All posts by jitu

প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বৈঠক নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই দুই নেতার বৈঠক শুরু হয়।

এই বৈঠক সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব জানান, জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল। ড. মুহাম্মদ ইউনূস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে।

বিএনপি মহাসচিব আরও জানান, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র চর্চার বিষয়। একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।

দুই পরিবারের দ্বন্দ্ব আতংকিত শাহপুর গ্রাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘ ৫০ বছরের। আপন দুই ভাইয়ের দ্বন্দ্বে শুরু হয় এ বিরোধ। এরপর তা রূপ নেয় আধিপত্যের দ্বন্দ্বে, যা নিয়ে বিভিন্ন সময় দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছেন তিনজন। আহত হয়েছেন কয়েক শতাধিক। অনেক পরিবার ইতিমধ্যে গ্রাম ছেড়েছেন। এবার কোরবানির ঈদের জামাতে বক্তব্য দেয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। এঘটনায় উভয় পক্ষের মামলায় প্রবাসীসহ সাধারণ মানুষকেও আসামী করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এর আগে গত ৩০ বছরে কয়েক শতাধিক হতাহতের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানাযায় , উপজেলার মজিদপুর ইউনিয়নের তিতাস নদীর পাশে একসময়ের প্রাণবন্ত শাহপুর গ্রাম এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আপন দুই চাচাত ভাইয়ের দ্বন্দ্বে আতঙ্কে দিন কাটাচ্ছে এই গ্রামের সাধারণ মানুষ।

গ্রামবাসী জানান, আশির দশকে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আনু মিয়ার সাথে তার ভাই মমতাজ উদ্দিনের দ্বন্দ্বের শুরু। ওইসময়ে এতো পরিমানে হামলা মামলা ঘটনায় মানুষ বলাবলি করতো, শাহপুরের টাকায় থানা পুলিশ চলে! পঁচানব্বই সালে করিম হত্যার ঘটনায় দ্বন্দ্ব চরম আকার ধারণ। করিম হত্যা মামলায় অনেক নিরীহ লোক এখনো আদালতে হাজিরা দেন।

তাদেরই একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, করিম হত্যা মামলার আসামী হয়ে অনেক বছর যাবৎ হাজিরা দিচ্ছি, করিম কোন পক্ষেরই লোক ছিলনা। আর আনু চেয়ারম্যান ও তার ভাই মোন্তাজ(মমতাজ) উদ্দিনের দলাদলিতে এগ্রামের অনেক ক্ষতি হয়েছে। আনু চেয়ারম্যানের ছেলে ফারুক আর মোন্তাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম তাদের উত্তরসুরী। দুজনেই পালাক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কিন্তু কেউ গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেনি, উল্টো বাবা চাচার দ্বন্দ্বকে ধরে রেখে গ্রামটি অশান্ত করে রেখেছে।

গ্রামের যুবক আমীর হোসেন ও রবিউল বলেন, ছোট থেকে দেখে আসছি এ বিরোধ। একের পর এক হামলা মামলা ও লুটপাটের ঘটনা ঘটছে, তারপরও বিরোধের শেষ হচ্ছে না। অনেক পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন।

গ্রামের রফিকুল ইসলাম বলেন, গ্রামের দু’টি পরিবারের দলাদলির কারনে ১৯৯৪ সালে শাহপুর গ্রাম ছেড়েছি। আমার মতো অনেক পরিবার গ্রাম ছেড়েছে। গ্রামের দলাদলি নিয়ে সঠিক কথা বললে কারো পক্ষে আবার কারো বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক। সঠিক কথা বলে অনেকেই মামলার আসামি হয়েছে, তাই এখন কেউ সঠিক কথাও বলেনা। এতে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে গেছে।

ফারুক চেয়ারম্যান বলেন, আমার বাবা ৩০ বছর এবং আমি পনের বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার বাবার আমল থেকেই চাচাদের সাথে দ্বন্দ্ব এখনো চলছে। বাবা চাচা কেউ জীবিত নেই, এখন চাচাতো ভাইদের সাথে দ্বন্দ্ব চলছে।

আপনাদের দুই পরিবারের দ্বন্দ্বে সাধারণ মানুষের বাড়ি ঘর ভাংচুর লুটপাট হয়রানিসহ অনেক পরিবার গ্রাম ছাড়া এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান জাহাঙ্গীর ও তার বড় ভাই রিপনের অত্যাচারে শাহপুর মানুষ অতিষ্ঠ হয়ে গ্রাম ছাড়ছে। আর প্রশাসনের লোকজনও পক্ষপাতমূলক আচরনে তারা আরো বেপরোয়া।

জাহাঙ্গীর আলম বলেন, ফারুক চেয়ারম্যান ও তাঁর বাবার আমলে তিনজন নিরীহ মানুষ খুন হয়েছে। আহত হয়েছেন অনেক। তারা চিহ্নিত সন্ত্রাসী করে বলেই গত নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করেছিল। ঈদের পর ফারুক চেয়ারম্যানের বাহিনী আমাদের উপর হামলা করেছে। আমার বড় ভাইসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। আমরা গ্রামে শান্তি চাই, গ্রামের মানুষকে শান্তিতে রাখতে চাই বলেই আমাদের উপর হামলা চালিয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, শাহপুর গ্রামের ঘটনায় উভয় পক্ষের মামলা নেয়া হয়েছে। পুলিশ হাসেম নামে একজনকে গ্রেপ্তার করেছে। আর মামলায় কোন সাধারণ মানুষ বা প্রবাসীর নাম থাকলে তদন্ত সাপেক্ষে তা বিবেচনা করা হবে। গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খলিলুর রহমান জানান, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি।আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।

শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনি রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বচানের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।

লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়।

কুমিল্লা সীমান্তে কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল ১২ জুন সকাল ১১টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল কোতয়ালী উপজেলার কটক বাজার পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ করে।

বিজিবি জানায়, নন্দী বাজার এলাকা থেকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৩১ হাজার ৩০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়। জব্দকৃত এই মালামালের বাজারমূল্য প্রায় এক কোটি চব্বিশ লাখ বারো হাজার টাকা।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসি প্রধান নিহত

ডেস্ক রিপোর্ট:

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরসায়েল। ইরানের তাসনিম নিউজ এজেন্সি ও তেহরান টাইমস জানায়, এই হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইরজিসি) কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু জানায়, যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে।

হামলার খবর প্রকাশের পর ইরানি কর্তৃপক্ষ তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়, তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই ইরানে এই হামলা চালানো হয়েছে।

আগামী ২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

আগামী জুলাই মাসের ২৫ তারিখের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।

বুধবার (১১ জুন) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানায়।

তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেভাবেই ফল প্রকাশ করা হবে। গত ২৫ মে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। সে অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, প্রধান পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিয়ে অনীহা দেখালেও আমরা একটি চিঠি ইস্যু করার পর মেক্সিমাম খাতা নিয়ে গেছে। খাতার ওএমআর শিট জমা দেওয়াও শুরু হয়েছে। আগামী ১৫ জুন ওএমআর জমা দেওয়ার শেষ দিন, এর মধ্যে সব ওএমআর শিট চলে আসবে।

তিনি আরো বলেন, অফিস খুললে ফল প্রকাশের তারিখ নিয়ে চিন্তা করা হবে। এখন ওএমআর শিট স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ চলছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

বন্যায় আক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ও এমএসের বরাদ্দ বাড়ানো হবে – কুমিল্লায় খাদ্য উপদেষ্টা

 

স্টাফ রিপোর্টার:

২৪ এর বন্যায় যে সকল এলাকা আক্রান্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের  কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা  বলেন, কুমিল্লা নগরীর  ধর্মপুরে  খাদ্য গুদামের জলাবদ্ধতা, কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। খাদ্য গুদাম ও রেকর্ডরুমের দালানগুলো ঠিক রাখতে  করছে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে তারা এ বিষয়ে দ্রুত সময়ে কাজ করবেন।

এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সায়সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্মপুর রেলগেট এলাকায় সেনাবাহিনীর অভিযান, গাঁজা ও ইয়াবাসহ মহিলা আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের ধর্মপুর রেলগেট এলাকায় সেনাবাহিনী একটি চাঞ্চল্যকর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

গোপন তথ্যের ভিত্তিতে ১১ জুন রাত ১০টায় সেনাবাহিনীর একটি টহল দল মাদক ব্যবসায়ী হাজেরা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তার বাড়ি থেকে আনুমানিক ৬ কেজি গাঁজা এবং ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, মাদকদ্রব্যগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানে সেনাবাহিনী মাদকবিরোধী প্রচেষ্টায় তাদের অঙ্গীকার ও তৎপরতার প্রমাণ দিয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

যুক্তরাজ্যে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের বিশাল সম্পত্তি জব্দ

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের মালিকানাধীন সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)।

তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)।

১১ জুন বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-এর একজন মুখপাত্র জব্দকরণের আদেশ নিশ্চিত করেন। ওই কর্মকর্তা জানান, ‘চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে। ’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মিত্র আওয়ামী লীগ দলের অন্যতম সদস্য সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করে এনসিএ।

গত সরকারের এই ভূমিমন্ত্রীর নামে এ পর্যন্ত চার দেশে টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। পাচার করা টাকায় তিনি বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৭টি এবং যুক্তরাজ্যে ৩৩৬টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এগুলোর মূল্য ১ হাজার ২২০ কোটি টাকার বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে ১টি, সিঙ্গাপুরে ৩টি এবং সংযুক্ত আরব আমিরাতে ৪টি ব্যাংক হিসাব শনাক্ত করা হয়েছে। এগুলোয় জমা ২ কোটি ৭১ লাখ টাকা। এসব সম্পদ উদ্ধারে সরকার থেকে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে যুক্তরাজ্য ইতিবাচক সাড়া দিল।

কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসব ২৭ জুন থেকে শুরু

 

স্টাফ রিপোর্টার:

আসছে ২৭ জুন শুক্রবার এবং ৪ জুলাই শুক্রবার কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরস্থিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার যৌথ আয়োজনে সারাদেশের ন্যায় কুমিল্লায়ও অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসব।

তদুপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) গুন্ডিচা মন্দিরে সকাল ৭টায় মঙ্গল শোভাযাত্রা সহযোগে জগন্নাথ দীঘি থেকে ১০৮ কলসি মঙ্গল ঘটে জল আনয়ন ও মন্দির মার্জন শেষে মহাপ্রসাদ বিতরণ। এরপর সন্ধ্যায় জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেব এর মন্দিরে শুভ অধিবাস।

শুক্রবার (২৭ জুন) কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেব এর মন্দির প্রাঙ্গণে সকাল ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেব এর পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন বাউল সংগীত ও পদাবলী কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা। এরপর জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির হতে ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সন্ধ্যায় শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে সন্ধ্যারতি ও ভজন কীর্তন এবং রাত ৮টায় ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত। সবশেষে আগত ভক্ত-শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ।

এদিকে, আসছে ৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে কুমিল্লা গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টায় হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা। এরপর ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা।

এছাড়াও ২৭ জুন শনিবার হতে ৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ৮দিন কুমিল্লা গুন্ডিচা মন্দিরে দুপুর ১২টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর ভোগ আরতি শেষে দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি কীর্তন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নাটক শেষে মহাপ্রসাদ বিতরণ।

অনুদান পাঠানোর জন্য সঞ্চয়ী হিসাব ISKCON, কুমিল্লা, অ্যাকাউন্ট নম্বর: ৩১০১৭৬১৭৬৪০০১
SWIFT Code-CIBLBDDH
Routing Number: 225191152
ব্রাঞ্চ-সিটি ব্যাংক লিমিটেড, কুমিল্লা।
মোবাইল: 01715-735797, 01875-983788

ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা’র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।