All posts by jitu

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক রিপোর্ট:

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার শনিবার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পুনরায় হামলা শুরু করেছে। এ হামলায় অন্তত ৫০০ শিশু প্রাণ হারিয়েছে বলে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন।

শনিবার সকালে ইসরাইলি সেনাবাহিনী গাজায় শাম নামের এক নবজাতক শিশুকে তার পরিবারের সঙ্গে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এই হামলায় শিশুটির হাত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, ফলে চিকিৎসকদের তা কেটে ফেলতে বাধ্য করা হয়। আহত অবস্থায় কয়েক ঘণ্টা পর শিশুটি মারা যায়।

এদিনই ইসরাইলি কর্তৃপক্ষ গাজার শুজাইয়া ও খান ইউনিস এলাকায় দুটি স্থানান্তরের আদেশ জারি করে। তবে সেখানকার বাসিন্দারা জানেন না, কোথায় তারা আশ্রয় নেবেন।

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রায় দুই মাস শান্তি থাকলেও মার্চের মাঝামাঝি থেকে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের পর ইসরাইল পুনরায় বিমান হামলা শুরু করে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় অন্তত ১,৫০০ ফিলিস্তিনি নিহত এবং ৩,৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে ইসরাইল জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরাইলের ক্রমাগত হামলায় গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পরপরই ইসরাইল গাজায় ব্যাপক বিধ্বংসী হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল সীমান্তসংলগ্ন সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— নাসিরনগর উপজেলার উত্তর সিংহগ্রামের পরিমল শাহজী (৩৩), সন্তোষ শাহজী (২৫) এবং গোয়ালনগরের বিপাশা সরকার (১৮)। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে কামরুল ইসলাম নামের এক মানবপাচারকারীর সহায়তায় তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরিমল ও সন্তোষ আগরতলায় মিষ্টির দোকানে কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন, অন্যদিকে বিপাশা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

আটককৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, ৬৫৫ ভারতীয় রুপি এবং ১,৮০০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপকভাবে কাজ করতে হবে : কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে চাঁদপুর শহরের বিপনীবাগস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার সভাপতি ডাক্তার বেলাল হোসাইন এর সভাপতিত্বে উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধান অতিথির হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার অধীনে নবাগত ডাক্তার মোঃ ইমরান হোসেন খান (বাদশা) ও জাহাঙ্গীর আলম মিয়া নামে দু’জন দ্বীনি কর্মী দলে যোগদান করেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ মুহা. জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, আমরা ইসলামী আন্দোলন আজ ৩৭ বছরে পদার্পন। আমরা একটি পরিনত বয়সে চলে এসেছি।‌ আল্লাহর রহমতে সকল সংগঠন থেকে আমাদের আমির, আমাদের আদর্শ, আমাদের নীতি এবং আমাদের কর্মপরিকল্পনা সকল সংগঠন থেকে ইনশাআল্লাহ এগিয়ে। তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। আর এজন্য আপনাদের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদেরকে আরো ব্যাপক কাজ করতে হবে। কর্মী বাড়াতে হবে। আপনাদের নিজেদের পরিচিত ব্যক্তির মাঝে ও প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।

এসময় তিনি সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা কর্মী রয়েছেন আপনারা শতভাগ নিশ্চিতসহ কাজ করতে হবে।‌ তাহলেই কর্মী বাড়বে এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য পথ সুগম হবে বলে তিনি উল্লেখ করেন। আমাদের সন্তান আছে, সংসার আছে এবং পরিবার আছে। এই তিনটার পরে আমাদের সংগঠন আছে। তাই সংগঠনের প্রতিও আপনার নজর রাখতে হবে। আপনার আশেপাশের লোকজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। সংগঠনের দাওয়াত দিতে হবে। ইসলামের জন্য কাজ করতে হবে বলে তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলন এর নবাগত কমিটি ঘোষনা করেন এবং এরা হলেন- সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, সহ সভাপতি মাওঃ আবুল হাসানাত, মাওঃ কাওছার আহমেদ, মোঃ অজিউল্লা সরকার, সেক্রেটারী মাওঃ মজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ আল-আমিন, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ ফরহাদ হোসাইন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মনির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাইনুউদ্দিন দেওয়ান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আঃ রব তফাদার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন, আইন ও মানবধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ ওমায়ের হোসাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম স্বপন, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মাওঃ নূরে আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ গাজি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওঃ মুস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ হারুনূর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আহছান হাবীব, সহ প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওঃ আবু জাফর, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওঃ ইছহাক হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মোঃ সাদেক হোসেন, সদস্য-মোঃ নাছির খান, মাওঃ মোঃ ছাব্বির ওসমানী, মোঃ বেলাল খান, মোঃ ওসমান গণি গাজী, মোঃ খলিলুর রহমান (টেলু), মোঃ আঃ খালেক ঢালী, মোঃ আবুল কাশেম, মোঃ মনির হোসেন গাজীসহ মহিলা ইউনিট থেকে ১৮ জন সদস্যবৃন্দ রয়েছেন।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওঃ গাজী মোঃ হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব জামিল আহমদ জাকির এবং জয়েন্ট সেক্রেটারী শাহ জামাল গাজী সোহাগ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ গাজী মোঃ হানিফ।

কৃষি খাতে ভূমিকা রাখায় চাঁদপুরের মনিরুজ্জামানের সিলভার প্লে বাটন অর্জন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এর কৃষি ও কৃষকের উন্নয়নমূলক কৃষিভিত্তিক youtube চ্যানেল কৃষিতেই বিস্ময় এর সিলভার প্লে বাটন অর্জন অনুষ্ঠান কৃষক পর্যায়ে উদযাপন হয়েছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) মতলব দক্ষিণ পৌর ৮নং ওয়ার্ডের মোবারকদী গ্রামে মাঠের মধ্যে কৃষকদের কে নিয়ে কেক কেটে আমেরিকা থেকে প্রাপ্ত “Krishitei Bishmoy কৃষিতেই বিষ্ময়” ইউটিউব চ্যানেলের সিলভার প্লে বাটন আনবক্সিং উপলক্ষে সেলিব্রেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাসীন হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হেলাল উদ্দিন ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ এর মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ও উপসহকারী কৃষি অফিসার মোঃ মোক্তার হোসেন।

বক্তাগণ উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান এর বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি সারাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে তাঁর এই উদ্ভাবনী সৃজনশীল কাজের ভুঁয়সী প্রশংসা করেন। কৃষিতেই বিষ্ময় ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল এবং বাংলাদেশে চাষযোগ্য বিদেশি সকল ফল ফসলের সর্বাধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং রোগ পোকামাকড় আগাছা দমনের সর্বশেষ পরিক্ষিত কৌশল এবং ছাদ বাগানে ও বসতবাড়ির আঙ্গিনায় বিষমুক্ত নিরাপদ ফল ফসল উৎপাদনের লক্ষ্যে ৩০ টি জৈব কীটনাশক ছত্রাকনাশক ও হরমোন বা ভিটামিন তৈরর ভিডিও নির্মাণ ও প্রচার করে অন্যান্য নজির সৃষ্টি করেছেন। এ পর্যন্ত আপলোডকৃত সাত শতাধিক ভিডিও দেশি-বিদেশি ছয় লক্ষাধিক কৃষক কৃষাণী নিয়মিত দেখছেন। পাশাপাশি Krishitei Bishmoy কৃষিতেই বিষ্ময় নামীয় ফেসবুক ফেজ ও গ্রুপ এবং Moniruzzaman Swapan নামীয় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সমসাময়িক পরামর্শ মূলক শতশত ভিডিও আপলোড করে সারাদেশের কৃষির ইতিবাচক পরিবর্তনে অনন্য অবদান রেখে চলেছেন।

গুরুত্বপূর্ণ ও জ্ঞানমূলক ভিডিও নির্মান এবং প্রচার করে দেশ বিদেশে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে তিনি ঘরোয়া পদ্ধতিতে ৩০টি পরীক্ষিত কার্যকর জৈব বালাইনাশক তৈরি, সকল রোগ পোকা দমন ব্যবস্থাপনা ও দেশি-বিদেশি সকল ফল ফসল চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক ধারাবাহিক অভিনব কন্টেন্ট তৈরি ও প্রচার করে চলেছেন এবং সন্ধ্যার সময় বিভিন্ন বাজারে মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা বড়পর্দায় এই ভিডিওগুলো প্রদর্শন করে কৃষকদেরকে আধুনিক পরামর্শ সেবা দিয়ে আসছেন। কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে সেই সম্ভাবনা ও ইচ্ছা বাংলাদেশের মানুষের মধ্যে জাগিয়ে তুলছেন তিনি। কৃষিতে বিষ্ময় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেশের অনেক শিক্ষিত বেকার তরুণ ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীগণ কৃষি বিষয়ক ফার্ম তৈরি করে সাবলম্বী হয়েছেন।

উল্লেখ্য, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চাঁদপুর সদরের শাহমামুদপুর ইউনিয়নের কুমারডুগী ব্লকে কর্মকালীন সময়ে তাঁর কর্তব্যপরায়নতা ও ন্যায় নিষ্ঠার কারণে কৃষক, কৃষক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও তিনি নিজে জাতীয় কৃষি পদকসহ এগারটি জাতীয় পুরস্কার ও নয়টি আঞ্চলিক পুরস্কার সহ মোট ২০টি পুরস্কার অর্জন করেছেন। সারাদেশে কৃষকদের দোরগোড়ায় কৃষি সম্প্রসারণ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তিনি স্ব উদ্যোগে দিনরাত কঠোর পরিশ্রম করে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে লাগসই টেকসই পরিবেশবান্ধব প্রযুক্তি গুলো কৃষক পর্যায়ে তুলে ধরে কৃষি উন্নয়নে যে অবদান রাখছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি মোবারকদী গ্রামের কৃষক তৈয়ব আলী ও দিলীপ মিয়া এবং বীজ সার ও কীটনাশক ডিলারদের প্রতিনিধি চাঁদপুর সদরের বাবুরহাটের মাহবুব বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ মাহবুবুর রহমান তাদের বক্তব্যে কৃষিতেই বিষ্ময় ইউটিউব চ্যানেলের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই চ্যানেলের সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে যেকোনো ভিডিওতে যেকোনো সমস্যা নিয়ে কমেন্ট করে পরামর্শ চাইলে সাথে সাথেই উত্তর পাওয়া যায়।

৯৮ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ২৮৮

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ মোট ২৮৮ অবৈধ অভিবাসী আটক হয়েছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৯০টি প্রাঙ্গণ ও ছয়টি ব্লকে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ১,০৩৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয় নাগরিক ছিলেন।

যাদের বৈধ নথিপত্র নেই, তাদের মধ্যে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারীকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক।

জাফরি এমবক তাহা আরও বলেন, এই এলাকায় এ ধরনের অভিযান প্রথম নয়, বরং নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

কুমিল্লায় সম্পত্তির জন্য বাবাকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে সম্পত্তির জন্য আবদুল জলিল (৬০) নামের এক ব্যক্তিকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, বড় ছেলেকে বাদ দিয়ে বাকি সন্তানদের সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই বাবা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় নির্যাতনের এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই ব্যক্তি গোপালপুর মৃত হাজী ওয়ালীউল্লার ছেলে। আর অভিযুক্তরা হলেন- আব্দুল জলিলের ছেলে নোমান (২০), রকি (১৬), মেয়ে নাজমিন (২৬), নুপুর (১৩) ও স্ত্রী রিনা আক্তার (৪৫)।

অন্যদিকে, আবদুল জলিলকে নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ির উঠান থেকে বৃদ্ধ বাবাকে ধরে টানাহেঁচড়া করছে এক ছেলে। পিঠ ও ঘাড় ধরে একের পর এক ধাক্কা দিচ্ছেন তিনি। গায়ের গেঞ্জি টানতে টানতে ছিঁড়ে ফেলেন। এ সময় আরেক ছেলে রশি খোঁজায় ব্যস্ত। পরে রশি দিয়ে দুই ছেলে বাবার হাত-পা বাঁধছে। এরপর এতে যোগ দেয় মেয়েও। বাঁধা শেষে বাবার মুখে গরম পানি ঢালছেন তারা। এ সময় ওই বৃদ্ধ চিৎকার করে বলতে থাকেন, ‘ও আল্লাহ রে’, ‘ও মা গো মা’, ‘ভাইরে ভাই’, ‘জসিমের মা আমারে বাঁচা’, ‘কে কোথায় আছেন, আমাকে বাঁচান, আমাকে মাইরা ফেলছে তারা’।

স্থানীয়রা জানায়, আবদুল জলিলের নামে বসতবাড়ি ও মাঠে ১২০ শতাংশ সম্পত্তি রয়েছে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে প্রবাসে থাকেন। সম্পত্তি নিজেদের নামে লিখে দিতে প্রায়শ বাবাকে মারধর করে সন্তানেরা। এমনকি, বাবাকে ভরণপোষণও দিচ্ছে না তারা। এ নিয়েই স্ত্রী ও সন্তানদের সঙ্গে জলিলের দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে।

জলিলের প্রতিবেশীরা জানায়, ওই দিন স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এর জেরে ঘরের দরজা ও জানালা ভাঙচুরের চেষ্টা চালান জলিল। পরে ছেলে-মেয়েরা বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তার ওপর নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার আবদুল জলিল জানান, অনেক দিন ধরে সন্তানেরা সম্পত্তি লিখে নেওয়ার জন্য আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে। আমার স্ত্রী রিনাও এর প্রতিবাদ করে না। আমাকে তারা ভরণপোষণও দেয় না। ছোটখাটো ঘটনা নিয়ে ঝামেলা করে।

বৃহস্পতিবারের ঘটনা টেনে তিনি বলেন, সেদিন আমার সন্তানেরা বাড়ির উঠানের মধ্যে আমাকে মারতে থাকে। মারতে মারতে হাত-পা বাঁধে। হাত-পায়ে ও শরীরে এখনো মারধরের দাগ আছে। এক ছেলে আরেক ছেলেকে বলে, ‘হালারপো হালারে পিডা’। আমার স্ত্রী এ সময় বলে ‘তার কাছে নগদ টাকা আছে, কোথায় রাখছে সেগুলো জিজ্ঞাসা কর। টাকাগুলো লইয়া ল’। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। ভয়ে এখন পর্যন্ত আমি বাড়িতে যাইনি। সারারাত রাস্তায় ছিলাম।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানায়, নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় নির্যাতিত আবদুল জলিল থানায় সন্তান ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের মাধ্যমে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার(১১এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল(৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪) । তারা সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে । তিনি বলেন, ঘটনাটি শুনেছেন। তবে নিহত দুই শিশুর পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।তারপরও তিনি পুলিশের একটি টিমকে তিনি ঘটনাস্থলে পাঠিয়েছেন।

বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের প্রক্রিয়া চলছে। সম্প্রতি নতুন ইউনিফর্মের ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং এখন লোগো পরিবর্তনের কাজ শুরু হয়েছে। বর্তমান লোগো থেকে পালতোলা নৌকার ছবি সরানো হবে বলে জানা গেছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের স্বাক্ষরিত একটি চিঠিতে লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন লোগো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

নতুন লোগোর নকশা সম্পর্কে জানানো হয়েছে যে, এতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ থাকবে। পাটপাতার টবে “পুলিশ” লেখা যুক্ত করা হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, যা ইতিমধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।”

এ বিষয়ে জেলা ও ইউনিটগুলোকে তাদের পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের লোগো প্রথম পরিবর্তন করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে আরেকটি পরিবর্তন আনা হয়, যা এখনও ব্যবহৃত হচ্ছে। বর্তমান লোগোতে পালতোলা নৌকার উভয় পাশে গম ও ধানের শীষের মালা, নৌকার উপরে শাপলা ফুল এবং নিচে বাংলায় “পুলিশ” লেখা রয়েছে।

গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ বাহিনীর ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ আগস্ট পুলিশ সদরদপ্তর এই বিষয়ে একটি ১০ সদস্যের কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

কুমিল্লার রঘুপুরে অবৈধভাবে ব্যাটারির পানি ও বিশুদ্ধ পানি উৎপাদন কারখানায় অভিযান

 

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রঘুপুরে অবৈধ ব্যাটারির পানি ও বিশুদ্ধ পানি উৎপাদনের অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রঘুপুরে রানা মিয়া ও কাশেম মিয়ার বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে কাশেম মিয়ার বাড়িতে অবৈধ এই পানির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও রানা মিয়াকে আগামী এক সপ্তাহের মধ্যে পানির যত সরঞ্জাম রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়।

জরিমানা করেন ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর ক্যাম্পের সেনাবাহিনী কর্মকর্তারা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, বিএসটিআইয়ের ইন্সপেক্টর আরিফ উদ্দিন,আমিনুল ইসলাম শাকিল।

কুমিল্লা বোর্ডে প্রথম দিনেই অনুপস্থিত ২,৫৫৩ শিক্ষার্থী, বহিষ্কার ১ জন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনই অনুপস্থিত ছিলেন মোট ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষাকালীন সময়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম।

শিক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমরা জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি। কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণের পর অনুপস্থিতির প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে আলাদা করে পর্যবেক্ষণ চালানো হবে।”

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম দিনের পরীক্ষায় জেলার ভিত্তিতে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল: কুমিল্লা ৮১২ জন, চাঁদপুর ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া ৫৭২ জন, নোয়াখালী ৪৪৪ জন, ফেনী ১৭৭ জন এবং লক্ষ্মীপুরে ২১১ জন।

এছাড়া, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশগ্রহণ করছে।

এছাড়া বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর ২৩ জন শিক্ষার্থী শ্রুতিলেখকের সহায়তায় এবং দুইজন শিক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা শুরুর পর সকালে কুমিল্লার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। তিনি বলেন, “এবারের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে একটি শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। প্রতিটি কেন্দ্রেই আমরা সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার সুপারিশও করা হবে।”

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ কিংবা কর্মসংস্থানের জন্য বিদেশে চলে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারে না। তবে আশার কথা হলো, গত বছরের তুলনায় এবার ঝরে পড়ার হার কিছুটা কম।”