All posts by jitu

বজ্রপাতের কম্পনে দাউদকান্দিতে কলেজ ভবনের দেয়াল ধ্বসে পড়েছে

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজের একটি ভবনের দেয়াল ধ্বসে পড়েছে। বুধবার রাতে বজ্রপাতের কম্পনে এ দেয়াল ধ্বসে পড়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যাযনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের চত্বরের পশ্চিম পাশে রাবেয়া কবির স্মৃতি হলের উত্তর সাইটের দেয়াল ধ্বসে পড়েছে। কলেজের সামনে পুকুরে মাছ চাষে ভবনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ধ্বসে পড়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুজ্জামান মিয়া।

তিনি বলেন, কলেজের সামনের পুকুরে মাছ চাষের ফলে ভবনের নিচের অংশের মাটি ধীরে ধীরে সরে গেছে। আর কয়েকদিন আগে পুকুরের পানি সেচের কারনে ফাটল দেখা দেয়। একারনে ভবনটিকে তালাবদ্ধ করে রেখেছি। আর গত রাতে বজ্রপাতের প্রচন্ড কম্পনে ভবনের দেয়ালটি ধ্বসে পড়েছে। পুরো ভবনের উত্তরাংশে গাইড ওয়াল করার বিষয়ে শিক্ষা প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। অতি দ্রুত প্রোটেকশান দেয়াল করা না হলে পুরো ভবনটি রক্ষা করা যাবে না।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে কলেজের পুরো ভবনটি রক্ষা করতে ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় “গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার” শীর্ষক সমাবেশ উপলক্ষে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

আগামী ২৫ জুলাই কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার” শীর্ষক এক গুরুত্বপূর্ণ জনসমাবেশ। এ আয়োজনের মধ্য দিয়ে দেশের চলমান সংকট, রাষ্ট্রীয় দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্য নিয়েছে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় সিটি মার্কেটস্থ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জয়নাল আবেদিন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আজহারুল আমিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, “দেশজুড়ে মানুষের জীবনে চরম অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি, বিচারহীনতা ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই সমাবেশে। এটি শুধুমাত্র একটি সমাবেশ নয়, এটি একটি জনচেতনার বহিঃপ্রকাশ।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। তিনি তাঁর বক্তব্যে রাষ্ট্র সংস্কার এবং জনগণের অধিকার রক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন বলে আশা করা যাচ্ছে।
নেতৃবৃন্দ এই সমাবেশকে সফল ও স্বার্থক করতে সর্বস্তরের জনসাধারণ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং নাগরিক সমাজকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানান।

তারা বলেন, “এই আন্দোলন কারো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তাই সকলকে অংশগ্রহণের মাধ্যমে এই গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে হবে।”

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কুমিল্লার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, “এ ধরনের দুর্ঘটনা জাতীয়ভাবে তদন্ত ও পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।”

সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট:

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি আটক

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এবিএম খায়রুল হককে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত বছরের আগস্টে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

এবিএম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।

কুমিল্লা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়ে আসছে: হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আপনি বিএনপি করুন, জামায়াত করুন সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগকে পূর্ণবাসন করার কোন সুযোগ নেই। তাহলে স্বৈরাচারী হাসিনা যে পথে গিয়েছে আপনাদেরকেও সেই পথে পাঠিয়ে দেয়া হবে।

বুধবার (২৩ জুলাই) কুমিল্লা টাউন হলে জুলাইয়ের পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় কুমিল্লাবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “কুমিল্লা হচ্ছে ঐতিহ্যের শহর। এখানকার মানুষ কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।”

তিনি আরও বলেন, “সূরা লুকমান-এ আছে, ‘তোমরা অহংকার করো না।’ অথচ আজ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা অহংকারে মত্ত হয়ে এক সময় কুমিল্লাকে ‘কু’ বলে অপমান করেছেন। কিন্তু সেই কুমিল্লার নামেই বিভাগ ঘোষণা হবে—এই আশাই আমরা করছি। কুমিল্লা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়ে আসছে।”

হাসনাত আবদুল্লাহ কুমিল্লার প্রতি শেখ হাসিনার “নিঘুম” মনোভাবের সমালোচনা করে বলেন, “শেখ হাসিনার নিঘুম (অবজ্ঞাপূর্ণ ও নির্যাতনমূলক দৃষ্টিভঙ্গি) এই কুমিল্লার প্রতি অত্যন্ত দুঃখজনক। কুমিল্লাবাসী সবসময় রাষ্ট্রগঠনে অগ্রণী ভূমিকা রেখেছে। অথচ রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে বারবার কুমিল্লা বঞ্চিত।”

তিনি বলেন, “আমরা চাই কুমিল্লায় এনসিপির একটি ক্যান্টনমেন্ট তৈরি হোক—একটি সাংগঠনিক ঘাঁটি, যেখান থেকে পরিবর্তনের ডাক দেওয়া যাবে। আমি বিশ্বাস করি, কুমিল্লার ছেলেরা সাহসিকতায় কখনও পিছিয়ে থাকবে না।”

এনসিপির এই নেতা বলেন, এখন সময় এসেছে জাতিকে ঐক্যবদ্ধ করার। “যে যেখানে থাকি না কেন—বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি বা অন্যান্য দল—ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ এক হতে হবে। কারণ একমাত্র ঐক্যই পারে এই দানবীয় দুঃশাসনের অবসান ঘটাতে।”

পদযাত্রায় উপস্থিত ছিলেন, উত্তরের সমন্বয়ক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এবং জেলার এনসিপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন ‘জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি আজকে এক বছর হতে চলছে। জুলাই আন্দোলন মানে একটা দলের পতন ঘটানো নয়, জুলাই আন্দোলন ছিল নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিষ্ফোরণ ও আকাঙকার প্রতিছবি।’ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্‌যাপনের লক্ষ্যে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে মাসব্যাপী পদযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, পূর্বে সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত। এই বিমানগুলো হাসিনার আমলে কেনা, সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা বিমান বাহিনী ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের নিরাপত্তা রয়েছে। যেসব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দল মত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথা চারা দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত কিন্তু আওয়ামী যদি এই লাশের উপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রতিহত করবো।

এনসিপি চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারীর নাসিরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব আলম, দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক আরিফ তালুকদার। এর আগে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। এরপর ঢাকায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র‍্যালি করে এনসিপি।

বিমান বিধ্বস্ত: কুমিল্লার যমজ বোন সাবিনা-সাইবা সিসিইউতে

ডেস্ক রিপোর্ট:

যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান। পড়ে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সাবরিনা তৃতীয় শ্রেণিতে ও সাইবা চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিনের ন্যায় গত সোমবারও স্কুলে যায় এ দুই বোন। স্কুল ছুটির কিছু সময় প্রশক্ষিণ বিমান বিধ্বস্ত হয়ে পাল্টে গেছে এ দুই খুদে শিক্ষার্থীর জীবন। এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তারা।

দগ্ধ এ দুই বোন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির মেয়ে। দুই মেয়েকে নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন এ দম্পতি। যমজ বোনদের এমতাবস্থায় চরম উদ্বেগের মধ্যে রয়েছে পরিবার এবং স্বজনেরা।

বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘সেদিন বিমান বিধ্বস্তের খবর পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পর বার্ন ইনস্টিটিউটে গিয়ে আমার দুই মেয়েকে খুঁজে পাই। সারিনার শরীরের ২০ শতাংশ ও সাইবার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। ’

জাতীয় বেতন স্কেলে বৈষম্য, প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে পরিচালিত ৭৪টি এমপিওভুক্ত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা চরম বৈষম্যের শিকার-এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্টরা।

১৯৭৮ সালে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এসব বিশেষ বিদ্যালয় ১৯৯৯ সালে গঠিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এসব বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা ও প্রশিক্ষণ সেবা দেওয়া হচ্ছে ৯৪২ জন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর মাধ্যমে।

তবে শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, তাদের সঙ্গে বারবার বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল কার্যকর হয় ২০১৮ সাল থেকে, তাও ২ বছরের বকেয়ার পরও অতিরিক্ত ২০ শতাংশ সিপিএফ কেটে রাখা হয়েছে। যার কোনো ব্যাখ্যা এখনো দেয়নি কর্তৃপক্ষ। এছাড়াও টাইমস্কেল, পদোন্নতি, উৎসব ভাতা, পেনশনসহ নানান প্রাপ্য সুবিধা থেকে তারা বঞ্চিত।

২০১৯ সালের প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী তাদের সরকারি সকল ভাতা ও সুবিধা পাওয়ার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক খালি হাতে বিদায় নিয়েছেন, কেউ কেউ আবেদন করেও পাননি পেনশন বা গ্র্যাচুইটি।

শিক্ষক-কর্মচারীরা বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩-এর খসড়া অর্গানোগ্রামে ৭৪টি বিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করার কথা বলা হলেও বাস্তবে বিদ্যালয়গুলোর নাম রাখা হয়নি। ফলে ভবিষ্যতে তারা কোনো ধরনের সরকারি সুবিধা পাবে কিনা-তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা।

তারা সরকারের কাছে যেসব দাবি তুলেছেন তা হলো- (১) ফাউন্ডেশন আইন ২০২৩-এর বিধিমালা ও অর্গানোগ্রামে এমপিওভুক্ত বিদ্যালয় অন্তর্ভুক্ত করা। (২) ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরের সম্পূর্ণ বকেয়া বেতন প্রদান। (৩) স্থায়ী পদে থাকা ৯৪২ জন শিক্ষক-কর্মচারীর নাম বোর্ড সভায় উপস্থাপন করা। (৪) ২৫ শতাংশ বকেয়া উৎসব ভাতা প্রদান। (৫) সিপিএফ জমা টাকা নিজস্ব ব্যাংকে ৬ মাস পরপর দেওয়া। (৬) অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি দেওয়া। (৭) পদোন্নতি, টাইমস্কেল, ইনক্রিমেন্ট বাস্তবায়ন। (৮) প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয় বাবদ বরাদ্দ। (৯) শিক্ষকদের ইনডেক্স নম্বর প্রদান। (১০) ২০০৯ সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত নন-বিএসএড শিক্ষকদের পূর্ণ বেতন প্রদান। (১১) প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডে উন্নীতকরণ। (১২) শিক্ষক-কর্মচারীদের বদলির ব্যবস্থা।

মাইলস্টোন স্কুলের নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বুধবার কুমিল্লা জিলা স্কুল মসজিদে বাদ যোহর দোয়া করা হয়েছে।

এতে অ্যালামনাই, শিক্ষার্থী, ব্যাচ রিপ্রেজেনটেটিভ ও অ্যাডহক কমিটির সদস্যরা অংশ নেন।

সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাফিজ ও অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য অধ্যক্ষ কবীর আহমেদ। এ সময় অ্যালামনাই এডহক কমিটির সদস্য জসীম উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ রেজাউল আলম ও মাসুক আলতাফ চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক(দিবা) মোঃ নূরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্কুলের পেশ ইমাম মাওলানা মনির মোনাজাত পরিচালনা করেন।

এইচএসসির স্থগিত ২ পরীক্ষা একই দিনে হবে

ডেস্ক রিপোর্ট:

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।

২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

কবে দুই দিনের স্থগিত পরীক্ষা নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি বলেও জানায় উপদেষ্টা।

এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হবে

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।