বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, ভেজাল শিশু খাদ্য অপসারণ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৪, ২০২৫
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে আকস্মিকভাবে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। এ সময় বিদ্যালয়ের আশেপাশে থাকা দোকানগুলো থেকে বিএসটিআই এর অনুমোদনবিহীন ভেজাল শিশু খাদ্য অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বড়ইয়াকুড়ি, পায়ব, কেয়টগ্রাম, সাতমোড়া, রানীমুহুরী ও শুশুন্ডা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পাশাপাশি শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং জাহাপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে এবং ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যেতে নির্দেশ দিয়েছেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন।

এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়ার কথা বলেন।