All posts by jitu

কাতারে বিভক্ত বিএনপিকে ঐক্যের আহবানঃ আবু সাঈদ

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ আনন্দ বিনিময় কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার সভাপতি মোঃ আবু ছায়েদ কাতারে বিভক্ত বিএনপিকে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতিকে বিলুপ্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কাতারে একটি সুসংগঠিত ও শক্তিশালী দল উপহার দেওয়া আমাদের কর্তব্য। এছাড়া সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাতারে বিভক্ত রাজনীতি পরিহার করে ঐক্য গঠনের উদ্বার্থ আহবান জানান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু এবং বিএনপি (ধানসিঁড়ি) ও অন্য সংগঠনের সভাপতি এমএম নূর এর উদ্দেশ্যে তিনি আরও বলেন, দ্বিধাদন্ধ ভুলে কাতারে বিএনপির আগামী প্রজন্মকে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দিতে হবে এবং তা আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হবে।

এসময় উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুল কাশেমসহ অসংখ্য নেতৃবৃন্দ।

দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের তোপের মুখে এলাকা ছাড়লেন বিএনপির কেন্দ্রীয় নেতারা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের রোষানলে পড়ে শনিবার পুলিশ প্রহরায় দাউদকান্দি এলাকা ছাড়লেন বিএনপি নেতা খন্দকার মোশাররফসহ অনান্য নেতারা।  পুলিশ পাহারায় দাউদকান্দি ছেড়ে পাশের তিতাস উপজেলায় অবস্থান করছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসন।

শনিবার (৭ মে) দুপুর সোয়া ১২টায় দাউদকান্দি উপজেলা সদরের বাসবভনে দাউদকান্দি-মেঘনার দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ ঘটনা ঘটে। ড. মোশাররফ হোসেনকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে দাউদকান্দিতে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা জানান, নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় করতে শনিবার দাউদকান্দি আসেন ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাদের উপর হামলা করে। তাৎক্ষণিক পুলিশ এসে আমাদের আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। এদিকে বিএনপির লোকজনের হামলায় ইমরান চৌধুরী নামে ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। সে উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনার পর দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এক ভিডিও বার্তায় ছাত্রলীগের উপর হামলাকারী বিএনপির সন্ত্রাসীদের একবিন্দুর ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম বলেন, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষ করে তিতাসের একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের জন্য স্যারের বাসভবন থেকে বের হওয়ার সাথে সাথেই আমাদের উপর হামলা শুরু করে যুবলীগ ও ছাত্রলীগ। এতে আমাদের লোকজন আহত হয়েছেন। তিনি বলেন, দাউদকান্দির শান্ত রাজনীতিতে অশান্ত পরিস্থিতি তৈরি করার পিছনে যারা জড়িত তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (সদ্য বিলুপ্ত) তারিকুল ইসলাম নয়ন ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল বলেন, ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ ছিল, তবে সংখ্যায় কম থাকায় নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি যাওয়ার পর উভয়কেই মুখোমুখি অবস্থানে দেখতে পাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জানতে পারি মোশাররফ সাহেব নেতকর্মীদের নিয়ে তিতাস উপজেলায় যাবেন। পরে পুলিশী নিরাপত্তায় তাদেরকে দাউদকান্দি পার করে দেয়া হয়।

ট্রেনে চড়া বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় নয়: রেলমন্ত্রী সুজন

 

ডেস্ক রিপোর্ট:

ট্রেনে চড়া বিনা টিকিটের যাত্রীরা তার আত্মীয় নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (৭ মে) মোবাইল ফোনে ভোরের কাগজকে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়া বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করার জন্য টিটিইকে বরখাস্তের ঘটনায় এখন দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে মুখ খুললেন রেলমন্ত্রী।

শনিবার (৭ মে) সকালে মোবাইলে নুরুল ইসলাম সুজন জানান, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নয়, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেয়ার চেষ্টা করেছিল হয়তো, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

এ ঘটনার কিছুই জানতেন না দাবি করে মন্ত্রী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন আজ (শনিবার) সকালেই। তিনি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনেছেন ওই টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। ফলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রেলের অফিশিয়াল কার্যক্রমের সঙ্গে মন্ত্রীর কোনো সংযোগ নেই। ঘটনার সঙ্গে মন্ত্রীর কোনো আত্মীয় জড়িত নন। রেল কর্মকর্তারা ওই টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না।

রেলমন্ত্রী আরও বলেন, আমরা রেল সেবা বাড়াতে কাজ করছি। বিনা টিকিটের যাত্রী যদি মন্ত্রীর আত্মীয়ও হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। একইভাবে কোনো রেল কর্মকর্তাও যদি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে তাকেও শাস্তি পেতে হবে। যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রীর আত্মীয়ের নাম জড়িয়ে যা প্রচার করা হচ্ছে তা মিথ্যা বলেও দাবি করেন নুরুল ইসলাম সুজন। তবে ওই টিটিই যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ ও বাড়তি অর্থ আদায় করেছেন বলে শুনেছি।

এ বিষয়ে যা তদন্ত করার তা রেলের পাকশি বিভাগের কর্মকর্তা বা পশ্চিমাঞ্চলের জিএম করবেন। তবে বিনা টিকেটে ভ্রমণ যেমন শাস্তিযোগ্য অপরাধ তেমনি যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার বা জোর করে অর্থ আদায় হয়ে থাকলে তাও শাস্তিযোগ্য অপরাধ- বলেন তিনি।

‘দুষ্কৃতকারীদের’ গণপিটুনি দিয়ে মেরে ফেলার নির্দেশ দিলেন আ’লীগ এমপি ইব্রাহিম

 

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম নিজ দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘আমি হুকুম দিয়ে দিচ্ছি— দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না। আপনারা যদি পারেন গণপিটুনি দিয়ে মেরে ফেলেন। আমি হুকুম দিয়ে দিচ্ছি’।

শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন এমপি এইচএম ইব্রাহিম।

এমপির ওই বক্তব্যের ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এমপির এমন আক্রমণাত্মক নির্দেশকে আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন স্থানীয় লোকজন। তার এমন বক্তব্যে উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে বিকাল সাড়ে ৫টায় ওই মাঠে দেওটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি এইচএম ইব্রাহিম এমপি বলেন, দুষ্কৃতকারীদের যেখানেই পাবেন, গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলবেন। আমি হুকুম দিয়ে দিচ্ছি— এসব দুষ্কৃতকারীকে গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না। যদি কেউ মামলা করে, আমি মামলার ১নং আসামি হব, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন। যদি পুলিশ না পারে আমি আপনাদেরও বলে গেলাম যে, আপনারা এসব দুষ্কৃতকারীকে যারা সমাজের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করছে, আপনারা তাদের পিটিয়ে মেরে ফেলবেন, তাতে কিছুই হবে না। সে ঘটনায় যদি আসামি হতে হয় আমি আসামি হব, সে ঘোষণা দিয়ে গেলাম।

এমপি ইব্রাহিম কেন এমন বক্তব্য দিলেন তার ব্যাখ্যা দেন সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা।

তিনি বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে বেঁচে থাকাবস্থায় মোবাইলসহ বিভিন্নভাবে হুমকি দিত সাহা নামে এক যুবক। তার মৃত্যুর পর এখন উনার পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে সেই যুবক। এসব বিষয়ে একাধিকবার পুলিশকে অবগত করা হলেও তাকে গ্রেফতার করেনি পুলিশ। সভাস্থলে এমপি উপস্থিত হওয়ার পর বিষয়টি উনাকে অবগত করেন স্থানীয় লোকজন। পরে এমপি বিষয়টি ওসিকে অবগত করেন এবং স্থানীয়দের এসব অভিযোগ ও পুলিশের দায়িত্ব অবহেলার সূত্রধরে দুষ্কৃতকারীদের গণপিটুনি দেওয়ার কথা বলেন।

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার ওসি হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেল, আবুল খায়ের, জামাল উদ্দিন, ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল পাটোয়ারী প্রমুখ।

সোনাইমুড়ী থানার ওসি হারুন উর রশিদ বলেন, উনি যেহেতু সংসদ সদস্য উনার নিরাপত্তায় আমাদের কাজ করতে হয়। স্টেজের বাইরে আমি ডিউটিতে ছিলাম। উনি বক্তব্যে কী বলেছেন আমি ঠিক শুনতে পাইনি।

এ বিষয়ে জানতে এইচএম ইব্রাহিম এমপির ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

নোয়াখালীতে ঘরে একা পেয়ে শিশু ধর্ষণ করল কিশোর

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রাম পুলিশ।

আটককৃত ওই কিশোর অপ্রাপ্ত বয়স্ক। সে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (৬ মে) বিকেলে এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুর পরিবার বলছে, গতকাল বিকেলে ভিকটিমের মা পাশ্ববর্তী বাড়িতে যায়, বাবা ব্রিকস ফিল্ডে কাজ করেন। এই সুযোগে ওই কিশোর তাদের বাড়িতে যায়। বাড়িতে কাউকে না দেখে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে পুষলিয়ে জোর পূর্বক বাড়ির ঘরের নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা পাশের বাড়ি থেকে এসে মেয়ের কান্নার শব্দ শুনে বিষয়টি জানতে চাইলে সে এড়িয়ে যায়।

পরে রক্তক্ষরণ হলে মেয়ে মাকে বিষয়টি বলে এবং অভিযুক্ত কিশোরের নাম বলে। পরে শিশুর মা তাৎক্ষণিক পাশের বাড়ির লোকজনকে ঘটনাটি বলে এবং স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশকে অবহিত করেন। পরে রাত ১টার দিকে স্থানীয় মেম্বার থানায় ও গ্রাম পুলিশ ওই কিশোরকে আটক করে থানায় সোপর্দ করে। পরে ওই শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়াউল হক বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নিজাম উদ্দিন কায়সার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিএনপি নির্বাচনে না এলেও নিজাম উদ্দিন কায়সার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

রমজানের প্রায় পুরো মাসজুড়ে বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন নিজাম উদ্দিন কায়সার। ইফতার মাহফিলগুলোতে মানুষের ঢল নামে।

গতকাল শুক্রবার জুম্মার নামায শেষে নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন নিজাম উদ্দিন কায়সার।

উল্লেখ্য যে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট ১৫ জুন। ভোট হবে ইভিএমে । বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন।

 

বুড়িচংয়ে স্কুল শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন: ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে ভারত সীমান্তের ভৈরবপুর (পাহাড়পুর) এলাকায় পিতার কাছে পাওনা সাড়ে ৪শ টাকার জেরে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে সহপাঠীদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে। নির্যাতিত স্কুল শিক্ষার্থী সাহেদ হোসেন শান্ত (১৪) পাহাড়পুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে। এ খবর নজরে আসার পর কুমিল্লা পুলিশ সুপারের নিদের্শে এ ঘটনার সাথে জড়িত ৩  অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মোঃ নাহিদুল ইসলাম (২০), মোঃ নাজমুল হোসেন (২৩) এবং জসিমউদ্দিন (২৭) । এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সোহান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনের বিষয়ে ভুক্তভোগী কিশোরের পিতা ইউসুফ মিয়া বুড়িচং বলেন, “কিছুদিন আগে পাশের গ্রাম ভৈরবপুর এলাকার দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলাম। প্রায় সব টাকা দেয়া হয়ে গেছে খাটের। আর ৪৫০ টাকা বকেয়া ছিলো। ঈদের কয়েকদিন আগে নাহিদুল আমার বাড়িতে এসে এই টাকার জন্য গালাগাল করে, এসময় তাকে অনুনয় করে জানাই আমার ছোট ছেলেটা কয়েকদুন আগে পানিতে ডুবে মারা গেছে, কাজ করতে পারিনি, হাতে টাকা নেই। সপ্তাহ খানেক পরে দিয়ে দেব। তবুও সে এটা নিয়ে বাড়াবাড়ি করে আমার গায়ে হাত তোলে, এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি হয় তার সাথে।

ঈদের দিন আমার ছেলে শান্ত বন্ধুদের সাথে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় নাহিদুলের ভাই এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি নাজমুল , আনোয়ার ও জসিম। নাজমুল তার বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে। এসময় আমি বাইরে কাজে ছিলাম খবর পেয়ে বাড়িতে এসে থানায় ফোন দেই। পরে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে। ৪ হাজার পিস ইয়াবাসহ আটক হয়ে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে আবারো মাদক ব্যবসা করছে তারা। নাজমুল ও তার সাঙ্গপাঙ্গরা আমার ছেলেকে গাছে বেঁধে রেখে মারধর করে।

কুসিক নির্বাচন: দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরফানুল হক রিফাত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত শনিবার বেলা ১১ টায় ধানমন্ডি দলীয় সভানেত্রীর কার্যলয় থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাবিবউল্লাহ তুহিন, সদস্য মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন বাহালুল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল উপস্থিত ছিলেন।

বুড়িচংয়ে সাবেক স্বাস্থ্য কর্মকর্তার বাড়িতে ডাকাতি! স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউপি এলাকার শাহদৌলতপুর (ঘোষনগর সংলগ্ন) মাধাইয়াবাড়ি এলাকায় শুক্রবার ভোর রাত আনুমানিক ৩টায় বাড়িঘরের লোকজনকে বেঁধে ও জিম্মি করে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে । সংঘবদ্ধ ডাকাতদের একটি দল বাড়ির মালিক, শিশু ও নারীদের জিম্মি করে নগদ প্রায় আড়াই লক্ষাধীক টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে।

ভুক্তভোগী সাবেক চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম মৈশান ও তার স্ত্রী এবং বাড়ির ভাড়াটিয়ারা জানান, রাত আনুমানিক ২টার পর হিজাব ও মুখোশ পরিহিত ৪ জন সহ ৭ জন ডাকাত বিল্ডিং এর দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতদের প্রায় সকলেই তরুণ বয়সী। ঘরে ঢুকেই কয়েকজন তাকে ধরে পড়েনের গেঞ্জি ছিড়ে হাত মুখ বেঁধে পরে ওড়না দিয়ে স্ত্রীর হাত ও মুখও বেঁধে মারধর করে আলমিরার চাবি খুজতে থাকে। এক পর্যায়ে আলমিরার তালা ভেঙ্গে ড্রয়ার ও গোপন পকেটা থাকা নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা ৪টি স্বর্ণের চেইন, ২জোড়া কানের দুল ও ১জোড়া হাতের বালা বের করে নেয়। এরপরে একটি কক্ষে ঢুকয়ে তাদের মারধর করে আরো টাকা ও স্বর্ণের সন্ধান জানতে চায়। একপর্যায়ে তার স্ত্রী কে দিয়ে ভাড়াটিয়াকে ডাকিয়ে ঘরের দরজা খুলিয়ে ভাড়াটিয়া ও তার স্ত্রী কে মারধর করে তাদেরকেও বেঁধে আলমিরা ভেঙ্গে নগদ প্রায় দের লক্ষ টাকা ও দুই জোড়া কানের দুল, চেইন লুটে নেয়। পরে সকলকে একটি কক্ষে ঢুকিয়ে বঁধে রেখে বাইরে দিয়ে দরজা লক করে পালিয়ে যায়। যাওয়ার আগে সকলের মোবাইল ফোনগুলো নিয়ে যায় ডাকাতদল। মুখ ও হাতের বাঁধন খুলে আনুমানিক সারে ৩টায় চিৎকার চেচামেচি করে আশেপাশের বাড়ির লোকজন কে জাগিয়ে তোলে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মৈশানের স্ত্রী জানান, ডাকাতদের মাঝে একজন পুরুষ হলেও নারীদের হিজাব পরিহিত ছিলো। বাকি কয়েকজনের মুখ খোলা থাকলেও তাদের কাউকেই চিনতে পারেননি। তবে ডাকাত দলের সকলেই তরুণ ও যুবক আনুমানিক ২০ থেকে ৩০ বছর বয়সী হবে বলেও জানান। ঘরের ভেতরে ৭জন প্রবেশ করে বাহিরে আরো কতজন ছিলো সে বিষয়ে সঠিক বলতে পারেন না তারা। এসময় প্রায় সকলের ওপর শারিরীক নির্যাতন চালায় বলেও জানায় ভুক্তভোগীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বুড়িচং থানা পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট টিম।

বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের আইসি ইন্সপেক্টর জাবেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোররাতেই তাৎক্ষনিক দেবপুর ফাঁড়ি পুলিশ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত চলমান রয়েছে, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ। ভুক্তোভোগীরা এখনো লিখত কোন অভিযোগ করেননি বলেও জানান তিনি।