুলিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকবলীগ এর দুই কর্মী গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর ড. রেদোয়ান আহমেদকে আটক করা হয়। পরে মামলা দায়ের করা হয়। এই মামলায়  ইউনিয়ন আ’লীগ নেতাকে আসামি করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল নেতৃবৃন্দ। কারণ সংঘর্ষ হয়েছে এলডিপির সাথে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের। সেখানে ইউনিয়ন আ’লীগের নেতাকে আসামি করা পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বলে একাধিক নেতাকর্মী জানান।

এ বিষয়ে মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মো: জামাল উদ্দিন  আজকের কুমিল্লাকে জানান, আমি ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ছিলাম। ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  আ: মালেক (মালু) নৌকার পক্ষে কাজ করেছেন। এটাই তাঁর অপরাধ। ওই দিন ওই  সংঘর্ষে মালু সাহেব ছিলেন না। প্রতিশোধ নেওয়ার জন্য তাকে আসামি করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম প্রধান (স্থানীয় সাংসদ ডা. প্রাণ গোপাল সমর্থিত গ্রুপের)  বিজয়ী হওয়ার পর নেতাকর্মীদের উপর অত্যাচার বেড়েই চলেছে। নৌকার পক্ষে কাজ করা প্রায় ৫০ জন নেতাকর্মী এখন ভয়ে আতংকে এলাকাছাড়া। প্রায় ৪০ জন নেতাকর্মী চাঁদা দিয়ে এলাকায় কোনরকমে বসবাস করছে। নৌকা প্রতিকের পক্ষে কাজ করা অনেক কর্মীর মোটরসাইকেল তারা নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় বিক্ষুদ্ধ আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী সেলিম প্রধানের কর্মী বাহিনীর দেশিয় অস্ত্রের আঘাতে ১১ মে গুরুতর আহত হয়ে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন মাইজখার ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ইমাম হোসেন ফরিদ ।  নৌকার পক্ষে যারাই কাজ করছেন তারাই নির্যাতিত হচ্ছেন। আমি এমপি মহোদয় ও থানা পুলিশকে একাধিকবার অবহিত করার পরও কোন নির্যাতন থামছে না।

এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম প্রধানের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

 

 

সাংবাদিক ইমরুলের বিরুদ্ধে অপপ্রচার: কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হুমকি-ধমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে সোমবার বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। কর্মসূচীর শুরুতে মূল ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হুমকি- ধমকীর শিকার মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।

এ সময় বক্তব্য রাখেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন এর উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু,  আরটিভি ও যুগান্তর প্রতিনিধি আবুল খায়ের ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর কুমিল্লা প্রতিনিধি অশোক বরুয়া, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, টিভি চ্যানেল এখন এর স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, যমুনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধূরী খোকন, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, এশিয়ান টিভি ও আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর খন্দকার দিপু, দৈনিক আজকের কুমিল্লার সিনিয়র রিপোর্টার ইসতিয়াক আহমেদ, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারন সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার মাসুদুল ইসলাম মজুমদার, নিউজ বাংলার মাহফুজ নান্টু, জাগো কুমিল্লা ও ঢাকা পোস্টের অমিত মজুমদারসহ আরো অনেকে।

বক্তারা মাছরাঙা টেলিভিশনের সংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হুমকি- ধমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের চিহ্নত করে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে  পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

ষড়যন্ত্রের শিকার মাছরাঙা টেলিভিশনের সংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, আমার গ্রামের বাড়ী মুরাদনগরের রাজাবাড়ি গ্রামের মসজিদে গত ১ মে রাতে সংগঠিত সামান্য একটি ঘটনা ঘটে; যা পুলিশ ও ইউপি চেয়ারম্যান এর উপস্থিতিতে তাৎক্ষনিক ভাবেই মিটে যায়। ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে একটি মহল তা ভিন্ন খাতে প্রবাহিত করার পায়তারা করছে। সেই সাথে তারা নানা ভাবে হুমকী ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ভাবে কুৎসা রটনা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিতাসে সারোয়ারের নেতৃত্বে যুবলীগের র‌্যালি

কুমিল্লা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৭ মে) উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে তিতাস উপজেলা সদরে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান ও নাজমুল হাসান কিরন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, তিতাস উপজেলা তাতীলীগের আহবায়ক রেজাউল ইসলাম মোল্লা, তিতাস উপজেলা যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ আনিছ প্রমুখ।

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা করলেন কুসিক মেয়র প্রার্থী রিফাত

 

স্টাফ রিপোর্টার:

‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে গত ১৫ মে দৈনিক ভোরের কাগজে  সংবাদ প্রকাশের জেরে পত্রিকার মালিক, সম্পাদক, প্রতিবেদক ও কুমিল্লা জেলা প্রতিনিধিসহ ৫ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানীর মামলা করেছে  কুসিক নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে তিনি এ মামলা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা সিটি করেপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন আরফানুল হক রিফাত।

মামলার বাদী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার না করায় এ মামলা করা হয়েছে। এই অপপ্রচার কুমিল্লার জনগণ মেনে নেবে না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ করা হয়েছে।

 

মনোনয়নপত্র জমা দিয়েছেন আ’লীগের মেয়র প্রার্থী রিফাত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই মেয়র প্রার্থী।

এ সময় মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, সর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, এলজিআরডিমন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন প্রমুখ।