All posts by jitu

কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় নীল-হলুদ রঙের, রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ডাকাতদলের ৭ সদস্যকে আটক করা হয়। তবে আরো ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বাসা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাদ্দাম হোসেন (৩২) ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে, মো. সুমন (৩০) কুমিল্লা কোতোয়ালি উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে, মো. দুলাল মিয়া (২৮) কুমিল্লার বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে, মো. সোলেমান রুবেল (৩৫) ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে, ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫) নোয়াখালী কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে, মামুনুর রশিদ সোহাগ (৩৫) লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে, মো. শাহীন (২৫) ভোলা চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারের পর দণ্ডবিধি ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের অভিযান এখনো চলমান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

কুমিল্লা-৬ আসনে প্রার্থী পরিবর্তন চাই, নয়তো তারেক রহমানকে প্রার্থী চাই- হাজী ইয়াছিন

স্টাফ রিপোর্টার:

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, প্রিয় নেতা দলের কোনো ক্ষতি হলে আমরা যেমন কষ্ট পাই, তার চেয়েও বেশি কষ্ট পাবেন আপনি। আপনি কুমিল্লার বিএনপিকে বাঁচান। আমরা কুমিল্লার মানুষ প্রস্তুত আছি। আপনি কুমিল্লা-০৬ আসন থেকে নির্বাচন করুন। শুধু নমিনেশন জমা দিন আমরা নেতাকর্মীরা ইনশাল্লাহ লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আপনাকে বিজয়ী করবো। কুমিল্লা-০৬ আসনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ কুমিল্লার বিএনপিকে বাঁচান। হাজার হাজার নেতাকর্মী আগামী সংসদ নির্বাচনে এই আসনে আপনাকে প্রার্থী হিসেবে দেখতে চায়। এটি আমাদের অন্তরের কথা, প্রাণের কথা, মনের কথা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও কুমিল্লা-০৬ (সদর) আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাতে চাই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। তাঁর রাজনীতি করতে পেরে আমি নিজেকে ধন্য ও সার্থক মনে করি। বিদেশ থেকে দেশে ফিরে তিনি বাংলার মাটিকে বুকে ধারণ করেছেন এর মাধ্যমে তিনি ১৮ কোটি মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন। এই দৃশ্য বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুগ্ধ করেছে। বাংলার মানুষ দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল।
তিনি বলেন, রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার জীবিকা নির্বাহের মাধ্যম নয়, রাজনীতি আমার অর্থ উপার্জনের পথও নয়—কখনো ছিল না, হবেও না। আমি রাজনীতি করি কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। শহীদ জিয়াউর রহমান যেভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, সেই আদর্শ ধারণ করে আমি সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি রাজনীতি করি কুমিল্লার মাটি ও মানুষের জন্য খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষক, যুবসমাজ এবং মা-বোনদের জন্য। একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ কুমিল্লা গড়ে তোলাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

হাজী ইয়াছিন বলেন, এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মী বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কমপক্ষে ৩০ থেকে ৩৫টি মামলা মোকাবিলা করে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁরা সবাই শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া পরীক্ষিত সৈনিক। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সবাই জানেন আমার দ্বারা কখনো দলের ক্ষতি বা বদনাম হয়নি। আমাদের প্রিয় নেতা বহু দূরে থাকায় হয়তো কুমিল্লার বাস্তব চিত্র তাঁর কাছে সঠিকভাবে পৌঁছায়নি।
তিনি বলেন, আপনারা আমার জন্য মনোনয়নপত্র কিনেছেন আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। প্রাথমিক মনোনয়ন ও দলীয় কাগজপত্র অন্য একজন পেলেও আপনারা আমার পাশে দাঁড়িয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন। এখনো মনোনয়ন জমা দেওয়ার কিছু সময় বাকি আছে এই সময়ের মধ্যে পরিবর্তন আসতে পারে বলে আমি বিশ্বাস করি।

হাজী ইয়াছিন বলেন, আমি যেমন একজন বিশ্বস্ত জাতীয়তাবাদী কর্মী, তেমনি এখানকার নেতাকর্মীরাও অসংখ্য মামলা-মোকদ্দমা সত্ত্বেও দল ছাড়েননি। তাই হাজার হাজার নেতাকর্মীর কণ্ঠের সঙ্গে একাত্ম হয়ে প্রিয় নেতার কাছে বিনীত অনুরোধ বিষয়টি নতুন করে বিবেচনা করুন। আমরা দলটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এই দলের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনি খোঁজ নিয়ে দেখুন যদি শতকরা আশি ভাগ নেতাকর্মী একমত না হন, তবে আমি মনোনয়ন চাইবো না। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রিয় নেতা আমাদের এই আবেদন বিবেচনায় নেবেন।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজ।

এছাড়াও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, কুমিল্লা জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কৃষকদলের সভাপতি কাজী শাহিনুর ও সাধারণ সম্পাদক ইকরাম হোসেন তাজ, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি মনজুরুল আলম মঞ্জু, মহানগর তাঁতী দলের আহ্বায়ক রেজাউল ও সদস্য সচিব নবী উল্লাহ নবী, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়া আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে বক্তব্য দেন ও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে কুমিল্লা-০৬ আসনের প্রতিটি নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় হাজী আমিন উর রশিদ ইয়াছিন নেতাকর্মীদের জামিন, কারামুক্তি, আইনি সহায়তা প্রদান, আহতদের চিকিৎসা, পরিবারগুলোর দেখাশোনা, ভরণপোষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ সর্বাত্মক সহযোগিতা করে পাশে থেকেছেন। দলের দুঃসময়ে তিনি কখনো পিছপা হননি।

অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে ভিন্ন একটি আসনের প্রার্থীকে কুমিল্লা-০৬ আসনে ধানের প্রতীকের প্রার্থী ঘোষণা করায় ত্যাগী নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি থেকে পরে জাতীয় পার্টি হয়ে বিএনপিতে যোগ দেওয়া ব্যাক্তি এই আসনে ধানের প্রতীকে নির্বাচন করবেন—এটি কুমিল্লা-০৬-এর নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবেন না। এ আসনে হয়তো হাজী ইয়াছিন ধানের শীষের নির্বাচন করবেন, নয়তো দেশ নায়ক তারেক রহমান নির্বাচন করবেন, তৃণমূলের ম্যাসেস ক্লিয়ার।

নেতাকর্মীরা আরও বলেন, হাজী ইয়াছিন নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দলের পেছনে ব্যয় করেছেন, শ্রম ও সময় দিয়েছেন। তিনি কখনো ঠিকাদারি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। বিগত আন্দোলন-সংগ্রামের প্রতিটি মিছিল, সভা-সমাবেশের ব্যানার থেকে শুরু করে যাবতীয় খরচ তিনি নিজ উদ্যোগে বহন করেছেন।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আগামী দিনে আবারও হাজী ইয়াছিন ভাইকে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়বে।

নেতাকর্মীরা হাজী ইয়াছিনের ত্যাগ, সততা ও নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, এই আসনের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং থাকবেন।

মুরাদনগরে মধ্যরাতে ঘরে ঢুকে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক পলাতক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতে ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ‘পরান’ নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরান (২০) ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার বাড়ির আব্দুস সালামের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায় কিশোরী। পরে সে ঘরে ফিরে ঢুকতেই আগে থেকেই ঘরে প্রবেশ করে থাকা পরান কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী চিৎকার করার সুযোগ পেলে পাশের কক্ষে থাকা তার দাদাকে ডাক দেয়। এ সময় অভিযুক্ত যুবক দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা এসে কিশোরীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানান স্বজনরা। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয়ে যা জানা গেল

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ২ জন নিহত হলেও পরবর্তীতে আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে আরো ২ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ পুলিশের তথ্য অনুযায়ী নিহত চার জনের পরিচয় কিছুটা জানা গিয়েছে। নিহতদের মধ্যে- মোঃ আব্দুল গনি (৩৮), মোঃ সাজু (৪৫), রিনা বেগম (৩৫) ও মোঃ হানিফ। তাদের সকলের বাড়ি ভোলা জেলায়। এছাড়াও আহতদের মধ্যে— মোঃ শাহাদাত হোসেন, রিনা বেগম ও মোসা: রহিমা বেগম। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় কিছুটা সনাক্ত করা হয়েছে। পরবর্তীতে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত দুইটার পর চাঁদপুরের হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিলো। একই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিলো বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি যাত্রীবাহী জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

যাত্রীরা জানায়, কুয়াশার ভেতরেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে ছিলো। সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও লঞ্চটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অপরদিকে দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি কর্ণফুলী-৯ নামে অপর একটি লঞ্চ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।

এদিকে, চাঁদপুর নদী বন্দরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত, মেধাবৃত্তি পাবে শতাধিক শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এর সার্বিক সহযোগীতায় শুক্রবার সকালে আয়োজিত পরীক্ষায় পৌরসভার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কাজী এনাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে ৩০% বৃত্তির আওতায় আসবে। এর মধ্যে ১০% ট্যালেন্টপুলে ও ২০% সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।

কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হক জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে আমরা এই বৃত্তি চালু করেছি। পর্যায়ক্রমে বৃত্তির এই কার্যক্রম পুরো উপজেলায় পরিচালিত হবে।

বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন,বৃত্তি পাওয়াই জীবনের শেষ লক্ষ্য নয়, বরং সততা, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাই তোমাদের প্রকৃত শক্তি। যারা বৃত্তি পাবে, তারা যেন অহংকারে নয় বরং দায়িত্ববোধে এগিয়ে যায়। আর যারা বৃত্তি পাবে না, তারা যেন হতাশ না হয়ে আরও বেশি মনোযোগ ও অধ্যবসায়ের সঙ্গে সামনে এগিয়ে চলে।

এসময় দিনে আরো বলেন, আসুন আমরা সবাই মিলে শিক্ষাকে ভালোবাসি, জ্ঞানচর্চাকে জীবনের অংশ বানাই এবং ভবিষ্যতে একজন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলি।

চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত দুইটার পর চাঁদপুরের হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিলো। একই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিলো বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি যাত্রীবাহী জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

যাত্রীরা জানায়, কুয়াশার ভেতরেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে ছিলো। সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও লঞ্চটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অপরদিকে দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি কর্ণফুলী-৯ নামে অপর একটি লঞ্চ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।

এদিকে, চাঁদপুর নদী বন্দরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে এ্যালামনাইদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ‘স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে’ শিরোনামে ১৯৭৫-২০২৫ সালের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ সামছুল ইসলাম।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়েল পরিচালক সাহাব উদ্দিন আহমেদ, এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নাছির উদ্দিন মজুমদার, চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামাল হোসেন, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান শাহনেওয়াজ কাজল, সাবেক চেয়ারম্যান বদিউল আলম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাওসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইয়েদ আ.ন.ম কামরুল আনাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মৌলভী আবুল বাশার মজুমদার, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমদ ভুঁইয়া প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভুঁইয়া, ইসমাইল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, যুগ্ম সদস্য সচিব নুরুল করিম মামুন, আমজাদ হোসেন রুমন, কোষাধ্যক্ষ আবুল হাশেম মজুমদার সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউসার, সদস্য কাজী এবি সিদ্দিক হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সুবর্ণজয়ন্তীর জন্য রেজিষ্ট্রেশনে বিজয়ী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এছাড়াও রেজিষ্ট্রেশনকৃত প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীসহ অতিথিবৃন্দের মাঝে গিফট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

দেশকে গণতান্ত্রিক, অর্থনৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে চাই: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

গণতান্ত্রিক, অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।

দীর্ঘ ১৭ বছর পর বেলা পৌঁনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তাঁকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।

ঢাকায় অবতরণের আগে বিমানটি সিলেটে অবতরণ করেছিল। দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিমানবন্দর থেকে তারেক রহমান যান জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। হাসপাতাল থেকে যাবেন গুলশান-২ নম্বরের বাসভবনে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

কোন রকম তদন্ত ছাড়া সদর দক্ষিণ মডেল থানায় সাংবাদিক শাহ ফয়সাল কারীমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের

স্টাফ রিপোর্টার:

দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক ভোরের কথার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সদর দক্ষিণ উপজেলা বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক শাহ ফয়সাল কারীমের বিরুদ্ধে কোন রকম তদন্ত ছাড়াই সদর দক্ষিণ মডেল থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ।

২০ ডিসেম্বর রাতে মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলায় তাকে তিন নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনা জানার পর সাংবাদিক শাহ ফয়সাল কারীম সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফাকে এ বিষয়ে অবহিত করলে ওসি জানান, তদন্ত করে মামলা থেকে নাম বাদ দিবেন বলে আশ্বাস দেন।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াছমিন রিমা, সহ – সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান বলেন যুগ যুগ ধরে সাংবাদিকদের উপরে এরকম মিথ্যা অপবাদ ও মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে, অতি দ্রুত প্রশাসন যেন মামলা প্রত্যাহার করে।বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু জানান, একজন সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া জঘন্যতম অপরাধ। আশা করি অবিলম্বে প্রশাসন এ মিথ্যা মামলা প্রত্যাহার করবেন। কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

কুমিল্লা চকবাজার থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আলম মিয়া (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আলম মিয়া কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।