All posts by jitu

কুমিল্লায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবক কারাগারে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে একা থাকায় ঘরে ঢুকে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ফয়সাল (২০) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) গ্রামের বাড়ির ভিকটিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় ও চাপ সৃষ্টি করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন। রাত ৯টায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে এবং ভিকটিমের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন।

ফয়সাল উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের মো. জিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক হেলপার।

এ ব্যাপারে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হোমনায় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কমিটি গঠন; সভাপতি হেলাল উদ্দিন আশরাফী

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দুলালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন আশরাফী কে সভাপতি ও হোমনা পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কাইয়ুম উদ্দিন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধায় বাতাকান্দি সবুজ বাংলা রেস্টুরেন্টে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করা হয়।

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম খান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল আলম, কোষাধক্ষ্য মোঃ আবু ছালেহ মুসা, দপ্তর সম্পাদক মোঃ বাকি উদ্দিন।

নব নির্বাচিত কমিটির সভাপতি হেলাল উদ্দিন আশরাফী বলেন, ভূমি সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। জনগণ যাতে খুব সহজেই ভূমি সেবা পেতে পারে তার জন্য আমরা সর্বদা কাজ করে যাবো। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সচেষ্ট থাকবো।

ভারতীয় হাই কমিশন মৈত্রী দিবস ২০২৫ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ৬ ডিসেম্বরে মৈত্রী দিবস-২০২৫ এর ৫৪তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

মৈত্রী দিবস ১৯৭১ সালের সেই দিনটিকে স্মরণ করে যখন ভারত বাংলাদেশের প্রকৃত মুক্তিলাভের দশ দিন আগে বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল, যা ছিল বাংলাদেশের প্রতি ভারতের এক ঐতিহাসিক সমর্থনের নিদর্শন, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও আন্তর্জাতিক স্বীকৃতিকে অধিকতর ত্বরান্বিত করেছিল।

মাননীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা এই অনুষ্ঠানে যোগদান করে বক্তব্য প্রদানকালে এই দিনটিকে ভারত ও বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন, যা কখনও মুছে ফেলা যাবে না। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায়, যেখানে দুই দেশের জনগণই প্রধান অংশীদার। তিনি আস্থা প্রকাশ করেন যে, উভয় পক্ষই অতীতের যৌথ ত্যাগের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন আকাঙ্ক্ষার দিকনির্দেশনায় পরিচালিত হয়ে আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ও আরও ঘনিষ্ঠ সম্পর্ক বিনির্মাণ করবে।

এই উদ্‌যাপনে বাংলাদেশের শিল্পীবৃন্দের পরিবেশনায় উভয় দেশের অভিন্ন সাংস্কৃতিক বন্ধন ও শৈল্পিক সমৃদ্ধিকে উপস্থাপন করে একটি হৃদয়স্পর্শী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই পরিবেশনাসমূহের মাঝে অন্তর্ভুক্ত ছিল থিয়েটার ও নৃত্যনাট্য পরিবেশনা এবং একটি মিউজিক্যাল ব্যান্ড। “৭১ ইন সাইলেন্স” শিরোনামের প্রথম পরিবেশনাটি ছিল সুন্দরম প্রোডাকশনের একটি প্রতিবন্ধী-অন্তর্ভুক্ত থিয়েটার পরিবেশনা, যা পরিচালনা করেন রমেশ মায়াপ্পন। এই চিন্তা-উদ্দীপক পরিবেশনাটি শারীরিক গল্প বলার কৌশলের মাধ্যমে যুদ্ধের সূচনা ও তার পরিণতিকে চিত্রিত করে বাংলাদেশের জন্মের গল্পকে বর্ণনা করে।

এরপর বাংলাদেশের খ্যাতনামা নৃত্য পরিচালক আনিসুল ইসলাম হিরোর নির্দেশনায় সৃষ্টি কালচারাল সেন্টার কর্তৃক একটি নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের প্রাণবন্ত সাংস্কৃতিক পরম্পরা এবং ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের চিত্রকে তুলে ধরে।

এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে ১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকায় প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় বাংলাদেশি রক ব্যান্ড, শিরোনামহীন ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে, যাঁরা তাঁদের প্রাণোচ্ছল ও উদ্দীপনাময় সঙ্গীতধারার জন্য পরিচিত।

এই অনুষ্ঠানটিতে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, তরুণ প্রজন্ম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৈত্রী দিবস কেবলমাত্র একটি ঐতিহাসিক স্মরণোৎসবের চেয়েও বেশি কিছু, এটি দুই প্রতিবেশী দেশের অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার মূর্ত প্রতীক। এর উদ্‌যাপন হলো যৌথ ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারত্বের প্রতি এক নবায়িত অঙ্গীকার।

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ব্রাহ্মণপাড়া ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সেই মর্মে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া ও সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ৫ ডিসেম্বর রাতে এ কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন।

উল্লেখ্য যে, বিভিন্ন সূত্রমতে, ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ,সিনিয়র সহ সভাপতি রিমন হোসেন ব্রাহ্মণপাড়ার ড্রেজার ব্যবসায়ী আব্দুল আলীমের কাছে চাদা দাবি করছে। চাঁদা না দিলে মারধর করার হুমকিও প্রদান করে ছাত্রদলের দুই নেতা। আর এই বিষয়ে ড্রেজার ব্যবসায়ী ব্যক্তিগতভাবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের কাছেও বিচার দেন।

এছাড়া উপজেলা দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মৌখিকভাবে তিনটি ইউনিয়নের ছাত্রদলের কমিটি ঘোষণা করেন, যে কমিটিগুলোতে ছাত্রলীগের একজন নেতাকে সিনিয়র সহ-সভাপতি পদে স্থান দেন। তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ইউনিয়ন তিনটি হল সাহেবাবাদ ইউনিয়ন, দুলালপুর ইউনিয়ন ও মালাপাড়া ইউনিয়ন। মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাতুল হাসান ভূঁইয়াকে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। এর প্রতিবাদ করায় উপজেলা ছাত্রদল নেতা আহমেদ ভূঁইয়া সোহেলকে মুঠোফোনে পা কেটে ফেলার হুমকি দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া।

বিভিন্ন সূত্রমতে, উপরোক্ত ঘটনাবলীর কারণেই তাদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

তিতাসে ৩ নারী নিহত, ৩ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট:

তিতাসে নদীতে গোসল করতে গিয়ে নিয়ন্ত্রণহীন ট্রাক্টর-ট্রলির নিচে চাপা পড়ে একই পরিবারের তিন নারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় গাড়ির চালক, হেলপার ও গাড়ির মালিককে আসামি করা হয়েছে। নিহত রিনা বেগমের স্বামী শুক্কুর আলী গত বৃহস্পতিবার রাতে তিতাস থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ট্রাক্টরের চালক ছিলেন হৃদয় (২১)। তার বাড়ি পিরোজপুরের কামারকাঠী এলাকায়। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ট্রাক্টর-ট্রলিটি জব্দ করা হয়েছে।

নিহত তিনজনই একই পরিবারের সদস্য। রিনা বেগমের স্বামী শুক্কুর আলী বাদী হয়ে গাড়ির চালক, হেলপার ও মালিককে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৪ ডিসেম্বর দুপুরে নদীর ঘাটে গোসল করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলি উল্টে ওই তিন নারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কুমিল্লায় বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপনে চিকিৎসকদের সফলতার গল্প

স্টাফ রিপোর্টার:

দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করে সফল হয়েছেন কুমিল্লার একদল চিকিৎসক। একটি নয়, দুটি নয়, অঙ্গ প্রতিস্থাপনের এমন বেশ কয়েকটি জটিল অপারেশনে সফলতার গল্প রীতিমতো সাড়া ফেলেছে। যেন একটির পর একটি যুক্ত হচ্ছে সফলতার পালক। কুমিল্লার বরুড়া উপজেলার আদমসার গ্রামের নজির আহমেদ। পেশায় একজন করাতকল শ্রমিক। সম্প্রতি করাতকলে গাছের গুঁড়ি নামানোর সময় করাতে লেগে তার ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতটিসহ দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার জটিল অস্ত্রোপচারে বিচ্ছিন্ন হাতটি সফলভাবে জোড়া লাগাতে সক্ষম হন চিকিৎসকরা। সেই হাতে অপারেশনের ২৪ ঘন্টার মধ্যে ফিরেছে প্রাণ। একই উপজেলার নানুয়া বাজার, হরিসপুর এলাকার ভ্যান চালক নোমান হোসেন। সম্প্রতি ভ্যানগাড়ীতে করে গাছ চেড়াই করতে করাতকলে নিয়ে যান। গাছেরগুঁড়ি করাতে রাখার সময় তার হাতটি করাতে লেগে কবজির উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত নোমানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমিল্লা শহরের ট্রমা হাসপাতালে। বার্ণ এবং প্লাস্টিক সার্জারী বিভাগের চিকিৎসকদের পরামর্শে নোমানের বিচ্ছিন্ন হাতটি দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। অতঃপর বিশেষজ্ঞ চিকিৎসকদল দীর্ঘ অস্ত্রোপচারে মাধ্যমে বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগান সফলভাবে।

শুধু ভ্যান চালক নোমান হোসেন আর করাতকল শ্রমিক নজির আহমেদের হাতই নয়। পায়ের আঙ্গুল এনে হাতে প্রতিস্থাপন করেও সফল হয়েছেন কুমিল্লার ওই চিকিৎসকদল। গাজীপুর জেলার কাপাসিয়ার আশরাফুল আলম সৌদি আরবে গাড়ী চালাতেন। সেখানে সড়ক দুর্ঘটনায় হারান তার বাম হাতের বৃদ্ধাঙুলটি। এর পর থেকে গাড়ি চালাতে অক্ষম হয়ে দেশে ফেরেন আশরাফুল। খোঁজ পেয়ে তিনি কুমিল্লার এই চিকিৎসক দলের স্মরণাপন্ন হলে, তারা আশরাফুলের পায়ের একটি আঙ্গুল অস্ত্রোপচারের মাধ্যমে হাতে প্রতিস্থাপন করে দেন। টানা প্রায় সাত ঘণ্টার অস্ত্রোপচারের পর এখানেও সফলতা পান চিকিৎসক দল।

কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম মামুন এবং তার সাথে থাকা অর্থোপেডিক সার্জন ডা. সাইফ মাহমুদ, ট্রমা সেন্টারের সিনিয়র ওটি ইনচার্জ জহিরুল ইসলাম, ডা. আরিফুর রহমান, ডা. রহমত উল্লাহ এবং ডা. এনামুল হকের সমন্বিত এই সফলতার গল্প ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। কুমিল্লায় এ ধরণের জটিল অস্ত্রোপচার এই প্রথম। এটি তাদের একটি বড় সাফল্য এবং একই সঙ্গে দেশের চিকিৎসাবিজ্ঞানেও এটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সিংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা মেনে করেন, এ ধরনের জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ। রোগী যতো দ্রুত হাসপাতালে আসবেন ততোই জোড়া লাগার সম্ভবনা বেশি। কুমিল্লা ট্রমা সেন্টারের পরিচালক ও অর্থোপেডিক সার্জারী বিশেষজ্ঞ বলেন- রোগীদের সেবা দিতে আগ্রহী আমরা । কারণ সেবাই আমাদের কাজ, কিন্তু মাঝে মাঝে কিছু রোগীর স্বজনরা বুঝতে চায়না তারা খুব তারাহুড়ো করে, এতে অনেক বিব্রতকর হতে হয়। জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমদ বলেন, কুমিল্লার মতো একটি জেলা শহরে এতো জটিল অস্ত্রোপচার চিকিৎসাসেবায় একটি মাইলফলক। দেশেই এমন অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ থাকলে বিদেশে ব্যয়বহুল চিকিৎসার প্রতি মানুষ ঝোক দিন দিন কমে আসবে।

ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার কুমিল্লা শাখার বৃত্তি প্রদান, পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

আশিকুর রহমান আশিক:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জাতীয় পর্যায়ে ৪ বার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার, কুমিল্লা শাখার ঝঊঋ ফাউন্ডেশনের সৌজন্যে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কুমিল্লার প্রেস ক্লাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবার, টাঙ্গাইলের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ জালাল, আদর্শ সদর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বিশ্বাস ।

 

শাহীন শিক্ষা পরিবার, কুমিল্লা শাখার পরিচালক মোঃ হুমায়ুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহীন স্কুল, কুমিল্লা শাখার প্রধান শিক্ষক এম. এ মুকুল, সাংবাদিক আশিকুর রহমান আশিকসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে কুমিল্লার সদরের বিভিন্ন স্কুল, কুমিল্লার সকল উপজেলা এবং বিভিন্ন জেলার মোট ২৭ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে এবং ২২ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত সকলকেই নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এমনকি প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত ৪ জন শিক্ষককে সম্মাননার স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। অতঃপর প্রতিদ্বন্দ্বীতামূলক বির্তক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের (ইংরেজি) বক্তব্যসহ এক মনোজ্ঞ সংষ্কৃতির মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির ১৫তম জাতীয় হাফেজ সম্মেলন অনুষ্ঠিত

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে শনিবার বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির ১৫তম জাতীয় হাফেজ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন এই অনুষ্ঠানে এসে নিজেকে অনেক গর্বিত মনে করি,যারা কোরআনের বাহক কোরআন হাদিসের প্রচার করে তাদেরকে আমি সরাসরি দেখে আমি খুবই আল্লাহর দরবারে শুকরিয়া । আল্লাহর রহমতে আমি যদি কুমিল্লা ৬ আসনে এমপি ও আমার দল জাতীয়তাবাদী বিএনপি সরকার গঠন করে, সংসদে কোরআনে হাফেজদেরকে রাষ্ট্রীয় মর্যাদা শিক্ষার মান উন্নন নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ্ব হাফেজ ক্বারী হুমায়ুন কবির পাহাড়পুরী।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় হাফেজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা বাবুস সালাম জমিরিয়া মারকাজুদ দাওয়া প্রিন্সিপাল আল্লামা শাহ ইলিয়াছ সিদ্দিকী, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল বাশার ভূঁইয়া, জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা ইয়াছিন নূরী, সহ-সভাপতি মুফতি হাফেজ মাওলানা আবুল বাশার, হাফেজ মাওলানা আব্দুস সালাম শরাফতী,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির ১৫তম জাতীয় হাফেজ সম্মেলনে অতিথিদের মাধ্যমে কুমিল্লার জেলার প্রায় ৪০০ জন কোরআনে হাফেজকে অর্থ ও সম্মাননা করা হয়।

ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ফ্রস্ট ব্লাস্ট টি-২০ সিজন-২ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার অনুষ্ঠিত এ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের কাছে ২৭ রানে হেরে রানার্স-আপ হয় বসুন্ধরা স্ট্রাইকার্স। ২১৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ভালো শুরু করলেও মাঝের ওভারে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স।

২১৬ রানের তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫১ রান তুলেছিল স্ট্রাইকার্স। কিন্তু মিডল ওভারে মার্কেন্টাইল ব্যাংকের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে রানের গতি কমে আসে। শেষ দিকে অধিনায়ক শেহজাদ আকবর সোবহান ৬ বলে ১৪ রানের ঝড়ো ইনিংসে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করলেও স্টাম্পিং হয়ে ফিরে গেলে স্ট্রাইকার্সের আশা নিভে যায়।

ওপেনার খালেদ মাসুদ খেলেন ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। সর্বোচ্চ ৬৬ রান আসে মো. সুমন আহমেদের ব্যাট থেকে (৫১ বলে)। তাপস ঘোষও ২৩ বলে ৪০ রান করেন। তবে তাদের লড়াই সত্ত্বেও নির্ধারিত ২০ ওভার শেষে স্ট্রাইকার্স থামে ৭ উইকেটে ১৮৯ রানে। ফলে ২৬ রানে জয় তুলে নেয় মার্কেন্টাইল ব্যাংক।

এর আগে টস হেরে বোলিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বসুন্ধরা স্ট্রাইকার্স। নতুন বলে শেহজাদ আকবর সোবহান ও বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম চাপ ধরে রাখেন শুরু থেকেই।

পঞ্চম ওভারে প্রথম ব্রেকথ্রু এনে দেন শাহনিয়ান। একাদশ ওভারেও আরেকটি উইকেট নিয়ে তিনি শেষ করেন ৪ ওভার, ১৮ রানে ২ উইকেটের চমৎকার স্পেল। শেহজাদ সুযোগ তৈরি করলেও ফিল্ডারদের হাত ফসকে যায় কয়েকটি ক্যাচ। শেষ পর্যন্ত তার ৪ ওভারে খরচ হয় ৪৯ রান। তিন ওভারে ৪০ রানে ৩ উইকেট নেন জনি।

মার্কেন্টাইল ব্যাংকের ইনিংস গড়ে ওঠে ওপেনার নীপুর ঝড়ো ব্যাটিংয়ে। তিনি ৪৬ বলে ৮৫ রান করেন। উইকেটকিপার ব্যাটার নিলয় আহসান যোগ করেন ২৭ বলে ৪১ রান, তার ইনিংসে ছিল চারটি ছক্কা। শেষ দিকে সায়ুম মাহমুদ মাত্র ৬ বলে ২৩ রান করে দলকে নিয়ে যান বড় স্কোরে।

সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে মার্কেন্টাইল ব্যাংক তোলে ৫ উইকেটে ২১৫ রান। জবাবে লড়াই করেও ২৬ রানে হেরে রানার্স-আপ হয়েই ফিরতে হয় বসুন্ধরা স্ট্রাইকার্সকে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ-এর বদলিজনিত বিদায় উপলক্ষে থানা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে থানার কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে থানার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম, সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছানা উল্লাহ, এসআই অভিজিৎ, এসআই আবুল কালাম, সহকারী উপ-পরিদর্শক অনন্ত দাসসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

চৌদ্দগ্রাম থানায় দায়িত্ব পালনকালে ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন অত্যন্ত দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সফল হন। তাঁর নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। বিদায় বেলায় সহকর্মী ও স্থানীয়দের ভালোবাসা ও শুভকামনায় তিনি সিক্ত হন।

ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানান, চৌদ্দগ্রামের মানুষের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা তাঁর কর্মজীবনে বিশেষ প্রেরণা হিসেবে কাজ করেছে।