All posts by jitu

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

 

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামের শামসু মিয়ার ছেলে মিজানুর রহমান ওরফে কাডি মিজান (৪৫) এবং একই ইউনিয়নের পূর্ব শাহদৌলতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন মৈশান বাড়ির ভাড়াটিয়া আলকাস মিয়ার ছেলে ওমর ফারুক (৩৪)।

পুলিশ জানায়, ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহদৌলতপুর পাড়ার খলিলুর রহমান জমির পশ্চিম পাশে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ডাকাতির প্রস্তুতি নেয় তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।

বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, তাদের নিকট থেকে ২টি ছেনি, হাতুড়ি, লোহার রড উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অবশেষে মুক্ত হলেন সম্রাট

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্ত হয়েছেন। সরিয়ে নেওয়া হয়েছে পাহারায় থাকা কারারক্ষীদের।

বুধবার (১১ মে) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্মকর্তা জামিনের কাগজ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিসিইউতে চিকিৎসাধীন থাকা সম্রাটের কাছে নিয়ম-কানুন মেনে তাকে জামিনে মুক্ত করেন। এসময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জামিনে মুক্ত করা হয়।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে করা চার মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। নতুন করে আর কোনো মামলা না থাকায় কারামুক্তি পেলেন তিনি।

বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তিন শর্তে ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেন।

শর্তসমূহ হলো- আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আদালতের ধার্য করা আগামী তারিখে জমা দিতে হবে।

এদিন মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। একই সঙ্গে তার জামিন আবেদনও করেন। অন্যদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন শর্তে ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেন।

গত ১১ এপ্রিল রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার। আগের দিন ১০ এপ্রিল অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের ও অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সম্রাটের জামিন মঞ্জুর করেন।

দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

পরে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওইদিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয়।

কুমিল্লায় বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলা, আহত ২

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর শাসনগাছায় অভিযানে গিয়ে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছে বিজিবি। ভাঙচুর করা হয় বিজিবির গাড়ি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ এবং ১৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি ভারতীয় মালামাল উদ্ধারে এলে চোরাকারবারিরা রেল লাইন থেকে পাথর কুড়িয়ে নিক্ষেপ করে। এ সময় পাশে অবস্থিত রেলওয়ের লাইন নির্মাণ প্রতিষ্ঠানের অফিসে গিয়ে আশ্রয় নেয় বিজিবি সদস্যরা। পরে চোরাকারবারিরা বিজিবির গাড়ি ভাঙচুর করে। ক্যাম্পের ভিতরে পাথর নিক্ষেপ করে। বিজিবি যাতে পাল্টা ব্যবস্থা না নিতে পারে, সে জন্য হামলাকারীরা নারীদের সামনে রেখে পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে কোতোয়ালি থানা পুলিশ ও ম্যাজিস্ট্রেট আসলে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে দুই কার্টন ভারতীয় চকলেট জব্দ করেছে বিজিবি।

কোম্পানির সিকিউরিটি অফিসার আব্দুল মালেক ভুঁইয়া বলেন, আমাদের ক্যাম্পের ভিতরে পোশাক পরা বিজিবি গাড়ি প্রবেশ করলে বাইর থেকে বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়েছে। বিজিবির গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বিজিবি-১০ কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসহাক জানান, এ ঘটনায় যৌথ টাস্কফোর্স বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের গাড়ির কাচ ভেঙেছে। তবে এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হয়নি।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে নারীসহ যুবলীগ নেতা আটক

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় নারীসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃত এইচ এম ফারুক (৩৮) উপজেলার চাটখিল পৌরসভা যুবলীগের সদস্য ও সাবেক পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দপুর এলাকার হাজী বাড়ির মৃত মফিজুল ইসলামের ছেলে।

বুধবার (১১ মে) দুপুর ১টার উপজেলার চাটখিল বাজারের ফোর স্টার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়রা বলছে,বৃধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল বাজারের ফোর স্টার আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ এক নারীসহ আপত্তিকর অবস্থায় ফারুককে হোটেলের একটি কক্ষ থেকে আটক করে। এরপর তাদেরকে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ ,আটককৃত ফারুকসহ তাঁর তিন ভাইয়ের ফোর স্টার আবাসিক হোটেলে মালিকানা রয়েছে। দুই ভাই হোটেলের তদারকির দায়িত্বে রয়েছেন। যুবলীগ নেতার সাথে আটককৃত নারী চার সন্তানের জননী এবং সম্পর্কে ওই যুবলীগ নেতার দূর সম্পর্কের মামী হয় বলে জানা যায়। এর আগেও একাধিকবার পৃথক পৃথক জায়গায় ফারুক আপত্তিকর অবস্থায় নারীসহ আটক হয় বলে জানা যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফোর স্টার হোটেলে দিনে দুপুরে অসামাজিক কার্যকলাপ চলে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোর স্টার আবাসিক হোটেলের মোবাইলে ফোন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন গণমাধ্যম কর্মিদের এক নারীসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন,এ বিষয়ে যাচাই বাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে, আ’লীগ নেতাকে কুপিয়ে আহত

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনায় রাজনৈতিক সংঘর্ষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় গত ইউপি নির্বাচনে মাইজখার ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করা আওয়ামী লীগ নেতা ও সারের ডিলার ব্যবসায়ী ঈমাম হোসেন ফরিদকে (৫০) দিনে-দুপুরে কুপিয়ে রক্তাক্ত আহত করেছে বিজয়ী বিদ্রোহী চেয়ারম্যানের লোকজন । আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ হামলার জন্য আহতের পরিবার ওই ইউনিয়নের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান সেলিম প্রধান ও তার লোকজনকে দায়ি করেছেন । চেয়ারম্যান সেলিম প্রধান স্থানীয় সাংসদ ডা. প্রাণ গোপাল সমর্থিত গ্রুপের রাজনীতি করেন ।

আহত ঈমাম হোসেন ফরিদ চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক ।

মঙ্গলবার (১০ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে ।

আহত ব্যবসায়ীর ছোট ভাই ও ইউনিয়ন যুবলীগের সভাপিত আবদুল হালিম বলেন, গত ইউপি নির্বাচনে তার ভাই বিদ্রোহী সেলিম চেয়ারম্যানের পক্ষে কাজ না করে নৌকার প্রার্থী হাজী জামালের পক্ষে কাজ করেন । এ নিয়ে সেলিম চেয়ারম্যানের সাথে তাদের পরিবারের বিরোধের জের ধরে তার ভাইকে হত্যার চেষ্টা করা হয়। তার ভাই স্থানীয় নতুন বাংলা বাংলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় জালাল, সজল, জালাল, মোতালেব, শামীম, ফাহিম, মালেক, কাসেম, পারভেজ, জাহিদ, মিজান, আজগরসহ আরও কয়েকজন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো চাপাতি ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় মোটরসাইকেল ভাংচুরসহ মোবাইল ও টাকা পয়সা লুটে নেয় তারা । আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ইউনিয়নে নৌকার প্রার্থী হাজী জামাল উদ্দিন বলেন, যারা গত ইউপি র্র্নিবাচনে বিদ্রোহী সেলিম চেয়ারম্যানের পক্ষে কাজ করেনি, নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তালিকা করে নৌকার পক্ষে কাজ করা দলীয় লোকদের উপর হামলা চালাচ্ছেন । তিনি আরও বলেন, আমাদের দল ক্ষমতায়, কিন্তু বিদ্রোহী চেয়ারম্যানের নির্দেশে এভাবে প্রকাশ্যে দলীয় নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করার করা দু:খজনক। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান ।

এদিকে অভিযোগের বিষয়ে মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, ঘটনা দিনের বেলায় ঘটেছে, তাই কারা হামলা চালিয়েছে আহত ব্যক্তিই ভালো জানেন। তিনি হামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

এ বিষয়ে বিকালে চান্দিনা থানার ওসি আরিফুর রহমান বলেন, আহত ওই আওয়ামী লীগ নেতার উপর হামলার বিষয়টি মোবাইলে অনেকেই জানিয়েছেন, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুসিক নির্বাচন: মেয়র ও কাউন্সিলর পদে ১৪৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার ও ইসলামি আন্দোলন, বাংলাদেশের মো: রাশেদুল ইসলাম মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র কিনলেন কাউন্সিলর সাদি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নং  ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাউন্সিলর হাবিবুর রহমান আল আমিন সাদি ।

মঙ্গলবার (১০ মে) সকালে তিনি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগ, মহানগর যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রামে পুলিশ কর্মকর্তাকে হুমকিদাতা হানিফ মেম্বার এক দিনের রিমান্ডে

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ কর্মকর্তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত ইউপি সদস্য হানিফ মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১০ মে) সকালে শুনানী শেষে কুমিল্লার ৫নং আমলী আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফারহানা এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের রিমান্ড আদেশের প্রেক্ষিতে হানিফ মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য চৌদ্দগ্রাম থানায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া মাটি কাটার ঘটনায় অভিযুক্ত হলে ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করেন। তাৎক্ষনিক চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক শাহজাদার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এতে হানিফ মেম্বার ক্ষিপ্ত হয়ে এএসআই শাহজাদাকে মোবাইলে ‘পুলিশের লাশ পড়ে’ যাবে বলে হুমকি দেন। এ ঘটনায় ৩ মিনিট ২ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এএসআই শাহজাদা বাদী হয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৩০ এপ্রিল রাতে অভিযান চালিয়ে হানিফ মেম্বারকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালীতে চুলার আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটির চুলার আগুনে পুড়ে দুই শিশু ছাই হয়ে গেছে। তারা সম্পর্কে আপন ভাই বোন।

মৃত. নোমান (৭) ও মাহি (৩) উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়ির ইকবাল হোসেনের ছেলে মেয়ে।

মঙ্গলবার (১০ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বীজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন।

তিনি আরো জানান, বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেল মেসিয়ার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছে। তাঁর স্ত্রী গোলাপী বেলা ১১টার দিকে রান্না ঘরের মাটির চুলায় দুপুরের খাবারের রান্না শুরু করে। রান্না ঘরের সাথে লাগোয়া হচ্ছে তাদের বসত ঘর। রান্না শুরু করে গোলাপী পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা। একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্না ঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় বসত ঘরের চৌকিতে থাকা দুই শিশু বাচ্চাও পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

চৌদ্দগ্রামে মাইক্রোর ধাক্কায় আরেক প্রবাসীর মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত মাইক্রোর ধাক্কায় শাহাদাৎ হোসেন (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার টাইমস্ স্কয়ার হোটেলের সামনে দ্রুতগামী এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাহাদাৎ একই ইউনিয়নের বর্ধনবাড়ী গ্রামে বিবাহ করে। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। বিগত কিছুদিন পূর্বে ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন শাহাদাত। মঙ্গলবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে বলে জানিয়েছে পরিবার।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহসীন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

উল্লেখ্য গত সোমবার ভোরে চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসচাপায় আরেকটি দুর্ঘটনায় প্রবাসীসহ দুই পথচারী নিহত ও অপর আরেক পথচারী গুরুতর আহত হয়েছে।