All posts by jitu

বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার:

পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইটভাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

২০ ডিসেম্বর উপজেলা প্রশাসন, বুড়িচং-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাসমূহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে গারুচো এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদপূর্বক ভাটাটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইভাবে কালাকচুয়া এলাকায় অবস্থিত মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ (পূর্বের নাম: মাস্টার ব্রিকস) নামক ইটভাটার চিমনি ভেঙে কিলন উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুমিল্লায় হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে কুমিল্লা নগরীতে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কুমিল্লা টাউনহল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি টাউনহল মাঠ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লা ইনকিলাব মঞ্চের আয়োজনে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার সঙ্গে জড়িতরা, ঘাতকরা দেশ ছেড়ে পালালেও দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল অংশ নেয়। সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মাদক ও সিগারেটের বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে আসিনি, হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে সে জন্য এসেছি।

তিনি বারবার বলেন, বলো বীর চির উন্নত মমশির, হাদির শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ।

এর আগে সকালে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ লাশ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে ভরে গেছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তা‌হেরকে (৬০) আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

আটক হওয়া মোঃ আবু তাহের উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মৃত. আব্দুল ম‌জিদের ছেলে।

কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্র জানায়।

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী শামীম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এবং র‍্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ নাজমুল ইসলাম শামীম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাত থেকে ভোর ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মোঃ নাজমুল ইসলাম শামীমের বাসভবনে অভিযান পরিচালনা করা হয়।

তার বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, দেশি ও বিদেশি গোলাবারুদ এবং বিভিন্ন অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত গোপন আস্তানাগুলোতেও তল্লাশি চালানো হয়, তবে প্রাথমিক পর্যায়ে তাকে সেখানে পাওয়া যায়নি।

পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় জিপিএস ও লোকেশন ট্র্যাকিং পরিচালনা করে সন্দেহভাজন শামীমকে আটক করা হয়।

আটক হওয়া নাজমুল ইসলাম শামীম মহানগরীর ২১ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকার মরহুম আব্দুল হালিমের ছেলে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে স্থানীয়ভাবে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র / পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ( ১২ বোর × ৭০ মিমি – ৪০ রাউন্ড ও ১২ বোর × ৭৬ মিমি – ২০ রাউন্ড) । ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ (৭.৬২×৫৪ মিমি, POF নির্মিত), ১ রাউন্ড পিস্তল গোলাবারুদ (৭.৬২×২৫ মিমি, টোকারেভ: S&B নির্মিত), ১ রাউন্ড রিভলভার/ এয়ারগান গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি জব্দ করা হয়।

স্থানীয় বিভিন্ন প্রাপ্ত তথ্যানুযায়ী, সন্দেহভাজন শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং তিনি পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত বড় চাঁদাবাজ হিসেবে পরিচিত। ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে তার বিরুদ্ধে বক্তব্য প্রদান করতে সাহস পান না, তবে একাধিক সূত্র থেকে তার অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য পাওয়ার পরই সেনাবাহিনী তার বাসায় অভিযান পরিচালনা করে।

সন্দেহভাজন শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় কমপক্ষে ৭টি মামলা বিদ্যমান।

অস্ত্রসহ তাকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি উপজেলার ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও ঈশানচন্দ্রনগর গ্রামের মরহুম আবদুল্লাহ মান্নানের ছেলে।

শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ।

পুলিশ জানান, আ.লীগের ক্ষমতার সময় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণঅভ্যুত্থানের পর সে দীর্ঘদিন পলাতক ছিলেন। পলাতক থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক তথ্য শেয়ার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি টিম ঈশানচন্দ্রনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ জানান, সন্ত্রাসবিরোধী আইনে রাব্বিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

তৃতীয় বিশ্ব স্কোয়াশ ফেডারেশন লেভেল-১ কোচিং কোর্স শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন (ডব্লিউএসএফ) ও এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের অনুমোদিত তৃতীয় লেভেল-১ কোচিং কোর্স। কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে, যার একটি অংশ সম্পন্ন হবে বসুন্ধরা স্পোর্টস সিটির স্কোয়াশ কোর্টে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) শুরু হয়ে পাঁচ দিনব্যাপী এই কোচিং কোর্সে ইরানের দুইজন স্কোয়াশ খেলোয়াড়সহ বাংলাদেশ সেনাবাহিনী, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, ঝিনাইদাহ ক্যাডেট কলেজ (শিক্ষক), বিকেএসপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, উত্তরা কলেজ, তেজগাঁও কলেজ, চট্টগ্রাম ক্লাব ও ঢাকা স্কোয়াশ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৬ জন স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইরানের লেভেল-৩ প্লাস কোচ মোহাসিন জাভেদ। কোর্সটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন জাতীয় দলের খেলোয়াড় ও নারী কোচ মারজান মনিকা।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন সফলভাবে দুটি লেভেল-১ কোচিং কোর্স সম্পন্ন করেছে। এসব কোর্সের মাধ্যমে দুইজন নারী কোচসহ মোট ১৯ জন আন্তর্জাতিক মানের স্কোয়াশ কোচ তৈরি হয়েছে। প্রধান প্রশিক্ষক মোহাসিন জাভেদ গত তিন বছর ধরে বাংলাদেশের জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়দের কোচিং করিয়ে আসছেন এবং এই কোর্স শেষে আরও দেড় মাস তাদের প্রশিক্ষণ দেবেন।

বাংলাদেশে প্রায় বিলুপ্তপ্রায় স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করা, খেলাটির প্রচার ও প্রসার, দক্ষ জনবল তৈরি এবং নিয়মিত দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনসহ দশটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রণীত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ‘ভিশন ২০২৫’ বা ‘স্বপ্নযাত্রা’ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিজস্ব কোর্ট স্থাপন ছাড়া চিহ্নিত অন্যান্য সকল লক্ষ্য ইতোমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।

এই কোর্সের মাধ্যমে আরও বেশি আন্তর্জাতিক মানের স্কোয়াশ কোচ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ফেডারেশন। সংশ্লিষ্টরা কোর্সটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

চাঁদপুরে সুষ্ঠু নির্বাচন ও গঠনতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সুষ্ঠু নির্বাচন, গঠনতান্ত্রিক উত্তরণ ও নাগরিক ভাবনা নিয়ে চাঁদপুরে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন। তিনি বলেন, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এর মধ্যে ভোটাধিকার একটি মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই ভোটাধিকার কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়- তা নিয়েই আজকের এই গোলটেবিল বৈঠকের আয়োজন।

গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ পাঠ ও সভা পরিচালনা করেন সুজন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজ— সবার সম্মিলিত ভূমিকা জরুরি।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, সুজনের কো-অর্ডিনেটর নাছির উদ্দিন, অধ্যক্ষ মোশাররফ হোসেন, অধ্যক্ষ জালাল চৌধুরী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংবাদিক মুসাদ্দেক আল আকিবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম ভোটারদের মনে ভয় ও আতঙ্ক দূর করতে হবে। ভোটকেন্দ্রে ভোটার, পোলিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও নিরব ভূমিকার কারণে অনেক ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেননি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, শিক্ষিত, সৎ ও যোগ্য নাগরিকদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে মনোনয়নের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে নির্বাচনকে উৎসবমুখর করতে ভোটের পরিবেশে স্বচ্ছতা, সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

গোলটেবিল বৈঠকে আরও মতামত উঠে আসে যে, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যকর ভূমিকা জোরদার করা, প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা এবং নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টা অপরিহার্য।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ উপলক্ষে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় চাঁদপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কবি, লেখক, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন।

কুমিল্লায় হেফাজতের উদ্যোগে হাদীর খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শাহ ফয়সাল কারীম:

হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের উদ্যোগে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সিপাহসালার, জাতীয় বীর জাগরণের অগ্রপথিক শহীদ উসমান হাদীর খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লা কান্দির পাড় পূবালী চত্তরে বিক্ষোভ ,মিছিল ,সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মুফতী শামছুল ইসলাম জিলানী।

বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারী মাওঃ মুনীরুল ইসলাম, যুগ্ম সেক্রেটারী মাওলানা আনিসুর রহমান আশরাফী, যুগ্ম সেক্রেটারি হাফেজ আজিজুল হক, মাওলানা মফিজুল ইসলাম, ডাঃ মাও ইসহাক , মাও আমানুল্লাহ , হা মামুন , কুমিল্লা ইউনিভার্সিটি ইন ক্লাব ব্রাঞ্চের যুগ্ন আহবায়ক জনাব ফারুক, এনসিবির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারীসহ মহানগর হেফাজতের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন , শহীদ উসমান হাদী স্বাধীনতার চেতনা ,জুলাই চেতনার অগ্রনায়ক।‌ ঘাতকদের দ্রুত গ্রেফতার ও বিচার না করলে শহীদ হাদী রক্তের বদলা নিতে এবং ভারতীয় আধিপত্যবাদ রুখতে ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় লাখো হাদী শাহাদাতের নাযরানা পেশ করতে দ্বীধা করবেনা।

ইন্টেরিম সরকার কোনভাবেই এর দায় এড়াতে পারবেনা। ঘাতকদের গ্রেফতারে ব্যর্থ হলে আবারো কঠোর আন্দোলন করে সরকারে ঘাপটি মেরে থাকা দালালদের পদত্যাগে বাধ্য করা হবে।

দেশ ও ইসলামের চরম শত্রু প্রথম আলো, ডেইলী ষ্টার পত্রিকার প্রকাশনা অবশ্য ই বন্ধ করতে হবে।‌ ভারতের দোসর সম্পাদক মতিউর রহমান , মাহফুজ ও সন্তোষ শার্মাদের বিচারের আওতায় আনতে হবে। জুলাই যোদ্ধাসহ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলটি কান্দির পাড় থেকে পুলিশ লাইন হয়ে পূবালী চত্তরে দুআর মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন হেফাজত মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম জিলানী।