All posts by jitu

কুবিতে আবাসিক হলগুলো বিদ্যুৎহীন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:
বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা। গত ১৬ মার্চ রাত থেকে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বঙ্গবন্ধু হলের পুরাতন অংশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও মেয়েদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে এ বিদ্যুৎ সংকট দেখা দেয়।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির নজরুল হলের শিক্ষার্থী মজুমদার মোহাম্মদ কাইয়ূম বলেন, দুইদিন যাবত হলে বিদুৎ নেই। কালেভদ্রে আসে, এক দুই মিনিট থেকে আবার চলে যায়। ওয়াই ফাই, পানি কিছুই নেই। সামনে পরীক্ষা, পড়াশোনাই করা যাচ্ছে না। রাতে গরমে ঘুমানো যায় না। এই সমস্যার সমাধান চাই।

ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থী তাহমিনা পাপিয়া বলেন, এমনিতেই এত গরম। তার উপর বিদ্যুৎ নেই৷ এ অবস্থায় যারা উপর তলায় থাকে, তারা ঘুমাতে পারছে না গরমে। যদিও হল ছাড়া বাকি আশেপাশে সব জায়গায় বিদ্যুৎ আছে।

এ সমস্যার সমাধান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: জাকির হোসেন বলেন, মূল ফটকের কাছে হলের লাইনগুলোতে সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুতই সমস্যার সমাধান হবে।

সূত্র:এমসিজে নিউজ।

২৫ মার্চ ইউনিটি অব কুমিল্লা-এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা

স্টাফ রিপোর্টার:

আরো একটা দিন হারিয়ে যেতে চাই বন্ধুত্বের আহ্বানে- এ শ্লোগানে ইউনিটি অব কুমিল্লা-এসএসসি ২০০১ ব্যাচ এক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে।

২৫ ই মার্চ ( শুক্রবার) সারাদিন ব্যাপী ময়নামতি স্কুল এন্ড কলেজে ইউনিটি অব কুমিল্লা-এসএসসি ২০০১ ও বুড়িচং বন্ধুদের আয়োজনে এক বিশাল মিলনমেলার আয়োজন করা হচ্ছে।

উক্ত মিলনমেলা প্রোগ্রামে গ্রুপের সকল থানার বন্ধুদের নিমন্ত্রণ ও সকল থানার বন্ধুদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করে গ্রুপ পেইজে আমন্ত্রণ করেছেন এডমিন কাজী সাইফুল।

মিলনমেলার শুভেচ্ছা মূল্য  ২৫০ টাকা মাত্র (জন প্রতি) ও বাচ্চাদের জন্য – ২০০ টাকা মাত্র( জন প্রতি)।

মিলনমেলায় যা থাকছে:
১. কেক খাওয়া পর্ব
২. বন্ধু বান্ধবীদের জন্য ফানি গেইম শো
৩. দুপুরের খাবার
৪. বিকেলে কফি ও বিখ্যাত ভারেল্লার মিষ্টি
৫. র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম
৬. বন্ধুদের আয়োজনে জমকালো সাংস্কৃতিক পর্ব
৭. গ্রুপ ছবি ধারণ পর্ব ও আনলিমিটেড আড্ডা

রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ:

শেখ মেহেদী হাসান – ০১৭৫৬৪৭২৫৮৪ (বিকাশ)
মো: ফরহাদ উদ্দিন  – ০১৯১৩৩৮৭৮৭৮ (বিকাশ)
উজ্জ্বল চন্দ্র পাল – ০১৯১৩২৯৯৮২৭ (বিকাশ)
কাজী সাইফুল – ০১৮২৯৪৫০৫৭৬ (বিকাশ+নগদ)
মো: মেহেদী হাসান – ০১৮১৯৮৯৬৪৮৫ (বিকাশ)

কুমিল্লায় সাংবাদিক স্টিকার লাগিয়ে গাড়িতে করে মাদক পাচাঁর, চালক আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকা থেকে ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ। প্রাইভেটকারটিতে একটি দৈনিক পত্রিকার  স্টিকার লাগানো ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৭ মার্চ সকালে সদর দক্ষিণ থানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দৈনিক পত্রিকার স্টিকার লাগানো প্রাইভেটকারের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাস এর ছেলে বিক্রম চন্দ্র দাস(২৭)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিয়ার এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলারসদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় পথচারী ভিক্ষুকের মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় ঘটনাস্থলেই এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এদিন ৬৫-৭০ বছর বয়সী অজ্ঞাত এক নারী ভিক্ষুক সেনগাঁও গ্রাম থেকে ভিক্ষা করে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহী রিল্যাক্স (ঢাকা মেট্টো-ব ১৪-১৬৪৫) পরিবহনের একটি বাস ঐ নারীকে আঘাত করে কিছুদূর নিয়ে যায় এবং সড়কের উত্তর পাশে দাঁড় করানো ব্যাটারী চালিত একটি অটো রিক্সাকেও ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে।

অটো চালক জাকির গাজী জানান, আমি অটো রিক্সাটি অটো একটি দোকানের সামনে সড়কের পাশে রেখে পানি খেতে যাই। খেয়ে দোকান থেকে বের হওয়ার সময়ই দেখি অজ্ঞাত এই মৃত নারীকে এক্সিডেন্ট করে আমার গাড়িটিকেও ধাক্কা দিয়ে রিল্যাক্স বাসটি চলে যায়। তখন বাস চালক মিয়ার বাজার এলাকায় বাসটি সাইট করে রেখে পালিয়ে যান।

দুর্ঘটনার পাশের স্থানীয় কয়েকজন মহিলা বলেন, এই মহিলা আমাদের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসেন। কিছু খেতে দিতে চাইলে শবে বরাতের রোজা আছেন বলেন জানান নিহত এই ব্যক্তি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমরা ওনাকে সবসময় বিভিন্ন বাড়ি কিংবা দোকানে দোকানে ভিক্ষা করতে দেখেছি। মুখ চেনা চেনা লাগে কিন্তু পরিচয় জানি না। তবে পাইকাস্তা কিংবা মুন্সিরহাট এলাকায় হতে পারে নিহত এই বৃদ্ধার বাড়ি।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন।  রিল্যাক্স বাস ও ক্ষতিগ্রস্ত অটো রিক্সাটিকে জব্দ করে থানায় নিয়ে যান। সেই সাথে অজ্ঞাত এই নারীর মৃতদেহও থানায় নিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং বাসসহ অটোরিক্সাকেও জব্দ করি। নিহতের পরিচয় পাওয়া গেলে ও মামলা করা হলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কাতারে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় দূতাবাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সব শিশুর সমান অধিকার।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন এনডিসি সভাপতিত্বে ও কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মাহবুবুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতি মন্ত্রীর বানী পাঠ করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং রাজনৈতিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এ-সময় কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

তিনি বলেন, বঙ্গবন্ধু তার জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষকে একটি শোষণহীন, সুখী ও সমৃদ্ধ জীবন উপহার দিতে। শত জুলুম, অত্যাচার ও অবিচার কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর জীবনের দীর্ঘ একটি সময় কেটেছে কারাগারে। শ্রেষ্ঠ সময়ের এতগুলো বছর তিনি অকাতরে কারাগারের ভেতরে কাটিয়ে দিয়েছেন একটা আদর্শকে, একটি স্বপ্নকে ধারণ করে।

বঙ্গবন্ধুর ছেলেবেলা অনুকরণীয় উল্লেখ করে শিশুদের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জীবনী পাঠ করার আহ্বান জানান। তিনি শিশুদের বঙ্গবন্ধুর দুইটি গুণ আত্মস্থ করতে বলেন। একটি হলো-অন্যায়কে না মেনে নেওয়া, অন্যটি হলো-দেশকে ভালোবাসা।

কুমিল্লায় কাভার্ডভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহন, আটক ২

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার সদর এলাকা থেকে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ মার্চ সকালে সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কাভার্ডভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শিয়াচর তক্কারমাঠ গ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে মোঃ খিদির মোল্লা(৩০) ও একই থানার দাপা ইদরাপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন(৪০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার লাকসামে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বুধবার পৌর শহরের বাইপাস এলাকা থেকে এটি উদ্ধার করে থানা পুলিশ।

জানা গেছে, বাইপাস গরুবাজারে ড্রেন নির্মাণকাজের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খনন করা হয়। পরে ওই মাটি উত্তর লাকসাম আজিজ স মিলের পাশে স্থানান্তর করলে স্থানীয় লোকজন মাটির সঙ্গে মর্টার শেলটি দেখতে পায়। খবর পেয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান এটি উদ্ধার করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বুধবার সন্ধ্যায় জানান, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। মর্টার শেলটি নিষ্ক্রিয় করার জন্য কুমিল্লায় সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিমকে চিঠি দেয়া হয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় হাসপাতাল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, স্বাচিপ নেতৃবৃন্ধ, চিকিৎসক, নার্স ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ কর্মসূচীতে অংশ নেন।

জাতির পিতার জন্মবার্ষিকী ও মাস ব্যাপী করোনার বুষ্টার ডোজ ক্যাম্পেইনের অংশ হিসেবে হাসপাতালে সহস্রাধিক মানুষকে বুষ্টার ডোজ প্রদান করা হয়। পাশাপাশি ভ্যাক্সিনের ১ম ও ২য় ডোজও প্রদান করা হয়।

হাসপাতালটির সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হুদা খান বলেন, “এই হাসপাতালে বুস্টার ডোজের জন্য অপেক্ষমাণ আছে ৫২ হাজার মানুষ। তাদের পর্যায়ক্রমে এসএমএস পাঠানো হবে। আজকের বিশেষ ক্যাম্পেইনের জন্য ১০০০ মানুষকে কাল রাতে এসএমএস পাঠানো হয়েছে। বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম ছুটির দিনসহ পুরো মাসই চলবে। ১৮ এর উর্ধ্বে সকল বয়সের মানুষ দ্বিতীয় টিকার মেয়াদ ৪ মাস পার হলেই বুষ্টার ডোজের জন্য উপযুক্ত হবেন এবং এসএমএস পাওয়া সকলে আগামীতে বুস্টার ডোজ টিকা গ্রহন করবেন”।
তিনি আরও বলেন, “টিকা কার্যক্রম আজ থেকে চলবে ৩১ মার্চ পর্যন্ত। ১ম, ২য় ডোজ ও বুস্টার ডোজ দেয়া হবে। গণটিকায় যারা গত মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখে ১ম ডোজ টিকা নিয়েছেন তাদেরকে কার্ডে উল্লেখিত তারিখ অনুযায়ী ২য় ডোজ টিকা দেয়া হবে। এজন্য নতুন করে ৩৩টি বুথ চালু করা হবে, দেড়শত নার্স ও দুই শতাধিক স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

এ বিশেষ দিন উপলক্ষ্যে হাসপাতালে ভর্তি রোগীদের দুপুরে উন্নত খাবার পরিবেশন করা হয়। হাসপাতালের বহির্বিভাগে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা প্রদান করে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগন।

পরে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, স্বাচিপ নেতৃবৃন্ধ, চিকিৎসক, নার্স ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগন এ আলোচনায় অংশ নেন।

কুমিল্লা স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী

সেলিম রেজা মুন্সি:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫১ তম ম্যাচে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে  চট্টগ্রাম আবাহনী ।

বৃহস্পতিবার বিকেল ৩ঃ৩৭ মিনিটে খেলা শুরু হয়। ১২ মিনিটের মাথায় পেনাল্টি শটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে প্রথম গোলটি করেন ২৭ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়ার ইবিমবিইউ থেংগড । ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন একই খেলোয়াড় ইবিমবিইউ থেংগড দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় আবারো উত্তর বারিধারা ক্লাবের জালে ১৭ নম্বর জার্সি পরিহিত আফগান খেলোয়াড় অমিদ পোপাল জে ৪র্থ ও দলের পক্ষে শেষ গোলটি করেন।

এদিকে, দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাবের ৫ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় সেইডোসটন ফজিলব দলের পক্ষে প্রথম গোলটি করেন। ৪৮ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাব এর পক্ষে দ্বিতীয় গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় ইভজেনটি কোচনেব ।

পরবর্তীতে কোন দলই আর গোল করতে না পারায় ৪-২ ব্যবধানে চট্টগ্রাম আবাহনীর জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক রিফাত।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।

কুবিতে জাতীয় শিশু দিবস পালিত

কুবি প্রতিনিধি:

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। বৃহস্পতিবার (১৭ মার্চ) এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিবসটি উপলক্ষে এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এরপর শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার অমর কাব্যের কবি। তিনিই আমাদের ঐক্যের প্রতীক। গায়ে মুজিব কোট আর স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করলে চলবে না। তাঁর আদর্শকে কতটুকু হৃদয়ে ধারণ করতে পারি সেটাই মূল বিষয়।